
২০০৯ সালে ঘোষিত পাকিস্তানের সপ্তম ন্যাশনাল ফিন্যান্স কমিশন (এনএফসি) অ্যাওয়ার্ডের (আর্থিক সম্পদ বণ্টন নীতি) পাঁচ বছরের মেয়াদ শেষ হয় ২০১৪ সালে। নতুন অ্যাওয়ার্ড ঘোষণার সময় ছিল ২০১৫ সালে। কিন্তু দেশটির সরকার এখন পর্যন্ত ফেডারেশন ও প্রদেশের মধ্যে সম্পদ বণ্টনের সূত্রের ব্যাপারে মতৈক্যে আসতে পারেনি। এমনকি এটি যে কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার তালিকায় অনেক ওপরের দিকে আছে, তাও নয়। যেখানে সে নিজেই অস্তিত্বের হুমকির মুখে আছে।
দুর্ভাগ্যজনকভাবে এ ব্যাপারে পাকিস্তানের বর্তমান সরকার জিয়াউল হকের সামরিক একনায়কতান্ত্রিক সরকারের পদাঙ্ক অনুসরণ করছে। জেনারেল মোশাররফের একনায়কত্বের কালেও এর অন্যথা হয়নি। এমনকি মোশাররফের সরকার ২০০০ ও ২০০৫ সালে দুবার ন্যাশনাল ফিন্যান্স কমিশন গঠন করার পরও আর্থিক লভ্যাংশ বণ্টনের সূত্র বের করতে পারেনি। ২০০৬ সালে জেনারেল মোশাররফ স্বেচ্ছাচারী কায়দায় ১৯৭৩ সালের সংবিধানে বর্ণিত পদ্ধতি অগ্রাহ্য করে ষষ্ঠ অ্যাওয়ার্ড ঘোষণা করেন।
সেই ১৯৭৩ সাল থেকে শুধু জনসংখ্যার ভিত্তিতে প্রদেশগুলোর মধ্যে আর্থিক সম্পদ বণ্টন হচ্ছে। কিন্তু পৃথিবীর আর কোথাও এই রীতি নেই। এতে পাঞ্জাবের লাভ হয়েছে, তাই তারা চায় এটি চলুক। যদিও যেসব প্রদেশের জনসংখ্যা কম, তারা এই সূত্রটিকে আরও বহুমুখী করতে চায়। তবে ২০০৯ সালে গণতান্ত্রিক জমানায় যখন সপ্তম অ্যাওয়ার্ড ঘোষণা করা হলো, তখন এতে কিছুটা পরিবর্তন আনা হয়।
তারপরও এখনো ৮২ শতাংশ আর্থিক সম্পদ বিতরণ হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে, যদিও আরও কিছু বিষয় ধর্তব্যে নেওয়া হয়েছে: দারিদ্র্য ১০ শতাংশ, রাজস্ব আয় ২ দশমিক ৫ শতাংশ, অঞ্চল ২ দশমিক ৭ শতাংশ। কিন্তু সর্বোৎকৃষ্ট আন্তর্জাতিক রীতিতে জনসংখ্যাকে এতটা গুরুত্ব দেওয়া হয় না। সেখানে ঐকতান ও সম-উন্নয়নের জন্য দারিদ্র্য ও পশ্চাৎপদতাকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু পাকিস্তানের সেটা হচ্ছে না। এতে পাকিস্তানের আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা ও ক্ষমতাহীন প্রদেশগুলো মারাত্মক জটিলতায় পড়ে যাচ্ছে।
পাকিস্তানের জাতীয় সংসদে পাঞ্জাবের ১৪৮টি প্রত্যক্ষ আসনসহ মোট ২৭২টি সাধারণ আসন আছে, ফলে জাতীয় বাজেটে তারা ভেটো দিতে পারে। আর সেটাও যদি যথেষ্ট না হয়, তাহলে তারা সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র দিয়ে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে।
সে কারণে প্রাদেশিক ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের ক্ষমতার সম্প্রসারিত রূপ হিসেবে কাজ করে। জাতীয় আর্থিক সম্পদে ছোট প্রদেশগুলো যখন ভাগ নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে, তখন তারা শুধু প্রাদেশিক বড় ভাই পাঞ্জাবের সম্মুখীন হয় না, কেন্দ্রীয় সরকারের ছদ্মবেশে আরেক পাঞ্জাবের মুখোমুখি হয় তারা। পাকিস্তানের অসম আর্থসামাজিক উন্নয়নের এটাই মূল কারণ, যার ফলে দেশটিতে প্রকৃত রাজস্ব ফেডারেলব্যবস্থাও গড়ে উঠছে না। পাকিস্তান শুধু তাত্ত্বিকভাবেই ফেডারেশন, বাস্তবে সে একমুখী রাষ্ট্র। তবে অষ্টম এনএফসি অ্যাওয়ার্ড ঘোষণায় কেন দেরি হচ্ছে, তার মূল কারণ চিহ্নিত করা দরকার।
ইমপ্লিমেনটেশন কমিশনের সদস্য হিসেবে আমি বিশেষ আমন্ত্রণে ২০১১ সালের জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলাম। ওই সভায় মুখ্যমন্ত্রীরা দাবি করেন, যেসব মন্ত্রণালয় প্রদেশের অধীনে চলে এসেছে, সেগুলোর ব্যয়ভার মেটাতে আর্থিক সম্পদ বিকেন্দ্রীকরণ করতে হবে। কেন্দ্রীয় সরকার যে এতে গররাজি ছিল তার কারণ পরিষ্কার। যদিও তৎকালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি মধ্যপথ বের করার চেষ্টা করেন।
শেষমেশ এক অন্তর্বর্তীকালীন মতৈক্য হয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, স্বাস্থ্য, শিক্ষা ও অন্য যেসব মন্ত্রণালয় প্রদেশের হাতে দেওয়া হয়েছে, সেগুলোর জন্য থোক বরাদ্দ দেওয়া হবে এবং সেই টাকা প্রদেশগুলোতে হস্তান্তর করা হবে।
নতুন বণ্টন নীতি না আসা পর্যন্ত এই বন্দোবস্ত চলবে—এমনই কথা ছিল। অর্থাৎ প্রদেশগুলোকে কেন্দ্রীয় বাজেটের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদেরই আরও সম্পদ পাওয়ার কথা ছিল। এখন কেন্দ্রীয় সরকার সচেতনভাবে জাতীয় আর্থিক সম্পদ বিনিময়ে প্রদেশগুলো হিস্যা বাড়ানোর সিদ্ধান্ত অগ্রাহ্য করছে, যদিও তার কাছে এর কোনো যুক্তি নেই। তবে যেসব প্রদেশের জনসংখ্যা কম, তারাও দুর্ভাগ্যজনকভাবে নিজেদের কথা জোর দিয়ে বলতে পারেনি। সিন্ধু ও বেলুচিস্তানের সরকার নতুন মুখ্যমন্ত্রীর অধীনে সক্ষমতার ঘাটতিতে পড়ে গেছে। পাখতুনখাওয়া সরকারেরও সক্ষমতার সমস্যা রয়েছে। এরা আবার নিজেদের স্বার্থ রক্ষার চেয়ে কেন্দ্রীয় সরকারকে ফেলে দিতে বেশি তৎপর। এরা আবার সম্প্রতি এনএফসির বণ্টন নীতি ঘোষণায় বিলম্বের জন্য আদালতে যাওয়ার হুমকি দিয়েছে।
যাহোক, পাঞ্জাব প্রভাবিত কেন্দ্রীয় সরকারের প্রভাব কমানোর লক্ষ্যে সংস্কার কর্মসূচি হাতে নিতে হবে। প্রথমত, জাতীয় সংসদে একটি প্রদেশের চরম সংখ্যাগরিষ্ঠতা হ্রাসের জন্য অর্থ বিল নিয়ে সিনেটের আলোচনা করা এবং তা সংশোধন ও পাস করার অধিকার থাকা উচিত। দ্বিতীয়ত, একটি চিরস্থায়ী ন্যাশনাল ফিন্যান্স কমিশন থাকা উচিত, যেখানে সব পক্ষের বিশেষজ্ঞরা থাকবেন। এতে অচলাবস্থা ও বিলম্ব পরিহার করা যাবে।
কিন্তু আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, পাঞ্জাবকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি প্রকৃত ও সমতাভিত্তিক ফেডারেশন মেনে নিতে প্রস্তুত, নাকি তারা ফেডারেশনের রূপকথা জিইয়ে রাখবে। যেটা আদতে পাঞ্জাবের সম্প্রসারণ মাত্র, আর কিছু নয়।
দ্য নেশন ডট কম থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
আফ্রাসিয়াব খটক: পাকিস্তানের আঞ্চলিক সম্পর্ক বিশ্লেষক।