পাঠকের ভালোবাসা, পাঠকের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড কার্যালয়ে পাঠকের মুখোমুখি অনুষ্ঠানে দর্শকদের একাংশ
লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড কার্যালয়ে পাঠকের মুখোমুখি অনুষ্ঠানে দর্শকদের একাংশ

ঢাকার বাইরেই বাংলাদেশ। মহানগরের কংক্রিটের জঙ্গল ছাড়ালে দিগন্তবিস্তৃত সবুজ আর মুক্ত আকাশের হাতছানি। বাংলাদেশের একেবারে উত্তরের জেলা শহর পঞ্চগড়। ঢাকা থেকে দূরত্ব ৪০৫ কিলোমিটার। গেল শনিবার সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়ছিল। কিন্তু পৌনে আটটায় এ বি এম জাকারিয়া, আমিরুল ইসলাম ও আমি মাইক্রোতে উঠতেই তুমুল ধারাবর্ষণ। দূরের যাত্রা।
বৃষ্টির সঙ্গে যানজটে পড়লে আর রেহাই নেই। সময়মতো পৌঁছানো যাবে না।
সন্ধ্যা সাতটায় পঞ্চগড়ে প্রথম আলোর ‘পাঠকের মুখোমুখি’ অনুষ্ঠান। প্রথম আলোর ‘ডোর টু ডোর’ বা ঘরে ঘরে প্রথম আলো কর্মসূচির দ্বিতীয় আয়োজন। এর আগেরটি হয়েছিল গত মাসে, নাটোরে। বনলতা সেনের নাটোর। এবারে পাঁচ বনের শহর পঞ্চগড়।
ঢাকা ছাড়তেই বৃষ্টির মাত্রা কমে আসে। সুপরিসর মাইক্রোতে আমরা ‘আসা-যাওয়ার পথের ধারের’ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি। চারদিকে বৃষ্টিধোয়া সবুজ। বাংলাদেশটা আসলেই সুন্দর। সুন্দর এর প্রকৃতি ও মানুষ। কেবল রাজনীতিটাই অসুন্দর আর বিদ্বেষে ভরা। বিশেষ করে রাজধানীকেন্দ্রিক রাজনীতি।
ঢাকা-টাঙ্গাইল সড়ক হয়ে আমাদের বঙ্গবন্ধু সেতু পার হওয়ার কথা। কিন্তু যেতে হলো গাবতলী-সাভার হয়ে। টঙ্গী-গাজীপুরে সড়কে যানজট লেগে থাকে। সাভার হয়ে কালিয়াকৈর বাইপাস পার হতে দেখি মেরামতের কাজ চলছে। সড়ক প্রশস্ত হচ্ছে, চার লেনের প্রস্তুতি। কিন্তু বৃষ্টিতে নতুন মাটি ফেলায় সড়ক প্রায় চলাচলের অনুপযোগী। পুরোনো সরু পথে সাবধানে যেতে হচ্ছে চালককে। শনিবার যান চলাচল কিছুটা কম। এলেঙ্গায় এসে কিছুটা যানজট লক্ষ করলাম, তা-ও দুই পাশে ট্রাক রেখে দেওয়ার কারণে। আমরা যখন বঙ্গবন্ধু সেতু পার হচ্ছিলাম, দেখি নিচে থইথই পানিতে যমুনা হাসছে। এই পানি শস্যখেতে গিয়ে গড়ালে কৃষকের মুখেও হাসি ফুটে উঠবে।
সেতু পার হয়ে সিরাজগঞ্জ যেতেই দেখি খরখরে রোদ। প্রকৃতি বড় নির্মম। একদিকে হাওরের পানি মানুষের সহায়-সম্পদ ভাসিয়ে নিয়ে যাচ্ছে, অন্যদিকে পানির অভাবে কৃষক চাষ করতে পারছেন না। পদ্মায় বিশাল বিশাল চর জেগেছে। মাঝেমধ্যে ফেরিও বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, ফারাক্কার প্রভাব।
ঢাকা থেকে পঞ্চগড় যেতে সরাসরি বগুড়া, রংপুর, ঠাকুরগাঁও হয়ে যেতে হয়। ডানে-বাঁয়ে আছে সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা। পঞ্চগড়ের আগে বোদা উপজেলা। প্রয়াত কমিউনিস্ট নেতা মোহাম্মদ ফরহাদের জন্মস্থান। যতই আমরা গন্তব্যের দিকে এগোচ্ছি, ততই সারি সারি ট্রাক যাচ্ছে দক্ষিণে। প্রায় সবই আসছে বাংলাবান্ধা বা বুড়িমারী স্থলবন্দর থেকে। সড়ক খুব প্রশস্ত নয়। একেকটি ট্রাকে ২০-২৫ টন পণ্য বোঝাই। সড়কে মাঝেমধ্যেই সাইনবোর্ড ঝুলছে, ‘বিপজ্জনক বাঁক’। কিন্তু মানছেন কজন? হঠাৎ বিপরীত দিক দিয়ে আসা একটি মিনি ট্রাক এমনভাবে আমাদের পাশ দিয়ে গেল। দেখলাম, চালকের লুকিং গ্লাস ভেঙে চুরমার। দুর্ঘটনাটি মারাত্মক হতে পারত। আরেক জায়গায় দেখলাম, আরেকটি ট্রাক উল্টে খাদে পড়ে আছে। প্রথম আলো ‘মৃত্যুর মিছিল থামছে না’ শিরোনামে নিয়মিত সড়ক দুর্ঘটনার খবর ছাপছে। বৃহস্পতিবারের কাগজে লেখা ছিল ‘৭৫ দিনে ৬৫১ জনের মৃত্যু’। তবে চালকের কারণেই সব দুর্ঘটনা ঘটে না। বেবুঝ ও বেখেয়াল পথচারীও অনেক দুর্ঘটনার কারণ।
সড়কের দুই পাশে লাগানো সামাজিক বনায়নের নানা জাতের গাছ—শাল, কড়ই, রেইনট্রি ইত্যাদি। গাছ ছায়া দেয় কিন্তু তার চেয়েও বেশি দেয় নির্ভরতা। সড়কের দুই পাশের মাঠে নানা ধরনের শস্য বুনছেন কৃষকেরা। উত্তরাঞ্চলের প্রায় প্রতিটি জেলায় ধানের পাশাপাশি প্রচুর গম ও ভুট্টা চাষ হচ্ছে। ঠাকুরগাঁওয়ে আমাদের সহকর্মী জানান, জেলায় ৬৭-৬৮ হাজার একর জমিতে গমের চাষ হচ্ছে। লালমনিরহাট ও পঞ্চগড়েও প্রচুর গম ও ভুট্টার চাষ হয়েছে এবার।
করতোয়া সেতু পার হতেই পঞ্চগড় শহরের প্রবেশমুখে একটি ম্যুরাল—জাতীয় তিন নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানী। একটু দূরে বঙ্গবন্ধুর আরেকটি ম্যুরাল আছে। বাংলাদেশের রাজনীতি যেখানে মুজিব ও জিয়ায় বিভক্ত, সেখানে অন্য কোনো নেতার প্রতিকৃতি চোখে পড়ে না। এদিক থেকে পঞ্চগড় ব্যতিক্রম। এর পৌর মেয়র তৌহিদুল ইসলাম পরপর পাঁচবার নির্বাচিত হয়েছেন। তিনি পৌর বিএনপির সভাপতিও।
পঞ্চগড়ের আয়োজনটি ছিল সন্ধ্যা সাতটায়। আমাদের পৌঁছাতে আটটা বেজে যায়। তা সত্ত্বেও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরটি পূর্ণ ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে। তখন সংগীতানুষ্ঠান চলছিল। গাইছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন স্থানীয় শিল্পী। তাঁর পূর্বসূরিও নাকি গান গাইতেন। দেশের পুলিশ কর্মকর্তারা সঙিন ছেড়ে সংগীতে মনোযোগ দিলে মন্দ নয়।
পঞ্চগড়, লালমনিরহাট ও চুয়াডাঙ্গা—তিন জায়গাতেই পাঠকের মুখোমুখি আয়োজনে স্থানীয় বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিসেবী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ যা বলেছেন, তার সারমর্ম হলো প্রথম আলোকে তাঁরা ভালোবাসেন, এ কারণে প্রথম আলোর কাছে তাঁদের দাবিও বেশি। তাঁরা মনে করেন, প্রথম আলোই পারে অসুস্থ রাজনীতিকে বদলাতে। অন্যায় ও দুর্নীতির শিকড় উৎপাটন করে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে। প্রথম আলোই পারে অন্ধকারের বিরুদ্ধে আলোর দীপশিখা জ্বালিয়ে রাখতে। তাঁরা চান গণমানুষের মুখপত্র হিসেবে প্রথম আলো আরও সাহসী হোক, জনগণের অধিকারের পক্ষে আরও বেশি কথা বলুক। কেবল পাঠক নন, পাঠকের কাছে যাঁরা পত্রিকাটি তুলে দেন, সেই পরিবেশক ও হকারদের দেখেছি প্রথম আলোর প্রতি তাঁদের কী অপরিসীম মমতা। লালমনিরহাটের হকার মোহাম্মদ সোহেল প্রথম আলো নিয়ে একটি স্লোগান বানিয়েছেন। ‘ক্যামেরা কথা বলে, কলম থেমে থাকে না। সত্যের সন্ধানে প্রথম আলো।’ এই স্লোগান মুখে আওড়াতে আওড়াতে তিনি পত্রিকা বিলি করেন। প্রথম আলো তাঁদের কাছে শুধু জীবিকা নয়, জীবন। প্রথম আলো বগুড়ায় ছাপা হয় বলে উত্তরের প্রত্যন্ত অঞ্চলেও খুব ভোরে পৌঁছে যায়। অন্যান্য পত্রিকা যায় দেরিতে। প্রতিদিন হকারদের গ্রাহকদের কাছে দুবার যেতে হয়। একবার প্রথম আলো নিয়ে। আরেকবার অন্যান্য পত্রিকা।
তিন আয়োজনেই প্রথম আলোর বেশ কিছু প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে। দেখে দর্শক-শ্রোতারা আপ্লুত ও আবেগতাড়িত হয়েছেন। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। তাঁরা নিজেদের মধ্যে মাবিয়া, সানজিদা কিংবা সাইফুল-সামিনের অবয়ব খুঁজে পেয়েছেন। তাঁরা বললেন, প্রথম আলো কী খবর দিয়েছে, কী খবর দেয়নি, তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো মানুষের মধ্যে আশা জাগিয়েছে। স্বপ্ন দেখতে শিখিয়েছে। প্রথম আলো প্রান্তজনের কথা, অসম্ভবকে সম্ভব করতে পারা মানুষদের কথা তুলে ধরেছে। পঞ্চগড়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কলেজশিক্ষক নাসিমা আখতার বললেন, প্রথম আলো মানুষের ভেতরের শান্তিকে জাগিয়েছে। ইকবাল আল আমিনের আশা, গণতন্ত্র, ক্ষমতা ও ন্যায়বিচারের পক্ষে প্রথম আলো আগের মতো সোচ্চার থাকবে। তিনি কৃষি ও কৃষকদের নিয়ে পৃথক পাতা করারও পরামর্শ দিলেন। জেলা আইনজীবী সমিতির মির্জা নাজমুল ইসলাম প্রথম আলোর স্বকীয়তার প্রশংসা করে বললেন, আড়াই দশক ধরে দেশে ছাত্রসংসদ নির্বাচন হয় না। ছাত্রসংসদ নির্বাচনের পক্ষে প্রথম আলো দৃঢ় ভূমিকা রাখুক।
কলসুন্দরের মেয়েদের সাফল্যের উদাহরণ টেনে মিজানুর রহমান দাবি করলেন, তেঁতুলিয়ার কাজী শাহাবুদ্দীন বালিকা বিদ্যালয় ও কলেজের মেয়েরা আন্তবিদ্যালয় প্রতিযোগিতায় ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম আলো তাদের কথাও তুলে ধরুক। নজরুল পাঠাগারে মোখলেসুর রহমান মুন্সী জানান, তাঁদের প্রতিষ্ঠানে আটটি পত্রিকা রাখলেও একটি পত্রিকা বাঁধাই করে রাখা হয়, তার নাম প্রথম আলো। আবুল কালাম আজাদ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য কামনা করে হেফাজতের সঙ্গে আপসের সমালোচনা করলেন। অধ্যক্ষ শফিকুল ইসলাম জঙ্গিবাদের বিরুদ্ধে সংস্কৃতির জাগরণের সহযাত্রী হিসেবে পেতে চাইলেন প্রথম আলোকে। রেজাউল হকের দাবি, প্রথম আলোতে বাম-প্রগতিশীলদের কথা বেশি করে লেখা হোক।
ওই অনুষ্ঠানে সাংসদ নাজমুল হক প্রধান নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, আসামের যুবশক্তি পত্রিকার সম্পাদকের আমন্ত্রণে তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কলকাতায়। সেখানে ওই সম্পাদক প্রথম আলোর কথা উল্লেখ করে বলেছেন, বাংলা ভাষায় এ রকম ঝকঝকে পত্রিকা বের হতে পারে, সেটি তিনি চিন্তাও করতে পারেননি।
লালমনিরহাটের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড ভবনে। অনুষ্ঠানের মাঝে মাঝে, বক্তব্যের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক বললেন, প্রথম আলোর প্রামাণ্যচিত্রগুলো তাঁকে দারুণভাবে নাড়া দিয়েছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা ডায়াবেটিস সমিতির সভাপতি শেখ আবদুল হামিদ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে প্রথম আলো সাহসী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। স্কুলশিক্ষক হাসিনা আখতার মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সাংস্কৃতিক জাগরণের তাগিদ দিয়ে বললেন, প্রথম আলো এই আন্দোলনে নেতৃত্ব দিক। প্রতিভা ছাত্র সংঘের সাধারণ সম্পাদক হেলাল হোসেন কবির বললেন, ‘প্রথম আলো আমাদের অন্য রকম ভালোবাসার পত্রিকা।’ কদম চান বিদ্যাপীঠের পরিচালক পাগলা জাহাঙ্গীর কৃতজ্ঞতার সুরে জানালেন, বৈশাখী মেলা করতে গিয়ে তিনি যখন মৌলবাদীদের আক্রমণের শিকার হয়েছিলেন, প্রথম আলো তাঁর পাশে দাঁড়িয়েছিল। লেখক ফেরদৌসী রহমান বললেন, শিল্পসাহিত্য ও গোল্লাছুট পাতার পরিসরটা বাড়ানো হোক। আরেকজন পাঠক খেদের সঙ্গে বললেন, বড় মানুষের ভিড়ে
যেন ছোট মানুষের এবং শহরের ভিড়ে যেন গ্রামের কথা হারিয়ে না যায়।
এ রকম নানা দাবি আসে পাঠকদের কাছ থেকে। তাঁদের বড় দাবি হলো, স্থানীয় খবর আরও বেশি বেশি থাকতে হবে। স্থানীয় খবরই প্রকৃত সাংবাদিকতা—এ রকমই বলেছিলেন একজন আমেরিকান গণমাধ্যম বিশেষজ্ঞ।
আমরা খবর পরিবেশনের সময় জাতীয় মান বিচার করি। কিন্তু যে খবরের সঙ্গে স্থানীয় মানুষের সংযোগ নেই, তার প্রতি স্থানীয় পাঠক আকৃষ্ট হবেন কেন?
কাল পড়ুন ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’—থাকবে চুয়াডাঙ্গার কথা।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]