পাঠানোর আগে একটু ভাবুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যাটা নতুন নয়। বলতে হয় বেশ পুরোনোই। কিন্তু এর যেন কোনো সমাধান নেই। বলছি, সৌদি আরবে বাংলাদেশের নারী গৃহকর্মীদের ওপর নির্যাতনের কথা। সৌদি আরবে কাজ করতে গিয়ে বাংলাদেশের নারীদের ধর্ষণসহ নানা রকম নির্যাতনের শিকার হওয়ার খবর আমরা প্রায়ই শুনতে পাই। কিন্তু দুঃখের বিষয় হলো, এর প্রতিরোধ বা প্রতিকারে সরকারি তরফে কার্যকর কোনো উদ্যোগ নেই।

প্রথম আলোর ১১ জুনের খবর, বাংলাদেশের নারী গৃহকর্মীরা সৌদি আরবে যাওয়ার পর থেকেই বেতন নিয়ে বঞ্চনার পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করে আসছেন। ধর্ষণসহ নানা রকম নির্যাতনের শিকার হয়ে তাঁদের মধ্যে অন্তত ২২ জনকে জীবন দিতে হয়েছে। সরকারের উদ্যোগে এ পর্যন্ত দেশে ফিরে এসেছেন প্রায় দেড় হাজার নারী। এর বাইরেও বেশ কিছু নারী নিজেদের চেষ্টায় দেশে ফিরেছেন। কিন্তু অনেক নারী ফিরতে পারেননি। অনেকের কোনো হদিসই নেই।

সৌদি আরবে বাংলাদেশি নারীদের ওপর এসব নির্যাতনের খবর জানার পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে যথাযথ ও কার্যকর কোনো উদ্যোগ না থাকাটা অগ্রহণযোগ্য। কেন তেমন কোনো উদ্যোগ নেই? যেসব নারীকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে, তাঁরা দরিদ্র বলে? স্বল্পশিক্ষিত বলে? ঠিকই, আমাদের দেশে দরিদ্র মানুষের কোনো মূল্য তো নেই। আর সেই দরিদ্র মানুষটি যদি নারী হন, তাহলে তো কথাই নেই। নারীর জীবনের তো আর কোনো মূল্য নেই। সে বাঁচল কি মরল, কী যায়-আসে?

২০১৫ সালের ফেব্রুয়ারিতে নারী গৃহকর্মী পাঠানো নিয়ে বাংলাদেশ ও সৌদি আরব একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। ওই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছেন প্রায় দেড় লাখ নারী। এ বছরের প্রথম চার মাসে সৌদি আরবে যাওয়া নারী গৃহকর্মীর সংখ্যা ৪৩ হাজার ৩১১। সমঝোতা স্মারকে নির্যাতনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেটি হচ্ছে না। কেন হচ্ছে না, সেটা একটা প্রশ্ন। সৌদি আরব ছাড়াও জর্ডান, ওমান ও লেবাননেও বহু বাংলাদেশি নারী কাজের জন্য যাচ্ছেন। এ সংখ্যা কয়েক লাখ। কিন্তু সেসব দেশেও তাঁদের অবস্থা তথৈবচ। অব্যাহতভাবে নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন তাঁরা।

মধ্যপ্রাচ্যে কাজ করতে যাওয়া বাংলাদেশি নারীদের সঙ্গে কী ধরনের আচরণ করা হয়, তা শুনলে শিউরে উঠতে হয়। প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতিশ্রুতি অনুযায়ী বেতন দেওয়া হয় না, কম দেওয়া হয়। দিন-রাত তাঁদের দিয়ে কাজ করানো হয়, কিন্তু খাবার কম দেওয়া হয়, মারধর করা হয়, তাঁদের ধর্ষণ করা হয়, নির্যাতনের পর পালিয়ে গেলে থানায় চুরি ও নাশকতার মামলা দেওয়া হয়, পালিয়ে পুলিশের আশ্রয়ে গেলে আবার আগের নিয়োগকর্তার কাছে ফেরত পাঠানো
হয়। শুরু হয় নতুন করে নির্যাতন। এ ছাড়া দূতাবাসকে না জানিয়ে ক্রীতদাসের মতো এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে বিক্রি করে দেওয়া হয়, তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, যাতে তাঁরা কাজ ছেড়ে যেতে না পারেন এবং দেহব্যবসায় বাধ্য করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে এবং সম্ভ্রম বাঁচাতে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অভাবের সংসারে একটু সচ্ছলতার আশায় তাঁরা বিদেশে পাড়ি জমান। অথচ তাঁদের কিনা এই পরিণতি?

কী করে মানছি আমরা এসব অনাচার? রেমিট্যান্সের আশায় আমরা নারীদের এ কোথায় পাঠাচ্ছি? আমাদের প্রবাসী আয়ের দরকার আছে। কিন্তু সেটা কখনোই আমাদের নারীদের সম্ভ্রমের বিনিময়ে নয়, তাঁদের জীবনের বিনিময়ে নয়। এত নির্যাতনের খবর জানার পরও যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাঁদের আবার পাঠানো হচ্ছে, তখন মনে হয় আমার ধারণাটাই ঠিক। একে নারী, তার ওপর দরিদ্র। বাঁচলে বাঁচল, নয়তো মরল। অসুবিধাটা কোথায়?

নির্যাতনের কারণে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও নেপাল মধ্যপ্রাচ্যে তাদের গৃহকর্মী পাঠানো বন্ধ করে দিয়েছে। আমাদেরও এ নিয়ে কি ভাববার সময় হয়নি? এখনো যদি সময় না হয়, তাহলে আর কবে হবে?

আসলে আমাদের দেশে নারীর মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। পুরুষতান্ত্রিক এই সমাজে নারীর অবস্থান যে খুব ভালো নয়, তা তো নারী নির্যাতনের বিভিন্ন হিসাবে ফুটেই ওঠে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশের ৮০ শতাংশ বিবাহিত নারী স্বামীর হাতে নির্যাতনের শিকার হন। এ দেশের নারীদের যৌন নিপীড়নের শিকার হওয়া বা ধর্ষণের শিকার হওয়া এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। ব্যাপারটা এখন এমন যে দেশের মধ্যেই তো তাঁরা কম নির্যাতনের শিকার হচ্ছেন না, তাহলে বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হলে সমস্যা কোথায়। নির্যাতিত হওয়ার জন্যই নারীর জন্ম।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহস্থালির কাজে নারী শ্রমিকদের পাঠানোর বিষয়টি এখন খুব গুরুত্বের সঙ্গে ভেবে দেখার সময় হয়েছে। এ দেশের নারী শ্রমিকেরা বিদেশে নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট মহলের উদাসীনতা দুঃখজনক। তাদের এ ব্যাপারে অবশ্যই তৎপর হতে হবে।

প্রথম আলোর খবর অনুযায়ী, নির্যাতনের কারণে গত বছরের প্রথমার্ধে রিয়াদে বাংলাদেশ দূতাবাস নারী গৃহকর্মী পাঠানো সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দিয়েছিল। কিন্তু বেশ কয়েক বছর বিরতির পর বাংলাদেশের জনশক্তির সবচেয়ে বড় শ্রমবাজার পুনরায় চালুর সুযোগ নিতে সরকারের উচ্চপর্যায়ের একটি মহল উপেক্ষা করেছিল দূতাবাসের দেওয়া পরামর্শ। কিন্তু সরকারের উচিত ছিল দূতাবাসের পরামর্শে কান দেওয়া। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও গত বছরের ডিসেম্বরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি গৃহকর্মীদের সুরক্ষা বাড়াতে বাংলাদেশকে উদ্যোগী হওয়ার আহ্বান জানায়। যা হোক এখনো সরকার উদ্যোগ নিতে পারে। সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিদেশে নারী শ্রমিক পাঠানোর কাজে নিয়োজিত সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বিদেশে বাংলাদেশি নারী শ্রমিকদের ওপর নির্যাতন প্রতিরোধে দ্রুত উদ্যোগ নিন। প্রয়োজনে নতুন করে চুক্তি করুন। যে চুক্তিতে বেতন, ক্ষতিপূরণ এসব আইনি অধিকারের বিষয়গুলো সুনির্দিষ্ট থাকবে। এরপরও নির্যাতন যদি অব্যাহত থাকে তাহলে মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো বন্ধ করে দেওয়া ছাড়া তো কোনো বিকল্প দেখছি না। নতুন করে নারী শ্রমিকদের মধ্যপ্রাচ্যে পাঠানোর আগে দ্বিতীয়বার ভাবুন।

রোকেয়া রহমান: সাংবাদিক।