বাংলাদেশের স্কুলের পাঠ্যপুস্তকের ‘ইসলামীকরণ’ শুরু হয়েছে, এ খবর এবার নিউইয়র্ক টাইমস-এর পাতায় স্থান পেয়েছে। এক দীর্ঘ প্রতিবেদনে পত্রিকাটি সবিস্তারে লিখেছে কীভাবে হেফাজতে ইসলাম নামক একটি ধর্মীয় সংগঠনের নির্দেশে, সংশ্লিষ্ট কারও সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তড়িঘড়ি করে কয়েক লাখ কপি বই একবার ছাপা হওয়ার পর সেসব বাদ দিয়ে নতুন করে ছাপতে বাধ্য হয়েছে।
ঢাকার পত্রপত্রিকায়ও খবরটা এসেছে, তবে ঠিক কার নির্দেশে এমন একটা কাজ হলো, তার সদুত্তর মেলেনি। সবাই শাক দিয়ে মাছ ঢাকার মতো করে একটা ব্যাখ্যা দেন, কিন্তু কেউই দায়িত্ব নিতে রাজি নন। এনসিটিবির চেয়ারম্যান বলেছেন, এসবই রুটিন পরিবর্তন। শিক্ষামন্ত্রী বলেছেন, সব ভুল সংশোধন করা হবে। কিন্তু কোন জাদুতে বইয়ের কবিতা বদলে গেল, অথবা রামায়ণের গল্প কাটা গেল, তার কোনো ব্যাখ্যা তাঁর কাছেও নেই। সেটা জানতে হলে নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনটি পড়তে হবে: <https://nyti. ms/2 kgs7 JJ>।
হেফাজতে ইসলামের কর্তাব্যক্তিরা নিউইয়র্ক টাইমসকে খোলামেলাভাবেই বলেছেন, তাঁরা ১৭টি অনৈসলামিক কবিতা, বিভিন্ন হিন্দু নাম ও কাহিনি এবং মেয়েদের জন্য আপত্তিকর এমন রচনা ও ছবি বাদ দিতে বলেছিলেন। বোর্ড প্রথমে রাজি হয়নি, তখন বোর্ডের কর্মকর্তাদের ‘মাথা ডিঙিয়ে সরকারের আরও বড় কর্তাদের কাছে’ তাঁরা ধরনা দেন। কে এই কর্তাব্যক্তি, তা অবশ্য খোলাসা করে বলা হয়নি।
যাঁরা ভেবেছেন, এতেই হেফাজত সন্তুষ্ট হবে, তাঁদের জন্য খবর আছে। নিউইয়র্ক টাইমস লিখেছে, হেফাজত এরপর শিক্ষা কার্যক্রম থেকে ছবি আঁকার পাঠ তুলে দিতে চায়। ধর্মে মানুষের ছবি আঁকা মানা, অতএব শিক্ষার্থীদের মানুষের ছবি আঁকা শেখানো যাবে না। তারা শুধু শিখবে ক্যালিগ্রাফি বা সুন্দর করে আরবি হরফে লেখা। শরীরচর্চা-বিষয়ক কোনো পাঠে যদি মেয়েদের ছবি থাকে, তা-ও বদলাতে হবে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হেফাজত মনে করে, পাঠ্যবই থেকে মেয়েদের ছবি বাদ দিলেই চলবে না, বা তাদের ‘পিরিয়ড’ নিয়ে আলোচনা বাদ দিলেও হবে না। ক্লাস ফাইভের পর ছেলেমেয়েদের একসঙ্গে স্কুল করা নিষিদ্ধ করতে হবে। হেফাজত আরও একটা দাবি তুলেছে। এনসিটিবি বোর্ডের চেয়ারম্যান হিন্দু, তাঁকে বাদ দিতে হবে। ‘কেন, আমাদের দেশে কি দেশপ্রেমিক কোনো মুসলমান নেই, যিনি টেক্সট বুক বোর্ডের প্রধান হতে পারেন?’
>একদম প্রথম শ্রেণি থেকেই যদি আমাদের ছেলেমেয়েদের ধর্মের বাঁধনে আটকে ফেলা যায়, তাহলে পাকিস্তানের দেখানো পথে তর তর করে এগিয়ে যেতে আমাদের খুব বেগ পেতে হবে না
একুশ শতকে এসে এসব কথা শুনতে হবে! তা-ও যে দেশের মানুষ ধর্মনিরপেক্ষতার মন্ত্র নিয়ে মুক্তিযুদ্ধে গেছে, যেখানে ২৬ বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নারী! এটা বিশ্বাস করা কঠিন। ব্যাপারটা ভীতিকর শুধু এ কারণে নয় যে একটি ধর্মীয় সংগঠন এসব দাবি তুলেছে। এমন দাবি তারা তুলতেই পারে। আমি ভীত হয়েছি কত দ্রুত আর কত সহজে তাদের দাবি পূরণ হয়ে গেল, তা দেখে। হেফাজতের দাবিগুলো ক্ষমতাসীন দল ও তার প্রধান প্রতিপক্ষ উভয়েই মেনে নিয়েছে, কারণ তারা কেউ ধর্মীয় দলগুলোকে চটাতে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি লিখেছে, এই প্রশ্নে সব দলের মধ্যেই চমৎকার ঐকমত্য রয়েছে।
আসল কারণটি আরও খোলাসা করে বলেছেন হেফাজতের যুগ্ম সম্পাদক মুফতি ফায়েজ উল্লাহ। তিনি নিউইয়র্ক টাইমসকে বলেছেন, সরকার তাঁদের দাবি মেনে নিয়েছে। কারণ, সরকার বুঝতে পেরেছে মুসলমানদের এসব বিষয়ে শিক্ষা গ্রহণের কোনো প্রয়োজন নেই। মুফতি সাহেব আরও বলেছেন, ‘আমি আরও একটা বিষয় যোগ করতে চাই, আর তা হলো দেশের সব রাজনৈতিক দল জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তার বিষয়টি বিবেচনায় রাখে।’ অনুমান করি, তাঁর এ কথার অর্থ, সামনে নির্বাচন, এ সময় হেফাজতের ব্যাপারে হাঙ্গামা করবে, এমন সাহস রাজনৈতিক দলগুলোর নেই।
পত্রিকায় পাঠ্যবইয়ের পাঠ পরিবর্তনের খবর ফাঁস হওয়ার পর দু-চারজন বুদ্ধিজীবী আপত্তি করেছেন, কেউ কলাম লিখেছেন বা বিবৃতি দিয়েছেন। বোর্ডের সামনে মিছিলও হয়েছে, শুনেছি তাতে বড়জোর শ দুয়েক মানুষ জড়ো হয়েছে। এই আপত্তি-টাপত্তি নিয়ে সরকারের ভেতর কেউ মাথার চুল ছিঁড়ছেন, তা মনে হয় না। ছাত্ররা রাস্তায় নামেনি, অভিভাবকেরা চুপচাপ বসে আছেন, হাত গুটিয়ে বসে আছে সুশীল সমাজ। তাহলে আর ভাবনা কী? এর আগেও দেখেছি আমাদের নীরবতার সুযোগে সাম্প্রদায়িকতা কীভাবে ধীরে ধীরে জেঁকে বসে। পঁচাত্তরের পটপরিবর্তনের পর সামরিক শাসকেরা যখন ধর্মের দোহাই দিয়ে আমাদের সংবিধানের চরিত্র বদলে ফেলেন, তখন আমরা চুপ করে থেকেছি। সামরিক শাসনের অবসান হয়েছে, কিন্তু সংবিধানের ধর্মীয়করণ বদলানোর সাহস কারও হয়নি। মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা হচ্ছে বলে দুঃখ প্রকাশ করেছেন কেউ কেউ, কিন্তু তাতে বুড়ো গাছের মরা পাতাটিও নড়েনি। ক্রমে ক্রমে আমরা এমন এক অবস্থায় পৌঁছেছি যে সংবিধানের সাম্প্রদায়ীকরণ ঠেকানোর কথা এখন আর চিন্তাতেও আনি না। আমার ধারণা, পাঠ্যপুস্তকের সাম্প্রদায়ীকরণ নিয়েও এর ব্যতিক্রম হবে না।
একদম শূন্য থেকে এ অবস্থায় আমরা পৌঁছাইনি। গত চার দশকে খুব পরিকল্পিতভাবে আমাদের সংস্কৃতির ধর্মীয়করণ ঘটেছে। ১৯৭৫ সালের পর থেকে যে প্রক্রিয়ার শুরু, সাম্প্রতিক সময়ে তা দৌড়ে চলা শুরু করেছে। আমাদের ব্যবহারে, আচার-আচরণে এই ক্রমধর্মীয়করণের স্পষ্ট ছাপ রয়েছে। একদিকে জামায়াতে ইসলামীর ধর্মীয় রাজনীতিকে আমরা নিন্দা করেছি, অন্যদিকে নিজেরা ক্রমেই ধর্মীয় রাজনীতির ভাবাদর্শ আত্তীকরণ করেছি। রাজনীতি ও সংস্কৃতির এই ধর্মীয়করণে প্রথাগত ধর্মীয় নেতারা নয়, রাজনৈতিক নেতারাই নেতৃত্ব দিয়েছেন। একাত্তরের যুদ্ধে আমাদের ধর্মব্যবসায়ীদের পরাজয় হয়, কিন্তু রাজনীতিবিদেরা নিজেদের প্রয়োজনেই তাঁদের রাজনীতির অঙ্গীভূত করে নেন। এখন ধর্ম ও ধর্মগুরু, উভয়ই রাজনীতির মধ্যমাঠে।
ঠিক এমনটাই ঘটেছিল পাকিস্তানে। দেশভাগের পর সেখানে যাঁরা ক্ষমতায় আসেন, ব্যবহারে, আচার-আচরণে তাঁরা সবাই ছিলেন সেক্যুলার। অধিকাংশেরই কোনো রাজনৈতিক ভিত ছিল না। রাজনৈতিকভাবে নিজেদের ক্ষমতা সংহত করতেই তাঁদের হাত বাড়াতে হয় ধর্মের দিকে, তারপর ধর্মীয় নেতাদের দিকে। ঠিক সে কারণেই ১৯৪৯ সালে লিয়াকত আলী খানকে শাসনতন্ত্রে ইসলামকে কেন্দ্রীয় ভূমিকা দিয়ে অবজেক্টিভস রেজল্যুশন পাস করাতে হয়।
সেই থেকে শুরু। এরপর মাত্র ৩০ বছরে পাকিস্তান আমূল বদলে গেল—প্রথমে ঘটল রাজনীতির ধর্মীয়করণ, তারপর শিক্ষাক্ষেত্রের ধর্মীয়করণ, সবশেষে দেশের সংস্কৃতির ধর্মীয়করণ। এই উর্বর জমিতে খুব সহজেই জন্ম নেয় জঙ্গিবাদ। পাকিস্তানে যে এখন জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো লক্ষণীয় প্রতিরোধ আন্দোলন নেই, তার কারণ ব্যক্তির ও সমাজের ওপর ধর্মের এই আমুণ্ডু বিস্তার।
আমার ভয় হয়, বাংলাদেশেও আমরা সেই পথেই চলেছি। একদম প্রথম শ্রেণি থেকেই যদি আমাদের ছেলেমেয়েদের ধর্মের বাঁধনে আটকে ফেলা যায়, তাহলে পাকিস্তানের দেখানো পথে তর তর করে এগিয়ে যেতে আমাদের খুব বেগ পেতে হবে না।
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।