পাথরই জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাথর কুড়ানোর জীবনসংগ্রামে নিয়োজিত দুই নারী
পাথর কুড়ানোর জীবনসংগ্রামে নিয়োজিত দুই নারী

পাশ থেকে আরেক নারী বললেন, ‘অয় বহিড়া, কানে শোনে কম। নাম জাহেদা’। এবার দুজনই হেসে উঠলেন। জাহেদার স্বামী মৃত। ‘সতিনের অত্যাচারে চলি আসছি। বাবা-মাও নাই। ভাইরা দূরে থাকে’। জাহেদার সঙ্গে কাজ করছিলেন সাবেদা বেগম (৪৮)। তাঁর স্বামীও গত হয়েছেন প্রায় দুই দশক আগে। সাবেদা আর সুফিয়া খাতুন করেন পাথর আর বালু আলাদা করার কাজ। কাঠের কাঠামোয় লোহার তারের নেটে বেলচা দিয়ে পাথর ফেলেন। বালু নেটের জালি দিয়ে ঝরে পড়ে আর পাথর জমা হয় পায়ের কাছে। উভয়েই দিনে মজুরি পান ১৪০ টাকা করে।

যঁারা নদীতে কাজ করেন, তাঁরা সারা দিনে গড়ে পাঁচ থেকে ছয় ঢাকি পাথর পান। দৈনিক আয় কখনো দেড় শ কখনো দুই শ টাকা। পরিত্যক্ত সরকারি জমিতে থাকেন বলে থাকার খরচ দিতে হয় না।

নদীর বেশির ভাগটাতেই গোড়ালিডোবা পানি। তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বালু খুঁড়ছিলেন পাথরকুড়ানি নারীরা। জাহেদারা ভয়েও থাকেন। নদীর ওপারে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের ক্যাম্প। বন্দুক নিয়ে কয়েকজন জওয়ান তাকিয়ে আছেন এদিকে। নদীর পুরো জায়গাটা নোম্যান্স ল্যান্ড বা নামানুষি ভূমি। ওখানে পা রাখা বারণ। নদীর পারের বড় আমগাছে হুঁশিয়ারি লেখা, সাবধান, সামনেই ভারত।

কিন্তু জীবিকার টান আইন ভুলিয়ে দেয়। পুরুষেরা শৈশব থেকেই এ নদীতে গোসল করেন। আর নারীরা করেন পাথর তোলার কাজ। নদীর ঘাটে সিমেন্টের সিঁড়ি। সেটা বেয়ে নামতে গেলেই মধ্যবয়সী এক নারী নদী থেকেই চিৎকার করলেন, ‘আপনি আসিয়েন না, ওই যে বিএসএফ বন্দুক নিয়া তাকায়া আছে’। পাথর রাখতে এলে কথা হয় তাঁর সঙ্গে। নাম শিরীন। জানালেন, ‘বিএসএফ পারলে ধরে নিয়ে যায়, রাতে নামলে গুলি করে’। প্রতিদিনই চলে এ রকম চোর-পুলিশ খেলা। বিএসএফকে নদীতে নামতে দেখলে পাথর-কুড়ানিরা দৌড়ে বাংলাদেশের  ভেতর চলে আসেন। সোমবার সকালে তাই পাথর তুলতে নামতে পারেননি জাহেদা। তাই পরিত্যক্ত হাটের গাছের পাতা কুড়াচ্ছিলেন। ওই পাতাই চুলার জ্বালানি। তাঁর একটাই ছেলে সোহেল। স্থানীয় বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। একটা পরিত্যক্ত দোকানে আশ্রয় নিয়েছেন জাহেদা। তাতে কোনো জানালা নেই। শিরীন তাঁর দুই মেয়েকে নিয়ে ঘুমান হাটের দেয়ালহীন চাতালে।

জাহেদা ও সাবেদাকে জিজ্ঞাসা করি, অন্য কাজ করেন না কেন; চা–বাগানেও তো মেয়েরা কাজ করে? জাহেদার উত্তর, ‘অ্যাকসিডেন্ট করি হাত কমজোরি হই গেছে। চা–পাতা তুলতে দেরি হই যায়, তাই কাজে নেয় না।’ ওই বাস দুর্ঘটনার আগে জাহেদা করতেন দরজির কাজ। আর সাবেদা জানালেন, ‘এই কাজে স্বাধীনতা বেশি। আমাদের সুখও নাই, দুঃখও নাই। আল্লাহ নদীতে পাথর দিছে। পাথরই আমাদের জীবন, পাথরই খোরাক। পাথর তুলি আর বেচি খাই।’

চলে আসার সময় জাহেদাকে ছেলের ভবিষ্যৎ​ জিজ্ঞাসা করলে ঠিক শুনতে পেলেন না। শুনতে না পেলে তিনি শুধু হাসেন। এবার তাঁর ছেলে সোহেল ছিল কাছে। ছেলেই মায়ের কানের কাছে মুখ নিয়ে উঁচু গলায় বলল, ‘বড় হয়ে আমি কী হব, মা?’

মায়ের হাসি নিভে গেল। নিচু গলায় শুধু বললেন, ‘জানি না’!

ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।