পানামা পেপারস ও জলদস্যুদের লজ্জা
মধ্যযুগের ইউরোপে জলদস্যুরা ছিল জাতীয় বীর। তারা বিদেশি জাহাজ ও বসতি লুট করে সম্পদ দেশে আনত। এতে দেশের সম্পদ বাড়ত বলে সে সময়ের শাসকেরা এই জলদস্যুদের খুব একটা ঘাঁটাত না। মারাঠি বর্গিরা একসময় বাংলার আতঙ্ক হলেও নিজ জাতির কাছে তারা ছিল বীর। সোমালিয়ার কুখ্যাত জলদস্যুরাও তাদের জলসীমায় বেআইনিভাবে প্রবেশ করা বিদেশি মাছ শিকারির তাড়াত বা অপহরণ করত। দুর্ভিক্ষতাড়িত সোমালিয়ায় তারা অর্থ আনত বলে স্থানীয়ভাবে তাদের ভাবা হতো দেশপ্রেমিক। এরা সবাই বিদেশ থেকে সম্পদ স্বদেশে আনত বলে লজ্জার কোনো বালাই তাদের ছিল না।
কিন্তু পানামা পেপারসে যাঁদের নাম আসছে, তাঁরা সবাই স্বদেশের সম্পদ বিদেশে পাচার করেছেন। তাঁদের অর্থোপার্জনের পথ বৈধ না অবৈধ, আমরা তা জানি না, কিন্তু অর্থ পাচারের পথটা যে অবৈধ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাঁরা এতই ধনী হয়ে গিয়েছিলেন, নিজ দেশে টাকা রাখার বোধ হয় জায়গা ছিল না। রাখতে হলে কর দিতে হতো। সাবেক কালের জলদস্যুদের সঙ্গে তাঁদের পার্থক্য হলো, তাঁরা দেশের সম্পদ বিদেশে নিয়ে গেছেন দেশকে বঞ্চিত করে। সেকালের জলদস্যু ও বর্গিরা এঁদের দেখলে লজ্জা পেত।
সুইস নাগরিক মোসাক সাহেব আর পানামার নাগরিক ফনসেকা মিলে কোম্পানি খুলেছেন, আর দুনিয়ার যত বড় বড় সাহেব সেখানে হুমড়ি খেয়ে পড়েছেন। কোন সাহেবের নাম নেই? রাশিয়ার পরাক্রমশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর্জেন্টিনা ও ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী, স্পেনের শিল্পমন্ত্রী, সৌদি বাদশার নাম এসেছে। আরও অনেক সাহেবের নাম প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে। এই তালিকায় বেগম সাহেবাদের নাম কম। বেশির ভাগই পুরুষ। প্রেসিডেন্ট-রাজা-বাদশাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবেরেরাও আছেন। এ পর্যন্ত পঞ্চাশেরও বেশি বাংলাদেশি সাহেব ও কজন বেগমের নামও পানামা পেপারসে এসেছে।
আমরা এমন এক বাস্তবতায় বাস করি, যেখানে ১০ হাজার টাকা ঋণের জন্য কৃষকের টিনের চাল খুলে নেওয়া যায়, কোমরে দড়ি পরানো যায়, কিন্তু হাজার হাজার কোটি টাকা লুট ও পাচারের হোতাদের বেশির ভাগই সমাজে দর্প নিয়ে ঘুরে বেড়ান। এঁদের একটা অংশ আবার রাজনীতির নেতা। এঁরা লজ্জাহীন।
মোসাক আর ফনসেকার কোম্পানি মোসাক ফনসেকা তাঁদের করের হুজ্জোত থেকে বাঁচিয়ে দিয়েছে। পানামা পেপারস নামে পরিচিত বৈশ্বিক অর্থ পাচারকারীদের তালিকা দেখায়, দেশে দেশে এলিট ও ধনীদের ওপর করারোপের ব্যবস্থাটাই শুধু কমজোরি না, বৈশ্বিক সুশাসনও ভাঙনের মুখে। এটা এমন এক ধরনের পুঁজিবাদ, যেখানে সাধারণ ক্রেতা ও উপার্জনকারীদের কর ফাঁকি ঠেকানোর জাল অটুট হলেও আপনি যত ধনী ও ক্ষমতাবান হবেন, জালের ফুটো আপনার জন্য ততই বড় হয়ে যাবে। দেশে দেশে গণতন্ত্র ও সুশাসন নিয়োজিত রয়েছে এই সব ধনী ও ক্ষমতাবানের সেবার কাজে। যে ধরনের পুঁজিবাদী ব্যবস্থায় আমরা বাস করি, তাতে এটা কোনো ব্যতিক্রম নয়, এটাই স্বাভাবিক। বিশ্বায়ন এই ধরনের আর্থিক অন্যায়ের পথ আরও মসৃণ করে দিয়েছে।
যে দুনিয়া দারিদ্র্যে জর্জরিত, যেখানে শত শত কোটি মানুষকে মানুষের মতো জীবন দেওয়া সম্ভব হয়নি, সেখানে বৈশ্বিক করপোরেশন আর অতি ধনীরা টাকা রাখার জায়গা পাচ্ছেন না! আন্তর্জাতিক সংগঠন ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের ২০১২ সালের এক হিসাবে, বিশ্বের ধনীরা ২১ থেকে ৩১ ট্রিলিয়ন ডলার অর্থ বিদেশে লুকিয়ে রেখেছেন। এই অর্থ দিয়ে কত কোটি মানুষের দুঃখ দূর করা যেত, কত শিশুর জীবন বাঁচানো যেত, কত শরণার্থীকে আশ্রয় দেওয়া যেত ভাবা যায়?
পানামা পেপারসে নাম আসায় আইসল্যান্ডের প্রধানমন্ত্রী, স্পেনের শিল্পমন্ত্রী পদত্যাগ করেছেন। আরও অনেকে জনগণের কাছে জবাবদিহির ভয়ে আছেন। যে বাংলাদেশিদের নাম সেখানে পাওয়া যাচ্ছে, তাঁদের মনে হয় ভয়ের কিছু নেই। কেননা, আমাদের আছে এক ঠুঁটো জগন্নাথ দুদক আর বিচারহীনতার জবরদস্ত এক সংস্কৃতি। লজ্জাও তাঁদের পেতে হবে না। এই দেশে যেকোনো উপায়ে ধনসম্পদ অর্জনই ক্ষমতা ও সম্মানের নিশ্চয়তা দেয়। সাধারণ জনগণও অসাধু উপায়ে ধনবান হওয়া লোকেদের আগের মতো খারাপ চোখে দেখে বলে মনে হয় না। সুতরাং, যেমন চলছে তেমন চলতেই থাকুক।
উটপাখি হলে বালুতে মাথা গোঁজার সুযোগ থাকত, বাংলাদেশিদের জন্য রয়েছে কেবল স্টার জলসা অথবা আইপিএলে মাথা ডোবানোর মওকা।