পানি নামছে না, ধান চাষের কী হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরাঞ্চল, গাইবান্ধার পর ধানের জমিতে আটকে যাওয়া পানির খবর এসেছে যশোরের কেশবপুর আর মনিরামপুর থেকে। স্থানীয় কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, ধান চাষের উপযোগী বিল এলাকার ৭ হাজার হেক্টর জমির মধ্যে প্রায় আড়াই হাজার হেক্টর জমি থেকে পানি নামার কোনো লক্ষণ নেই। কৃষকেরা যেখানে পেরেছেন বিলম্বে হলেও বীজ ফেলে চারা তৈরি করে রোপণের অপেক্ষায় দিন গুনছেন। বোরো আবাদের অনেক জমিতে এখনো কোমরপানি।

কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের বলেছেন, বোরো ধানের বীজতলা তৈরির উপযুক্ত সময় ১৫ থেকে ৩০ নভেম্বর। সেই সময়ের মধ্যে অনেকেই বীজতলা তৈরি করতে পারেননি। তারপরও চারা লাগানোর সময় এখনো পুরোপুরি পার হয়ে যায়নি। কেশবপুরের চাতরার বিল এলাকার কৃষকেরা কিছুটা সংঘবদ্ধ হয়ে ধারকর্জ করে সেচপাম্প দিয়ে পানিনিষ্কাশনের কাজ শুরু করেছেন। সব কৃষকের সেই ক্ষমতা নেই। যাঁদের নেই তাঁদের কী উপায় হবে?

কেশবপুর পৌরসভার কাছে খুবই দরিদ্র তথাকথিত নিম্নবর্ণের কিছু ঋষি পরিবার আলতাপোল আর বাজিতপুর নামে দুটি গ্রামে বসবাস করে। অনেকের মতো তাদেরও সেচপাম্প দিয়ে পানিনিষ্কাশনের সংগতি নেই। তাদের বেশির ভাগ জমি নানাভাবে এখন অন্যদের করতলে। চাষাবাদের পাশাপাশি এ দুই গ্রামের মানুষ চামড়া আর বেত-বাঁশের কাজ করে। বেত-বাঁশ আর চামড়ার কাজ তাদের পরিপূরক আয়ের উৎস। মূল আয় এ যাবৎ ছিল বোরো আর আমন। গত দুই বছর আমন পানিতে গেছে, বোরোও এবার যায় যায়। গ্রাম দুটিতে ক্ষুদ্রঋণ সহযোগিতাদানকারী একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, মোট ১৫৭টি ঋষি পরিবারের মধ্যে এবার মাত্র ২০টি পরিবার ধান চাষের জন্য ঋণের আবেদন করেছে। আগে প্রায় সবাই আমন না হোক, নিশ্চিত ফসল বোরোর জন্য ঋণ-সহযোগিতা গ্রহণ করত। এ বছর ওই অঞ্চলে ঋণখেলাপির সংখ্যাও বেড়েছে।

ঋণ কর্মকর্তা আরও বললেন, ঋষিদের অনেকেই ইতিমধ্যে গ্রাম ছেড়েছে কাজের সন্ধানে। পুরুষেরা এখন তাঁদের পরিবার-পরিজনকেও সঙ্গে নিয়ে যাচ্ছেন। এই চলে যাওয়া কি সাময়িক? চামড়ার কাজে যাঁদের হাত ভালো, তাঁরা বছরের ছয়-সাত মাস নানা ভাগে বিভিন্ন বড় শহরে কাজ করতেন, কিন্তু শিকড় ছিল গ্রামেই। ধান লাগানো আর কাটার সময় চলে আসতেন, থাকতেন কয়েক মাসের খায়-খোরাকির ফসল তোলার জন্য। পরিবার নিয়ে পাড়ি জমানো মানেই শিকড় ছিঁড়ে শহরে চলে যাওয়া। শহরের দরিদ্র মানুষের সবচেয়ে বড় সংকট সামাজিক নিরাপত্তা, নারীর নিরাপত্তা, শিশুর নিরাপত্তা আর তাদের পড়ালেখার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবমতে, কোনো কোনো শহরে দারিদ্র্যের হার বেমানানভাবে বেড়ে চলেছে। এসব শহরের দারিদ্র্যের হার গ্রামাঞ্চলের জাতীয় গড়ের থেকেও বেশি। এই অঞ্চলের বেশির ভাগ মানুষেরই প্রথম পছন্দ খুলনা। খুলনা বিভাগের গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার গড়ে ২৭ দশমিক ৩ হলেও শহরাঞ্চলে সেটা ২৮ দশমিক ৩ এবং কিঞ্চিৎ ঊর্ধ্বমুখী। বলা বাহুল্য, পরিসংখ্যান ব্যুরোর এই হিসাব আয়-রোজগারভিত্তিক সামাজিক নিরাপত্তা, শিশুদের বিকাশের সুযোগ ও নারীদের ন্যায্য মজুরি বিবেচনায় আসে না। এগুলো ধরলে নিঃসন্দেহে শহরের দারিদ্র্যের হার আরও বাড়বে। শহরের দীর্ঘ মেয়াদের স্বাস্থ্য-সংকট সৃষ্টির পরিবেশকেও এই বিবেচনায় ধরা উচিত। সেসব দিক থেকে গ্রাম এখনো আমাদের শহরগুলোর থেকে মানুষকে বেশি টানে। তাহলে কেন তারা গ্রামে থাকতে চাইছে না? অন্য গ্রামের অবস্থা যা-ই হোক, জলাবদ্ধতায় আটক থাকা গ্রামের মানুষগুলোর সেখানে জীবনধারণের আর কোনো সহজ পথ খোলা নেই। নিতান্ত বাধ্য হয়েই তারা শিকড় উপড়ে ফেলছে।

অনেকেই এসব দুর্গতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন, দক্ষিণাঞ্চলের মানুষকে জলে ডুবে যাওয়ার বিষয়ে কাতরভাবে সতর্ক করছেন। এসবই ধারণাভিত্তিক কথাবার্তা আর তথাকথিত বিশেষজ্ঞদের বিতর্ক। সাধারণ কৃষকেরা জানেন আসল কারণ। মধ্যকূল গ্রামের কৃষক হাফিজ রহমান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, মাছের ঘেরের অপরিকল্পিত বেড়িবাঁধ এবং প্রধান নদীগুলো পলিতে ভরাট হওয়ার কারণেই এমনটি হচ্ছে। এই অঞ্চলের নদী ভরাট হওয়ার কারণ পোল্ডার-নদী ব্যবস্থাপনার আরেক অদূরদর্শী পরিকল্পনার বাস্তবায়ন।

আধুনিক অদূরদর্শী ঘের সংস্কৃতি একইভাবে উৎপাত শুরু করেছে। কেশবপুরের ভবদহ কপোতাক্ষ অববাহিকায় জলাবদ্ধতা প্রাথমিক আলামত শুরু হয় প্রায় ৩০ বছর আগে। সে সময় সমস্যার গোড়ায় আঘাত না করে জলাবদ্ধতাকে মেনে নিয়ে মাছ চাষে উৎসাহিত করা হয়। এই মাছ চাষ এখন লাগামছাড়া অবস্থায়। মাঠের পর মাঠ কৃষিজমি এখন ঘেরের ঘেরাটোপে আটকে যাচ্ছে। কাঁচা পয়সার মালিকেরা নামমাত্র টাকা দিয়ে সাধারণ চাষের জমিতে উঁচু পাড়ের ঘের বানিয়ে পানিনিষ্কাশনের বারোটা বাজিয়ে দিচ্ছে। ব্যাংকগুলো আর ঋণ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ঢেলে দিচ্ছে ঋণের টাকা। বিনিময়ে সাধারণ মানুষ হচ্ছে গৃহহীন, সমাজহীন, গ্রামহীন।

ইতিমধ্যে গঠিত হয়েছে কেশবপুর ২৭ বিল জল নিষ্কাশন সংগ্রাম কমিটি। এই কমিটির আহ্বায়ক পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন মাস্টার ইতিমধ্যে আন্দোলনের ডাক দিয়েছেন। এর আগেও এ রকম অনেক কমিটির ডাক আমরা শুনেছি। এসব আন্দোলনকে ঘিরে মারামারি, খুনখারাবি সবই হয়েছে। কিন্তু মাঠের পানি নদীতে নামেনি, নদীও পৌঁছায়নি সাগরে। আন্দোলন শেষ হয়েছে ধরপাকড় আর ভয়ভীতির শাসনে। এখন প্রশ্ন হচ্ছে স্বাধীন দেশে আন্দোলন করতে হয় কেন?

গওহার নঈম ওয়ারা: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী। শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।