পানি নিরাপত্তা ও জীববৈচিত্র্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মে ২০১৩ জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড), ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ও প্রথম আলোর যৌথ উদ্যোগে ‘পানি নিরাপত্তা ও জীববৈচিত্র্য’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনআইনুন নিশাত: উপাচার্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয় দ্বিজেন শর্মা: সাবেক অধ্যাপক ও পরিবেশবিদ বারথল্ড শির্ম: প্রধান উপদেষ্টা, ডব্লিউবিআরপি জিআইজেডইউনুস আলী: প্রধান বন সংরক্ষক সৈয়দ আরিফ আজাদ: মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর মুহাম্মদ সোলায়মান হায়দার: উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর মো. আবুল হাশেম: প্রকল্প পরিচালক, ডব্লিউবিআরপি মৎস্য অধিদপ্তর আব্দুল আজিজ: সভাপতি, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফরিদ উদ্দিন আহমদ: চেয়ারম্যান, আরণ্যক ফাউন্ডেশনএম মনোয়ার হোসেন: নির্বাহী প্রধান, আইডব্লিউএমমুকিত মজুমদার বাবু: চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনইসতিয়াক সোবহান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, আইইউসিএন বাংলাদেশমোস্তফা ফিরোজ: প্রতিষ্ঠাতা, ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার ও অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জাবিআবু মোস্তফা কামাল উদ্দিন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞসঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুম: প্রতিবছর ২২ মে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উদ্যাপিত হয়ে আসছে। মানুষের বিরূপ আচরণে প্রকৃতি বিপন্ন হচ্ছে। জলাভূমি ও বন সংরক্ষণে পরিকল্পনা ও উদ্যোগের অভাব রয়েছে। দেশের জীববৈচিত্র্য হুমকির মুখে। বন উজাড় হচ্ছে। পরিবেশ রুক্ষ হচ্ছে। কমে যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। এরই মধ্যে অনেক প্রজাতির প্রাণী দেশ থেকে বিলুুপ্তির পথে। মানুষ, অন্যান্য প্রাণী ও গাছপালার জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণে পানির প্রাপ্যতা কমে যাচ্ছে। নদ-নদীগুলো শুকিয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। এখন এসব বিষয়ের ওপর আলোচনার সূত্রপাত করবেন আইনুন নিশাত।আইনুন নিশাত: আজকের বিষয়কে দুই ভাগে ভাগ করা যায়: পানি নিরাপত্তা বা ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য। প্রতিনিয়ত জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুকুরে পানি নেই। নদী শুকিয়ে যাচ্ছে। প্রাণী ও উদ্ভিদের জন্য শঙ্কা তৈরি হয়েছে। জীববৈচিত্র্য রক্ষার জন্য জলাভূমি অত্যন্ত প্রয়োজন। একটা জলাভূমিতে বহু ধরনের উদ্ভিদ ও প্রাণী থাকে। আমরা জীববৈচিত্র্য বুঝলে পানি নিরাপত্তা বুঝতাম। অত্যন্ত ক্ষতিকর প্রক্রিয়ায় দেশে ভূমি ব্যবহার হচ্ছে। এটা জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি। সাঁথিয়া, বেড়া ও সুজানগর এলাকায় ২০ বছর আগে বেড়িবাঁধ দেওয়া হয়েছে। বেড়িবাঁধের ফলে মাঠে নদীর পানি ঢুকতে দেওয়া হয় না। অন্যদিকে, স্লুইসগেটের মাধ্যমে মাঠ থেকে পানি বের করে দেওয়া হয়। ফলে আগের মতো মাছ নেই। যেখানে বাঁধ আছে এবং যেখানে বাঁধ নেই, দুই জায়গাতেই স্থানীয় লোকদের সম্পৃক্ত করে জলাশয়কে জলাশয়ের মতো থাকার ব্যবস্থা করতে হবে। জলাশয়গুলো জেলেদের ইজারা দেওয়ার কথা। কিন্তু ইজারা পাচ্ছেন জাতীয় সংসদের সদস্যরা। কমপক্ষে ১০০ জন সাংসদ আছেন, যাঁরা জলাশয় ইজারা নিয়েছেন। জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হলে স্থানীয় ব্যক্তিদের জলাশয় ইজারা দিতে হবে। তাঁরা মৎস্য চাষের আয়ের একটা অংশ খাজনা দেবে। বন বিভাগ টাঙ্গাইলে স্থানীয়দের সম্পৃক্ত করে জীববৈচিত্র্য রক্ষার কাজ করছে। গত বছর বেসরকারিভাবে এর সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়েছে। জীববৈচিত্র্য রক্ষার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর মধ্যে প্রচণ্ড সমন্বয়হীনতা রয়েছে। নীতি আছে। কৌশল আছে। অভিজ্ঞতা আছে। এখন মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় আনতে হবে এবং নীতি-কৌশল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।ইসতিয়াক সোবহান: এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো, পানি নিরাপত্তা ও জীববৈচিত্র্য। জলাশয় জীববৈচিত্র্যের অন্যতম উপাদান। জলাশয়কে দুই ভাগে ভাগ করা যায়: স্থায়ী জলাশয়, অস্থায়ী জলাশয়। ১৯৬৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ঢাকা শহরের জলাশয়ের জরিপ করা হয়। জরিপমতে, এ সময়ের মধ্যে ৯০ শতাংশ স্থায়ী জলাশয় বিলুপ্ত হয়েছে। অস্থায়ী জলাশয়ের অবস্থা খুবই সংকটাপন্ন। পৃথিবীর মোট পানির মাত্র দশমিক শূন্য ৩ ভাগ নিরাপদ বা ব্যবহার উপযোগী। ৯৯ দশমিক ৭ ভাগ পানি আমরা ব্যবহার করতে পারি না। পানি নিরাপত্তা ও জীববৈচিত্র্য একটি অপরটির পরিপূরক। একটি রক্ষা করে অপরটি বাদ দিলে হবে না। বাংলাদেশের জলাভূমি নিয়ে দুটি সমস্যা রয়েছে। এক. জলাভূমির ব্যবহার। দুই. জলাশয়ের মালিকানা। দেশের জলাভূমির মালিক ভূমি মন্ত্রণালয়। তাদের মাধ্যমে ইজারা দেওয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে লাভালাভের বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। টাঙ্গুয়ার হাওড়ের মালিকানা এখন পরিবেশ মন্ত্রণালয়ের হাতে। কিন্তু যখন ভূমি মন্ত্রণালয়ে ছিল, তখন তারা কত টাকা আয় করবে সেটি ছিল বিবেচ্য বিষয়। টাকাই কি সব! সরকার কিছু টাকা কম পেল, তাতে কী আসে-যায়। দেশে ১২ হাজার জলাশয় আছে। এ জলাশয়গুলো ইজারা না দেওয়া হলে সরকারের কী এমন ক্ষতি হবে। সরকার যে টাকা পায় তার থেকে বেশি টাকা যায় ব্যক্তি বা মানুষের পকেটে। সে ক্ষেত্রে স্থানীয় মানুষ দিয়ে জলাশয়গুলো ব্যবহার করা হলে জীববৈচিত্র্য সুন্দরভাবে রক্ষা পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের মানুষ এর সুফল পাবে। মুহাম্মদ সোলায়মান হায়দার: জীববৈচিত্র্য না থাকলে পানিনিরাপত্তা থাকবে না। এক তথ্যমতে, ঢাকা শহরে প্রতিবছর পানি তিন মিটার নিচে নামছে। আজকে ঢাকা শহরের অবস্থা কী? পানির উৎস ও বন ধ্বংস করে নগরায়ণ হচ্ছে। ফলে দিন দিন পানির সমস্যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। উপকূলীয় অঞ্চলে জীববৈচিত্র্য রক্ষার চেষ্টা করছি। আমাদের পানির মান এবং দূষণ নিয়ে ভাবতে হবে। বিশেষ করে ডাইং ও ট্যানারিশিল্প মারাত্মকভাবে পানিকে দূষণ করছে। বলা হয়, বৈদেশিক মুদ্রা আর্জন করছে। কতটা করছে বা করছে না, সেটা নিয়ে বিতর্ক আছে। এ ক্ষেত্রে পানি শোধন প্রকল্পের কথা বলা হয়। এ প্রকল্প বানানো ও পরিচালনা দুটোই কঠিন। একটু এদিক-ওদিক হলে কাজ করে না। কিন্তু আমাদের অনেক বিকল্প শিল্প আছে। এ শিল্প পানিকে দূষণ করবে না। ট্যানারি ডাইং থেকেও বেশি বৈদেশিক মুদ্রা আনতে পারে। পানির নিরাপত্তার জন্য বিকল্প শিল্পের কথা ভাবতে হবে। ঢাকার আশপাশে তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু এই চারটি নদ-নদী আছে। এগুলোকে জীববৈচিত্র্য সংকটাপন্ন বলেছি। কিন্তু ক্রমাগত জনসংখ্যার চাপ, প্রভাবশালীদের দখল ও অন্যান্য ব্যবসা-বাণিজ্য সবকিছু নদীগুলোর জীববৈচিত্র্য আরও সংকটের মুখে ফেলে দিচ্ছে। ১৬ কোটি জনসংখ্যার দেশে চারদিক থেকে জীববৈচিত্র্যের ওপর চাপ আসছে। এখন সরকারের উচ্চপর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইউনুস আলী: জীববৈচিত্র্য রক্ষার মূল সমস্যা সচেতনতা। শিক্ষিত, শিক্ষাবঞ্চিত ও পেশাগত সব শ্রেণীর মানুষের এ বিষয়ে ধারণার অভাব রয়েছে। আমাদের পানি, বন, পরিবেশ, শিল্প ও জলাশয় নীতি রয়েছে। কিন্তু এ সংস্থাগুলোর মধ্যে দ্বন্দ্ব লেগে আছে। কৃষিতে ব্যাপকভবে গভীর নলকূপ ব্যবহারের ফলে আর্সেনিকের মতো মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। ভূমির উপরিভাগের পানি ব্যবহারের কোনো উদ্যোগ নেই। ২০০১ সালে ভূমিনীতি হয়েছে। পরবর্তী সময়ে নীতিকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়নি। নদীকে সুরক্ষার উদ্যোগ নিতে হবে। নদী না বাঁচলে কৃষি, বন কোনোটাই টিকবে না। বিভিন্ন জায়গায় নদী রক্ষায় বাঁধ দেওয়া হয়েছে। কিন্তু কোথাও নদী রক্ষা হয়নি। বন, নদী, বালু কার অধীনে, সেটা নিয়েও বিরোধ আছে। জেলা প্রশাসকেরা নদী, জলাশয় এমনকি বনও ইজারা দিচ্ছেন। সম্পদ কি পাঁচ বছর ভিত্তিতে ব্যবহার হবে, না প্রজন্ম থেকে প্রজন্ম ব্যবহার করবে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। বাংলাদেশের মোট ভূমির ১২ শতাংশ বনভূমি। হর্টিকালচার ছাড়া অন্য কোনো চাষ এখানে একেবারেই নিষিদ্ধ। কিন্তু আজকে বিভিন্ন ধরনের চাষ হচ্ছে, এমনকি শিল্প পর্যন্ত হচ্ছে। শিল্পমালিকদের কখনো কখনো জরিমানা করা হয়। এটা কোনো সমাধানই নয়। এরা জরিমানা দিয়ে দ্বিগুণ উৎসাহে কাজ করে। এক বিভাগের সঙ্গে অন্য বিভাগের সম্পর্ক এত খারাপ যে একে অন্যের বিরুদ্ধে মামলা পর্যন্ত করা হয়। এভাবে জীববৈচিত্র্য, পানি নিরাপত্তা কোনোটা রক্ষা করা সম্ভব নয়।সৈয়দ আরিফ আজাদ: পানিনিরাপত্তা এবং জীববৈচিত্র্য দুটোই সমান গুরুত্বপূর্ণ। বিলের সঙ্গে পানিপ্রবাহের অসংখ্য সংযোগ খাল ছিল। ১৮০০ খালের সন্ধান পেয়েছি, যাদের বিলের সঙ্গে পানিপ্রবাহের সংযোগ বন্ধ হয়েছে। ১২টি প্রকল্পের মাধ্যমে এগুলো পুনরুদ্ধারের কাজ চলছে। জলাশয় ইজারা নিয়ে স্থানীয় লোকদের সম্পৃক্ত করে একে লাভজনক করার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজনের একটু দাঁড়ানোর সুযোগ হলে ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। ১২০টি স্থানীয় জনপদ আছে, জলাশয় থেকে যাদের চলে আসতে হচ্ছে। ভূমি মন্ত্রণালয় বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে। বাংলাদেশের হালদা নদী রুই উৎপাদনের আদর্শ জায়গা। দেশের অধিকংশ রুইয়ের পোনা এখানে উৎপাদন হয়। এ নদীতে কিছু প্রাকৃতিক বাঁক আছে। কিন্তু ফসল উৎপাদনের নামে এ বাঁকগুলো কেটে সোজা করা হচ্ছে। ৪০ কিলোমিটার নদীকে আমরা অভয়াশ্রম ঘোষণা করেছি। স্বাভাবিকভাবে এখানে ৩০০ কেজি পোনা পাওয়া যায়। অভয়াশ্রম ঘোষণার ফলে গত বছর এক হাজার ৫০০ কেজি পোনা পাওয়া গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের আরেকটি মারাত্মক উপাদান হচ্ছে কারেন্ট জাল। এর মাধ্যমে ছোট মাছ, বড় মাছ, শামুক, সাপ, ব্যাঙ, শাপলা-শালুক সবই ধ্বংস হচ্ছে। ২০০২ সালে কারেন্ট জালের কারখানা বন্ধ করার জন্য আইন পাস হয়। কোনো ব্যবস্থা নিতে গেলেই একটা মামলা হয় এবং কার্যক্রম স্থগিত থাকে। এখনো এ রকম সাতটি মামলা আছে। জীববৈচিত্র্য ধ্বংসের যতগুলো উপাদান তার মধ্যে কারেন্ট জাল মারাত্মক ক্ষতিকর। এটা বন্ধ না করতে পারলে আমাদের জীববৈচিত্র্য অচিরেই ধ্বংস হবে।আবু মোস্তফা কামাল উদ্দিন: পানি নিরাপত্তা বলতে পর্যাপ্ত পানির প্রাপ্তি, পানি দূষণমুক্ত হওয়া, মিঠা পানি পাওয়া ইত্যাদি বিষয়কে বোঝায়। দেশের অঞ্চল ভিত্তিতে পানিও ভিন্ন ধরনের হয়ে থাকে। বরেন্দ্র, উপকূলীয়, হাওড়, প্লাবন, পাহাড়ি ইত্যাদি অঞ্চলের পানির মধ্যে ভিন্নতা রয়েছে। বাইক্যা বিলে কেন মাছ ভেসে উঠল। কিছুদিন আগে ওখানে গিয়েছিলাম। মৌলভীবাজার ও হবিগঞ্জের ডিসি (ডিস্ট্রিক্ট কমিশনার), কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, (ইউএনও) ফিশারিজ ও পরিবেশ বিভাগের পরিচালক, স্থানীয় লোকজন সবাই আলোচনা করেছি। এবার এ বিলে পানির পরিমাণ কম হয়েছে। কম পানি সূর্যের তাপে গরম হয়েছে। অন্যদিকে পানিতে অক্সিজেন কমে গেছে। এ অবস্থায় পানিতে মাছ ভেসে উঠেছে। আমাদের দেশের ঐতিহ্য হচ্ছে, মাছ দেখলে মাছ মারো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় মানুষের এক ধরনের ক্ষোভ ছিল; রাজনৈতিক অঙ্গীকারের অভাব ছিল। ডিসি বললেন, পরিস্থিতি তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিছুই করার নেই। এ ঘটনা এমনিতে ঘটেনি। এখানে রাজনৈতিক কারণ, সাংস্কৃতিক কারণসহ বিভিন্ন বিষয় জড়িত। এর বাইরে একটি বড় কারণ হচ্ছে আইনি জটিলতা। জলাশয় থেকে খুব সামান্য রাজস্ব আসে। সব রকম সহযোগিতা দিয়ে স্থানীয় মানুষের ওপর জলাশয় হস্তান্তর করতে হবে।মোস্তফা ফিরোজ: বাংলাদেশের জীববৈচিত্র্য বিশ্বের অনেক দেশের হিংসার কারণ। আমাদের জানা নেই, জীববৈচিত্র্যে আমরা কত সমৃদ্ধ। বিশ্বের মোট পাখির ৭ দশমিক ২ ও স্তন্যপায়ী প্রাণীর ২ দশমিক ৬ শতাংশ বাংলাদেশে পাওয়া যায়। সারা ইউরোপে পাওয়া যায় ৬০ প্রজাতির ব্যাঙ। অথচ বাংলাদেশে আছে ৫০ প্রজাতির ব্যাঙ। আমরা জীববৈচিত্র্যে অনেক সমৃদ্ধ। বাংলাদেশ জীববৈচিত্র্যে সমৃদ্ধ হওয়ার কারণ দুটি। এক. ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ দাক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ট্রানজিশন (একাধিক দেশের সড়কপথ ব্যবহারের প্রক্রিয়া) অবস্থানে আছে। পশ্চিম থেকে পূর্বে প্রাণী মাইগ্রেশন এখান দিয়ে হয়ে থাকে। ঐতিহাসিকভাবে দুটো ভৌগোলিক অঞ্চলের প্রাণীর সমাবেশ আমাদের এই অঞ্চলে। শীতের সময় পূর্ব ও মধ্য এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এই দুটি অঞ্চল থেকে পাখি আসে। দেশে পানির প্রাচুর্য কম নয়। আমাদের বিভিন্ন ধরনের বন আছে, হাওড় আছে। সবাই জানি, জীবনের জন্য পানি অপরিহার্য। স্তন্যপায়ী প্রাণীর ১১ ও মোট পাখির ৩৩ শতাংশ সরাসরি পানির ওপর নির্ভশীল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জীববৈচিত্র্য রক্ষায় আগের থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। ১৯৯২ সালের আগে ছয়টি বন এলাকা সংরক্ষিত ছিল। এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৩৪টি। অল্প কিছু চেষ্টা করলে অনেক এলাকায় জীববৈচিত্র্য ফিরিয়ে আনা যায়। এম মনোয়ার হোসেন: বিশ্ব পানি পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনমিটার পানি আছে। এই পানির ৭৫ শতাংশ দেশের বাইরে থেকে আসে। বৃষ্টির পানি ২০ শতাংশ। ২ শতাংশ ভূগর্ভস্থ পানি। ঢাকা শহরের মানুষ পাইপের পানির ওপর নির্ভরশীল। এ পানির নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। এখানে আমাদের প্রয়োজনের ৮৭ ভাগ পানি আসে মাটির নিচ থেকে। ১৩ ভাগ মাটির উপরিভাগের পানি। নিরাপত্তার অভাবে উপরিভাগের পানি দিন দিন কমে যাচ্ছে। ঢাকা শহরে বর্তমান জনসংখ্যা দেড় কোটি। ২০২৫ সালে জনসংখ্যা কোথায় গিয়ে ঠেকবে? তখন পানি নিরাপত্তার কী হবে? আশপাশের নদীর অবস্থা কী হবে? প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এ অবস্থায় পরিবেশের ভারসাম্যের কী হবে? মানুষসহ অন্যান্য প্রাণীর কী হবে? এ রকম অনেক প্রশ্ন আছে। আবহাওয়ার পরিবর্তনে উপকূল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ২১০০ সালে যদি সমুদ্রের পানির স্তর এক মিটার বাড়ে, তাহলে লবণাক্ততার কী হবে? মাছের কী হবে? অন্যান্য জীববৈচিত্র্যের কী হবে? মাটির নিচের পানির কী হবে? এসব বিষয় জানতে হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিষয়টি যুক্ত করতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।আব্দুল আজিজ: এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির সাত হাজার ৩০০ গাছের ওপর প্রতিবেদন করা হয়েছে। এর মধ্যে ৩০০ প্রজাতি এখন হুমকির মুখে। এ বছরের মার্চ মাসেই বাংলাদেশসহ পৃথিবী থেকে একটি উদ্ভিদ বিলুপ্ত হয়েছে। প্রায় ১০০ বছর আগে এক বিদেশি এ উদ্ভিদের ওপর প্রতিবেদন করেছিলেন। দুই-এক বছর আগেও বাংলাদেশের তাড়াশ থানায় উদ্ভিদটি ছিল। মাত্র দেড় মিলিমিটার উঁচু। উদ্ভিদটিতে ফুল হয়। ১৯৯৮ সালে এ উদ্ভিদ নিয়ে একটি প্রতিবেদন লিখেছিলাম। কিছুদিন আগে বিদেশি এক ভদ্রলোক ফোন করে বললেন, দেড় মিলিমিটার উঁচু এই উদ্ভিদ তাঁর দেশ থেকে হারিয়ে গেছে। আমি যেন তাঁকে ব্যবস্থা করে দিই। অনেক খোঁজাখুঁজি করেও বাংলাদেশে সে উদ্ভিদটি আর পাইনি। পৃথিবী থেকে উদ্ভিদটি বিলুপ্ত হয়েছে। পানি এই সুন্দর পৃথিবী ও পরিবেশ গড়ে উঠতে ভূমিকা রেখেছে। সুন্দরবন নিয়ে গবেষণা করেছি। মনে হয়েছে সুন্দরবনের শুরুটা হয়েছিল মিঠা পানি দিয়ে। কারণ যেখানে লবণাক্ততা কম, সেখানে ৩০ প্রজাতির গাছ আছে। যেখানে মাঝারি, সেখানে ২১ প্রজাতির। যেখানে বেশি, সেখানে ১৩ প্রজাতির গাছ আছে। লবণাক্ততা না কমাতে পারলে সুন্দরবন আরও ক্ষতিগ্রস্ত হবে।ফরিদ উদ্দিন আহমদ: পার্বত্য চট্টগ্রামে যেখানে বন আছে, কেবল সেখানে মানুষ বাস করে। কারণ বন হচ্ছে পানির উৎস। পানি পেতে হলে বন রাখতে হবে। পার্বত্য চট্টগ্রামে সরকার বা অন্য কেউ বনকে রক্ষা করছে না। স্থানীয় মানুষের সহব্যবস্থাপনার মাধ্যমে রক্ষা হচ্ছে। কিন্তু দিন দিন মানুষের চাপে বন সংকুচিত হচ্ছে। আগে তারা সারা বছর পানি পেত। এখন সাত-আট মাস পানি পায়। আমরা তাদের সহযোগিতা করছি। বন এলাকায় বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে। তা না হলে বন রক্ষা করা সম্ভব হবে না। বনের গাছ, বাঁশ, ফলমূল ইত্যাদির ওপর এদের জীবিকা। আমরা তাদের প্রায় ২০-২৫ ধরনের বিকল্প জীবিকার ব্যবস্থা করেছি। এক কেজি ধান উৎপাদনের জন্য পাঁচ হাজার কেজি পানি লাগে। কিন্তু পাহাড় এলাকায় যে ধান চাষ হয়, সে ধানে পানি লাগে না। পানির চাপ কমানোর জন্য আমাদের বিকল্প ধান উৎপাদনের কথা ভাবতে হবে। এখনো আমাদের যে জীববৈচিত্র্য আছে, সেটা রক্ষা করতে পারলে আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর দেশ রেখে যেতে পারব। মুকিত মজুমদার বাবু: পশুপাখি, জীবজন্তু, গাছপালা, নদী-সাগর—এগুলো আমাদের বেঁচে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারছে না। এই বোঝানোর কাজটি আমাদের করতে হবে। তাহলে মানুষের মধ্যে সচেতনতা আসবে। আমরা এসব বিষয় নিয়ে গবেষণা করছি। কেউ একজন একা, কোনো একটি সংস্থা এককভাবে কাজ করলে হবে না। সবাইকে জীববৈচিত্র্য রক্ষার কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের মমতা নিয়ে কাজ করতে হবে। পরিবার থেকে প্রকৃতিকে ভালোবাসার শিক্ষা দিতে হবে। ইউরোপ, আমেরিকায় বাসায় এবং স্কুলে এ শিক্ষা দেওয়া হয়। খেলার মাধ্যমে শিশুরা শেখে কীভাবে পোকামাকড়, জীবজন্তুকে রক্ষা করতে হয়। নদীতে বেড়াতে গেলে বাচ্চারা পলিথিন, চিপসের প্যাকেট প্রভৃতি ময়লা পানিতে ফেলে। সঙ্গে আমরাও ফেলি। সবাই একই কাজ করার ফলে নদীদূষণ হচ্ছে। মোট কথা, সচেতনতার কোনো বিকল্প নেই। সরকারি-বেসরকরি, আপনাকে, আমাকে সবাইকে একযোগে সচেতনতার কাজটি শুরু করতে হবে। মো. আবুল হাশেম: আমরা প্রকল্পের কাজের ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতা পেয়েছি। সমস্যা বোঝাতে পেরেছি, তারা সহযোগিতা করেছে। তাদের সঙ্গে কথা বলার সময় হয়তো অনেকের নেই বা বিষয়টি বোঝাতে পারেন না। তারা যে কথা শুনবে না, বুঝবে না; আমার কাছে সেটি মনে হয়নি। আমরা পাবনা এলাকার তিনটি জেলার নয়টি উপজেলায় কাজ করছি। ২০১৫ সাল পর্যন্ত এ কাজ চলবে। জলাভূমি না থাকলে জলাভূমিনির্ভর গাছ, পাখি, মাছসহ অন্যান্য প্রাণী বেঁচে থাকতে পারবে না। আবার জলাভূমি পানিরও একটি গুরুত্বপূর্ণ উৎস। যে করেই হোক, জীববৈচিত্র্য রক্ষার জন্য, পানির নিরাপত্তার জন্য জলাভূমিকে রক্ষা করতে হবে। জার্মান সরকারের সহায়তায় মৎস্য অধিদপ্তরের আওতায় জলাভূমি রক্ষা ও উন্নয়নের কাজ করছি। এতে স্থানীয় জনগণ জলাভূমির ওপর জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চাইলে অনেক কিছু করতে পারে। সবার কাজ করার মানসিকতা এবং উন্নয়নের ভাবনা আছে কি না, সেটি একটি প্রশ্ন।বারথল্ড শির্ম: এ অনুষ্ঠানে আসতে পেরে খুব অনন্দিত। আপনারা জীববৈচিত্র্যের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। আমরা এ ক্ষেত্রে সহযোগিতা করতে পেরে আনন্দিত। বাংলাদেশ ও জার্মান উন্নয়ন সহযোগিতার সম্পর্কের ইতিহাস দীর্ঘ। ১৯৭১ সাল থেকে আমরা একসঙ্গে কাজ করছি। কৃষি, ভোকেশনাল ট্রেনিং, সুশাসন, এনার্জিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছি। আজকে বিশ্ব জীববৈচিত্র্য দিবস। এ ক্ষেত্রেও আমরা সহযোগিতা দিচ্ছি। ঝড়, সাইক্লোন, সিডর, আইলা বিভিন্ন কারণে বারবার জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এখানকার জীববৈচিত্র্য রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। সরকারকে অনুরোধ করি, সহব্যবস্থাপনার মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করতে। যেখানে সরকারের সঙ্গে স্থানীয় মানুষের সম্পৃক্ততা থাকবে। মৎস্য, কৃষি, ভূমি, পরিবেশ বিভিন্ন মন্ত্রণালয় জীববৈচিত্র্য রক্ষার কাজ করে। আমরা চেষ্টা করি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার। স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে সরকারের সঙ্গে কাজ করছি। জলাশয়, বন সব বিষয়ে সহব্যবস্থাপনাকে শক্তিশালী করতে হবে। জীববৈচিত্র্য কীভাবে আমাদের সেবা দেয় এর প্রতিটি উপাদানের কার্যকারিতা বুঝতে হবে। আমার যদি বন ব্যবস্থাপনা বুঝি, তাহলে বন রক্ষা পাবে। বন রক্ষা হলে, উপকূলীয় অঞ্চল রক্ষাসহ নদীভাঙন রক্ষা পাবে। পলি পড়ে জমি নষ্ট হবে না। আমরা যদি জলাশয় ব্যবস্থাপনা বুঝি, তাহলে জলাশয় রক্ষা হবে। জলাশয় রক্ষা হলে পলি পড়ে জলাশয় ভরাট হবে না। এখানে পর্যাপ্ত পানি থাকবে। বন্যা থেকে রক্ষা পাওয়া যাবে। মাছসহ স্থানীয় মানুষ জলাশয় থেকে বিভিন্ন ধরনের সেবা নিতে পারবে। সুন্দরবন ও জলাশয়ের সেবা আর্থিক মূল্যে করা সম্ভব নয়। গণমাধ্যমেও এ বিষয়গুলো তুলে ধরতে হবে।দ্বিজেন শর্মা: বনের সঙ্গে নদীর খুব সম্পর্ক। বন ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে নদীও শুকিয়ে গেছে। ছোটবেলায় যেসব দুষ্প্রাপ্য গাছ দেখেছি, এখন সেসব আর নেই। ষাটের দশকে সৌন্দর্যবর্ধনকারী গাছ ছিল। এখন সেগুলো একেবারেই চোখে পড়ে না। আগে কোনো কারণে বন ধ্বংস হলে সেটা স্বাভাবিকভাবে গড়ে উঠত। এখন বন ধ্বংস হলে আর আগের মতো হয় না। এখন সামাজিক বনায়নের নামে বন ধ্বংস করে বিভিন্ন চাষবাস করা হচ্ছে। কিছু গাছপালা লাগানো হচ্ছে। কিন্তু প্রাকৃতিক বন আর কৃত্রিম বনের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। কিছু সাংবাদিক খোঁজখবর নিয়ে লেখালেখি করলেন। কোনো লাভ হলো না। এখন জানলাম, এগুলোর সঙ্গে কত ধরনের মন্ত্রণালয় জড়িত। আর তাদের মধ্যে কত সমন্বয়হীনতা। এই যদি অবস্থা হয়, তাহলে কীভাবে বন, নদী, জীববৈচিত্র্য রক্ষা হবে। এ তো একটি বিপজ্জনক খেলা চলছে। এ খেলা বন্ধ করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় এনে জীববৈচিত্র্য রক্ষার সব ধরনের উদ্যোগ নিতে হবে। সবাই মিলে একসঙ্গে কাজ না করলে আমাদের জীববৈচিত্র্য অচিরেই হারাতে হবে। আইনুন নিশাত: প্রায় সবকিছু আলোচনায় এসেছে। আমি তিনটি বিষয়ের উল্লেখ করতে চাই। প্রথমত, সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু এই সংশোধনীতে একটা অসম্ভব ভালো কাজ হয়েছে। তা হলো, এই প্রথমবারের মতো সংবিধানের ১৮-এর ক ধারায় জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি সংযোজিত হয়েছে। এই প্রথমবারের মতো রাষ্ট্র জীববৈচিত্র্য, জলাশয়, প্রকৃতি রক্ষার অঙ্গীকার করেছে। এখানে বিশেষভাবে নদীর কথা বলা ছিল। কিন্তু যাঁরা নদী দখল করেন, তাঁরা অনেক কিছু ভালোভাবে না বুঝলেও নদীটা ভালো বোঝেন। এ জন্য নদীটা বাদ দেওয়া হয়েছে। জীববৈচিত্র্য কনভেনশনে জীববৈচিত্র্য, বন, জলাশয় প্রভৃতি রক্ষার বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে অঙ্গীকার করা হয়েছে। সেই সঙ্গে জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করা হয়েছে। এখন নিশ্চয়ই জীববৈচিত্র্য রক্ষার জন্য ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করা হবে। দ্বিতীয়ত, সব সমস্যার মূলে রয়েছে জনসংখ্যা। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের সময় সম্ভবত বাংলাদেশে লোকসংখ্যা ছিল দুই কোটি। এখন ১৬ কোটি। এই বিশাল জনসংখ্যার চাপ পড়ছে জীববৈচিত্র্যের প্রতি। তৃতীয়ত, কৃষি ও মাছ চাষের মধ্যে একটা সমন্বয়ের ব্যবস্থা করতে হবে।আব্দুল কাইয়ুম: আজ বিশ্ব পরিবেশ দিবসে জীববৈচিত্র্য নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনা থেকে অনেক পরামর্শ ও দিকনির্দেশনা এসেছে। সরকার এগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।