পানির সন্তোষজনক জবাব খুঁজতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সফরে ইন্দো-বাংলা দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে ভারতের কেন্দ্র-রাজ্যের সম্পর্কের একটি প্রদর্শনীও হয়ে গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার পানিবণ্টনের মতো জোরালো বিষয়ে একমত হতে পারেননি। তবে তাঁদের এই বিপরীতমুখী অবস্থান সত্ত্বেও নেতারা মনে করছেন, সমাধানের আশা আছে।

শেখ হাসিনার পুরো সফরের সময় তিক্ততার লেশমাত্র দেখা যায়নি। এই সফরে দেশ দুটির মধ্যকার যৌথ ঘোষণা ও চুক্তির বহর কিন্তু ছোট নয়। এগুলো বাস্তবায়িত হলে এ কথা নিঃসন্দেহে বলা যায়, দেশ দুটির আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। একই সঙ্গে, এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার মিথোজীবিতামূলক সম্পর্ক সংহত হবে।

এই সফরে নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, প্রতিরক্ষা সহযোগিতা ও বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ ঠেকানোর মতো বিষয়গুলো ২২টি ঘোষণায় পরিষ্কারভাবে আসার পাশাপাশি কয়েকটি সুনির্দিষ্ট পণ্যের রপ্তানির কারণে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী হবে। অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশকে পাঁচ বিলিয়ন ডলারের লাইন অব ক্রেডিট দেওয়া হচ্ছে। ভারতের সরকারি ও বেসরকারি খাত বাংলাদেশের বন্দর, রেলওয়ে, বিমানবন্দর ও প্রাযুক্তিক সহযোগিতার জন্য এই টাকা দিচ্ছে।

এর মধ্য দিয়ে ভারত তার পূর্বাঞ্চলীয় প্রতিবেশীকে এই বার্তাই দিল যে তার পক্ষে চীনের মতো ২ হাজার ৪০০ কোটি ডলার দেওয়া সম্ভব না হলেও তার সঙ্গেই যেহেতু ভারতের ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য সবচেয়ে বেশি, তাই সে বাংলাদেশকে যথাযথভাবে আর্থিক সহযোগিতা দিতে পিছপা হবে না। এ ছাড়া ভারত যে অঙ্কের অঙ্গীকার করেছে, তা বাস্তবসম্মত, চীনের চেয়ে কম সুদেই তারা সেটা দিচ্ছে। আর তার সহায়তাজনিত অঙ্গীকার বাস্তবায়নের ইতিহাস অনেক বেশি বিশ্বাসযোগ্য। এখন পর্যন্ত ভারত বাংলাদেশকে মোট ৮০০ কোটি ডলার দিয়েছে, যার মধ্যে ৩০০ কোটি ডলার ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে।

এদিকে শেখ হাসিনা দেশে ফিরে গেছেন। তিনি এখন এই সফরের নিট ফলাফলের ওপর জোর দিতে পারেন। তাঁর নয়াদিল্লি সফর নিয়ে যত সমালোচনা হচ্ছে, তিনি সেগুলো খণ্ডন করতে পারেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত নদীগুলোর খনন অনেক দিন ধরেই ঝুলে আছে, বাংলাদেশের আরও পানি পাওয়া নিশ্চিত করার লক্ষ্যে এগুলোর খনন শুরু করে দেওয়া উচিত। তাঁর এ কথার কিন্তু সারবস্তু আছে। মমতা এটা মানেন, বাংলাদেশের সঙ্গে আরও বেশি পানি ভাগাভাগি করা উচিত। এ ব্যাপারে তাঁর পূর্ণাঙ্গ সমর্থন আছে। কিন্তু তিনি তিস্তার পানিবণ্টন ছাড়া অন্য সব সম্ভাব্য উপায় খুঁজতে চান। কারণ, বাংলার উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য এই পানি খুবই প্রয়োজনীয়।

মোদ্দা কথা হলো, দ্বিপক্ষীয় সম্পর্কের অনেক ইতিবাচক দিক আছে। এই অবস্থায় দুই দেশকে শিগগিরই পানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সন্তোষজনক সমাধান খুঁজে বের করতে হবে।

অনূদিত, হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া।

রানাজয় সেন: ভারতীয় সাংবাদিক।