পারিবারিক নির্যাতনের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ মার্চ ২০১৩, প্রথম আলোর আয়োজনে ‘পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০: পারিবারিক নির্যাতনের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল প্ল্যান বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনমিজানুর রহমান, চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশনএম শাহ আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আইন কমিশনআশরাফ হোসেন: মহাপরিচালক, মহিলাবিষয়ক অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারমো. নাজমুল হক: রেক্টর (অতিরিক্ত মহাপরিদর্শক), পুলিশ স্টাফ কলেজশাহীন আনাম, প্রধান নির্বাহী, মানুষের জন্য ফাউন্ডেশনসালমা আলী, অ্যাডভোকেট। নির্বাহী পরিচালক, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিআনোয়ার ছাদাত: মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিএমএম কোর্ট, ঢাকানাসিমুন আরা হক, সভাপতি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রজিনাত আরা হক: ন্যাশনাল কো-অর্ডিনেটর, আমরাই পারি ক্যাম্পেইনরীতা দাশ রায়, সদস্য ও প্রকল্প পরিচালক, নারীপক্ষশেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন: ব্যবস্থাপক, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন্স, প্ল্যান বাংলাদেশনিগার সুলতানা: জেন্ডার অ্যান্ড অ্যাডভোকেসি বিশেষজ্ঞ, প্ল্যান বাংলাদেশসঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুম:নারীকে বিভিন্নভাবে সহিংসতার শিকার হতে হয়। কখনো কখনো এ সহিংসতার মাত্রা বেড়ে যায়। পারিবারিক সহিংসতা থেকে নারীকে রক্ষা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে নারীর সুরক্ষার জন্য একটি ভালো আইনের অভাব ছিল। এ লক্ষ্যে প্রায় দুই দশক ধরে বিভিন্ন পর্যায়ের মানুষ কাজ করেছে। তাদের প্রচেষ্টায় ২০১০ সালের ৫ অক্টোবর জাতীয় সংসদে ‘পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০’ নামের একটি আইন পাস হয়। কিন্তু দুই বছর গত হলেও এখনো এ আইনের বিধিমালা হয়নি। পাশাপাশি আরও অনেক সীমাবদ্ধতা রয়েছে। যে কারণে ভুক্তভোগী নারীরা এ আইনের সুবিধা নিতে পারছেন না। এখন এ বিষয়ে একটি সচিত্র উপস্থাপনা দেখাবেন নিগার সুলতানা।নিগার সুলতানাইউএসএআইডির অর্থায়নে বাস্তবায়িত প্ল্যান বাংলাদেশের প্রটেক্টিং হিউম্যান রাইটস (পিএইচআর) প্রোগ্রাম ২০১১ সালে বাংলাদেশের ১০২টি ইউনিয়নে একটি জরিপ পরিচালনা করে। জরিপের তথ্য অনুযায়ী, ৫৩ শতাংশ নারী সহিংসতার শিকার হন এবং ৩৮ শতাংশ নারী মনে করেন যে স্বামীদের অধিকার আছে তাঁদের স্ত্রীদের পেটানোর। পিএইচআর প্রোগ্রামের কর্ম এলাকা থেকে সংগৃহীত প্রমাণভিত্তিক তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর ২০১২ সময়কালে এক হাজার ৯৪ জন নারী পারিবারিক সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে ৮০১টি ক্ষেত্রে মামলা হয়েছে এবং ৪৪৮টির নিষ্পত্তি হয়েছে। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ পাসের পর এখনো এর বিধিমালা হয়নি। প্রতিটি জেলার মহিলাবিষয়ক কর্মকর্তাকে এ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তিনি জানেন না, পারিবারিক সহিংসতার ঘটনার ক্ষেত্রে কী করতে হবে। অধিকাংশ এলাকায় এই আইনের আওতাধীন মামলাগুলো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের আওতায় চলে যায়। জেলা পর্যায়ে কিছু নারীবান্ধব পুলিশ স্টেশন থাকলেও উপজেলা পর্যায়ে একবোরেই নেই। কিছু পুলিশ কর্মকর্তা ও আইনজীবীর মতে, আইনটি পশ্চিমা বিশ্ব থেকে ধার করা। কারণ, পশ্চিমা বিশ্বের মতো সহিংসতার শিকার নারীদের আরও আশ্রয়, আইনি সহায়তা ও অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া যায় না। সহিংসতার শিকার নারীরা নিরাপত্তা ও মানসম্মানের ভয়ে মামলা করেন না। এ ছাড়া প্রচলিত সমাজব্যবস্থায় পুলিশ স্টেশন, সরকারের মহিলাবিষয়ক অফিস ও হাসপাতাল—সব জায়গায় নারীকেই প্রথমে দোষারোপ করা হয়। গ্রামে সালিসের মাধ্যমে পারিবারিক সহিংসতার কিছু মামলা নিষ্পত্তি করা হয়। এখানে শাস্তি হয় খুবই লঘু প্রকৃতির। তাই এ ধরনের সালিসব্যবস্থার প্রতি ভুক্তভোগীর আস্থা ও নিরাপত্তার অভাব থাকে। এ ছাড়া পারিবারিক সহিংসতার প্রতিকার পাওয়ার জায়গাগুলো থেকে মনে করা হয় যে পারিবারিক সহিংসতা একটি ব্যক্তিগত বিষয় এবং এটি কোনো অপরাধ নয়। কিন্তু ব্যক্তিগত বিষয় নয়, বরং অপরাধ হিসেবে গণ্য করাই পারিবারিক সহিংসতা নির্মূলের মূল হাতিয়ার হতে পারে।এম শাহ আলমদীর্ঘদিন পর নারী সহিংসতার জন্য একটি ভালো আইন হয়েছে। নারী সংগঠনগুলোর দীর্ঘদিনের সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের ফসল এ আইন। এ আইনটি মোটেই পশ্চিমা দেশের আইনের মতো নয়। বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপটেই আইনটি তৈরি হয়েছে। প্রতিটি আইনেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। এ আইনের কিছু দুর্বলতা থাকতে পারে। এ আইন প্রণয়নের সঙ্গে বেসরকারি বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা আছে। সংশ্লিষ্ট বিষয়ে তাদের কাজের বাস্তব অভিজ্ঞতা এ আইন তৈরিতে সহযোগিতা করেছে। এ আইনের একটি উল্লেখযোগ্য বিষয় হলো, কেবল নারীই নন, শিশুরাও এ আইনের দ্বারা সহিংসতা থেকে সুরক্ষিত হবে। নারীকে সহিংসতা থেকে সুরক্ষার জন্য তৈরি এ আইনের ব্যাপারে দেশব্যাপী প্রচার চালাতে হবে। জুডিশিয়ারিসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সচেতন করে তুলতে হবে। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সচেতন মানুষ অত্যাচারিত হন না। এ আইনের বিধিমালা এখনো তৈরি না হলেও আইনটি প্রয়োগে কোনো বাধা থাকার কথা নয়।সালমা আলীবাংলাদেশের পরিবারগুলোয় সহিংসতা হচ্ছে এবং দিনে দিনে এই সহিংসতার পরিমাণ বাড়ছে। সবাই পারিবারিক সহিংসতাকে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। অনেকে স্বীকারই করতে চান না এটি একটি অপরাধ। মানুষ একে পারিবারিক বিষয় মনে করে। এ অবস্থায় পারিবারিক সহিংসতার প্রতিকার কীভাবে হবে, তা শঙ্কার বিষয়। নারীরা প্রতিনিয়তই পারিবারিক, যৌন, অর্থনৈতিক ও সামাজিক নির্যাতনসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। স্বামী যে যৌন নির্যাতন করেন বা করতে পারেন, এটাও কেউ মানতে চান না। স্বামীরা যৌন নির্যাতনকে অন্যায় মনে করেন না। স্বামীরা তাঁদের আয়ের ওপর স্ত্রীদের অধিকার দেন না এবং অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীর আয় নিয়ন্ত্রণ করেন। স্বামী নির্যাতনকারীকে আসামি বলা হচ্ছে না। বলা হচ্ছে প্রতিপক্ষ। আর প্রতিপক্ষ বলায় বিচারের গুরুত্ব কমে যচ্ছে। সঙ্গে সংশ্লিষ্ট সব প্রশিক্ষণ দিতে হবে। কারণ, নতুন আইন সম্পর্কে কেউ বিশদভাবে জানেন না। সরকার কর্তৃক নির্ধারিত আইন প্রয়োগকারী কর্মকর্তাও আইনটির ওপর কোনো প্রশিক্ষণ পাননি। তিনি মামলা সরাসরি কোর্টে পাঠিয়ে দেন। পুলিশ এ ব্যাপারে সরাসরি কাজ করে না। ভারত ও বাংলাদেশে পারিবারিক সহিংসতার চিত্র একই। কলকাতায় পুলিশ কার্যালয়ে পারিবারিক সহিংসতার ওপর কাজ করে এমন এনজিওদের জন্য একটি বিশেষ কার্যালয় আছে। পারিবারিক সহিংসতা ও নারী নির্যাতনের মামলাগুলো এনজিওদের কার্যালয়ে পাঠানো হয় এবং তারাই নির্ধারণ করে কোন মামলা কোন আইনের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশেও পুলিশ কার্যালয়ে এ রকম ব্যবস্থা থাকা দরকার।নাসিমুন আরা হকআইন হলেই খুশি হওয়ার কিছু নেই। আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ জন্য দরকার ব্যাপক সচেতনতা। সচেতনতা না থাকলে অনেকে এ আইনকে পশ্চিমা ধাঁচের আইন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে। সমাজে পুরুষের মানসকাঠামোর পরিবর্তন দরকার। অধিকাংশ পুরুষ মনে করেন, ‘আমার বউ আমি পেটাব। তাতে তোমার কী।’ নারীরা ভাবেন, ‘স্বামী ছাড়া আমি কোথায় যাব? আমার তো আর কোনো উপায় নেই। মার খাওয়াই আমার নিয়তি।’ কেবল শারীরিক নির্যাতন নয়, স্বামীরা প্রতিনিয়ত ভয়াবহ মানসিক নির্যাতনও করেন। যেকোনো ধরনের নির্যাতনই মানবাধিকার লঙ্ঘন। কেউ কেউ বলেন, এ আইনের কারণে পরিবার ভেঙে যাবে। কিন্তু নির্যাতন জিইয়ে রেখে কখনো পরিবার রক্ষা করা যায় না। এ আইনের মূল উদ্দেশ্য হচ্ছে, পরিবারে নির্যাতন বন্ধ করা। আমি দেখেছি, গ্রামের মেয়েরা অনেক বেশি প্রতিবাদী ও সাহসী। তাঁরা স্বামীর নির্যাতন সহ্য না করে জোরালো প্রতিবাদ করেন। শহরের মেয়েরাই নির্যাতনের শিকার বেশি হন। কারণ, তাঁদের মধ্যে সংসার ভাঙার ভয় বেশি। আমি দেখেছি, শহরের উচ্চশিক্ষিত অনেক নারী পরিবার রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরাই হত্যার শিকার হন। নির্যাতনের কারণে কীভাবে পরিবার ভেঙে যাচ্ছে, কীভাবে নারীরা হত্যার শিকার হন, এসব বিষয়ে তথ্যচিত্র তৈরি করে সব শ্রেণীর মানুষের মধ্যে প্রকাশ করতে হবে। স্কুলের পাঠ্যসূচিতে মেয়েদের সম্মান, মেয়েদের মেয়ে মনে না করে মানুষ মনে করা, মেয়েবন্ধু মনে না করে বন্ধু মনে করা, ছেলে ও মেয়ে উভয়কেই ঘরের কাজ শেখানোসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।রীতা দাশ রায়দেশে হাজারো নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু কোথায় ঘটছে, কীভাবে ঘটছে অনেক কিছুই জানি না বা প্রকৃত ঘটনার খুব সামান্যই আমরা জানি। প্রায় দুই বছর হলো আইনটি হয়েছে। কিন্তু এতে নারীরা কীভাবে লাভবান হলেন, তা স্পষ্ট নয়। দেশে নারীর প্রতি সহিংসতা পরিস্থিতি নিয়ে সরকার কতটুকু উদ্বিগ্ন, তাও জানি না। সরকার আদৌ এ নিয়ে ভাবে কি না, তাও বুঝি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে নারী পরিবারকে বেঁধে রাখেন। সংসারের প্রত্যেক সদস্য তাঁর এই পরিশ্রমের ফল ভোগ করেন। এই নারী কত দিন অসম্মান সহ্য করে সংসারে টিকে থাকবেন? স্কুল ও কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী ও পেশার নারীদের সঙ্গে যখন কথা বলি, তাঁরা প্রশ্ন করেন, ‘কেন সব দোষ আমাদের দেওয়া হয়?’ অবস্থা যত প্রতিকূলই হোক না কেন, পৃথিবীর কোনো নারী কখনোই যৌন সহিংসতার শিকার হতে চান না। তার পরও যখন কোনো নারী যৌন সহিংসতার শিকার হন, তখন সবাই একবাক্যে বলতে থাকেন, নিশ্চয় মেয়েটিই খারাপ। এর থেকে অন্যায় আচরণ আর কী হতে পারে! সামাজের গুটিকয় পুরুষ ভালো হলে হবে না, সবাইকে ভালো হতে হবে। ১০ থেকে ২০ হাজার টাকা জরিমানা বা ছয় মাসের শাস্তিই বড় কথা নয়, মূল বিষয় হলো, স্বামীকে স্ত্রীর অধিকার ও সম্মানের বিষয়টি বুঝতে হবে।জিনাত আরা হক দীর্ঘদিন থেকে নারী অধিকার আন্দোলনের সঙ্গে জড়িত। ২০০৪ সাল থেকে ‘আমরাই পারি’ ক্যাম্পেইনের হয়ে কাজ করছি। সবাই মিলে একযোগে আন্দোলন করেছি বলেই আজ এ আইনটি আমরা পেয়েছি। এখন আমাদের সবার দায়িত্ব হচ্ছে আইনটিকে কার্যকর করার উদ্যোগ নেওয়া। অনেকেই আইনটির ব্যাপারে ব্যাপক সচেতনতা সৃষ্টির কথা বলেছেন। আমার কথা হলো, আমরা সচেতন হলাম, কিন্তু তারপর কী? সমাজের অসংখ্য সচেতন পুরুষ অনেক সচেতন নারীকে নির্যাতন করছে। তাহলে তো সচেতনতাই বড় কথা নয়। সমস্যা আসলে কোথায়, তা খুঁজে বের করতে হবে। আমার মনে হয় শিশু বয়স থেকেই আমাদের কিছু নির্ধারিত মূল্যবোধের মধ্য দিয়ে বেড়ে উঠতে হবে। আর সেই মূল্যবোধগুলো হলো পারিবারিক, সমাজিক ও রাজনৈতিক। স্কুলের পাঠ্যপুস্তকেও এই মূল্যবোধগুলোর ওপর পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করতে হবে। যে মানুষ অসুস্থ পরিবেশে বড় হয়, তাকে হঠাৎ একদিন সচেতন করলে কোনো লাভ হয় না। এ আইনের কিছু দুর্বলতা থাকতে পারে। তার পরও আমাদের সব উদ্যোগ ব্যর্থ হয়ে যায় আইন প্রয়োগকারী কর্মকর্তার কাছে গেলে। কারণ তাঁর বাজেট নেই; বেতন বাড়েনি; তাঁর আর দশটি কাজের সঙ্গে এ কাজটি জুড়ে দেওয়া হয়েছে ইত্যাদি। অনেক সময় এটিকে এনজিওদের বিষয় বলে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় অনেকের মধ্যে। এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বহীন হওয়ার আশঙ্কা থাকে।আনোয়ার ছাদাতএটি একটি নতুন আইন এবং এর সীমাবদ্ধতা অনেক। যেমন এর বিধিমালা নেই, এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞাতা নেই, আইন প্রয়োগকারী কর্মকর্তারও নেই। এত কিছুর পরও আমরা কিন্তু থেমে নেই। আমাদের কাছে এ পর্যন্ত ২০টি মামলা এসেছে। আমরা থানায় মামলা পাঠিয়েছি, মামলা পরিচালনার জন্য আইন প্রয়োগকারী কর্মকর্তা ঠিক করেছি ও প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছি। বাংলাদেশে মামলা জটের পরিস্থিতি আমরা জানি। তিন মাস ধরে আমি নারী সহিংসতা মামলা নিয়ে কাজ করছি। এ সময়ের মধ্যে করা মোট ২০টি মামলার ১১টি নিষ্পত্তি করেছি। বিএনডব্লিউএলএ ও সরকারের নারী ও শিশুবিষয়ক অধিদপ্তর আমাদের সহযোগিতা করেছে। বিধিমালা হলে আইন প্রয়োগকারী কর্মকর্তা এ ক্ষেত্রে তাঁর কাজের দিকনির্দেশনা পাবেন। কিন্তু আইনে লেখা নেই যে বিধিমালা ছাড়া এ আইন কার্যকর হবে না। তাই বিধিমালার অভাবে এ আইনের প্রয়োগ থেমে থাকবে না। এ আইন প্রচলিত অন্যান্য আইনের মতো নয়, এ বিষয়টি সবাইকে বুঝতে হবে। এ আইনের প্রধান লক্ষ্য পরিবারে শান্তি প্রতিষ্ঠিত করা। তাই প্রতিপক্ষকে এ আইনে আসামি বলা হয়নি, বলা হয়েছে প্রতিপক্ষ। এ আইনের সফল বাস্তবায়নের জন্য আমাদের জরুরি ভিত্তিতে কিছু কাজ করতে হবে। যেমন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া, পাশাপাশি নির্যাতিত নারীদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা। কারণ, সহিংসতার শিকার নারীরা যখন ঘর ছেড়ে আসতে বাধ্য হন, তখন আশ্রয়কেন্দ্রের অভাবে তাঁদের থাকার ব্যবস্থা করা যায় না। এ জন্য প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে আশ্রয়কেন্দ্র করা প্রয়োজন।শাহীন আনামআমাদের দেশের নারীরা সহজে অপমানের কথা প্রকাশ করেন না। যতক্ষণ সহ্য করতে পারেন, ততক্ষণ মুখ বন্ধ রাখেন। নারীকে নির্মমভাবে আগুনে পোড়ানো হয়, হাত-পা কেটে দেওয়া হয়, আঘাতে রক্তাক্ত করা হয়—এভাবে তাঁর সহ্যের বাইরে গেলে মানুষ তাঁর প্রতি অত্যাচারের কথা জানতে পারে। কখনো কখনো অত্যাচার করতে করতে নারীকে হত্যা পর্যন্ত করা হয়। এই নারীদের জানাতে হবে, ‘তাঁদের সুরক্ষার জন্য আইন হয়েছে’। অনেকেই পারিবারিক নির্যাতনকে অপরাধ মনে করেন না। তাঁদের বলতে হবে, ‘এটি অপরাধ।’ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। ১০ বছর আগে অবস্থা আরও খারাপ ছিল। এখন নারীরা সচেতন হয়েছেন, প্রতিবাদী হয়েছেন। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা নারীবান্ধব নয়। যেকোনো আইনের সফল বাস্তবায়নের জন্য তার কিছু অনুষঙ্গের দরকার হয়। যেমন দক্ষতা, জনবল, সম্পদ, বাজেট, তদারকি ইত্যাদি। এ আইন প্রয়োগের ক্ষেত্রে এসবের ঘাটতি রয়েছে। এনজিও ও মানবাধিকারকর্মীসহ আমরা সবাই এ বিষয়ে কাজ করছি। কিন্তু এ ক্ষেত্রে সরকারকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে, প্রশাসনকে আরও তৎপর হতে হবে। সাংসদেরা সংসদে নারীর কথা কতটুকু বলেন? তাঁদের এলাকায় নারীদের কী অবস্থা, তার খোঁজ কি তাঁরা রাখেন? তাঁরা আইন করেছেন, তাঁদের উচিত এ আইন প্রচার করা।শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেনপ্ল্যান বাংলাদেশ তার পিএইচআর প্রোগ্রামের আওতায় পারিবারিক সহিংসতা ও সংশ্লিষ্ট অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের উচ্চমাত্রা ও প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে ১৫ মার্চ ২০১১ থেকে কাজ করছে। স্থানীয় পর্যায়ে বরগুনা জেলার বরগুনা সদর, যশোর জেলার মনিরামপুর, বগুড়া জেলার সারিয়াকান্দি, শিবগঞ্জ ও সোনাতলা, দিনাজপুর জেলার চিরিরবন্দর, সিলেট জেলার বালাগঞ্জ ও চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাগুলোর অধীনে মোট ১০২টি ইউনিয়নে এটি বাস্তবায়িত হচ্ছে। এ প্রোগ্রাম পারিবারিক সহিংসতার কারণ অনুসন্ধান ও নিরসনে কমিউনিটিভিত্তিক উদ্যোগকে উৎসাহী করে। এ কাজে আলোচিত আইনটির ওপর ব্যাপক গুরুত্বারোপ করা হয়। ২০১০ সালে আইনটি পাস হলেও এখনো তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। আইনটি বাস্তবায়নে কিছু সমস্যা রয়েছে। যেমন প্রয়োজনীয় জনবলের অভাব, আইন প্রয়োগকারী কর্মকর্তার অভাব, অর্থ সংস্থানের অভাব ইত্যাদি। সমস্যাগুলো দূর করার জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কেবল সরকার নয়, আমাদের সবাইকেই সমন্বিতভাবে কাজ করতে হবে। নারীকে অর্থনৈতিকভাবে মুক্তির ব্যবস্থা করতে হবে। তাহলেই তাঁরা সব ধরনের শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পারবেন। নারীর প্রতি সব ধরনের সহিংসতার সঙ্গেই পুরুষ জড়িত। আর তাই নারী অধিকার আদায়ের সব আন্দোলনের সঙ্গে পুরুষকে সম্পৃক্ত করা খুবই জরুরি।মো. নাজমুল হকধর্মে নারীকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। অথচ একশ্রেণীর মানুষ ইসলামের নামে নারীকে নির্যাতন করছে, মারধর করছে। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে সমাজকে বিভ্রান্ত করছে। নারীর ওপর অত্যাচারের ইতিহাস অনেক পুরোনো। রবীন্দ্রনাথসহ বিভিন্ন কবি-সাহিত্যিকের লেখায় নারীর ওপর বিভিন্ন ধরনের অত্যাচারের বর্ণনা আমরা পাই। মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। কিন্তু কিছু কিছু মানুষ অত্যন্ত জঘন্য কিছু কাজ করে। তাদের এসব কাজকে পাশবিক কাজের সঙ্গে তুলনা করা হয়। দুজন মানুষ একসঙ্গে বাস করলে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হবে, ঝগড়া-বিবাদ হবে। কিন্তু সে কারণে একজন আরেকজনের ওপর অন্যায় করবে, সংসার ভেঙে যাবে—এমনটা হওয়া মোটেই উচিত না। এ আইনটি হলো ঘরে শান্তি স্থাপনের আইন। এ আইনের সহায়তায় উভয় পক্ষ নিজেদের মধ্যকার দূরত্ব মিটিয়ে ফেলতে পারবেন। নারীর প্রতি নির্যাতন প্রতিরোধের সব ক্ষেত্রে পুরুষদেরই প্রথমে এগিয়ে আসতে হবে। কারণ, নির্যাতনটি হয় পুরুষের দ্বারা। পাশাপাশি আমাদের দেশে দরিদ্র মানুষ যে সচরাচর বিচার পায় না ও আমাদের বিচারব্যবস্থায় যে দীর্ঘসূত্রতা আছে, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেকোনো নির্যাতনের বিরুদ্ধেই দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পারিবারিক নির্যাতন প্রতিরোধ কার্যক্রমে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থাকা দরকার। সর্বোপরি সবার চেষ্টায় আমাদের সমাজে নারীর সুরক্ষার ব্যবস্থাটিকে শক্তিশালী করতে হবে।আশরাফ হোসেনআজকের আলোচনা থেকে আমি বেশ কিছু দিকনির্দেশনা পেয়েছি। এ আইনটি অন্যান্য প্রথাগত আইনের মতো নয়। প্রথমত, আমাদের ভাবতে হবে, নারীর এ অবস্থা কেন? সমাজে নারী ও পুরুষের অসম অবস্থানই এসব নির্যাতন বা বৈষম্যের মূল কারণ, বাকি সব উপসর্গ। আমাদের সামাজিক কাঠামো নারীকে অধস্তন করে রেখেছে। বড় সব সময় ছোটকে নির্যাতন করেন, এভাবেই আমাদের সমাজব্যবস্থা চলে এসেছে। বাড়ির সব কাজের দায়িত্ব একমাত্র নারীদের, এ ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানুষ হিসেবে পুরুষ-নারী সবাই সমান। সবারই সব ধরনের অধিকার ও মর্যাদাবোধ আছে। অন্যান্য আইনে প্রতিপক্ষকে জেলে ঢোকানোর প্রবণতা আছে। কিন্তু এ আইনের মূল কথাই হচ্ছে প্রতিরোধ ও সুরক্ষা। অর্থ, পারিবারিক বাতাবরণে থেকেই পরিবারে শান্তি ফিরিয়ে আনা। আইনটি প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হচ্ছে, আইন প্রয়োগের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসা। আইনজীবীরা সাধারণত প্রতিপক্ষের সাজা নিশ্চিত করতে অভ্যস্ত। কিন্তু এ ক্ষেত্রে আইনজীবীদের প্রচলিত এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সরকার আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এ আইনের সফল বাস্তবায়নের জন্য সংক্ষুব্ধ ব্যক্তি, কমিউনিটি, পুলিশ, বিচারব্যবস্থা, আইনজীবী সবাইকে আইনটির ব্যাপারে সংবেদনশীল হতে হবে। যে নারী নিজে জ্বলে অন্যের জন্য আলো ছড়ায়, সেই নারীকে জানাতে হবে যে তাঁদের সুরক্ষার জন্য আইন হয়েছে। সরকার এ বিষয়ের ওপর জীবনঘনিষ্ঠ তথ্যচিত্র তৈরি করেছে, শিক্ষানীতিতে জেন্ডার অধ্যায় বিষয়টি অন্তর্ভুক্ত করেছে এ বিষয়ে গণসচেতনতা তৈরি করার জন্য।মিজানুর রহমানআমাদের সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। আমাদের মধ্যে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমার মনে হয়, নারীর সব সমস্যার মূলে রয়েছে তাঁর অর্থনৈতিক বাধা। নারীকে অর্থনৈতিক মুক্তি দিতে পারলে তিনি সার্বিকভাবে মুক্ত হবেন। বাংলাদেশের অধিকাংশ নারীই তাঁর স্বামীর আয়ের ওপর নির্ভরশীল। স্বামীরা আয় করেন বলে মনে করেন যে সবকিছু করার অধিকার তাঁদের আছে। এ কারণে স্ত্রীর ওপর তাঁরা স্বেচ্ছাচারী হন। নারীর মর্যাদা বৃদ্ধির জন্য তাঁকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। একসময় বলা হতো যে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। এ বিশ্বাস এখন আর আমার নেই। নারী শিশুরাও সহিংসতার শিকার হচ্ছে । এই অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে যাব। আমাদের সমাজের সব জায়গায় পচন ধরেছে। নারীকে ঘরে বন্দী করে রাখছি, আবার নিজের স্বার্থে তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারও করছি। সহিংসতার শিকার নারীদের পুনর্বাসনের কোনো সুব্যবস্থা নেই। এ জন্য দেশের প্রতিটি জেলায় জরুরি ভিত্তিতে কমপক্ষে একটি করে পুনর্বাসনকেন্দ্র স্থাপন করতে হবে। এত কিছুর পরও আমি মনে করি, আমাদের সামনে আশার সংবাদ আছে। আগামী দিনগুলো হবে নারীদের এগিয়ে যাওয়ার দিন।আব্দুল কাইয়ুমপারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ সালের ওপর অত্যন্ত ফলপ্রসূ একটি আলোচনা হয়েছে। বেশ কিছু পরামর্শ ও সুপারিশ এ আলোচনায় উঠে এসেছে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুপারিশগুলো বিবেচনায় নেবেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।সুপারিশ আইনের বিধিমালা তৈরি না হলেও আইনটি প্রয়োগে কোনো বাধা নেই। বিধিমালা তৈরি হলে আইন প্রয়োগকারী কর্মকর্তা তাঁর কাজের দিকনির্দেশনা পাবেন। আইন প্রয়োগকারী কর্মকর্তাকে এ কাজের জন্য প্রয়োজনীয় জনবল ও অর্থ বরাদ্দ দিতে হবে।  আইনের আশ্রয়প্রার্থী নারীদের জন্য প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করতে হবে। আইন সম্পর্কে জুডিশিয়ারি ও আইন প্রয়োগকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দিতে হবে। ভুক্তভোগী, কমিউনিটি, পুলিশ, আইনজীবীসহ সবাইকে সচেতন করতে আইনের ওপর দেশব্যাপী প্রচারণা চালাতে হবে। প্রতিরোধের জন্য পারিবারিক সহিংসতাকে ব্যক্তিগত বিষয় নয়, বরং অপরাধ হিসেবে গণ্য করতে হবে। নারী নির্যাতনের নেতিবাচকতা, যেমন পারিবারিক ভাঙনের তথ্যচিত্র করে সব শ্রেণীর মানুষের মধ্যে প্রচার করতে হবে। নারীর প্রতি নির্যাতনের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির জন্য স্কুলের পাঠ্যসূচিতে জেন্ডার অধ্যায় অন্তর্ভুক্ত করতে হবে। আইনটিকে কার্যকর করার উদ্যোগ নিতে কেবল সরকার নয়, সংশ্লিষ্ট সবাইকেই সমন্বিতভাবে কাজ করতে হবে।