পারিবারিক বন্ধন যেন শিথিল না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসখানেক আগের কথা। গিয়েছিলাম ঢাকার এক অভিজাত বিপণিবিতানে কিছু কেনাকাটার উদ্দেশ্যে। গ্যারেজে গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় আমার গাড়ির চালককে বিপণিবিতান থেকে খানিকটা দূরেই গাড়ি পার্ক করতে হয়। কেনাকাটা শেষে বিপণিবিতান থেকে বের হয়ে এলাম। চোখে পড়ল বিপণিবিতানের সামনের ফাঁকা জায়গাজুড়ে বসে রয়েছে কিছু কিশোর ও তরুণ। তাদের প্রায় সবার হাতে রয়েছে স্মার্টফোন এবং তারা কেউ কারও সঙ্গে তেমন একটা কথাবার্তা বলছে না।

আমি হাঁটা দিলাম গাড়ির উদ্দেশে। হঠাৎ বিপরীত দিক থেকে ভুল পথে ছুটে এল একটি রিকশা। আত্মরক্ষার প্রয়াস হিসেবে লাফ দিলাম আমি। রিকশার ধাক্কা থেকে শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারলেও হুমড়ি খেয়ে পড়ে গেলাম ফুটপাতে। বাঁ হাতে থাকা আমার মোবাইল ফোনটি নিমেষে চূর্ণবিচূর্ণ হয়ে গেল, হাতের খানিকটা অংশ থেঁতলে গেল।

 ঘটনার আকস্মিকতায় আমি এতটাই হতবিহ্বল ছিলাম যে কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় বসে রইলাম কিছুক্ষণ। মনে হচ্ছিল একা ওঠার শক্তিটুকুও হারিয়ে ফেলেছি আমি। চোখ পড়ল বিপণিবিতানের সামনে বসা ছেলেগুলোর দিকে। তাদের মন তখনো নিবিষ্ট স্মার্টফোনের পর্দায়। এক প্রান্তে বসে থাকা কয়েকটি ছেলে সম্ভবত লক্ষ করেছিল আমার পড়ে যাওয়ার বিষয়টি—যা বুঝতে পারলাম আমার দিকে আঙুল দেখিয়ে তাদের হাসাহাসি দেখে। তারা কেউ কিন্তু এগিয়ে এল না আমার সাহায্যে। এদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছেলেটি আমার সন্তানের চেয়ে বড়জোর পাঁচ-ছয় বছরের বড় হবে। ছেলেটির চেহারায় হঠাৎ আমি আমার নিজের সন্তানের ছায়া দেখতে পেয়ে আঁতকে উঠলাম! আমার সন্তানটিও কি এ রকম পরিস্থিতিতে অন্যের বিপদে এগিয়ে না এসে এভাবে দাঁত বের করে হাসবে, নাকি ডুবে থাকবে স্মার্টফোনের সম্মোহনী জাদুতে! 

একজন নারীর রাস্তায় পড়ে যাওয়ার দৃশ্য কি এতটাই সুখকর, নাকি যেকোনো মানুষ পড়ে গেলেই ওরা এভাবে হাসে কিংবা নির্লিপ্ত থাকে! ওদের এই মানসিকতার কারণ কি প্রযুক্তির সম্মোহনী শক্তি, নাকি মূল্যবোধের অবক্ষয়, নাকি দুটোই! এ ঘটনায় শরীরে যত না ব্যথা পেলাম, তার চেয়ে দ্বিগুণ ব্যথা পেলাম মনে।  

সত্যি কথা বলতে কি, তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের এই সময়ে তথ্যপ্রযুক্তিবিমুখ হওয়ার কোনো সুযোগ নেই। প্রযুক্তির কল্যাণে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে, তা ভাবলেই একজন সুবিধাভোগী হিসেবে নিজেকে বড় সৌভাগ্যবান মনে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে বাল্যকালের সেই প্রিয় মুখগুলো খুঁজে পাওয়ার আনন্দ যে সত্যিই অনির্বচনীয়। তথ্য, চিন্তা, আবেগ-অনুভূতি প্রকাশের অনন্য প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগের এসব মাধ্যম ইতিমধ্যে মানুষের কাছে বিনোদনের অন্যতম প্রধান উৎসও হয়ে উঠেছে।

তবে ভয় হয় যখন দেখি এই মাধ্যমগুলোর প্রতি মানুষ অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। এই মাধ্যমগুলো দূরের মানুষগুলোকে কাছে পাওয়ার বিনিময়ে কাছের মানুষগুলোকে দূরে ঠেলে দিচ্ছে না তো! বিভিন্ন সময়ের টুকরো টুকরো বিভিন্ন অভিজ্ঞতা এই আশঙ্কাকেই যেন বদ্ধমূল করে তুলছে। এখনকার শিশু-কিশোর, তরুণ-তরুণীরা একত্র হলে নিজেদের মধ্যে কথাবার্তা, আলাপ-আলোচনা, আবেগ-অনুভূতির প্রকাশ এবং বিনিময়কে এক পাশে ফেলে রেখে ব্যস্ত হয়ে পড়ে হাতে থাকা স্মার্টফোন নিয়ে। কাছের বন্ধুকে দূরে সরিয়ে দূরের বন্ধুকে কাছে পাওয়ার মরীচিকার পেছনে ছুটতে থাকে তারা, কিংবা হারিয়ে ফেলে নিজেকে বিভিন্ন অ্যাপস কিংবা গেমের জগতে। পাশাপাশি বসেও যন্ত্র হাতে তারা যেন একেকটি যন্ত্রমানব, আলাদা আলাদা গ্রহে তাদের বসবাস—যেখানে নেই নিজেদের মধ্যে কথাবার্তা, হাসাহাসি কিংবা ভাবের আদান-প্রদান।

সমস্যাটি শুধু তরুণ প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নেই। মধ্যবয়সী এমনকি প্রবীণদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই আসক্তি। পুনর্মিলনী বা এ ধরনের অনুষ্ঠানে কারও সময় নেই নির্ভেজাল আড্ডা দেওয়ার। মোবাইল কিংবা সেল্ফিস্টিক হাতে ব্যস্ত সবাই ছবি তুলতে। ভাবের আদান-প্রদান গৌণ হয়ে মুখ্য হয়ে পড়েছে ছবি তোলা এবং সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া। চলমান আসরেই সামনাসামনি গল্প ভুলে ছবিতে লাইক কিংবা মন্তব্য করতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। একই পরিবারের মধ্যে বসবাস করেও প্রত্যেকে যেন আলাদা গ্রহের বাসিন্দা। ছেলেমেয়েরা যেমন ব্যস্ত ভিডিও গেমস, মোবাইল অ্যাপস, কিংবা সামাজিক নেটওয়ার্ক নিয়ে, তেমনিভাবে পিতা-মাতাও ব্যস্ত তাঁদের নিজস্ব জগৎ কিংবা কর্মক্ষেত্র এবং পাশাপাশি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম নিয়ে। এই আসক্তি হয়তো দূরের বন্ধুদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বাড়াচ্ছে, কিন্তু শীতল করে তুলছে পারিবারিক বন্ধন ও সম্প্রীতি।

এই আসক্তির রাশ টেনে না ধরতে পারলে এর পরিণাম ভয়াবহ হতে পারে। একান্ত নিজের মানুষগুলোর সঙ্গে সম্পর্কের উষ্ণতা বাড়াতে চাই সচেতনতা। এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে হবে মা-বাবাসহ পরিবারের বড়দের। সামাজিক যোগাযোগের মাধ্যমে সব সময় সক্রিয় থেকে নিজ পরিবারের মানুষগুলোকে গুণগত সময় না দেওয়া কোনোভাবেই কাম্য নয়। বরং প্রযুক্তি, সামাজিক যোগাযোগের মাধ্যম এবং স্বাস্থ্যকর পারিবারিক সম্পর্কের মধ্যে মেলবন্ধন ঘটানোই হলো পারদর্শিতা। সন্তানের মধ্যে অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা লক্ষ করা গেলে কীভাবে তাকে এই মোহ থেকে সরিয়ে আনা যায়, সে বিষয়ে পরিবারকে মনোযোগী হতে হবে। সন্তানকে প্রচুর সময় দিতে হবে। এ ছাড়া কোন বয়স থেকে সন্তান সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর সঙ্গে পরিচিত হবে, এ ক্ষেত্রে সে কতটুকু সময় ব্যয় করবে, তা প্রাথমিক অবস্থায় পরিবারকে নির্ধারণ করে দিতে হবে। তা না হলে পরে হঠাৎ কোনো অনুশাসন সন্তানের ওপর কখনোই কাজ করবে না।

আমরা চাই প্রযুক্তির সঙ্গে সহাবস্থানে বেড়ে ওঠা মূল্যবোধসম্পন্ন আগামী প্রজন্ম—যারা শুধু তথ্যপ্রযুক্তি ব্যবহারেই চৌকস হবে না, সঙ্গে সঙ্গে পারদর্শী হবে মূল্যবোধের চর্চায়। 

নিশাত সুলতানা: শিক্ষা গবেষক, একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মসূচি সমন্বয়কারী।