পার্কিং বনাম বার্কিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলেতের বড় বড় শহরে, বিশেষত লন্ডনে, একদল নর-নারীকে শহরের ব্যস্ততম রাস্তাগুলোতে ও অফিসপাড়ায় মাথায় বিশেষ ধরনের ক্যাপ ও কাঁধে চামড়ার ছোট্ট ব্যাগ নিয়ে সর্বক্ষণ ঘুরঘুর করতে দেখা যায়। টেলিভিশনে পরিহাসছলে এঁদের খুব জনপ্রিয় বলে উল্লেখ করা হলেও আসলে এঁরা খুবই অজনপ্রিয়। এঁদের বলা হয় ট্রাফিক ওয়ার্ডেন এবং এঁরা রাস্তায় অস্থানে কিংবা রাস্তার পাশে স্থাপিত মিটার-স্তম্ভে পরিমিত পরিমাণ পয়সা না ঢেলে গাড়ি পার্কিং করা আছে দেখলেই জরিমানার টিকিট সেঁটে দেন গাড়ির উইন্ডস্ক্রিনে এবং সেই জরিমানা সময়মতো পরিশোধ না করলে কোর্টে যেতে হয়।
তো গল্প আছে, বিলেতের এক লোক তাঁর অফিসের সামনে গাড়ি পার্কিং করে রেখেছিলেন; বিকেলে বেরিয়ে দেখেন গাড়িতে অনেক পার্কিং টিকিট লাগানো। তিনি এই বিপদ থেকে উত্তরণের একটি অভিনব উপায় বের করলেন, গাড়ি না সরিয়ে বাসযোগে বাসায় ফিরে পুলিশে রিপোর্ট করলেন যে তাঁর গাড়িটি চুরি হয়ে গেছে। অতঃপর প্রতিদিন অফিসে আসা-যাওয়ার কালে তিনি কৌতূহলের সঙ্গে প্রত্যক্ষ করতে লাগলেন যে প্রত্যহই গাড়িতে অতিরিক্ত টিকিট লাগানো হচ্ছে। গাড়িটা খুঁজে পেতে পুলিশের নাকি পাঁচ দিন সময় লেগেছিল।
সে যা-ই হোক। আন্তর্জাতিক আইন অনুসারে বিদেশি কূটনীতিবিদদের অবাধ চলাচল নিশ্চিতকরণ ও আদালতে সমর্পণ থেকে অব্যাহতি প্রদান প্রতিটি রাষ্ট্রের জন্য অবশ্যপালনীয়। তো বিলেতে বাংলাদেশ হাইকমিশনে পদায়নকালে আমরা ও অন্যান্য দূতাবাসের সহকর্মীরা পার্কিং টিকিটের পরোয়া করতাম না, ওগুলোকে ‘লাভ-লেটার’ অভিহিত করে ছুড়ে ফেলে দিতাম। একবার বিলেতে আমার বস প্রয়াত সাইফুদ্দিন সাহেব জেনেভা থেকে লন্ডন ফিরছিলেন; ড্রাইভারের অনুপস্থিতিতে আমিই গাড়ি চালিয়ে হিথ্রোয় তাঁকে আনতে গেলাম। হাতে সময় কম ছিল বলে আমি গাড়ি পার্কিং স্পটে না নিয়ে রাস্তার পাশে রেখে টার্মিনাল ভবনে তড়িঘড়ি প্রবেশ করলাম। যথাসময়ে বাইরে বেরিয়ে এসে দেখি, গাড়ি লাপাত্তা। কাছেই কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ব্যাপারটা বলতেই তিনি ওয়াকিটকিতে আলাপ করে আমাকে জানালেন যে ওটা ‘পাউন্ড’-এ নিয়ে নেওয়া হয়েছে। পাউন্ড-এর আরেকটা অর্থ যে ‘খোঁয়াড়’, সেটা সেদিনই প্রথম জানলাম। পাউন্ড কোথায়? রানওয়ের নিচ দিয়ে নির্মিত মাইল খানেক লম্বা সুড়ঙ্গপথের অপর পারে। হেঁটে সেদিকে রওনা দিলাম; অর্ধেক রাস্তা পেরোনোর পর ক্লান্ত হয়ে ভাবলাম, ফিরে যাই। অতঃপর মনে মনে হাসলাম এটা ভেবে যে সে ক্ষেত্রে ব্যাপারটা সেই বোকা লোকটির গল্পের মতো দাঁড়াবে, যে কিনা সাঁতরিয়ে নদী পারাপারের সময় তিন-চতুর্থাংশ অতিক্রমের পর ক্লান্ত বোধ করায় ফিরে এসেছিল। মোদ্দা কথা, কূটনৈতিক অব্যাহতির কারণেই সেদিন কোনো জরিমানা না দিয়েই খোঁয়াড় থেকে গাড়ি নিয়ে আসতে পেরেছিলাম। জয় হোক কূটনীতির!
সাম্প্রতিক কালে সে দেশের সরকার শহরে যানবাহন চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণের লক্ষ্যে আরও অনেক নতুন কলাকৌশল প্রবর্তন করেছে; যেমন অস্থানে পার্কিং করা গাড়িতে ‘ক্ল্যাম্প’ লাগিয়ে সাময়িকভাবে অচল করে দেওয়া, ভিড় বাড়ানোর জন্য অতিরিক্ত চার্জ, ইত্যাদি। তদুপরি মাত্রাতিরিক্ত স্পিড নিরসনের লক্ষ্যে রাস্তায় রাস্তায় বসানো হয়েছে ক্যামেরা। তবে এই ক্যামেরা প্রতিষেধক যন্ত্রও বেরিয়ে গেছে, যেটা গাড়িতে লাগালে যথাস্থানে ‘ক্রিং-ক্রিং’ আওয়াজ তুলে চালককে সতর্ক করে দেয়। লক্ষণীয় যে সে দেশের ট্রাফিক ওয়ার্ডেনরা বেতনভুক কর্মচারী, তাঁরা আলাদা কোনো প্রণোদনা পান না। পক্ষান্তরে আমাদের দেশের সরকার পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা না করেও পুলিশকে পার্কিং হেতু জরিমানা আদায়ের আর্থিক টার্গেট ও প্রণোদনা দিয়ে রেখেছে। ফলে তাদের যে মুখ্য কাজ, চলমান গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স সঠিক আছে কি না, তা পরীক্ষা করে দেখা, সেটা গৌণ হয়ে দাঁড়িয়েছে। অনেক আগে অমিতাভ বচ্চন অভিনীত এক হিন্দি ফিল্মে দেখেছিলাম, তিনি গুন্ডাদের শায়েস্তা করার সময় সঙ্গে করে অ্যাম্বুলেন্স নিয়ে যেতেন। তদ্রূপ আমাদের পুলিশ ভাইয়েরাও যখন খুশি ‘রেকার’ সঙ্গে করে নিয়ে এসে অতঃপর যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণ দেখিয়ে ফুটপাত ঘেঁষে পার্কিং করা গাড়ির মালিকদের জরিমানা করে একধরনের আতঙ্কের সঞ্চার করে চলেছেন।
অবশ্য আমার জানামতে, রেলের টিটিইদেরও জরিমানা আদায়ের একটা মাসিক টার্গেট কোনো রকম প্রণোদনা ব্যতিরেকেই দেওয়া হয়ে থাকে। কেননা, ধরে নেওয়া হয় যে কিছু লোক রেলে বিনা টিকিটে ভ্রমণ করবেই, যাদের রেলের ভাষায় বলা হয় ‘ডব্লিউ-টি’। তো সরদার খুশবন্ত সিংয়ের এক লেখায় পড়েছিলাম, ইন্ডিয়ান রেলের বগিতে ডব্লিউ-টিদের একজন লিখে রেখেছিল: ‘আনা ফ্রি, যানা ফ্রি; পাকড়্ গায়া তো খানা ভি ফ্রি।’ অর্থাৎ, আসা-যাওয়া ফ্রি, ধরা পড়লে জেলহাজতে খাওয়াও ফ্রি। আর এদিকে আমাদের দেশের এক রসিক চোর নাকি রেলের আপার ক্লাসের টয়লেট থেকে আয়নাটা খুলে নিয়ে যাওয়ার কালে সেখানে খচিত ‘রেলওয়ে জনগণের সম্পত্তি, ইহার রক্ষণাবেক্ষণ সবার দায়িত্ব’ কথাটার নিচে লিখে রেখে গিয়েছিল, ‘আমারটা আমি লইয়া গেলাম’।
তা রেলপথ আর জনপথ যে এক নয়, এটা সরকারকে কে বোঝাবে? ঘুমন্ত লোককে জাগানো যায়, কিন্তু যে জেগে ঘুমায়, তাকে জাগানো কঠিন ব্যাপার। তা ছাড়া, গল্প আছে, জনৈক রোগী ডাক্তারের কাছে গিয়ে বলেছিল, ‘ডাক্তার সাব, আমার কথা কেউই সিরিয়াসলি নেয় না।’ সঙ্গে সঙ্গে ডাক্তার বলে উঠেছিলেন, ‘মশকরা করার আর জায়গা পেলে না?’ তদ্রূপ রম্যলেখকের কথা সচরাচর লোকে সিরিয়াসলি নেয় না। তবু বলি, সরকার যত তাড়াতাড়ি পার্কিং প্রসঙ্গে এই অযৌক্তিক টার্গেট ও প্রণোদনার বিষয়টা রদ করবে, ততই সরকারের জনপ্রিয়তা বাড়বে।
শেষ করতে চাই প্রাসঙ্গিক সেই গল্পটা দিয়ে, যেটা ইতিপূর্বেও ভিন্ন প্রসঙ্গে একবার পরিবেশন করেছি: আরবি ভাষায় ‘প’ অক্ষর নেই বিধায় আরবীয়দের উচ্চারণে প্রায়ই ‘প’ হয়ে যায় ‘ব’। তো বিলেতে জনৈক আরবীয় গাড়িচালক রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে প্রশ্ন করেছিল, ‘ক্যান আই বার্ক (পার্ক) হিয়ার?’ পুলিশটি তখন একগাল হেসে জবাব দিল, ‘ইউ ক্যান বার্ক এজ লং এজ ইউ লাইক; বাট ইউ কানট পার্ক হিয়ার (আপনি এখানে যতক্ষণ খুশি ঘেউ ঘেউ করতে পারেন, কিন্তু পার্ক করতে পারবেন না)।’
পার্কিং-সংক্রান্ত আমার এতক্ষণের কচকচানি বার্কিং বলে পরিগণিত না হলেই হলো।
আতাউর রহমান: রম্যলেখক৷ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক৷