পাশের বাড়ির সঙ্গে সখ্য জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। আরাকানে শত বছর বা তারও আগে থেকে বসবাসকারী মুসলমানদের সমস্যা রয়েছে। সমস্যাটি মূলত সামাজিক। সেখানকার মুসলমানরা নিজেদের মোগল মনে করে, যদিও জনগোষ্ঠীর বেশির ভাগ বাঙালি—চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়া এলাকার। আপাতদৃষ্টিতে, ১৯৪৮ সালে সংঘটিত রোহিঙ্গা মুসলিম নেতা কাসেম মাঝির বিদ্রোহ রাজনৈতিক হলেও বাস্তবে তা ছিল নিতান্তই আবেগতাড়িত ঘটনা। (কথিত আছে, শাহ সুজা মোগল যুবরাজ সপরিবারে মিয়ানমারে আশ্রয় নিয়েছিলেন। বর্মী রাজা তাঁর মেয়েকে বিয়ে করতে চাইলে তিনি রাজি হননি। পরে বর্মী রাজা শাহ সুজা ও তাঁর সঙ্গীদের মেরে ফেলেন।)মংডু ও বদ্ধিদং এলাকায় ৮০ শতাংশ জনগোষ্ঠী মুসলমান। ১৯৪৭ সালের ১৪ আগস্ট তারা পাকিস্তানের পতাকা উড়িয়ে দেয়। তারা মনে করেছিল, ভারত বিভক্তির ফলে তাদের মুসলিম-অধ্যুষিত অঞ্চলটি পূর্ববঙ্গের অংশ হবে। সেই থেকে বার্মা বা মিয়ানমারবাসী, বিশেষ করে বর্মীরা মুসলমানদের অবিশ্বাসের চোখে দেখতে শুরু করে। একই সময়ে কাসেম মাঝি ও কমিউনিস্টদের বিদ্রোহ তাদের অবিশ্বাসকে দৃঢ়তর করে।১৯৪১ সালের সর্বশেষ জনসংখ্যা জরিপ প্রতিবেদন অনুযায়ী, আরাকানে মোট জনসংখ্যার ৩০ শতাংশ মুসলমান। মংডু ও বদ্ধিদংবাসীর পাকিস্তানি পতাকা উত্তোলন এবং আরাকান উপকূল এলাকায় কাসেম মাঝির (১৯৪৮ সালে) উপদ্রব বর্মীদের সজাগ করে তোলে। তারা আরাকান এলাকায় মুসলমান জনসংখ্যা কমিয়ে আনার লক্ষ্য স্থির করে। এর প্রথম পদক্ষেপ হিসেবে ১৯৪১ সালের জরিপটি গায়েব করে দেয়। ১৯৬১ সালের দিকে আবার জরিপ শুরু করে; প্রতিবছর বা প্রতি তিন বছর পর জরিপের পর মুসলমান জনগোষ্ঠীকে বহিরাগত হিসেবে চিহ্নিত করে ১৯৭০ দশক থেকে বিতাড়ন অভিযান শুরু করে। বিতাড়িত লোকজন বাংলাদেশে এসে আশ্রয় নিতে শুরু করে; যেভাবে ১৭৯৪ সালে ইঙ্গ-বার্মা সীমান্ত সংঘর্ষে রাখাইন, চাকমা ও অন্যান্য উপজাতি আরাকান ও বার্মা থেকে এসে কক্সবাজারে ঠাঁই নিয়েছিল। সেই সময় ইংরেজ বাহিনীর অভিযান পরিচালনায় ছিলেন ক্যাপ্টেন কক্স এবং তাঁরই নামে গড়ে ওঠে ‘কক্সবাজার’ জনবসতি। ১৮২৪ থেকে ১৮৫২ সাল পর্যন্ত ইঙ্গ-বার্মা যুদ্ধ চলে। ১৮৮৬ সালের মধ্যে ইংরেজরা সমগ্র বার্মা জয় করে নেয়। ১৯৩৫ সাল পর্যন্ত বার্মা ব্রিটিশ ভারতের একটি প্রদেশ হিসেবে বিবেচিত ছিল। ফলে ভারতীয় নাগরিক, বিশেষ করে বাঙালি জনগোষ্ঠীর অনেক যাতায়াত ছিল সেখানে। চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলাগুলোর বহু অভিজাত পরিবারের সন্তানেরা ১৯৫০ দশক পর্যন্ত রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। রেঙ্গুন চেম্বার অব কমার্স থেকে শুরু করে বার্মা ইস্টার্ন কোম্পানি পর্যন্ত সর্বত্রই বিদেশি ও ভারতীয়দের প্রভাব ছিল। নোয়াখালীর রউফ চৌধুরী বার্মার প্রধানমন্ত্রী উ নুর মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন। বার্মার প্রথম প্রধানমন্ত্রী উ নু পণ্ডিত জওহরলাল নেহরুর পরামর্শ নিয়ে দেশ শাসন করতে শুরু করেছিলেন। জেনারেল নে ইউন এসে বহুজাতিক তেল কোম্পানি থেকে শুরু করে পানের দোকান পর্যন্ত বিদেশিদের সব সম্পদ বাজেয়াপ্ত করেন। তাতে বাঙালিসহ ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকে বহুজাতিক কোম্পানি ও বিদেশিরা মিয়ানমার সরকারের ওপর ক্ষুব্ধ। এর পুরো সুযোগটি নিয়েছে চীন।সালয়ুন নদীর পূর্বাঞ্চল সেদিনও সান বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিয়ে চীনা কমিউনিস্টদের (১০ হাজারের ওপর সশস্ত্র কমিউনিস্টের শক্ত ঘাঁটি ছিল) অধীনে বলতে গেলে প্রায় স্বাধীন ছিল। গোল্ডেন ট্রায়াঙ্গল এলাকা চিয়াংকাসের দুই জেনারেল তাঁদের সেনাবাহিনী দিয়ে নিয়ন্ত্রক হয়ে ওঠেন (১৯৪৯ সালে চিয়াংকাইসেক চীন থেকে তাইওয়ানে আশ্রয় নেওয়াকালে তার দুই ডিভিশন সেনা সান প্রদেশের দুর্গম এলাকায় ঢুকে স্থায়ীভাবে বসবাস শুরু করে সব চোরাকারবারের নিয়ন্ত্রক বনে যায়)। বর্মীদের শাসন শুধু মধ্য মিয়ানমারে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। পূর্বাঞ্চলে খ্রিষ্টান কারেন জনগোষ্ঠী ব্রিটিশদের বার্মা ত্যাগের সময়ে বিদ্রোহ করে। প্রায় একই সময় ১৯৪৮ সালে সারা ব্রহ্মদেশে কমিউনিস্ট বিপ্লব সংঘটিত হলো। ভারতে অবশ্য কমিউনিস্টরা বিপ্লব করতে পারেনি। ফলে বিপন্ন হয়ে পড়ে সদ্য স্বাধীন বার্মা বা মিয়ানমার। প্রাথমিকভাবে নে ইউন একটিমাত্র ব্যাটালিয়নকে ভর করে রেঙ্গুনকে রক্ষা করতে সমর্থ হন। একইভাবে মোন জনগোষ্ঠী বর্মীদের কর্তৃত্বের বাইরে থাকতে চাইল। কাশ্মীরি পণ্ডিতেরা যেমন উপনিষদ লেখার গৌরবে গৌরবান্বিত, তেমনিভাবে মোনরা বৌদ্ধ সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করে। মোনরা অন্তর্মুখী। কারেনরা থাইল্যান্ডনির্ভর এবং উভয়েই যুক্তরাষ্ট্র থেকে অস্ত্রসাহায্য পেত। মিয়ানমারে ২৩২টি উপজাতি বাস করে। তারা প্রত্যেকেই নিজ নিজ সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তৎপর। মিয়ানমারের অন্যান্য জনগোষ্ঠীর মতো আরাকান লিবারেশন আর্মি (মাওবাদী) আরাকানকে স্বাধীন করার প্রচেষ্টা চালায়। বস্তুত, ১০ হাজার ফুট উঁচু আরাকান পর্বতশ্রেণী আরাকান রাজ্যকে মূল মিয়ানমার ভূখণ্ড থেকে একেবারে আলাদা করে রেখেছে। আরাকান পর্বতশ্রেণীতে একমাত্র গিরিপথ দিয়ে বছরের দুই মাস যাতায়াত করা সম্ভব। আরাকান আবহমানকাল থেকে বাংলার সুলতানদের ওপর নির্ভরশীল ছিল। তারা আরাকানে আরবি হরফে মুদ্রা প্রচলন করে। অবশ্য পরবর্তীকালে পর্তুগিজদের সঙ্গে মিলে চট্টগ্রাম অঞ্চল নিজেদের দখলে নেয়। শায়েস্তা খান ১৬৬৬ সালে তাদের বিতাড়িত করেন। তবে ১৬৪৩ সালের দিকে মধ্যযুগের বাংলা সাহিত্যের মহাকবি আলাওল পদ্মাবতী রচনা করেন আরাকান রাজসভার (মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায়) কবি হিসেবে।রোহিঙ্গা মুসলমানরা নিজেদের মোগল মনে করে মগদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চায় না। প্রায়ই বাড়ির চতুর্দিকে দেয়াল তৈরি করে তারা আলাদাভাবে বসবাস করতে চায়। শুরু হয় দাঙ্গা-ফ্যাসাদ। মুসলমান ছেলে মগ মেয়েকে বা মুসলমান মেয়েকে মগ ছেলে জোর করে বিয়ে করলে শুরু হয় দাঙ্গা। সুযোগ বুঝে সরকার মুসলমান খেদাও অভিযান চালায়। এর থেকে নিস্তার পেতে তারা খ্রিষ্টানদের সঙ্গে মিলেমিশে থাকার সিদ্ধান্ত নেয়। আরাকান লিবারেশন আর্মির নেতৃত্বে আছে বর্মীরা। মুসলমানরা সেখানে পেছনের সারিতে থাকে। আরাকানের ভেতরে অস্ত্রধারী রোহিঙ্গা মুসলমান নেই। সেই অঞ্চলে রোহিঙ্গা অস্ত্রধারীদের তৎপরতা আছে—এই প্রচারণা সঠিক নয়। এটি স্থানীয় জঙ্গি ও সন্ত্রাসীদের হাত শক্তিশালী করার অপকৌশলমাত্র। বলা হয় যে আরব বণিকেরা বঙ্গোপসাগরে বিধ্বস্ত জাহাজ থেকে লাফিয়ে পড়ে সাঁতার কেটে উপকূলে এসে স্থানীয় লোকদের বলত ‘রহম’ করো। সেই থেকে রোহিঙ্গা শব্দের উৎপত্তি বলে অনেকে মনে করেন। কিন্তু এ রকম ধারণার ঐতিহাসিক ভিত্তি নেই। অন্যদিকে বহু বছর আগে থেকেই বর্মী ও চীনাদের মধ্যে প্রায়ই দাঙ্গা হতো। ১৯৬৭ সালে রেঙ্গুন শহরে ভয়াবহ বর্মী-চীনা দাঙ্গা চলাকালে চীনা দূতাবাসে ঢুকে পড়ে চীনা টেকনিশিয়ানকে বর্মণরা হত্যা করে। তবে আশির দশকের মাঝামাঝি থেকে কমিউনিস্ট চীনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং মিয়ানমারে মাওবাদী তৎপরতায় ভাটা পড়ে। আগে মিয়ানমার সশস্ত্র বাহিনী ইসরায়েলের কাছে প্রশিক্ষণ নিত। বর্তমানে তাদের সেনাবাহিনী চীনা অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ ও প্রশিক্ষণপ্রাপ্ত। মিয়ানমারের পদাতিক বাহিনী খুবই উন্নত মানের। তবে বর্তমানে নৌ ও বিমানবাহিনীও সুসজ্জিত হচ্ছে।এটা অবশ্যই লক্ষণীয় বিষয় যে মিয়ানমার স্বাধীনতাসংগ্রামে ৩০ কমরেডের চিরস্মরণীয় অবদান রয়েছে। অং সান মাত্র ২৬ বছর বয়সে তাঁদের নেতা হয়েছিলেন। নে উইন (জন্ম ১৯১১ সালে) সামরিক কমান্ডার হিসেবে মনোনীত হয়েছিলেন। সর্বকনিষ্ঠ ছিলেন টিন উ। তিনি পরবর্তীকালে সশস্ত্র কমিউনিস্টদের কমান্ডার-ইন-চিফ হয়েছিলেন। ৩০ কমরেড জাপানে প্রশিক্ষণ নেন এবং মিয়ানমার ন্যাশনাল আর্মি গঠন করে ১৯৪৩-৪৪ সাল পর্যন্ত জাপানিদের সঙ্গে মিলে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন। পরে অং সানের নেতৃত্বে বর্মীরা ব্রিটিশদের সঙ্গে এই সমঝোতায় আসে যে জাপানিরা পরাস্ত হলে মিয়ানমারের স্বাধীনতা দেওয়া হবে। এরপর অং সান বাহিনী জাপানিদের বিরুদ্ধে লড়াই করে। অবশেষে মিয়ানমার ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।বলা বাহুল্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একপর্যায়ে নেতাজি সুভাষ বোস রেঙ্গুনে অবস্থান করেছিলেন। ১৮৫৭ সালে বিদ্রোহের পর মোগল সম্রাট বাহাদুর শাহকে মিয়ানমারে নির্বাসনে পাঠানো হয়। রেঙ্গুন শহরে মোগল স্ট্রিট নামে একটি সড়ক আছে। ১৮৬২ সালে বাহাদুর শাহ মারা যান। তাঁর কবর রেঙ্গুন শহরের অদূরে অবস্থিত এবং তা এখনো অক্ষত আছে। অনেকের ধারণা, রামুতে সাম্প্রতিক বৌদ্ধ নির্যাতনের ঘটনা নতুন করে মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতন ও খেদাও অভিযান পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেয়। যারা রামুতে এ অঘটন ঘটিয়েছে, তারা শুধু রোহিঙ্গার হয়ে প্রতিশোধ নিয়েছে, তা কিন্তু নয়। তারা বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক উন্নয়নে চিড় ধরাতে অনেক বেশি উদ্গ্রীব। কাদের প্ররোচনায় তারা এ কাজটি করল, তা চিহ্নিত করা আবশ্যক। বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক অবনতি ঘটলে তৃতীয় দেশ বেশি সুবিধাজনক স্থানে উপনীত হবে, বিশেষ করে সমুদ্রসীমা চিহ্নিতকরণে। এ কথাটি সরকার ও নীতিনির্ধারকদের মনে রাখতে হবে। মিয়ানমারের সঙ্গে হূদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারলে বাংলাদেশ বেশি লাভবান হবে। মিয়ানমার থেকে বিদ্যুৎ, গ্যাস, তেল ইত্যাদি এনে প্রয়োজন মেটানো সহজ হবে। বাংলাদেশের শিল্প-কারখানায় উৎপাদন স্থিতিশীল হবে। প্রয়োজনে চাল, মাছসহ শাকসবজি আমদানি করা সম্ভব। আর ওষুধ, পোশাকশিল্পজাত সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মিয়ানমার বাজার উন্মুক্ত হবে। বঙ্গোপসাগরে সম্পদ আহরণ সহজতর হবে। আঞ্চলিক সংযোগ ও চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ এই অঞ্চলে অর্থনৈতিক উন্নতির বিরাট সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। আর এই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে হলে দুই প্রতিবেশী—মিয়ানমার ও ভারতের সঙ্গে গভীর সখ্য অপরিহার্য।আমীন আহম্মদ চৌধুরী: অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রদূত[email protected]