পাস-ফেলের মাঝামাঝি দুদক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ২০১২ সালের দুর্নীতির ধারণাসূচকে দেশের দুর্নীতি-পরিস্থিতির অবনতির তথ্য পাওয়া গেল। এই অবনতির কারণ ব্যাখ্যা করেছে এর বাংলাদেশ চ্যাপ্টার, টিআইবি। দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির বেশ কিছু ঘটনার উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি সংবাদ সম্মেলন করে। এর মধ্যে পদ্মা সেতু ও দুর্নীতি দমন কমিশনের ‘স্বাধীনতা খর্ব’ এবং প্রতিষ্ঠানটির ‘বিতর্কিত অবস্থানের’ বিষয়টিও রয়েছে (প্রথম আলো, ৬ ডিসেম্বর, ২০১২)। পদ্মা সেতু ও দুদক—এই দুটি বিষয় এখন অনেকটাই মিলেমিশে একাকার। দুদকের ওপরই নির্ভর করছে পদ্মা সেতুর ভবিষ্যৎ। এ নিয়ে আগে একটি লেখা লিখেছিলাম। শিরোনাম ছিল ‘দুদক পরীক্ষায় পাস করবে তো?’ এই প্রশ্নের সঙ্গে সংশয়ও ছিল। ‘দেশের মানুষের আশা-নিরাশা বা পদ্মা সেতুর ভবিষ্যৎ এখন এসে ঠেকেছে দুদকের সফলতার ওপর। গত চার বছরে আমরা দুদকের যে কার্যক্রম দেখেছি, তাতে এই প্রতিষ্ঠানের ওপর ভরসা রাখা কঠিন।’ (প্রথম আলো, ১১ অক্টোবর, ২০১২)দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের ব্যাপারে অনুসন্ধানের কাজ শেষ করেছে। প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির ষড়যন্ত্রের তথ্য পাওয়ার বিষয়টি স্বীকার করেছে দুদক। এর সঙ্গে কোনো না কোনো পর্যায়ে জড়িত হিসেবে ১০ জনের নাম এসেছে। এই অনুসন্ধান-প্রক্রিয়া পর্যবেক্ষণকারী বিশ্বব্যাংক নিয়োজিত আন্তর্জাতিক পর্যবেক্ষক দল অনুসন্ধান-প্রক্রিয়ায় সন্তুষ্ট হলেও অনুসন্ধানের ফলাফলের পরিপ্রেক্ষিতে দুদক যে ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানিয়েছে, তাতে যে সন্তুষ্ট হতে পারেনি, সেটা স্পষ্ট। বিশ্বব্যাংকের পর্যবেক্ষক দল দুদকের সঙ্গে বৈঠক করে চলে যাওয়ার তিন দিন পর গতকাল শনিবার আমরা বিশ্বব্যাংকের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতি পেয়েছি। বিশ্বব্যাংকের বাংলাদেশ-প্রধানের এই বিবৃতির যে অংশটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, ‘গত সপ্তাহে বাংলাদেশে তাদের দ্বিতীয় সফরের সময় ওই প্যানেল বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরেছে এবং তদন্তের ক্ষেত্র নির্ধারণে প্রাপ্ত তথ্যপ্রমাণ অনুসরণের জন্য দুদককে আবারও উৎসাহিত করেছে।’ বোঝা যাচ্ছে, অনুসন্ধানে যে তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তা অনুসরণের যে পথ দুদক নিতে যাচ্ছে, তাতে পর্যবেক্ষক দল খুশি হতে পারেনি। এবং বিশ্বব্যাংক তা অনেকটা আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিল। একই সঙ্গে এটাও স্পষ্ট করেছে যে ‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করলেই এ প্রকল্পে অর্থায়ন করবে বিশ্বব্যাংক।’ অর্থাৎ নিরপেক্ষ তদন্তের বিষয়টি নিয়ে এখনো সন্দেহ যায়নি বিশ্বব্যাংকের।বিশ্বব্যাংকের এই সন্দেহের কারণটি কী? দুদক অনুসন্ধান-প্রক্রিয়া শেষ করেছে, তদন্তকারী কর্মকর্তারা এর যে খসড়া তৈরি করেছেন, তা দুদকে জমাও দেওয়া হয়েছে। এখন আইনি প্রক্রিয়া শুরুর পালা। কিন্তু যে ১০ জনের নাম আলোচনায় এসেছে, তার মধ্য থেকে সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তিটি রয়েছেন, অর্থাৎ সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, তাঁর নাম বাদ দিতে চাইছে দুদক। এখানে একটি বিষয় পরিষ্কার থাকা উচিত যে পদ্মা সেতু নিয়ে দুর্নীতি-ষড়যন্ত্রের অনুসন্ধানের কাজটি করছে দুদক, তদন্ত নয়। আইনি প্রক্রিয়া শুরু হলে তদন্তের প্রশ্ন আসবে। এখন দুদকের প্রাথমিক এই অনুসন্ধানে যাঁদের নাম এসেছে, তাঁদের মধ্য থেকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিটির নাম বাদ দেওয়ার পেছনে কী যুক্তি থাকতে পারে? দুদক কি তাদের নিজস্ব বিবেচনাবোধ থেকে তা করছে, নাকি এর পেছনে সরকারের কোনো মহলের ইঙ্গিত রয়েছে?আমরা জানি যে ‘স্বাধীন, স্বশাসিত ও নিরপেক্ষ কমিশন’ কখনো তাদের কাজে সরকারের কোনো প্রভাব বা হস্তক্ষেপের বিষয়টি স্বীকার করবে না। আইনি প্রক্রিয়া থেকে আবুল হোসেনকে বাদ দেওয়ার পেছনে দুদক যে যুক্তি তুলে ধরতে পারে, তা হচ্ছে তিনি সরাসরি জড়িত আছেন, এমন কোনো তথ্য অনুসন্ধানে পাওয়া যায়নি। আমরা এরই মধ্যে জেনেছি, সাবেক সেতুসচিব এই অভিযুক্ত ১০ জনের মধ্যে রয়েছেন। কাজ পাওয়ার জন্য কানাডাভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের যে কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন, তাঁরা সাবেক যোগাযোগমন্ত্রী ও সেতুসচিবের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন। এখন সাবেক সেতুসচিবের বিরুদ্ধে যদি আইনি প্রক্রিয়া শুরু করা যায়, তবে সাবেক যোগাযোগমন্ত্রী বাদ পড়েন কোন বিবেচনায়? সচিব যেখানে সম্পৃক্ত হয়েছেন, সেখানে মন্ত্রী নেই, এটা কতটুকু বিশ্বাসযোগ্য? মন্ত্রীকে বাদ দিয়ে সচিবের পক্ষে কিছু করা তো কঠিন। যিনি সেতুসচিবের দায়িত্বে ছিলেন, তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে যিনি মন্ত্রী ছিলেন, তাঁকে বাদ দিলে বিষয়টি গ্রহণযোগ্য হবে না, তা বোঝার ক্ষমতা নিশ্চয়ই দুদকের রয়েছে। এখন মন্ত্রীর পদে না থাকলেও সাবেক এই যোগাযোগমন্ত্রী যে রাজনৈতিকভাবে যথেষ্ট প্রভাবশালী, এমন ধারণা জনমনে রয়েছে। আর মামলা বা কারও নামে আইনি প্রক্রিয়া শুরু করা মানেই তো তিনি অপরাধী নন। আগেই তাঁকে বাদ দিতে হচ্ছে কেন? বিশ্বব্যাংকের তরফে যে অভিযোগ আনা হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের নাম ছিল। সে কারণে বিশ্বব্যাংকের শর্ত মেনে গ্রহণযোগ্য অনুসন্ধানের স্বার্থে তাঁকে ছুটিতে পর্যন্ত পাঠানো হয়েছিল। দুদকের বর্তমান অনুসন্ধানে দুর্নীতির যড়যন্ত্রে তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশ্বব্যাংক নিয়োজিত আন্তর্জাতিক পর্যবেক্ষক দলও দুদকের এই অবস্থানের সঙ্গে একমত হয়েছে বলে আমরা জেনেছি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরদারিতে দুদকের অনুসন্ধানে দুর্নীতির ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্যপ্রমাণ না পাওয়ার বিষয়টি মসিউর রহমানের জন্য নিশ্চয়ই বড় স্বস্তির বিষয়। তিনি বারবার বলে এসেছেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। কিন্তু মসিউর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সে কারণেই একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি যদি ছুটিতে না যেতেন এবং এ ধরনের একটি অনুসন্ধান-প্রক্রিয়ার মধ্য দিয়ে পার না পেতেন, তবে এ নিয়ে সন্দেহ-অবিশ্বাস থেকেই যেত।দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী ‘এই কমিশন একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত ও নিরপেক্ষ কমিশন হইবে’ (কমিশন প্রতিষ্ঠা, ইত্যাদি, ২)। টিআইবির পর্যবেক্ষণে এই প্রতিষ্ঠানটির নানা ‘বিতর্কিত অবস্থানের’ যে কথাটি বলা হয়েছে, তা আসলে প্রতিষ্ঠানটির স্বাধীন ও নিরপেক্ষ অবস্থানের দিকেই ইঙ্গিত দেওয়া হয়েছে। আমরা বরাবরই সরকারের অবস্থান বা মতামতের প্রতিফলন ঘটাতেই সচেষ্ট দেখেছি এই ‘স্বাধীন’ প্রতিষ্ঠানটিকে। শুরুতে পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি বা দুর্নীতির চেষ্টা হয়নি বলে সরকারকে যখন সোচ্চার দেখেছি, তখন দুদক তড়িঘড়ি এক তদন্ত করে বলে দিল যে পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। পরে বিশ্বব্যাংক যখন দুদকের অনুসন্ধান-কার্যক্রম আন্তর্জাতিক পর্যবেক্ষক প্যানেলের মাধ্যমে পর্যবেক্ষণ করতে চাইল, তখনো দুদক সরকারের সঙ্গে সুর মিলিয়ে বলেছিল যে এটা দুদক আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। পরে সরকার যখন বিশ্বব্যাংকের শর্ত মানল, তখন দুদকও তা মেনে নিল।যে আইনের বলে দুদক গঠিত হয়েছে, সে অনুযায়ী দুদককে স্বাধীন ও নিরপেক্ষভাবেই কাজ করার কথা। তবে আমাদের মতো দেশে এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে সাহসী হয়ে তেমন কিছু করতে দেখা যায় না। সাবেক যোগাযোগমন্ত্রীর নাম বাদ দেওয়া নিয়ে দুদকের যে অবস্থানের কথা আমরা জেনেছি, তা যদি সরকারের ইচ্ছায় হয়ে থাকে, তবে এটা স্পষ্ট হচ্ছে যে সরকার দুদককে পরীক্ষায় পাস করতে দিতে চাচ্ছে না বা ফেল করাতে বাধ্য করছে। পাস-ফেলের এক মাঝামাঝি অবস্থানে এসে দাঁড়িয়েছে দুদক। পাস করার জন্য কোন কাজটি করতে হবে, কোন প্রশ্নটিতে টিক মার্ক দিতে হবে, সেটা দুদকের জানা। এখন দুদক সাহস করে সঠিক প্রশ্নে টিক মার্ক দেবে কি না, সেটাই দেখার বিষয়।এ কে এম জাকারিয়া: সাংবাদিক। akmzakaৎ[email protected]