পাসপোর্টের পাগলা ঘোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

পণ্যের অবাধ চলাচল নিশ্চিত করার মধ্য দিয়েই পত্তন হয়েছিল মুক্তবাজার অর্থনীতির বিশ্বকাঠামো। পুঁজির সম্প্রসারণের স্বার্থেই এই কাঠামোর নির্মাণ ও বিস্তৃতি। অগণিত নতুন প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই কাঠামোর স্থিতি ও সম্প্রসারণ নিশ্চিত করার লক্ষ্যে। গড়ে উঠেছে পণ্যের নতুন নতুন ধারণা, যেখানে পণ্যের তালিকায় স্থান করে নিয়েছে নাগরিকত্বও। বহু দেশের পাসপোর্ট এখন আলু-পটোলের মতোই কেনাবেচা হয়।

সীমানাবিহীন একটি বিশ্বকাঠামো সবারই চাওয়া। বিভিন্ন দেশ নিজ নিজ কুয়োয় ঢুকে সীমানাদাগ টেনে দেওয়ার আগে বিশ্বমানচিত্র এমনটাই ছিল। সে সময় জল বা পাহাড়ের বাধাই একমাত্র সীমানা হিসেবে বিবেচিত হতো, যা ডিঙিয়ে একদিন এই অঞ্চলে বিশ্বের নানা প্রান্ত থেকে হাজির হয়েছিল ভাগ্যান্বেষী মানুষ। সেই সময়ের বিশ্ব ছিল পণ্য ও মানুষ সবার জন্যই সীমানাহীন। কিন্তু আজকের সীমানাহীন বিশ্বকাঠামো শুধু পণ্যকেই অবারিত করে।

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী রোমান আব্রামোভিচের কথাই ধরা যাক। বর্তমানে রুশ-ইসরায়েলি ব্যবসায়ী ও রাজনীতিক হিসেবে পরিচিত হলেও তাঁর ইসরায়েলি পাসপোর্ট পাওয়ার পেছনের গল্পটি বেশ কৌতূহলোদ্দীপক। ব্রিটিশ পাসপোর্ট নবায়ন নিয়ে সংকটে পড়ার পর আব্রামোভিচ সুইজারল্যান্ডের দরজায় কড়া নেড়েছিলেন। কিন্তু সুইস পুলিশ ‘ভাবমূর্তিগত ঝুঁকি’র কথা বলায় তাঁর স্থায়ী বসবাসের আবেদন খারিজ হয়ে যায়। এরপর তিনি নিজের ধর্মীয় পরিচয়কে সামনে এনে ইসরায়েলি পাসপোর্ট গ্রহণ করেন। ইসরায়েলের আইন অনুযায়ী বিশ্বের যেকোনো প্রান্তের ইহুদি চাইলে তাদের নাগরিকত্ব নিতে পারবে। আব্রামোভিচও সেই পথেই হাঁটেন। এখন তাঁর ব্রিটেন ভ্রমণের জন্য কোনো ভিসারই দরকার পড়ে না।

ইসরায়েল শুধু ইহুদিদের নাগরিকত্ব দেয় না, একই সুবিধা তারা দেয় ধনকুবেরদেরও। বলার অপেক্ষা রাখে না যে আব্রামোভিচের দুই ধরনের যোগ্যতাই ছিল। শুধু ইসরায়েল নয়, নির্দিষ্ট অঙ্কের বিনিয়োগের মাধ্যমে স্থায়ী আবাসন বা নাগরিকত্বের মতো অনুমোদন মেলে অনেক দেশেই। দেশভেদে এই বিনিয়োগের পরিমাণে ভিন্নতা রয়েছে। মোটাদাগে ১ লাখ থেকে ২০ লাখ ডলারে কেনাবেচা চলে স্থায়ী বসবাস ও নাগরিকত্বের অনুমোদনের।

যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট জানাচ্ছে, বর্তমানে বিশ্বের এক ডজনেরও বেশি দেশ বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিচ্ছে। এ তালিকায় রয়েছে ক্যারিবীয় অঞ্চলের পাঁচটি দেশ, ভানুয়াতু ও জর্ডান। রয়েছে অস্ট্রিয়া, সাইপ্রাস ও মাল্টার মতো ইউরোপীয় দেশ, যেখানে নাগরিকত্ব পেলে ২২টি ইউরোপীয় দেশে প্রবেশের অবাধ অনুমোদন মেলে। একই পন্থায় স্থায়ী বসবাসের অনুমতি মেলে প্রায় ১০০টি দেশে। এটি এখন বড় এক ব্যবসায় পরিণত হয়েছে। আইনজীবী, পরামর্শক, ব্যাংকার, হিসাবরক্ষক, আবাসন ব্যবসায়ী থেকে শুরু করে বেশ বড় ও ক্ষমতাশালী একটি অংশ এই ব্যবসা চালায়। সাধারণভাবে এই খাত স্থায়ী বসবাস ও নাগরিকত্ব ব্যবসা শিল্প বা সিআরবিআই নামে পরিচিত। এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাজই হচ্ছে ধনাঢ্য ব্যক্তিদের মনোবাঞ্ছা অনুযায়ী কাঙ্ক্ষিত দেশের স্থায়ী বসবাসের বা নাগরিকত্বের অনুমোদন পাইয়ে দেওয়া।

কিন্তু এখনো অনেকের কাছেই একটি দেশের নাগরিকত্ব যেনতেন ব্যাপার নয়। চাইলেই তা বেচা যায় না। অনেকে একে পবিত্র জ্ঞান করেন। এই প্রসঙ্গে ‘বিভাস’ চলচ্চিত্রের কথা মনে পড়ে, যেখানে বিভাস চরিত্র রূপদানকারী উত্তমকুমারকে দেখা যায় অচেনা একটি গ্রামে এসে সেখানকার মানুষের মন জয় করে নিতে। প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় গ্রামবাসীর পাশে দাঁড়িয়ে মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে এই কাজটি করতে হয়েছিল বিভাসকে। এই উদাহরণের সঙ্গে একেবারে মিলে যায় লুসি হেলেন হল্ট ও জুলিয়ান ফ্রান্সিসের বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার ঘটনাটি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিঃস্বার্থ সেবা দিয়েছিলেন তাঁরা। লুসি হল্ট এর পর বাংলাদেশেই রয়ে গেছেন। এই যে মমত্ববোধ, এর কোনো প্রতিদান হতে পারে না। বাংলাদেশ এই দুজনকে নাগরিকত্ব দিয়ে নিজের দায়মোচন করেছে কেবল। এই প্রসঙ্গে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিচের নামও।

কোনো দেশের নাগরিকত্বকে পবিত্র জ্ঞান করা মানুষেরা তাই এ প্রশ্ন তুলতেই পারে যে কিছু লোক শুধু ধনী হওয়ার কারণেই কেন বিনা প্রশ্নে এ সুযোগ পাবে? বেচাকেনার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে জালিয়াত ও সন্ত্রাসীদের মতো লোকও নাগরিকত্ব পেয়ে বসতে পারে। তারা এই সুযোগকে নিজেদের আইনের আওতা থেকে বাইরে রাখতে কাজে লাগাতে পারে। এই আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ মিলবে ভূরি ভূরি। অনেক ক্ষেত্রেই নিজ দেশে কর ফাঁকি দিতে কিংবা অবৈধ উপায়ে পাওয়া অর্থ সুরক্ষিত রাখতে এমন গন্তব্য খোঁজে ধনীরা। ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ানএমডিবি) স্ক্যান্ডাল তো এখনো তরতাজা। ওয়ানএমডিবি জালিয়াতির সঙ্গে জড়িত মালয়েশীয় ধনকুবের লো তায়েক ঝো (ঝো লো) মালয়েশিয়ার সরকারি তহবিল থেকে আনুমানিক ৩৫০ কোটি ডলার সরিয়ে নিয়েছিলেন। তিনি বর্তমানে উচ্চ অঙ্কের বিনিয়োগ দিয়ে সেইন্ট কিটসের নাগরিকত্ব বাগিয়ে বসে আছেন। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ২০০ কোটি ডলার জালিয়াতির সঙ্গে জড়িত মেহুল চোকসি বর্তমানে ঘাঁটি গেড়েছেন অ্যান্টিগা ও বারবুডায়। এখানেও নাগরিকত্বের রফাটি হয়েছে বিনিয়োগের উচ্চ অঙ্ক দিয়েই। বলা যায়, থাকসিন সিনাওয়াত্রার কথা। মন্টেনেগ্রোর নাগরিকত্ব পাওয়ার পন্থা বলতে গিয়ে সাবেক এই থাই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটি দ্বীপ কিনেছি।’ প্রশ্ন উঠতে পারে, দেশত্যাগে বাধ্য হওয়া সাবেক একজন শাসকের দ্বীপ কেনার অর্থের উৎস নিয়ে। বিনিয়োগ আকর্ষণের সমীকরণে এমন প্রশ্নকে অবান্তর হিসেবে সাব্যস্ত করেছে পুঁজি কাঠামো।

এটা সত্য যে দ্বিতীয় পাসপোর্টের স্বত্বাধিকারী হওয়ার ইচ্ছা মানেই ‘অপরাধী মন’ নয়। দরিদ্র ও মুসলিম দেশের ব্যবসায়ীদের এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে ব্যাপক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এই ভ্রমণকে সহজ করতে কেউ দ্বিতীয় একটি পাসপোর্ট চাইতেই পারে। অনেকে নিজ দেশের সহিংস পরিস্থিতি থেকে পালিয়ে অন্য দেশে স্থায়ী বসবাস বা নাগরিকত্ব চায়। আবার কোনো দেশ নিজেদের অর্থনীতিকে টিকিয়ে রাখতেই এ ধরনের সুবিধা দিতে পারে। এ ক্ষেত্রে ক্যারিবীয় দ্বীপগুলোর উদাহরণ টেনেছে ইকোনমিস্ট। এই অঞ্চলের দ্বীপগুলো বরাবরই ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যায়। নাগরিকত্বের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের পন্থা এই অঞ্চলের অন্তত পাঁচটি দেশকে টিকে থাকতে সহায়তা করছে।

বিশ্বে পাসপোর্ট বেচাকেনা চলছে এবং এটা বন্ধ হওয়ারও নয়। যেহেতু বিশ্বের আর্থিক ব্যবস্থায় এই প্রকল্পের দ্বিমুখী লাভের বিষয় রয়েছে, তাই এর পরিসর সময়ের সঙ্গে আরও বাড়বে—এটা ধারণা করাই যায়। নিজ দেশের সাধারণ মানুষের সম্মতি থাকলে এতে কোনো সমস্যাও তেমন নেই। কিন্তু প্রশ্ন উঠছে এর মূলনীতিটি নিয়ে। দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন আসার পর অভিবাসনবিরোধী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউরোপীয় দেশগুলোতেও অভিবাসীদের বিরুদ্ধে একধরনের প্রতিক্রিয়া দৃষ্টিগ্রাহ্য হচ্ছে। যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদেরও নানা সমস্যার মুখে ফেলা হচ্ছে। ২০ থেকে ৩০ বছর থাকার পরও দেখা যাচ্ছে বৈধ অভিবাসীদের অনেকের নাগরিকত্বের আবেদন খারিজ করা হচ্ছে। অথচ এই যুক্তরাষ্ট্রই নিষ্ঠার সঙ্গে ইবি-৫ ভিসা দিয়ে যাচ্ছে। এই ভিসা পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে ৫ থেকে ১০ লাখ কিংবা তারও বেশি ডলারের বিনিয়োগ করতে হবে। প্রতিবছর ১০ হাজার ব্যক্তিকে এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়। একসময় বিনিয়োগের মাধ্যমে পাসপোর্ট পাওয়ার সুযোগ কানাডায় অবারিত থাকলেও ২০১৪ সালের পর তা সংকুচিত করা হয়েছে। তবে এখনো কানাডার কুইবেকে এই সুযোগ রয়েছে। ফলে আদতে দরজাটি এখনো আধখোলা। এই সুযোগে ততক্ষণ পর্যন্ত সমস্যা প্রকট হয় না, যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের জন্য বিদ্যমান ব্যবস্থাটি ক্রিয়াশীল থাকে। কিন্তু সাধারণের জন্য থাকা যন্ত্রটিকে অকেজো করে ধনাঢ্যদের যন্ত্রে তেল প্রয়োগ সরাসরি নৈতিকতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে। একই সঙ্গে জন্ম দেয় সংশয়েরও।

আন্তর্জাতিক অভিবাসন পরিষদ (আইএমসি) জানায়, প্রতিবছর বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্বের বেচাকেনা হচ্ছে অন্তত পাঁচ হাজার। সিআরবিআই খাতের প্রতিষ্ঠানগুলো থেকে এখন সরকারি-বেসরকারি দুই ধরনের সংস্থাই সেবা গ্রহণ করে। ব্যক্তিপর্যায়ে এই দুই ধরনের সংস্থার সংযোগ ঘটাতে কাজ করে এ ধরনের প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানগুলোর মূল কাজ হলো নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের অনুমোদন প্রত্যাশী ব্যক্তির মোক্ষ অর্জনে সহায়তা করা। অর্থাৎ তাকে এই লাইনে এগিয়ে দেওয়া, তাকে যেন কম জটিল প্রশ্নের মুখোমুখি হতে হয়, সে বিষয়টি নিশ্চিত করা। বলার অপেক্ষা রাখে না যে তাদের এই সেবার মূল্যও অনেক। ধনাঢ্যরা যখন এমন শর্টকাট মারতে পারছেন, তখন সাধারণেরা আটকা পড়ছেন হাজারো নিয়ম-নীতির গ্যাঁড়াকলে। বছরের পর বছর একটি দেশে অবস্থান করে, নিয়মিত কর পরিশোধ করে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাফ-সুতরো থাকার মধ্য দিয়ে তাকে প্রতিদিনই নিজেকে প্রমাণ করতে হয়। এর বিপরীতে যারা সদম্ভে নানা আনুষ্ঠানিকতাকে পাশ কাটিয়ে নিরাপত্তার ছাঁকনি পেরিয়ে সরাসরি নাগরিকত্ব পেয়ে বসছেন, তাঁরা হয়তো ঝো লো কিংবা মুহল চোকসির মতো কোনো অঘটন ঘটিয়ে এসেছেন। কিন্তু তা দেখতে বয়েই গেছে রাষ্ট্রের। কড়কড়ে নোটের গন্ধে অন্য পূতিগন্ধ বেমালুম হাওয়া হয়ে যায়। এ ক্ষেত্রে রাষ্ট্র অবশ্য কল্যাণ প্রকল্পগুলোর অর্থ জোগানের যুক্তি সামনে আনে। কিন্তু তা ধোপে টেকে না, যখন নিজ দেশের শীর্ষ ধনীদের কর ফাঁকির হাজারটা রাস্তা খোলা রাখা হয়।

বিশ্বের অগণিত সাধারণ মানুষের জন্য এখনো পৃথিবীটা বিশ্বপল্লি হয়ে ওঠেনি। তার সামনে হাজারটা বাধা। এক দেশ থেকে আরেক দেশে ঘাঁটি গাড়া তো দূরের বিষয়, যাওয়াটাই বিরাট হুজ্জতের। এই বাস্তবতায় দাঁড়িয়ে দেশে দেশে সীমানা নামক কৃত্রিম ধারণাটি তুলে দিলে তা নিয়ে কোনো প্রশ্ন থাকত না। কারণ, সেটি হতো সবার জন্য। কিন্তু গুটিকয় সুবিধাপ্রাপ্তের (যাদের অনেকেরই এই সুবিধাপ্রাপ্তিও আবার সোজা পথে নয়) জন্য এটি উন্মুক্ত করা হলে তা বড় সংকটের সৃষ্টি করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সরাসরি একে নিরাপত্তাসংকট হিসেবে চিহ্নিত করেছে। বিশেষত, সাইপ্রাস ও মাল্টার রাশ টেনে ধরার প্রয়োজনীয়তা বোধ করছে তারা। শুধু নিরাপত্তা নয়, এ ধরনের বেচাকেনা যেভাবে সম্প্রসারিত হচ্ছে, তাতে বাজার ও দেশাচার দুইই সংকটে পড়তে পারে। এতে বড় বিপদে পড়তে পারে স্থানীয় লোকজন। কতটা বিপদ আনতে পারে, তা সেইন্ট কিটসের দিকে তাকালে বোঝা যাবে। ১৯৮৪ সাল থেকে বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেওয়া দেশটির বর্তমান জনসংখ্যা ৫০ হাজারের কাছাকাছি, যার প্রায় অর্ধেক হচ্ছে অন্য দেশের। অদূর ভবিষ্যতেই দেশটিতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন সেখানে ভিনদেশি কেউ শাসক হিসেবে বসবেন। তাই নাগরিকত্ব বেচাকেনায় ন্যূনতম হলেও নৈতিকতাকে মূল্য দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা।