পাহাড়ের কান্না শুনতে কি পায় বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই ভাইকে হারিয়ে বোন শীলা দত্ত এখন পাগলপ্রায়। তাঁকে কী বলে সান্ত্বনা দেবেন স্বজনেরা?
দুই ভাইকে হারিয়ে বোন শীলা দত্ত এখন পাগলপ্রায়। তাঁকে কী বলে সান্ত্বনা দেবেন স্বজনেরা?

স্বজন হারানো মানুষের আহাজারিতে পাহাড়ের বাতাস ভারী হয়ে উঠেছে। কোনো পরিবারের একজন, কোনো পরিবারে দুজন বেঁচে আছে। আবার কোনো পরিবারে কেউ বেঁচে নেই। সবাই পাহাড়ের নিচে চাপা পড়ে মারা গেছে। তাদের গলিত, বিকৃত লাশ তোলা হচ্ছে মাটির নিচ থেকে। এই যে স্বজন ও সর্বস্বহারা মানুষগুলো গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে, তার আওয়াজ কি রাষ্ট্রের নির্বাহকদের কর্ণকুহরে পৌঁছাচ্ছে? মনে হয় না। পৌঁছালে এতগুলো মানুষকে বেঘোরে জীবন দিতে হতো না।
খরা-প্লাবন, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস, নদীভাঙন-পাহাড়ধস বাংলাদেশের মানুষের নিত্যসঙ্গী। কিন্তু এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বিপন্ন মানুষকে রক্ষায় যে জোরদার ও সমন্বিত কার্যক্রম দরকার, পূর্বাপর কোনো সরকারই তা নেয়নি। বরং তাদের ভুল নীতি ও পরিকল্পনার কারণেই দুর্যোগ চারদিক দিয়ে আমাদের ঘিরে ধরেছে।
১৩ জুনের পাহাড়ধসে তিন পার্বত্য জেলা ও চট্টগ্রামে প্রায় দেড় শ মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তা ও সদস্য রয়েছেন।
পাহাড়ে ভূমিধসের ঘটনা এই প্রথম নয়। ২০০৭ সালে কেবল চট্টগ্রামেই পাহাড়ধসে ১২৭ জন মারা গিয়েছিল। এরপর ২০১৬ ছাড়া প্রতিবছরই কমবেশি মানুষ মারা গেছে। এর বাইরে কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় পাহাড়ধসে অনেক প্রাণহানি ঘটেছে। কিন্তু সরকারকে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি না। যখনই বিপর্যয় ঘটে, মানুষ মারা যায়, নেতা-নেত্রীরা গরম বক্তৃতা দেন। একে অপরের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন। কিন্তু মৃত্যুর মিছিল বন্ধে নিজেরা কী করেছেন, তা বলেন না। বলার মতো কেউ কিছু করেননি।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রামে পাহাড়ধসের ঘটনা ঘটলে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ দুর্গতদের কাছে ছুটে গিয়েছিলেন, টাস্কফোর্স গঠন করেছিলেন। পাহাড়ের সব অবৈধ স্থাপনা ও বসতি উচ্ছেদ করার ঘোষণা দিয়েছিলেন। সাময়িক উচ্ছেদ হয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে আবার পাহাড়খেকো দানবেরা দখলদারিতে মেতে ওঠে। কিন্তু আমরা সরকার, পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনকে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখি না।
এই যে বারবার পাহাড়ধসের ঘটনা ঘটে, তা কি নিছক প্রাকৃতিক দুর্যোগ? মোটেই না। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুক্ত হয় মানবসৃষ্ট দুর্যোগ। আমরা পাহাড়কে নিজস্ব নিয়মে বাড়তে দিই না, নদীকে নিজস্ব গতিতে চলতে দিই না। আমরা উন্নয়নের নামে, ব্যক্তি ও গোষ্ঠীর আরাম-আয়েশের নামে প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করছি, পাহাড়-বন-নদী হত্যা করে চলেছি। এখন প্রকৃতিও আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নাঈম ওয়ারা বলেছেন, প্রশাসনের ব্যর্থতা ও সীমাবদ্ধতাই পার্বত্য অঞ্চলের মানুষকে সীমাহীন দুর্যোগের মুখোমুখি করেছে।
ভূতাত্ত্বিকদের মতে, গাছপালা কেটে ফেলার পাশাপাশি পাদদেশ কেটে বসতি স্থাপনের কারণেই পাহাড়ধসের ঘটনা ঘটছে। আর শুধু বসতিই বা বলছি কেন, পাহাড় কেটে বানানো হয়েছে সরকারি-বেসরকারি অফিস। পাহাড় কেটে বানানো হয়েছে বড় বড় আবাসন প্রকল্প। বাংলাদেশের পাহাড় মূলত মাটির, পাথরের ভাগ কম। তাই কোনো অংশ কেটে নিলে দ্রুত অন্য অংশে চাপ পড়ে। মানুষ বিশেষ করে ক্ষমতাবান মানুষ আরও ক্ষমতা চায়। জমিওয়ালা আরও জমি চায়। পাহাড়ওয়ালা আরও পাহাড় চায়। বনওয়ালা আরও বন গ্রাস করতে চায়। কিন্তু সরকার সেটি করতে দেবে কেন? এসব ভূমিখোর, বনখোরদের হাত থেকে দেশকে রক্ষা করা যে তাদের দায়িত্ব, সেটি তারা পালন করছে না, সে কথাই প্রতিধ্বনিত হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথায়। তিনি বৃহস্পতিবার লালখান বাজারে পাহাড়ের পাশে ঝুঁকিপূর্ণ বসতি দেখতে গিয়ে বলেছেন, ‘সারা বছর নাকে তেল দিয়ে ঘুমিয়ে মানবিক বিপর্যয় রোধ করা যাবে না।...পাহাড়ধস ঠেকাতে আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এ জন্য সার্বক্ষণিক প্রস্তুতি থাকতে হবে।’
কথাগুলো তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বললে ঠিক আছে। কিন্তু মন্ত্রিসভার সদস্য হিসেবে বললে প্রশ্নটিই তাঁকে ফিরিয়ে দিয়ে বলব, এত দিন করেননি কেন? মন্ত্রী হিসেবে সরকারের সাফল্যের কৃতিত্ব যেমন নেবেন, ব্যর্থতার দায়ও বহন করতে হবে। আর কাদের সাহেব যে রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন, তা নিশ্চয়ই বিএনপিকে লক্ষ করে নয়। কেননা, আট বছর ধরে দৌড়ের ওপর থাকা সেই দলের কোনো নেতা এখন পাহাড় রক্ষার কাজে হস্তক্ষেপ করবেন, তা ভাবা যায় না। অতএব, তাঁকে স্বীকার করতে হবে আওয়ামী লীগ আমলে যদি কেউ পাহাড়ে অবৈধভাবে বসতি স্থাপন করে থাকে, যদি কেউ পাহাড় ধ্বংস করে থাকে, সেটি আওয়ামী লীগের নেতা কিংবা তাঁদের সমর্থকেরাই করছেন।
দেশে পাহাড় রক্ষায় আইন আছে। বন রক্ষার আইন আছে। নদী রক্ষার আইন আছে। আগের কথা যদি আমরা বাদও দিই, গত সাড়ে আট বছরে কারা এসব দখল করে আছে, তার একটি তালিকা করুন। তাঁদের নাম জনসমক্ষে প্রকাশ করুন। সত্য বেরিয়ে আসবে।
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অনেক সাফল্য অর্জন করেছে বলে দাবি করা হয়। কিন্তু এবার হাওরে ও পাহাড়ে তো মানুষের অসহায়ত্ব প্রকটভাবে উপস্থাপিত হয়েছে। দুর্যোগ আক্রান্ত মানুষ নিজেরাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। প্রশাসনকে তারা পাশে পায়নি। যদি পাহাড়ে আইনের যথাযথ প্রয়োগ হতো, যদি পাহাড় বিনাশকারীদের নিবৃত্ত করা যেত, তাহলে পরিস্থিতি এতটা নাজুক হতো না।
বলা হয়, এবার মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে পাহাড়ে ধস নেমেছে। কিন্তু এতগুলো নারী-পুরুষ ও শিশু কেন মারা গেল? একশ্রেণির লোভী মানুষ পাহাড় কেটে বসতি স্থাপন করে সমতল থেকে আসা গরিব মানুষকে সেখানে নিয়ে আসে। এর পাশাপাশি তারা পাহাড়ের যেসব ভারী গাছ ছিল সেগুলোও কেটে ফেলেছে। অনেকে পাহাড় কেটে রাবার চাষ করেছে, তামাক চাষ করেছে। আদা-হলুদ চাষ করেছে। কিন্তু এসবের মাধ্যমে যে পরিবেশগত ভারসাম্য নষ্ট করা হলো, তার জবাব কী। পাহাড় রক্ষায় সরকার স্বল্প বা দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নিয়েছে কি? নেয়নি।
পত্রিকার খবর অনুযায়ী পাহাড়ধসের ঝুঁকি রয়েছে এমন তালিকাও নাকি তিন পার্বত্য জেলা প্রশাসনের নেই। তালিকাই যদি না থাকবে তারা পাহাড় রক্ষা করবে কীভাবে? কয়েক দশক ধরে পাহাড় কাটা হচ্ছে। এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত ধস হচ্ছে। কিন্তু সরকার কিংবা পরিবেশ অধিদপ্তর কিংবা অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত সংস্থা নির্বিকার। মন্ত্রী থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ‘চাকরি’ করে যাচ্ছেন। কোনো সমস্যা হচ্ছে না।
আমাদের প্রশ্ন হলো সবুজ ও সজীব পাহাড়কে ধ্বংসস্তূপে পরিণত করেছে কারা? নিশ্চয়ই যে মানুষগুলো সেখানে আশ্রয় নিয়েছিল, তারা করেনি। কিংবা পাহাড়ের আদি বাসিন্দারাও করেনি। রাঙামাটির সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেখানে পানির সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন। স্থানীয় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসের ভয়াবহতা এতটাই ব্যাপক যে উদ্ধারের তৎপরতা চালানোর ক্ষমতা স্থানীয় প্রশাসনের নেই। কেন্দ্রীয় প্রশাসনের কি আছে? সম্ভবত তাদেরও নেই। এই না থাকার গল্প মানুষকে বারবার ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। সরকার একটু সজাগ থাকলে পাহাড়ধস ঠেকাতে না পারলেও পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষগুলোকে বাঁচাতে পারত।
পার্বত্য চট্টগ্রাম হয়তো সরকারের কাছে অনেক দূরবর্তী স্থান। কিন্তু দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রামের পাহাড় রক্ষায়ও কোনো বাস্তবসম্মত কর্মসূচি দেখা যায় না। অনেক সময় রক্ষকেরাই ভক্ষকের ভূমিকায় নেমেছে। পাহাড় কেটে আবাসনপল্লি গড়ে তুলেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ২০০৬ সালে পাহাড় কেটে প্রতিষ্ঠা করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় অফিস। ২৫ বছরে কেবল চট্টগ্রাম ও এর আশপাশে ২৮ হাজার পাহাড় কাটা হয়েছে। গবেষকদের মতে, গত ৩০ বছরে চট্টগ্রামে আড়াই শতাধিক ছোট-বড় পাহাড় নিশ্চিহ্ন করা হয়েছে। বন্দরনগরীর বিস্তীর্ণ পাহাড় কেটে গড়ে উঠেছে বৈধ-অবৈধ অসংখ্য বসতি। আর এই পাহাড় কেটে নানা স্থাপনা নির্মাণকারীদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রভাবশালী ব্যক্তিরাও আছেন।
২০০৭ সালের বিপর্যয়ের পর তৎকালীন উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিনের নেতৃত্বে যে টাস্কফোর্স গঠন করা হয়েছিল, তারা পাহাড় কাটা বন্ধ ও অবৈধ দখল উচ্ছেদ এবং সুষ্ঠু পানিনিষ্কাশনের সুপারিশ করেছিল। সে সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (রাজস্ব) নেতৃত্বে গঠিত কমিটি পাহাড়ধসের ২৭টি কারণ চিহ্নিত এবং ৪৭টি সুপারিশ করেছিল। যার মধ্যে ছিল পাহাড়ি এলাকায় ১০ কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটার অনুমতি না দেওয়া পাঁচ কিলোমিটারের মধ্যে নতুন হাউজিং স্থাপন নিষিদ্ধ করা। একটি সংস্থা কর্তৃক পাহাড় কাটার অনুমোদনের ব্যবস্থা রহিত করা, পাহাড় লিজ দেওয়া বন্ধ করা, জবরদখলকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের ইত্যাদি।
কিন্তু দুর্ভাগ্যজনক যে গত ১০ বছরে কোনো সুপারিশ বাস্তবায়িত হয়েছে বলে আমাদের জানা নেই। ওই ট্র্যাজেডির পর বছর দেড়েক ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকার। তারা না হয় অনির্বাচিত ও জনগণের প্রতি দায়বদ্ধ ছিল না। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ আওয়ামী লীগ পাহাড়ধস এবং পাহাড়ে অবৈধ বসতি স্থাপন বন্ধে কী ব্যবস্থা নিয়েছে? দেশের অনেক উন্নয়ন হয়েছে বলে মন্ত্রী-নেতারা দাবি করেন। এক সরকার বাংলাদেশকে এশিয়ার ব্যাঘ্রে পরিণত করার কৃতিত্ব দাবি করে, আরেক সরকার নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ, উচ্চমধ্যম আয়ের দেশের খোয়াব দেখায়। কিন্তু পাহাড়ধস থেকে মানুষ রক্ষার কথা কেউ ভাবে না। আসলে শাসককুলের কাছে পাহাড়ের কান্না—যেখানে হতদরিদ্র মানুষেরাই বসবাস করে, পৌঁছায় না।
সবশেষে আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। পাহাড়ধসে দুজন সেনা কর্মকর্তাসহ প্রায় দেড় শ মানুষ জীবন দিলেন। তারপরও রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হলো না। তাহলে কতজন মারা গেলে শোক পালন করা হবে?
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]