
বাংলাদেশের মানুষের জন্য এবারের ঈদটি নানা কারণে ব্যতিক্রম। ঈদের আগে প্রস্তাবিত বাজেটে জনগণের ওপর করের বাড়তি বোঝা চাপানো হয়েছে। প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে। চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধসে দেড় শ লোক মারা গেছেন। সেই দুর্যোগ মোকাবিলা করে যাঁরা বেঁচে আছেন, তাঁরাও মানবেতর জীবনযাপন করছেন। এর আগে হাওরে ভয়াবহ বন্যায় ব্যাপক ফসল ও সম্পদ ধ্বংস হয়, যার ধকল হাওরবাসী এখনো কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু কোনো কিছুই আমাদের মানবতাকে জাগ্রত করতে পারেনি। বিপন্ন মানুষগুলোকে নিয়ে যতটা রাজনৈতিক তর্ক হয়েছে, ততটা কাজ হয়নি। একে অপরের ওপর দোষা চাপিয়ে আত্মরক্ষার চেষ্টা করছি। কিন্তু পাহাড়ের মানুষগুলোকে বাঁচাতে কার্যকর কোনো পদক্ষেপ নিইনি।
তারপরও ঈদ আসে। ঈদে ঘরমুখী মানুষকে প্রতিবার ভোগান্তিতে পড়তে হয়। এবারে ভোগান্তিটা আরও বেশি হবে ধারণা করি। আসলে স্বল্প সময়ে এত বিপুলসংখ্যক মানুষের যাতায়াতে যে অবকাঠামো, লোকবল ও যানবাহন থাকা দরকার, তা আমাদের নেই। ট্রেন হতে পারত এ ক্ষেত্রে বড় সহায়। কিন্তু সড়ক পরিবহন মালিকদের সুবিধা করতে আমরা রেললাইন সংকুচিত করে ফেলেছি। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ‘দেশ’-এ যায়। ‘দেশ’ বলতে তাঁদের কাছে ঢাকা নয়, নিজের জন্মভূমি, বাপ-দাদার বাড়ি।
এ হলো মুদ্রার এক পিঠ। অপর পিঠ হলো কিছুসংখ্যক মানুষের ঈদবিলাস। ঈদের ছুটিতে অনেকে বিদেশে বেড়াতে যান। নতুন জায়গা দেখতে, নতুন পরিবেশ ও মানুষের সঙ্গে পরিচিত হতে। ঘর থেকে বের হয়ে গোটা বিশ্ব দেখার বাসনা তাঁদের। ২১০টিরও বেশি দেশ ও অঞ্চলে বাংলা ভাষাভাষী মানুষ ছড়িয়ে আছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, ছয় বছরে বাংলাদেশে ৩১ লাখ ২২ হাজার পর্যটক এসেছেন। রাজনীতি ও পরিবেশটা ভালো থাকলে আরও বেশি বিদেশি পর্যটক আসতেন। এটি আনন্দের সংবাদ।
কিন্তু ভাবতে অবাক লাগে, এই বাংলাদেশেরই একশ্রেণির মানুষ ঈদ-পার্বণে বাইরে যান শুধুই কেনাকাটা করতে। দেশে তৈরি পণ্য, দেশে তৈরি পোশাক তাঁদের পছন্দ নয়। ঈদ তাঁদের কাছে শুধু আনন্দ নয়; বিলাস। পত্রিকার খবর অনুযায়ী, ভারতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে ঈদের কেনাকাটা করছেন অনেকে। ভারতে গিয়ে শপিংয়ের এ মনোভাব কেবল উচ্চবিত্তে নয়, মধ্যবিত্তকেও গ্রাস করেছে। প্রতিদিন দেশের হাজার হাজার মানুষ ঈদ উপলক্ষে শপিং করতে ছুটছেন কলকাতার বিগ বাজারসহ বিভিন্ন মার্কেটের উদ্দেশে। দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের মতে, বাংলাদেশের ঈদের বাজার অনেক বড়। এ দেশেই নামীদামি সব ধরনের পোশাক পাওয়া যায়। তবু ঈদ এলে মানুষ ছুটে যান ভারতে বা সিঙ্গাপুরে। (সূত্র: বাংলা ট্রিবিউন)
এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন কয়েক দিন আগে প্রথম আলোর কার্যালয়ে এসেছিলেন একটি গোলটেবিল বৈঠকে যোগ দিতে। তিনিও আক্ষেপ করে বললেন, ভারত ভিসা সহজ করায় বাংলাদেশের বাজারে ঈদের কেনাকাটা এবার অনেক কমে গেছে। বড় বড় শপিং মলে ভিড় কম। যাঁরা বিদেশে ঈদবাজার করতে যান, তাঁদের প্রায় সবাই শিক্ষিত, সচ্ছল ও দেশপ্রেমে কাতর মধ্যবিত্ত শ্রেণির মানুষ। গরিব বা নিম্নমধ্যবিত্ত বিদেশে কেনাকাটা করতে যাবেন না। আমাদের মধ্যবিত্তের এই পরজীবী মানসিকতা কোনোভাবেই মানা যায় না।
অতীতে বাংলাদেশের প্রায় সব অর্জনের পেছনে মধ্যশ্রেণি বা মধ্যবিত্তের অবদানই বেশি ছিল। তখন মধ্যশ্রেণির পরিধি ছোট হলেও সমাজ মনন ও মানস বিকাশে অনেক বেশি ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন থেকে উনসত্তরের গণ-অভ্যুত্থান। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে স্বৈরাচারের পতন—সব ক্ষেত্রে মধ্যশ্রেণি অগ্রণী ভূমিকায় ছিল। কিন্তু পরবর্তী গণতান্ত্রিক শাসনামলে তাদের মধ্যে সুবিধাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে এবং নীতিনৈতিকতার আকাল দেখতে পাই।
বাংলাদেশ অনেক ক্ষেত্রেই স্বাবলম্বী হয়ে উঠেছে। বিশেষ করে মানুষের মৌলিক চাহিদা যেমন—খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উপকরণ তৈরি। বাংলাদেশ আজ উন্নত মানের পোশাক তৈরি করছে। নতুন ডিজাইন ও আঙ্গিকের। প্রতি ঈদেই দেখি নতুন ডিজাইনের পোশাক আসছে। আগে দু-চারটি ফ্যাশন প্রতিষ্ঠান ছিল। এখন অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আড়ং ও গ্রামীণের পোশাক, কুমিল্লার খাদির খ্যাতি বিশ্বব্যাপী। বিবি রাসেলের ডিজাইন বাইরের দুনিয়ায় দারুণভাবে সমাদৃত। খ্যাতি আছে ঢাকাই জামদানি ও টাঙ্গাইল শাড়িরও। দেশীয় পোশাকের প্রসার বাড়াতে একযোগে কাজ করছে ‘দেশি দশ’। প্রথম আলোর ‘নকশা’ থেকে আমরা জানতে পারি, ঈদের পোশাকে কত বৈচিত্র্য এসেছে, কত নতুনত্ব এসেছে। রঙে ও ডিজাইনে। তাহলে ঈদের পোশাক কিনতে কেন আমাদের বাইরে যেতে হবে?
আমাদের একশ্রেণির মানুষ, যাঁদের আমরা উচ্চবিত্ত বলি, তাঁদের চোখ থাকে সব সময় বিদেশে। তাঁদের পছন্দ বিদেশি পোশাক, বিদেশি পণ্য। তাঁরাই কানাডা, মালয়েশিয়ায় গড়ে তোলেন ‘বেগমপাড়া’। ঈদে-পূজায়, বিয়েতে তাঁরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া কিংবা আবুধাবিতে বাজার করবেন, এটাই স্বাভাবিক।
কিন্তু অবাক হই যখন দেখি ঈদ উপলক্ষে মধ্যবিত্তরাও বিদেশি বাজারে হুমড়ি খেয়ে পড়েন। কলকাতার বাজারগুলো তাঁদের পদচারণে সরগরম থাকে। গত বছর ঈদ উপলক্ষে দেড় লাখেরও বেশি লোক ভারতে গিয়েছিলেন ঈদের বাজার করতে। এবারের সংখ্যাটি আরও বেশি হবে। কেননা, গত বছর ভিসার ক্ষেত্রে যে কড়াকড়ি ছিল এবার তা উঠে গেছে। এখন বাংলাদেশি নাগরিকেরা সহজে ভারতীয় ভিসা পাচ্ছেন। আগে আগমন-নির্গমনের ক্ষেত্রে বন্দর নির্দিষ্ট করা থাকত। এখন সেটিও নেই। এই নিয়ম দুই দেশের জন্যই প্রযোজ্য। মানুষে মানুষে যোগাযোগ যত বাড়বে দ্বিপক্ষীয় সম্পর্ক তত জোরদার হবে।
কিন্তু এর সঙ্গে বাজার-সদাইয়ের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। ভারত থেকেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ বাংলাদেশে আসেন। কিন্তু তাঁদের হাতে থাকে একটি ছোট্ট হাতব্যাগ। কোনো বাড়তি লাগেজ থাকে না। ঢাকাই জামদানি বা শখের কোনো পণ্য ছাড়া তেমন কিছু কেনেন না। আর বাংলাদেশ থেকে যেসব মধ্যশ্রেণির মানুষ যান, মনে হয় তাঁরা কলকাতার নিউমার্কেটটা নিয়ে আসতে পারলে খুশি হতেন। দেশে ভালো পোশাক তৈরি না হলে কথা ছিল। কিন্তু ভালো পণ্য তৈরি হওয়ার পরও এই বিদেশমুখিতা আমাদের মানসিক দীনতার কথাই মনে করিয়ে দেয়। আমরা নিজেদের যতই দেশপ্রেমিক ভাবি না কেন, কাজে তার প্রমাণ পাওয়া যায় না। একটি দেশ তখনই স্বাবলম্বী হয়, যখন সেই দেশের মানুষ দেশীয় পণ্যকে ভালোবাসেন। বিশ শতকের শুরুতে মহাত্মা গান্ধী শুরু করেছিলেন। ভারতীয়রা সেই ঐতিহ্য মেনে চললেও আমরা ভুলে গেছি।
এবার যাঁরা বিদেশে ঈদ-বাণিজ্য করতে গেছেন, একবারও কি তাঁদের দেশের ওই বিপন্ন মানুষগুলোর কথা মনে পড়ল না? তাঁরা অন্তত দেশীয় উৎপাদকদের কথা ভাবতে পারতেন। কত টাকায় একটি পণ্য কেনা হয়েছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, সেই পণ্যের সঙ্গে স্থানীয় শ্রমিক, উৎপাদক, সরবরাহকারী, কাঁচামাল প্রদানকারী—সবার জীবন ও জীবিকা জড়িত। কতিপয় মানুষের ঈদবিলাসের জন্য তাঁদের জীবন-জীবিকা বন্ধ হয়ে যেতে পারে। হয়তো যুক্তি দেখানো হয়, ভারতে অনেক সস্তায় পোশাক পাওয়া যায়। কিন্তু তাঁরা কখনো ভাবেন না দেশি পোশাক-কাপড় বেশি বেশি কিনলে এখানেও অনেক কম দামে সেগুলো বিক্রি হতো। ভারত যখন ভালো গাড়ি বানাতে পারেনি, তখন অ্যাম্বাসেডর ছিল তাদের প্রধান বাহন। আর আমরা নতুন মডেলের বিদেশি গাড়ি আমদানি করছি অনেক আগে থেকে। একেই বলে গরিবের ঘোড়ারোগ।
আমেরিকা-ইউরোপের ভোক্তারা বাংলাদেশি পোশাক কিনে পরেন। বড় আয়োজনেও তাঁরা বাংলাদেশ থেকে খেলোয়াড়দের জার্সি ইত্যাদি কিনে নেন। আর আমরা ঈদের পোশাক কিনতে কলকাতা-দিল্লি, মুম্বাই, সিঙ্গাপুর, ব্যাংকক যাই। এই বৈপরীত্য থেকে বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশ কখনোই স্বাবলম্বী হতে পারবে না। তাই পরনির্ভরতার জন্য অন্যকে দোষারোপের আগে আমাদের উচিত, একবার আয়নায় নিজের মুখ দেখা।
বাংলাদেশ থেকে ভারতে যাঁরা যান, তাঁদের ৮০ শতাংশই চিকিৎসাসেবা প্রার্থী। এরপর শিক্ষার্থী ও পর্যটক। কিন্তু এই পর্যটকদেরও বেশির ভাগ বৈচিত্র্যপূর্ণ ভারতকে দেখতে যান না। যান ভ্রমণের নামে সুটকেস ভর্তি করে কেনাকাটা করতে। মাসখানেক আগে দার্জিলিং থেকে ফেরার পথে কলকাতায় নিউমার্কেটের কাছে একটি হোটেলে ছিলাম দুদিন, যার ৯০ শতাংশ গ্রাহক ছিলেন বাংলাদেশের। আর আশপাশের রেস্তোরাঁয় কোনো ভারতীয়কে দেখিনি। সবাই বাংলাদেশি। যাঁরা সেখানে চিকিৎসার জন্য যান, তাঁরাও ফেরার পথে বিশাল বিশাল সুটকেস নিয়ে আসেন। সেখানে মুদ্রাবিনিময় প্রতিষ্ঠানগুলোতে দেদার বাংলাদেশি টাকা কেনাবেচা হচ্ছে। কোনো কোনো দোকানে বাংলাদেশি টাকা নেওয়া হয়, শুনেছি। আমরা যে হোটেলে ছিলাম, সেখানেই এক ব্যবসায়ী পরিবারের সঙ্গে আলাপ হলো। মুম্বাইয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য। ফেরার পথে কলকাতায় যাত্রাবিরতি করেছেন ঈদের কেনাকাটা করতে। দেশীয় পণ্যে যেন ঈদ হবে না। এই হলো আমাদের মধ্যবিত্তের মানসিকতা। এমনকি সেমিনার-ওয়ার্কশপে যাঁরা যান, তাঁদেরও বেশির ভাগই আসার পথে ব্যাগ ভর্তি করে মালামাল আনেন। সেমিনার উপলক্ষ মাত্র, লক্ষ্য কেনাকাটা। এই মানসিকতা থেকে আমরা কবে বেরিয়ে আসতে পারব?
ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]