পিতা-মাতার ভরণপোষণ ও কন্যাসন্তানের দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এমডিজি) নারীশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এ সাফল্য থাকার পরও, ইউনিসেফের মতে ঝরে পড়া ও ভর্তি না হওয়া মিলিয়ে সর্বমোট ১৫ লাখ বিদ্যালয়গামী মেয়েশিক্ষার্থী রয়েছে বাংলাদেশে। তবে মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সমতা নিশ্চিত করতে বাংলাদেশকে আরও কিছু পথ পািড় দিতে হবে। ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী প্রত্যেক ১০ জন ছেলের বিপরীতে ছয়জন মেয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে। পরিবর্তনটা এক দিনে না হলেও আত্মপ্রসাদে ভোগার সুযোগটা নেই বললেই চলে।
নারীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা রয়েছে, সে নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে পিতা–মাতাকে ভরণপোষণের অধিকারের সঙ্গে নারী তথা দেশের অর্ধেক জনগোষ্ঠীর উচ্চশিক্ষা, শ্রমবাজারে প্রবেশ এবং সামষ্টিক অর্থনীতিতে তাদের ভূমিকা যে জড়িত, তা নিয়ে খুব একটা আলোচনা চোখে পড়ে না। নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিতকরণে সামাজিক সচেতনতা সবচেয়ে বড় ভূমিকা রাখে ঠিকই, কিন্তু আইনগত বাধ্যবাধকতার প্রশ্নটিও আরও জোরালোভাবে সামনে আনা উচিত। সংবিধানে নারীর কাজের সুযোগ ও সমতা নিশ্চিত করে আইন রয়েছে, যদিও বাস্তবায়ন পর্যায়ে সে আইনগত সুবিধা এখনো অনিশ্চিত। কিন্তু নারীদের তাদের পিতা-মাতার ভরণপোষণ অধিকার দিয়ে শক্তিশালী আইন হওয়া দরকার।
ছেলেদের ক্ষেত্রে এ ধরনের কোনো আইন দরকার হয় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আইন হলেও মেয়েরা এই অধিকার পাবে কি না বলা যায় না। সামাজিক রীতিটা দঁাড়িয়েছে এমন যে ছেলেরা আয় করবে, তাই তারা তাদের পিতা-মাতাকে দেখাশোনা করতে পারবে, মেয়েরা আয় করে না, তাই সে অধিকার তাদের নেই। দীর্ঘদিন এ প্রক্রিয়া চলার ফলে এখন এটা ‘গ্রহণযোগ্য’ নিয়মে পরিণত হয়েছে। কিন্তু বাস্তবতা আর আগের মতো নেই। এখন বহু নারী স্বাবলম্বী এবং তারা আয়-রোজগার করছেন। পরিসংখ্যানগত হারের বেশির ভাগ পোশাকশ্রমের সঙ্গে জড়িত হলেও অন্যান্য পেশার ক্ষেত্রে অনেক উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। কিন্তু বিয়ের পর পিতা-মাতাকে আর্থিকভাবে দেখাশোনা করার সুযোগ তঁারা অনেকাংশেই পান না। এটা সামাজিক ব্যবস্থার ত্রুটি। অনেক পরিবারে হয়তো স্বামী তঁার স্ত্রীকে বাধা দেবেন না, কিন্তু তার পরও একজন নারী সেটা করতে অস্বস্তি বোধ করেন। পিতা-মাতাও সেটা চান না লোকজন কী ভাববে সেটা চিন্তা করে। এটা নারী হয়ে জন্মানোর ফলে সমাজে যেসব অসম্মান ও বৈষম্য নারীরা ভোগ করেন, তার মধ্যে অন্যতম।
নারীদের পিতা–মাতাকে ভরণপোষণের অধিকারের সঙ্গে জন্মনিয়ন্ত্রণ ও নারীর প্রাতিষ্ঠানিক শিক্ষা উভয়ই ওতপ্রোতভাবে জড়িত। অনেক পিতা–মাতা ছেলেসন্তান কামনা করেন যেন বার্ধক্যে তাদের দেখাশোনা করার কেউ থাকে। সেটা আর্থিকভাবে এবং পাশে থেকে দেখাশোনা করা—দুভাবেই হতে পারে। বংশের নাম বহন করাও অন্যতম কারণ। সে জন্য ছেলে না হওয়া পর্যন্ত অনেকে সন্তান নিতে থাকেন। আমার পরিচিত এক দম্পতি ছেলেসন্তানের আশায় একে একে নয়টি সন্তান নেন। কারণ, তার আগের সবগুলোই মেয়েসন্তান ছিল।
মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে পিতা–মাতার ভরণপোষণ জড়িত। কারণ, মেয়েদের উচ্চশিক্ষার বিরোধিতার ক্ষেত্রে অনেকে ভেবে থাকেন, মেয়েদের বিয়ে দিলে পড়াশোনার আর কোনো মূল্য থাকবে না। চাকরি করলেও তা অন্যের সংসারেই যাবে। যদিও এ অবস্থার কিছুটা পরিবর্তন এখন চোখে পড়ে, কিন্তু গ্রাম-শহরনির্বিশেষে মানসিকতার খুব একটা পরিবর্তন হয়েছে বলা যাবে না।
সম্প্রতি এক গবেষণার কাজে ঘূর্ণিঝড় আইলাদুর্গত এলাকা সাতক্ষীরার গাবুরা ইউনিয়নে গিয়েছিলাম। সেখানে এক নারীর সঙ্গে কথা হয়। তঁার তিন মেয়ে। বড় মেয়ে ক্লাস থ্রিতে পড়ে। তিনি মেয়েদের পড়াতে আগ্রহী, কিন্তু হতাশ এই ভেবে যে এদের পড়িয়ে কোনো লাভ হবে না। কারণ, কিছুদিন পর বিয়ে দিতে হবে। এ ছাড়া আশপাশের লোকজনও সব সময় মেয়েদের পড়াশোনাকে নিরুৎসাহিত করে। এই নারীর মতোই মেয়েসন্তানদের পড়াশোনা এবং শেষ জীবনে নিজেদের ভরণপোষণ নিয়ে বেশির ভাগ পিতা–মাতা দুশ্চিন্তাগ্রস্ত। কেউ বলেন, অন্যরা হয়তো বলেন না মুখ ফুটে। কিন্তু এর জন্য কি এসব পিতা–মাতাকে দোষ দেওয়া যায়? ‘গ্রহণযোগ্য’ সামাজিক ব্যবস্থা কি এর জন্য দায়ী নয়?
তবে এর উল্টো চিত্র কম হলেও পাওয়া যায়। একই গ্রামের মোছা. রেবেকা খাতুন (৪৮) একজন বিধবা, যিনি সকাল ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত দিনমজুরির কাজ করেন। এতে দৈনিক ১০০ টাকা পান। প্রত্যেক দিন আবার কাজ পান না। এর ফলে গড়ে মাসে দুই হাজার বা আড়াই হাজার টাকা আয় করেন। ঘরে এক পঙ্গু মা। তঁার মেয়ে শ্যামনগর ডিগ্রি কলেজে বিএ দ্বিতীয় বর্ষে পড়ে। সেখানে থেকেই সে পড়াশোনা করে। গাবুরা গ্রামে লবণাক্ততার ফলে খাওয়ার পানির ভয়াবহ সংকট। তিন কিলোমিটার দূর থেকে পানি আনতে হয়। কিন্তু এই বয়সের রেবেকার জন্য এটা অসম্ভব। আবার ভ্যানে করে আনলে এক কলসি পানি আনতে ২৫ টাকা খরচ হয়। তা ছাড়া তঁার এক দিনের আয় নষ্ট হয়ে যায়। পানি না খেয়েও থাকা যায় না। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি মেয়ের জন্য প্রতি মাসে দেড় হাজার টাকা পাঠান। তঁার সহজ স্বীকারোক্তি, ‘মেয়েকে বিয়ে দিলে সে আমাকে দেখতে পারবে না। কিন্তু সে তো ভালো থাকবে।’ হ্যাঁ, সব মা সন্তানের সুখের কথাই ভাবেন। কিন্তু সমাজের কি এমন সব বাবা-মায়ের জন্য করার কিছু নেই? সামাজিক এ অন্যায্যতার দায় এড়ানোর ভার কি শুধুই রেবেকাদের? নারীর সম–অধিকার ও নারীমুক্তি আন্দোলনের অন্যতম শর্ত হলো নারীর অর্থনৈতিক মুক্তি। সেদিক থেকে যদিও বাংলাদেশে বিপুলসংখ্যক কর্মজীবী নারী রয়েছে, কিন্তু বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের মতে, এখনো বহুসংখ্যক নারী তাঁর অর্জিত আয় খরচের স্বাধীনতা পান না।
মেয়েদের আয়রোজগারের অধিকার দিয়ে যেমন আইন করা হয়েছে, তেমনি পিতা–মাতাকে দেখাশোনা করার সুযোগ দিয়েও আইন করা দরকার এবং সেটার সঠিক বাস্তবায়ন দরকার। সম্প্রতি পিতা–মাতাকে ভরণপোষণ বাধ্যতামূলক করে আইন করা হয়েছে। কিন্তু পিতা–মাতাকে দেখাশোনা না করলে সন্তানের বিরুদ্ধে সচরাচর আইনি ব্যবস্থা পিতা–মাতা নিতে চাইবেন না। তবে নারীদের পিতা–মাতার ভরণপোষণের অধিকার দিয়ে আইনটি এদিক থেকে ভিন্ন হবে। এখানে সন্তান আগ্রহী হওয়ার পরও পিতা–মাতাকে আর্থিকভাবে দেখাশোনা করার অধিকার সে পাচ্ছে না। নিয়মটি যদি এমন হয় যে মেয়েদেরও আয় করলে তার পিতা–মাতাকে দেখাশোনা করতে হবে, তাহলে পিতা–মাতা এবং সন্তান দুজনেরই সামাজিক সংকোচটা আর থাকবে না। কারণ এটাই তখন নিয়ম, যেমন ছেলেদের জন্য পিতা–মাতাকে দেখাশোনা করাটা স্বাভাবিক ঘটনা। অন্যথায় নারীর ক্ষমতায়ন এবং এর সঙ্গে সম্পৃক্ত সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অনেক কঠিন হয়ে পড়বে। ছেলেরা পিতা–মাতাকে দেখাশোনা করার সুযোগ পেলেই যে তা করে তার কোনো নিশ্চয়তা নেই। এমন ঘটনা সমাজে অহরহ পাওয়া যায়। কিন্তু মেয়েরা এমন সুযোগ পেয়ে করছে না, সে উদাহরণ পাওয়া দুষ্কর।
খলিলউল্লাহ্: জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস) ও সহকারী সম্পাদক, প্রতিচিন্তা।
[email protected]