কাঠগড়ায় নিক্সন-কিসিঞ্জার

রিচার্ড নিক্সন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ১৯৬৯ সালের ২০ জানুয়ারি থেকে ১৯৭৪ সালের ৯ আগস্ট পর্যন্ত। তাঁর নিরাপত্তা উপদেষ্টা ছিলেন হেনরি কিসিঞ্জার। তাঁরা বিশ্বকে কীভাবে দেখেছেন, সমসাময়িক বিশ্ব তাঁদের কীভাবে মূল্যায়ন করেছে, সেই সব উঠে এসেছে টিম ওয়েনারের ওয়ান ম্যান অ্যাগেইনস্ট দ্য ওয়ার্ল্ড: ট্র্যাজেডি অব রিচার্ড নিক্সন বইয়ে।
চিলির স্বৈরশাসক আগাস্তো পিনোশে ক্ষমতা ত্যাগের আগে নিজের দায়মুক্তি দিয়ে গেলেও ১৯৯৮ সালের ১০ অক্টোবর লন্ডন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে স্পেনিশ আদালতের একটি পরোয়ানার ভিত্তিতে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ব্রিটিশ সরকার তাঁকে চিলিতে পাঠিয়ে দেয়।
দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতনের সুনির্দিষ্ট ঘটনায় মামলা দায়ের করা হয়। জনমতের চাপে তিনি নিজেকে যে আজীবন সিনেটর ঘোষণা করেছিলেন, সেই পদ থেকেও সরে যেতে হয় তাঁকে। তাঁকে একাধিকবার গৃহবন্দী করা হয়। ২০০৬ সালের ১০ ডিসেম্বর ৯১ বছর বয়সে পিনোশে যখন মারা যান, তখন মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাঁর বিরুদ্ধে ৩০০ ফৌজদারি অপরাধের মামলা চলছিল।
কিন্তু এই স্বৈরশাসককে কে তৈরি করেছে? কারা তাঁকে ক্ষমতায় বসিয়েছে। এ প্রশ্নের সরল ও সহজ উত্তর, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসন। আরও নির্দিষ্ট করে বললে রিচার্ড নিক্সন ও কিসিঞ্জার।
১৯৭২ সালের মার্চে প্রেসিডেন্ট নিক্সন ও তাঁর প্রেস সেক্রেটারি রন জিগলারের মধ্যে যে টেলিফোন কথোপকথন হয়, তার লিখিত রূপ পাওয়া যায় মার্কিন হেফাজতখানায়। এখানে সারাংশ তুলে ধরছি:
নিক্সন: তুমি কী করেছ? রন, চিলির আইটিটি সম্পর্কে কি তুমি কিছু বলেছ? কীভাবে তুমি সামাল দিয়েছ?
রন জিগলার: পররাষ্ট্র দপ্তর আজ সেটি সামাল দিয়েছে।
নিক্সন: ওহ্, তারা করেছে!
জিগলার: হ্যাঁ, স্যার।
নিক্সন: তারা কী করেছে? এটি করতে অস্বীকার করেছে?
জিগলার: তারা অস্বীকার করেছে। কিন্তু তারা সাবধান যে কীভাবে কোরির বিবৃতিকে সামাল দেবে। কেননা, তাদের ভয় ছিল যে এটি হিতে বিপরীত হতে পারে।
২০১৩ সালে প্রকাশিত এই কথোপকথন সম্পর্কে জাতীয় নিরাপত্তা আর্কাইভের পিটার কর্নব্লুহকে জিজ্ঞাসা করা হলে বলেন: নিক্সন ও কিসিঞ্জার সালভাদর আলেন্দের বিরুদ্ধে একটি অপরিপক্ব অভিযান চালিয়েছিলেন। সিআইএকে নিক্সন বললেন চিলির অর্থনীতিকে অস্থিতিশীল করতে এবং যত বেশি সংখ্যক মানুষকে ব্যবহার করা যায়। প্রথম পরিকল্পনা ভেস্তে গেলে নিক্সনের কাছে যান কিসিঞ্জার এবং বলেন, আলেন্দে এখন প্রেসিডেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর সঙ্গে সহাবস্থানের কথা চিন্তা করছে। কিন্তু মার্কিন সরকারের কেউই তাঁর সাফল্য মেনে নিতে পারছিলেন না। অন্যান্য দেশও সমাজতান্ত্রিকদের নির্বাচিত করলে বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে এবং তা যুক্তরাষ্ট্রের স্বার্থকে চ্যালেঞ্জ করবে।
পিটার কর্নব্লুহ লিখেছেন: চিলি থেকে সবে আমি ফিরে এসেছি। সেখানে আমি অনেকগুলো টিভি শো করেছি। প্রত্যেকে বলেছেন, পিনোশের আমলে সংঘটিত গণহত্যার জন্য আমরা আমাদের দেশের মানুষকে জবাবদিহি করার চেষ্টা করছি। কিন্তু হেনরি কিসিঞ্জারকে কেন জবাবদিহি করা হবে না? চিলির গণহত্যায় যুক্তরাষ্ট্র যে ভূমিকা রেখেছে, তার জন্য কেন তাদের জবাবদিহি চাওয়া হবে না?
পিনোশের ফাইলে প্রকাশিত তথ্য-প্রমাণে দেখা যায়, আলেন্দেকে উৎখাত করার ব্যাপারে এককভাবে কিসিঞ্জারই গুরুত্বপূর্ণ ব্যক্তি। অভ্যুত্থানের এক দিন পরের ঘটনা। একজন সহযোগী এসে কিসিঞ্জারকে বললেন, ‘আমি খবর পেয়েছি, রাস্তায় ১০ হাজার মৃতদেহ পড়ে আছে। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে।’ জবাবে কিসিঞ্জার বলেন, ‘যাও, কংগ্রেসকে গিয়া বলো, চিলির সাবেক সরকার নয়, নতুন সরকার আমাদের স্বার্থের জন্য ভালো।’
১৯৭৬ সালে পিনোশের সঙ্গে কিসিঞ্জারের বৈঠকের আগে তাঁকে সহযোগী যখন বললেন, তাঁর উচিত পিনোশেকে মানবাধিকার লঙ্ঘন না করতে বলা। তিনি সেটি না করে সামরিক শাসককে বললেন, ‘আলেন্দেকে উৎখাত করে আপনি আমাদের জন্য মহৎ কাজ করেছেন। আমরা আপনাকে সমর্থন করতে চাই। আঘাত করতে চাই না।’
আর ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর চিলির অভ্যুত্থানের পর নিক্সন ও কিসিঞ্জারের কথোপকথনটি ছিল এ রকম:
নিক্সন: এ ঘটনায় আমাদের হাত তো দৃশ্যমান ছিল না। তাই নয় কি?
কিসিঞ্জার: আমরা এটা করিনি। (অর্থাৎ যুক্তরাষ্ট্র সরাসরি অভ্যুত্থান ঘটায়নি)।
উদারপন্থী মার্কিন গণমাধ্যমগুলোতে চিলির অভ্যুত্থান নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এ ব্যাপারে নিক্সন দৃষ্টি আকর্ষণ করলে কিসিঞ্জার বলেন: ‘ওহ, উদারপন্থী গণমাধ্যম! কমিউনিস্ট সরকার উৎখাত হওয়ায় তারা বিচলিত হচ্ছে।’
সালভাদর আলেন্দে ক্ষমতায় ছিলেন তিন বছরেরও কম সময়। কিন্তু তাঁর রাজনৈতিক সংগ্রাম দীর্ঘদিনের। ১৯৫৮ সালে তিনি প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান মত্র ৩ শতাংশ ভোটের ব্যবধানে। ১৯৬৪ সালের নির্বাচনের আগে সিআইএ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মধ্যপন্থী এডওয়ার্ড ফ্রেইর পেছনে কাঁড়ি কাঁড়ি ডলার না ঢাললে আলেন্দেই জয়ী হতেন।
১৯৭০ সালের নির্বাচনের আগে কিসিঞ্জার এক বিবৃতিতে বলেন, ‘একটি দেশ কমিউনিস্টদের দখলে চলে যেতে বসেছে সে দেশেরই দায়িত্বহীন মানুষের জন্য। আর বিষয়টি শুধু বসে দেখার কোনো যুক্তি থাকতে পারে না।’
সিআইএর প্রচারণা সত্ত্বেও বাস্তবতা আড়াল করা যায়নি। অভ্যুত্থানের নৃশংসতায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে এবং হোয়াইট হাউসেও আতঙ্ক দেখা দেয়। ১৯৭৩ সালের ১৬ নভেম্বর কিসিঞ্জারের কাছে গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট দেয়, তাতে জান্তার নিপীড়নমূলক চরিত্র আরও প্রকট হয়ে পড়ে। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টেই নিহত, নির্যাতন ও গুমের সংখ্যা ২৩ হাজারে পৌঁছায়।
১৯৭৫ সালের ১ জুলাইয়ে জাতীয় নিরাপত্তা কমিটিতে পাঠানো গোপন নথিতে দেখা যায়, চিলিতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মার্কিন দূতাবাসের ভেতরেই ‘বিদ্রোহ’ ঘটেছে। সান্তিয়াগোতে মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তা লিখিত অভিযোগ জানান। যদিও রাষ্ট্রদূত ডেভিড পপার সামরিক জান্তাকে সহায়তা অব্যাহত রাখার পক্ষে ছিলেন।
এ ঘটনা একাত্তরে বাংলাদেশে আর্চার ব্লাডের টেলিগ্রামের কথাই স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে ব্লাড ও তাঁর সহকর্মীরা পররাষ্ট্র দপ্তরকে পাকিস্তানি সরকারকে সমর্থন না জানানোর অনুরোধ করেছিলেন।
তবে এ–ও ঠিক যে চিলির সামরিক জান্তার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধুচন্দ্রিমা স্থায়ী হয়নি। নিক্সনের পদত্যাগের পর জেরাল্ড ফোর্ড দায়িত্ব নেওয়ার পর ১৯৭৫ সালের গ্রীষ্মকালে পিনোশে যুক্তরাষ্ট্র সফরের আগ্রহ প্রকাশ করলে হোয়াইট হাউসের কর্মকর্তারা রাষ্ট্রদূত পপারকে পিনোশের সফরের ব্যাপারে নিরুৎসাহিত করতে বলেন।
আগামীকাল: যুদ্ধ জিইয়ে রাখতেই ‘শান্তি সংলাপ’
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]