পিপিপিকে বিরতি দেওয়া হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর করাচিতে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিরুদ্ধে পরিচালিত সেনা অভিযানের পর আসিফ আলী জারদারি ১৮ মাস স্বেচ্ছানির্বাসনে ছিলেন, সম্প্রতি তিনি পাকিস্তানে ফিরেছেন। কিন্তু সেনা কর্তৃপক্ষ আসিফের আগমনকে স্বাগত জানাতে তাঁর ব্যবসায়িক সহযোগী আনওয়ার মজিদের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। ব্যাপারটা কি জারদারির জন্য অলক্ষুনে? জারদারি নিজের আকাঙ্ক্ষার কথা ঘোষণা দিয়েছেন, সন্তান বিলাওয়ালসহ তিনি সিন্ধু প্রদেশের পিপিপির ঐতিহ্যবাহী আসন থেকে নির্বাচন করবেন। পিতা-পুত্র অন্যান্য সমমনা দলকে নিয়ে নওয়াজ শরিফের বিরোধী রাজনীতি করতে চান। এ ব্যাপারটাও কি জারদারির জন্য অলক্ষুনে?
ইমরান খান জারদারির রাজনৈতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কিন্তু সংসদের ভেতরে ও বাইরে তিনি যে প্রকৃত বিরোধী নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেই ভূমিকা ছাড়ার মতো মনোভাব তাঁর নেই। এটা কি জারদারি ও নওয়াজ শরিফের জন্য অলক্ষুনে?
জারদারির জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, পাকিস্তানে থাকার জন্য তাঁকে একটি রাজনৈতিক ছাতার নিচে আশ্রয় নিতে হবে। একই সঙ্গে ২০১৮ সালের নির্বাচনের প্রাক্কালে তাঁকে রাজনীতি নিয়ে খেলতে হবে। সামরিক কর্তৃপক্ষ যদি তাঁকে লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দেয় বা তাঁকে আবারও পালাতে সহায়তা করে, তাহলে তাঁদের আবারও চিন্তা করতে হবে। জারদারি মূলত দুটি কৌশলী হিসাবের ভিত্তিতে চুপচাপ এক জায়গায় থাকছেন। এর একটি হচ্ছে সিন্ধু প্রদেশে সেনাবাহিনীর আগের নীতি জারি থাকবে—এমন ইঙ্গিত সত্ত্বেও নওয়াজ শরিফের নতুন সেনাপ্রধান খুব সম্ভবত জারদারিকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করবেন না, সাবেক সেনাপ্রধান ড. আসিম হুসাইনের সঙ্গে যা করেছিলেন। সে রকম কিছু করা হলে তা পিপিপিকে অবমাননা করার শামিল হবে। এতে যেমন তাঁকে সংসদীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা হবে, তেমনি তাঁকে ইমরান খানের বিক্ষোভমুখর রাজনীতির কোলে উঠতে ঠেলে দেওয়া হবে।
এটা করা হলে রাজনৈতিক ব্যবস্থা যেভাবে অস্থিতিশীল হবে, তাতে নওয়াজ শরিফই আহত হবেন। সে কারণে স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নেসার আলী খান যা-ই বলুন বা ভাবুন না কেন, নওয়াজ শরিফ সম্ভবত নতুন সেনাপ্রধান ও আইএসআইয়ের প্রধানের কাছে এ বিষয়ে তাঁর মনের কথা বলেছেন। দুই প্রধানই নতুন, ফলে রাজনীতির খেলায় তাঁদের পক্ষে হেসেখেলে প্রধানমন্ত্রীর উপদেশ অগ্রাহ্য করাটা একটু বেশি তাড়াহুড়া হয়ে যাবে। এই দুই খাকি পোশাকধারী যদি এটা না করেন, তাহলে ব্যাপারটা তাঁদের জন্য খুব খারাপও হবে না। কারণ, রাজনীতিবিদদের সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার কৌশলটা ব্যর্থ হয়েছে। মূলত দুটি কারণে এমনটা হয়েছে; যার একটি হচ্ছে সামরিক বাহিনীর আইনি সক্ষমতা এই পর্যায়ের নয় যে, তারা ড. আসিম হুসাইনের মতো মানুষের বিচার সফলভাবে সম্পন্ন করতে পারে, জারদারির বিচারের তো প্রশ্নই ওঠে না। আরেকটি কারণ হচ্ছে সেনাবাহিনী সব প্রদেশে এই অভিযান চালাতে না পারায় মানুষ এর মধ্যে বৈষম্যের গন্ধ খুঁজে পেয়েছে। তারা মনে করে, কাউকে ফাঁসানোর জন্য এই অভিযান চালানো হয়েছে, সে কারণে মানুষের কাছে এই অভিযানের গুরুত্ব হ্রাস পেয়েছে।

>নওয়াজ শরিফের পিএমএলএনের কুখ্যাতি আছে, তারা যখন ভালো অবস্থায় থাকে তখন ঘাড়ে চেপে বসে, আর যখন তাদের অবস্থা খারাপ হয়, তখন মাটিতে গড়াগড়ি খায়

তাই ব্যাপারটা মোটেও কাকতালীয় নয় যে জারদারির উল্লিখিত ইচ্ছা প্রকাশের পর শরিফ দ্রুতই নতুন আইএসআইয়ের প্রধান ও চৌধুরী নেসার আলীর সঙ্গে দেখা করেছেন। এটা ঠিক, এই দুই ভদ্রলোককে নওয়াজ কী উপদেশ দিয়েছেন তা ঠাহর করার জন্য রকেটবিজ্ঞান জানার প্রয়োজন নেই: পিপিপিকে একটু বিরতি দিন। নওয়াজ মাওলানা ফজল উর রহমানকে জারদারির সঙ্গে আপসরফায় ভূমিকা পালন করার অনুরোধ জানানোর পরপরই যে তাঁর সঙ্গে বৈঠক করেছেন তাতে পরিষ্কার বোঝা যায়, তিনি কোন পথে এগোচ্ছেন।
পিপিপি চারটি দাবি উত্থাপন করেছে: জাতীয় নিরাপত্তার জন্য সংসদীয় কমিটির পুনর্গঠন, পূর্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ, সিইপিসিসংক্রান্ত প্রস্তাব বাস্তবায়ন, যেটা জারদারির আয়োজিত সর্ব দল সম্মেলনে গ্রহণ করা হয়েছিল ও সিনেট অনুমোদিত পানামা ইনকোয়ারি বিলের যে খসড়া পিপিপি প্রণয়ন করেছিল, তা বাস্তবায়ন। কথা হচ্ছে এই চারটি দাবির মধ্যে তিনটি নিয়ে নওয়াজ শরিফের গুরুতর সমস্যাটা থাকা উচিত নয়। তিনি প্রথম দুটি মেনে নিতে পারেন, আর তৃতীয় দাবি নিয়ে আপস করতে পারেন। এই তিনটি দিয়েই জারদারিকে অগ্নিগর্ভ ইমরান খানের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যাবে, অর্থাৎ তাঁকে বোঝানো যাবে।
এখন পর্যন্ত নওয়াজবিরোধী আন্দোলন থেকে ইমরান খান পাওনার চেয়েও বেশি পেয়েছেন। এখন জারদারি ও বিলাওয়ালের দায়িত্ব সামলাবেন, আর খুব সম্ভবত তাঁরা ভালো করবেন। পিতা জারদারি চুক্তি করতে ওস্তাদ, যেখানে পুত্র অবিবেচকভাবে গণমাধ্যমের প্রিয়পাত্রে পরিণত হয়েছেন। পিতা পুত্রের এই গুণ কাজে লাগিয়ে গণমাধ্যমের সমর্থন লাভ করবেন।
যখন শরিফ ও জারদারি সংসদে বন্ধুত্বসুলভ ঢঙে ধাক্কাধাক্কি করবেন, সম্ভবত তখন মানুষের নজর থাকবে সুপ্রিম কোর্টের ওপর, সেখানে ভবিষ্যতে কী হয়। ইমরান খান নতুন প্রধান বিচারপতির ওপর চাপ প্রয়োগের নীতিতে সফল হয়েছেন। প্রধান বিচারপতি সাকিব নিসার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, তিনি ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠভাবে বিচার পরিচালনা করবেন। সত্য হচ্ছে, বিচারপতি নিসার যে এভাবে বিবৃতির মাধ্যমে মনের কথা বলতে বাধ্য হলেন (রায়ের মাধ্যমে নয়), তাতে বোঝা গেল, বিচার বিভাগের উচিত, আইন ও জনপ্রিয় রাজনীতির সম্পর্ক নিয়ে অনেক কথা বলা।
নওয়াজ শরিফের পিএমএলএনের কুখ্যাতি আছে, তারা যখন ভালো অবস্থায় থাকে তখন ঘাড়ে চেপে বসে, আর যখন তাদের অবস্থা খারাপ হয়, তখন মাটিতে গড়াগড়ি খায়। নতুন সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে, যিনি এখনো অনধিকারচর্চা করেননি। ফলে ক্ষমতাসীন দলের সামনে ভালো সুযোগ এসেছে, তারা ভোটারদের কাছে যে অঙ্গীকার করেছিল, তা এখন বাস্তবায়ন করতে পারবে। কিন্তু তারা যদি সেনাপ্রধানের সঙ্গে খামোখা ঝগড়াবিবাদ লাগায়, তাহলে তারা এ সুযোগটি হারাবে, যেটা তারা আগের সেনাপ্রধানের সঙ্গে করেছিল।
অনুবাদ: প্রতীক বর্ধন, পাকিস্তানের দ্য ফ্রাইডে টাইমস থেকে নেওয়া।
নাজাম শেঠি: পাকিস্তানি সাংবাদিক।