যেকোনো বিপ্লব বা রাজনৈতিক ঘটনাকে দুভাবে দেখা যায়। একটি হলো মুক্তিকামী মানুষের চোখ দিয়ে, অপরটি হলো পুঁজিবাদী—সাম্রাজ্যবাদী, এককথায় শোষক-শ্রেণির চোখ দিয়ে। বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশেই অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদ্যাপিত হচ্ছে মানবমুক্তির সংগ্রামে নতুন করে প্রেরণা সৃষ্টির লক্ষ্যে। ৯ নভেম্বর প্রথম আলোয় হাসান ফেরদৌস লিখেছেন, ‘শতবর্ষে রুশ বিপ্লব, ভিন্ন চোখে’। ভিন্ন চোখে তো বটেই। তিনি লিখেছেন, পুঁজিবাদী-সাম্রাজ্যবাদীদের চোখ দিয়ে অথবা তাদের বিপ্লববিরোধী কুৎসা ও অপপ্রচার দ্বারা প্রভাবিত হয়ে। তাই এই বিপ্লবের মধ্যে দেখেছেন ‘স্বৈরতান্ত্রিক একনায়কত্বের’ আবির্ভাব।
অক্টোবর বিপ্লব এবং এর পরবর্তী সমাজতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বুর্জোয়া অপপ্রচারের নানা কৌশল আছে। তার মধ্যে একটি হলো এটা প্রচার করা যে বিপ্লব-পরবর্তী রাশিয়ায় নাকি বহু মানুষকে হত্যা করা হয়েছে। হত্যার বিবরণ দিতে গিয়ে হাসান ফেরদৌস বেশ নাটকীয়ভাবে উপস্থাপন করেছেন গোলাম আম্বিয়া লুহানির মৃত্যুর দৃশ্য, মনে হয় যেন তিনি পাশে দাঁড়িয়ে থেকে সেই দৃশ্য অবলোকন করেছেন। তাঁর সরবরাহকৃত হত্যার যে বিরাট সংখ্যা আমরা পাচ্ছি, তাতে বিশ্বাস রাখার কারণ নেই। যেসব সূত্র তিনি ব্যবহার করেছেন, সেসবেরও কোনো বিশ্বাসযোগ্যতা নেই। অক্টোবর বিপ্লবের মহান নেতা লেনিন এবং রাশিয়ায় সমাজতন্ত্রের নির্মাতা মানবমুক্তির আরেক মহানায়ক স্তালিন সম্পর্কে যে চিত্র তিনি দিয়েছেন, তাতে মনে হয়, নিষ্ঠুরতা ও হত্যা করাই যেন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য।
পৃথিবীর বহু বড় মাপের শিল্পী, কবি, লেখক, দার্শনিক, বৈজ্ঞানিক, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী অথবা সৎ সত্যনিষ্ঠ সাংবাদিকের নাম উল্লেখ করা যেতে পারে; যাঁরা লেনিন-স্তালিন মতাদর্শের অনুসারী না হয়েও সোভিয়েত দেশের সমাজতন্ত্র দেখে মুগ্ধ হয়েছেন। কারণ, তাঁরা দেখেছেন মানবিকতার চোখ দিয়ে অথবা উদারনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে। সমাজতান্ত্রিক সোভিয়েত সমাজের সাম্য, মৈত্রী, বৈষম্যহীনতা ও মানবিক দিকটাই তাঁদের আকৃষ্ট করেছিল।
১৯৩০ সালে স্তালিন আমলেই রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়া ভ্রমণ করে এতই অভিভূত হয়েছিলেন যে, তিনি এই ভ্রমণকে তীর্থ দর্শনের মতো পবিত্র মনে করেছেন। সমাজতান্ত্রিক বিনির্মাণকে তিনি ‘পৃথিবীর সবচেয়ে বড় ঐতিহাসিক যজ্ঞের অনুষ্ঠান’ বলে বিবেচনা করে তার বিভিন্ন দিকের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘যেটা আমার চোখে ভালো লেগেছে, সে হচ্ছে এই ধনগরিমার সম্পূর্ণ তিরোভাব।’ (রাশিয়ার চিঠি)
রবীন্দ্রনাথের চোখ ওপরে উল্লেখিত ‘ভিন্ন চোখ’ নয়, বরং মানবিকতার চোখ।
একইভাবে অক্টোবর বিপ্লবের মতাদর্শের সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে থেকেও ইংল্যান্ডের খ্রিষ্টধর্মের প্রধান যাজক ডিন অব ক্যান্টরবারি রেভারেন্ড হিউলেট জনসন রাশিয়া ভ্রমণ করে বিস্ময়াবিষ্ট হয়ে বলেছিলেন, ‘যিশুখ্রিষ্ট যা করার কথা বলে গেছেন সোভিয়েত ইউনিয়ন তার নাগরিকদের জন্য ঠিক তা-ই করেছে।’ স্তালিনের মৃত্যুর পর ১৯৫৩ সালের ১৮ এপ্রিল এক স্মারক বক্তৃতায় তিনি স্তালিন সম্পর্কে বলেছেন, ‘স্তালিন নেতা, কিন্তু অন্য ধরনের। শক্তি-ভয় দেখিয়ে নয়, তিনি ক্ষমতায় এসেছেন শিক্ষক, বৈজ্ঞানিক এবং সংগঠকের বৈশিষ্ট্য নিয়ে।’ তিনি বলেছেন, স্তালিনের নেতৃত্বে ‘সকল জাতি পেয়েছিল স্বাধীনতা, গতিসঞ্চার ঘটেছিল এশিয়াজুড়ে উত্থিত জাতীয়তাবাদী আন্দোলনে’।
স্তালিনের মৃত্যুর পর ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহর লাল নেহরু প্রায় একই কথা বলেছিলেন স্তালিন সম্পর্কে, ‘যখন যুদ্ধ বাধত, তখন তিনি (স্তালিন) নিজেকে বিশাল যোদ্ধা হিসেবে প্রমাণ করেছেন, কিন্তু সব সময় তিনি প্রভাব বিস্তার করতেন শান্তির সপক্ষে।...এই হলো সেই মানুষ, যিনি তাঁর জীবনকালে অসংখ্য মানুষের সঙ্গে প্রীতি, ভালোবাসার এক মৈত্রী বন্ধন রচনা করেছেন।’
হাসান ফেরদৌসের মতে, সোভিয়েত-ব্যবস্থাকে ‘বিশ্বের সেরা গণতান্ত্রিক ব্যবস্থা’ দাবি করা নাকি হাস্যকর। কারণ তাঁর মতে, ওটা ছিল নাকি ‘স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র’। কিন্তু বিশ্ববিখ্যাত সমাজবিজ্ঞানী দম্পতি সিডনি ওয়েব ও বিয়েত্রিচ ওয়েব তিরিশের দশকে রাশিয়ায় তিন মাস অবস্থান করে এবং গভীর গবেষণা করে নতুন সভ্যতা নামে যে দুই খণ্ডে গ্রন্থটি রচনা করেছেন, সেখানে তাঁরা সোভিয়েত-ব্যবস্থাকে কেবল ‘রাজনৈতিক গণতন্ত্র’ বলেননি, তাঁরা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট অথবা ব্রিটেনের প্রধানমন্ত্রী স্তালিনের চেয়ে অনেক বেশি স্বৈরাচারী। তাঁরা সোভিয়েত সমাজকে ‘নতুন সভ্যতা’ বলে অভিহিত করেছিলেন। তাঁদের এই গ্রন্থ সম্পর্কে নোবেল বিজয়ী নাট্যকার ও লেখক জর্জ বার্নার্ড শ লিখেছিলেন, ‘মার্কিন ব্রিটিশরা এ পর্যন্ত কমিউনিস্ট রাশিয়া সম্পর্কে যা বলেছে, তা ছিল মিথ্যার বেসাতি। ওয়েব দম্পতি এই দুই খণ্ডে এই প্রথম আমাদের দিলেন সোভিয়েত রাষ্ট্রের প্রথম বৈজ্ঞানিক বিশ্লেষণ...এবং দ্বিধাহীন চিত্তে সোভিয়েত-ব্যবস্থাকে এক নতুন সভ্যতা বলে ঘোষণা করেছেন। এই বই তাঁদের জীবনের শ্রেষ্ঠ কীর্তি।’
বিখ্যাত ফরাসি সাহিত্যিক রমাঁ রোলাঁও সোভিয়েত-ব্যবস্থাকে নতুন সভ্যতা বলে স্বাগত জানিয়েছিলেন। ইংরেজ পণ্ডিত অধ্যাপক হেরাল্ড জে লাস্কি ১৯৪৯ সালে লেখা লিবার্টি ইন মডার্ন স্টেট গ্রন্থে সোভিয়েত ইউনিয়নকে ‘নতুন সভ্যতার অগ্রদূত’ বলে অভিহিত করেছেন, যার রয়েছে প্রভূত পরিমাণ বস্তুগত (ম্যাটেরিয়াল) ও আত্মিক (স্পিরিচুয়াল) অর্জন।
এই অর্জনের খুবই সংক্ষিপ্ত তালিকা এখানে উল্লেখ করা যেতে পারে। অক্টোবর বিপ্লবই প্রথম নারীর ভোটাধিকারসহ নারী-পুরুষের সমানাধিকার আইনগতভাবে ও বাস্তবে প্রতিষ্ঠা করেছিল। তখনো পর্যন্ত ইউরোপ ও আমেরিকার কোনো দেশে নারীর ভোটাধিকার ছিল না। সোভিয়েত ইউনিয়নে পতিতাবৃত্তি ছিল না। ছিল না বর্ণবৈষম্য অথবা জাতিগত নিপীড়ন। অন্যদিকে গত শতকের ষাটের দশক পর্যন্ত আমেরিকায় বর্ণবাদ ভয়াবহ আকারে ছিল। এমনকি কালো মানুষদের গাছের সঙ্গে ঝুলিয়ে চামড়া ছিলে হত্যার ঘটনা ছিল অনেক, যাকে বলা হয় লিনচিং। এ জন্য প্রতিবাদী লেখক মার্ক টোয়েন যুক্তরাষ্ট্রের নাম দিয়েছিলেন ‘ইউনাইটেড লিনচিং স্টেট’। সোভিয়েত ইউনিয়নের অস্তিত্বের কারণে পরাধীন দেশসমূহ দ্রুত স্বাধীনতা লাভ করেছিল। অক্টোবর বিপ্লবের দশম বার্ষিকীতে স্তালিন যথার্থই বলেছেন, সোভিয়েত রাষ্ট্র হলো দুনিয়ায় সকল নিপীড়িত মানুষের মুক্তিসংগ্রামের সবচেয়ে নির্ভরযোগ্য ঘাঁটি।
লাস্কি যে বস্তুগত অর্জনের কথা বলেছিলেন, তা-ও ছিল বিস্ময়কর। সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রের পথে যাত্রা শুরু করেছিল ১৯২৮ সাল থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে। এটা ছিল সেই সময়, যখন সমগ্র পুঁজিবাদী দুনিয়ায় চলছিল ভয়াবহ মন্দার কাল। তখন একমাত্র নিউইয়র্ক শহরেই না খেতে পেরে মারা গিয়েছিল দুই হাজার বেকার মানুষ। আর সেই সময় সোভিয়েতের প্রবৃদ্ধির হার ছিল প্রায় ১২ শতাংশ। আরও উদাহরণ দেওয়া যায়। সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজের কাছেই হিটলারের নাৎসি জার্মানি পরাজিত হয়েছিল। এভাবে সোভিয়েত ইউনিয়নই ভয়াবহ ফ্যাসিবাদের থাবা থেকে মানবসভ্যতাকে রক্ষা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সর্বাধিক। পাশ্চাত্যের অর্থনীতিবিদেরা বলেছিলেন, যুদ্ধ-পূর্ব অর্থনৈতিক অবস্থানে আসতে সোভিয়েত ইউনিয়নের লাগবে কম করে হলেও ৫০ বছর। কিন্তু যুদ্ধ-পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদের অর্ধেক সময়ের মধ্যেই সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ-পরবর্তী অবস্থানে আসতে সক্ষম হয়েছিল, তা-ও আবার কোনো বৈদেশিক ঋণ বা সাহায্য ছাড়াই। এতে পুঁজিবাদের তুলনায় সমাজতন্ত্রের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়।
বিজ্ঞান, শিল্পকলা, এমনকি ক্রীড়াক্ষেত্রেও সোভিয়েত ইউনিয়নের অর্জন ছিল অসামান্য। সোভিয়েত ইউনিয়নে প্রত্যেক নাগরিকের জীবনের মৌলিক চাহিদা (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা) পূরণ করা সম্ভব হয়েছিল এবং সবারই ছিল শিক্ষা-চিকিৎসার ক্ষেত্রে সমান সুযোগ। পাশ্চাত্যের জগৎ ‘জনকল্যাণ রাষ্ট্রের’ ধারণা নিয়ে আসতে বাধ্য হয়েছিল সোভিয়েতের প্রভাবকে ঠেকিয়ে রাখার জন্য।
পুঁজিবাদ হলো শোষণমূলক ব্যবস্থা। অন্যদিকে সমাজতন্ত্র হলো সামাজিক মালিকানাভিত্তিক শোষণহীন, বৈষম্যহীন ব্যবস্থা।
অবশ্য প্রশ্ন উঠতে পারে, এত বড় বিজয়, এত সাফল্য ও এত অর্জন সত্ত্বেও ৭০ বছর পর কেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। কেন ও কীভাবে পুঁজিবাদ ফিরে এল তার নোংরা চেহারা নিয়ে? এই প্রশ্নের উত্তরে সংক্ষেপে এটুকু বলতে পারি, সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের নীতির কোনো পতন ঘটেনি। বিপ্লবের কয়েক যুগ পরে পরবর্তী প্রজন্মের রাষ্ট্রনায়ক ও পার্টির নেতারা নিজেরাই সমাজতন্ত্রের পথ থেকে সরে গিয়েছিলেন।
ইতিহাসের পাতা ঘেঁটে আমরা দেখেছি, ফরাসি দেশে রাজতন্ত্রের বিরুদ্ধে প্রজাতন্ত্রের লড়াই ১৭৮৯ থেকে ১৮৫২ সাল পর্যন্ত কতবার ওঠানামা করেছে। অক্টোবর বিপ্লবের আগেই ১৯১৬ সালেই লেনিন বলেছিলেন, (জুনিয়াস প্যাম্পুপ্লেট, রচনাসমগ্র, ইংরেজি, মস্কো, খণ্ড ২২, পৃষ্ঠা ৩১০) ‘বিশ্ব ইতিহাসের ধারা মাঝেমধ্যে বড় রকমের পশ্চাদপসরণ ছাড়া একটানা মসৃণ পথে সব সময় সামনের দিকে অগ্রসরমাণ হবে—এই রকম মনে করা হবে দ্বন্দ্ববাদকে অস্বীকার করা এবং তা হবে অবৈজ্ঞানিক ও পরিপূর্ণরূপে ভ্রান্ত।’
এ কথা হয়তো-বা বলা যেতে পারে, শুধু পাশ্চাত্যের বুর্জোয়া মহলই নয়, সোভিয়েত ইউনিয়নের একসময়ের নেতা নিকিতা ক্রুশেভ এবং পরবর্তী সময়ে মিখাইল গর্বাচেভও স্তালিন আমলে রাষ্ট্রীয় নির্যাতন ও হত্যা হয়েছিল বলে প্রচার চালিয়েছিলেন। হাসান ফেরদৌসও তাঁদের কথা উল্লেখ করেছেন। উত্তরে বলব, ইতিহাসের সত্যনিষ্ঠ পাঠক কখনোই এই দুই নেতার বক্তব্যকে গুরুত্ব দিতে পারেন না। স্তালিনের জীবদ্দশায় ক্রুশ্চেভ স্তালিনের যে ধরনের স্তুতি করেছেন (শুধু ভয়ে হলে অন্তত নীরব থাকতেন) এবং মাত্র কয়েক বছর পর ঠিক উল্টো যে ধরনের কুৎসা করেছেন, তাতে ক্রুশ্চেভের নৈতিক মান খুব উঁচু ছিল বলেই মনে হয় না। পরবর্তী সময়ে ক্রুশ্চেভ পার্টির নেতৃত্ব থেকে অপসারিত হয়েছিলেন। আর সোভিয়েত পার্টির শেষ সাধারণ সম্পাদক মিখাইল গর্বাচেভ নিজেই পার্টিকে নিষিদ্ধ করলেন এবং সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টুকরো টুকরো করে দিলেন। এই দুই নেতা সমাজতন্ত্রের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন।
সবশেষে বলতে চাই, যে পাশ্চাত্যের পুঁজিবাদপন্থী রাজনীতিবিদ ও পণ্ডিতেরা পররাজ্য দখলকে সমর্থন জোগান, নিজ দেশে শ্রমিকশ্রেণি ও প্রতিবাদী মানুষের ওপর রাষ্ট্রীয় নির্যাতনের বেলায় নিশ্চুপ থাকেন এবং যাঁরা সমাজতান্ত্রিক শিবির ও শান্তিকামী মানুষ কর্তৃক উত্থাপিত পরিপূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবির প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন, তাঁদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রাম নামের মতোই শোনায়।
অক্টোবর বিপ্লব এখনো কোটি কোটি শ্রেণিসচেতন শ্রমিক ও নিপীড়িত মানুষকে সংগ্রামের জন্য অনুপ্রেরণা জোগায়। বুর্জোয়া অপপ্রচার ও কুৎসা সত্ত্বেও অক্টোবর বিপ্লবের চেতনাকে ম্লান করে দিতে পারবে না।
হায়দার আকবর খান রনো: রাজনৈতিক বিশ্লেষক। সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।