প্রেসিডেন্ট ওবামা যে ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছিলেন, তাঁরা সপরিবারে স্বদেশে ফিরে গেছেন।
ওবামা যেদিন বহিষ্কারের ঘোষণা দেন, সেদিনই প্রায় তাৎক্ষণিকভাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ হুমকি দিয়েছিলেন, ক্রেমলিন পাল্টা জবাব দেবে। কিন্তু তারপর প্রেসিডেন্ট পুতিন বললেন, রাশিয়া এখনই কোনো পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর রাশিয়ার ব্যাপারে মার্কিন নীতি কী হয়, তা দেখার জন্য মস্কো অপেক্ষায় থাকবে।
পুতিনের এই সিদ্ধান্তকে ট্রাম্প বলেছেন ‘ভেরি স্মার্ট’।
ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ওবামা প্রশাসন ও তাঁর গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়া ও পুতিনের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে এবং পদক্ষেপ নিয়েছে, সেগুলোর সবই গুরুতর। প্রেসিডেন্ট ওবামা তাঁর শেষ সংবাদ সম্মেলনে নিজের মুখে রাশিয়ার যে সমালোচনা করেছেন, তা অনেকটা লোকরঞ্জনবাদী নেতাদের মতো। তিনি বলেছেন, ‘রাশিয়া আমাদের বদলাতে পারবে না, খুব বেশি কাহিল করতে পারবে না। তারা আমাদের চেয়ে ছোট। তারা আমাদের চেয়ে দুর্বল। তাদের অর্থনীতি কিছুই উৎপাদন করতে পারে না যা কেউ কিনতে চায়, শুধু তেল-গ্যাস আর অস্ত্র ছাড়া। তারা কোনো কিছু উদ্ভাবন করতে পারে না।’
ওবামা প্রশাসনের এসব কথা রুশিদের কাছে ক্ষণস্থায়ী মনে হতে পারে। কারণ হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা ওবামার উল্টো। ট্রাম্প সুযোগ পেলেই পুতিনের প্রশংসা করছেন। ওবামা-হিলারি ‘নির্বাচন হ্যাক’ করার যে কালিমা পুতিন ও রাশিয়ার গায়ে লাগাতে চাইছেন, ট্রাম্প তা বারবার মুছে দেওয়ার চেষ্টা করছেন। সর্বশেষ নববর্ষের আগের সন্ধ্যায় তিনি মার্কিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হ্যাকিং সম্পর্কে আমি অনেক কিছু জানি। হ্যাকিং প্রমাণ করা খুবই কঠিন কাজ। এটা হয়তো অন্য কেউ করেছে (অর্থাৎ রাশিয়া করেনি)।’
এর সপ্তাহ দেড়েক আগে ওবামা প্রশাসন ইউক্রেনের প্রসঙ্গ নতুন করে তুলে রাশিয়ার ওপর আরও অবরোধ আরোপের সিদ্ধান্ত ঘোষণা করলে ট্রাম্প মন্তব্য করেছিলেন, আমেরিকানদের উচিত নিজেদের জীবনযাত্রার মান উন্নত করা, রাশিয়ার ওপর অবরোধ চাপানো নয়।
ট্রাম্পের এসব কথাবার্তা রুশিদের কানে যে মধু ঢেলে দিচ্ছে, তার ফলে ওবামা-হিলারির তিতা গালাগাল তাদের কাছে অর্থহীন বলে মনে হতে পারে। তারা অপেক্ষা করছে ২০ জানুয়ারির জন্য, সেদিন ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।
আমরা যারা এই রুশ-মার্কিন দ্বৈরথের উৎসুক দর্শক, তাদের ধারণা হতে পারে: পুতিন ও ট্রাম্পের মধ্যকার দৃশ্যমান সুসম্পর্ক অচিরেই রুশ-মার্কিন বৈরিতার অবসান ঘটাতে যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে রাশিয়ার জনগণ আমেরিকায় এবার একজন বন্ধু প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বলে ভীষণ খুশি। তারা ভাবছে রাশিয়ার ওপর থেকে আমেরিকার সব অবরোধ উঠে যাবে, রুশ অর্থনীতি চাঙা হয়ে উঠবে, রুবলের দাম তরতর করে বাড়তে থাকবে, ইত্যাদি। অন্যদিকে আমেরিকায় যাঁরা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন, যাঁরা মনে করেন যে সারা দুনিয়ার মাতব্বরি করে বেড়ানোর বদলে আমেরিকার উচিত নিজের চরকায় তেল দেওয়া, তাঁদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প সেটাই করবেন।
যদি দুই পক্ষের এসব ভাবনা বাস্তব হয়ে ওঠে তাহলে পৃথিবীর অনেক জ্বলন্ত সমস্যার অবসান ঘটবে। কারণ, এখনো রুশ-মার্কিন সম্পর্কই বৈশ্বিক রাজনীতির সবচেয়ে বড় প্রভাবক। কিন্তু রুশ ও মার্কিন জনসাধারণের প্রত্যাশাগুলো পূরণ হওয়া প্রায় অসম্ভব। যদিও দুই দেশের মধ্যকার চলমান তিক্ততার একটা সাময়িক অবসান হয়তো ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর ঘটবে, কিন্তু বিরোধের সম্পূর্ণ অবসান ঘটা অত্যন্ত কঠিন।
আমাদের মনে আছে, ২০০৮ সালে বারাক ওবামা যখন প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব খারাপ যাচ্ছিল। ওবামার আগের বুশ প্রশাসন রাশিয়ার ককেশীয় অঞ্চলের সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র জর্জিয়াকে উসকে দিয়ে দক্ষিণ ওসেতিয়া ও আবখাজিয়ায় জর্জিয়ার সামরিক আগ্রাসন ঘটিয়েছিল—এ রকম অভিযোগ করে রাশিয়া আমেরিকার ওপর ভীষণ ক্ষুব্ধ হয়েছিল। শেষমেশ রাশিয়া ও জর্জিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধ বেধে গিয়েছিল। তা ছাড়া বুশ প্রশাসনের আমলে রাশিয়ার পশ্চিম সীমান্তজুড়ে ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোতে ন্যাটোর সম্প্রসারণ ঘটেছিল। বুশ প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি, ইরাকের যুদ্ধ ইত্যাদি কারণে রুশ-মার্কিন সম্পর্ক ইয়েলৎসিন-ক্লিনটনের আমলের মতো ভালো ছিল না।
বুশের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে বিশ্বজুড়ে শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠার অঙ্গীকার করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বারাক ওবামা। তখন তাঁর ঘোষিত নীতি ছিল রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা (ওবামা ‘রিসেট’ শব্দটা ব্যবহার করতেন)। সেই একই ওবামা প্রেসিডেন্টের মেয়াদ শেষ করছেন রাশিয়া ও তার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলতে বলতে। আজ যে ডোনাল্ড ট্রাম্পের মুখে বিশ্ববাসী রুশ প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা শুনতে পাচ্ছে, তাঁকেও যে ওবামার পথেই হাঁটতে হবে না এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না।
ট্রাম্প-পুতিন সম্পর্ক টেকসই হওয়ার পথে যে বাস্তব বাধাগুলো রয়েছে, তার অন্যতম প্রধান হলো ক্রিমিয়া ও ইউক্রেন এবং তারই সূত্র ধরে ন্যাটো। পুতিন অনেকবার বলেছেন, সোভিয়েত ইউনিয়নের বিলোপকে তিনি শতাব্দীর সবচেয়ে বড় ‘জিওপলিটিক্যাল ব্লান্ডার’ বা ভূরাজনৈতিক ভুল বলে মনে করেন। সোভিয়েত ইউনিয়নের বিলোপের সঙ্গে সঙ্গে ওয়ারশ জোট ভেঙে গেছে। কিন্তু রয়ে গেছে তার প্রবল প্রতিপক্ষ ন্যাটো। ন্যাটো শুধু রয়ে গেছে বললে খুবই কম বলা হবে। ন্যাটো এখন চারদিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়াকে। ন্যাটো বাহিনীর ট্যাংক এখন লাতভিয়া-লিথুনিয়ার রাস্তায়, হাঙ্গেরি-পোল্যান্ডের সীমান্তে। ইউরোপিয়ান মিসাইল সিস্টেমের প্রধান টার্গেট রাশিয়া। ওদিকে তুরস্কের ইনজিরলিকে সোভিয়েত আমলে আমেরিকানদের তৈরি করা সামরিক ঘাঁটিতে সরকারি হিসাবে ৫০টি আর বেসরকারি হিসাবে ২০০টি পারমাণবিক ওয়ারহেডসহ মিসাইল মোতায়েন আছে রাশিয়ার দিকে তাক করে।
রাশিয়া ক্রিমিয়া ‘দখল’ করে নিতে বাধ্য হয়েছে যখন সে দেখতে পেয়েছে, ন্যাটো ইউক্রেনকে ব্যবহার করে কৃষ্ণসাগরের রুশ প্রাধান্যের অঞ্চল পর্যন্ত সম্প্রসারিত হওয়ার চেষ্টা করছে। ক্রিমিয়ার সেভাস্তোপোলে রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগরীয় ঘাঁটির আশপাশে ন্যাটোকে ঘেঁষতে দেবে না রাশিয়া। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর কি রাশিয়াকে ঘিরে ন্যাটোর সম্প্রসারণ-তৎপরতা বন্ধ হবে? আমেরিকার একজন রুশ–বিশারদের একটা উক্তি এই প্রসঙ্গে মনে পড়ে গেল। স্টিফেন কোহেন নামের এই ভদ্রলোক ক্রিমিয়া সংকটের সময় মার্কিন সম্প্রচারমাধ্যমে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের জন্য যা ভূরাজনৈতিক খেলা (জিওপলিটিক্যাল গেম), সেটা রাশিয়ার জন্য অস্তিত্ব রক্ষার লড়াই।
সুতরাং রুশ-মার্কিন সম্পর্ক স্বাভাবিক করতে হলে প্রথমে রাশিয়াকে তার অস্তিত্ব রক্ষার লড়াই থেকে মুক্তি দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প কি সেটা করবেন? আমেরিকার রাজনৈতিক-সামরিক-অর্থনৈতিক ক্ষমতাব্যবস্থা কি তাঁকে সেটা করতে দেবে?
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]