
অন্তত ছয়টি সংকটের কারণে ইউরোপের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। সেই কারণগুলো হলো প্রাথমিকভাবে সিরীয় যুদ্ধের কারণে সৃষ্ট আঞ্চলিক বিশৃঙ্খলা, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশিসংখ্যক মানুষের দেশান্তর, সমাধানহীন আর্থিক সংকট, রাশিয়ার সম্প্রসারণবাদ ও মূলধারার রাজনীতিতে জাতীয়তাবাদের প্রত্যাবর্তন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইচ্ছা করেই অন্তত চারটি কারণ আরও তীব্র করে তুলেছেন। তিনি তো একদিকে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া নিয়েই নিলেন, তারপর তিনি আবার ইউরোপীয় রাজনীতিতে জনপ্রিয়তাবাদী ও ইউরো সম্পর্কে সন্দিহান দলগুলোকে সমর্থন দিয়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। তার সঙ্গে তিনি সিরিয়ায় বিমান হামলা চালিয়ে সেখানকার দ্বন্দ্ব-সংঘাত আরও তীব্র করে তুলেছেন, যার ফলে মধ্যপ্রাচ্যের শরণার্থী–সংকটও বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নকে গা ঝাড়া দিয়ে উঠতে হবে, পুতিনের আগ্রাসন ঠেকাতে হবে।
ইউরোপে যে জাতীয়তাবাদের হাওয়া বইছে, তার আংশিক দায় রাশিয়ার ঘাড়েই বর্তায়। কারণ, তারা অতি ডানপন্থী দলগুলোকে টাকাপয়সা দিচ্ছে। এই দলগুলোর উত্থানের কারণে ইউরোপ শরণার্থী–সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নিতে পারছে না। দেখা যাচ্ছে, যুক্তরাজ্যের পুতিনপন্থী ইনডিপেনডেন্স পার্টি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পেছন থেকে টেনে ধরছে, ফলে ব্রিটিশ সরকারের যে পরিমাণ শরণার্থী গ্রহণ করা উচিত, সেটা তারা করতে পারছে না। একইভাবে সুইডেনে অতি ডানপন্থী দল সুইডেন ডেমোক্র্যাটসের ভোট বাড়তে থাকায় সুইডিশ সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে। ইউরোপজুড়েই এই দুঃখজনক সমীকরণ বাস্তবায়িত হচ্ছে।
ওদিকে আন্তর্জাতিক সম্প্রদায় যে এক হয়ে সিরিয়ার সংকটের সমাধান বের করবে, পুতিন সে প্রক্রিয়াও ভিন্ন খাতে ঠেলে দিয়েছেন। অথচ এই শরণার্থী–সংকটের প্রধান কারণ হলো এই সিরীয় গৃহযুদ্ধ। সিরীয় সরকারের আলেপ্পো আক্রমণে সমর্থন দিয়ে পুতিন শান্তি–প্রক্রিয়া ব্যাহত করেছেন, যেটা আসলে নির্ভর করছিল বৈশ্বিক খেলোয়াড়, আঞ্চলিক শক্তি ও মধ্যপন্থী বিরোধী দলগুলোর সহযোগিতার ওপর, পুতিন যাদের ওপর বোমা ফেলেছেন।
জাতিসংঘ সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি উত্তর সিরিয়ার হাসপাতাল ও স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন। ফরাসি সরকার এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে, তারা ঠিকই করেছে। রাশিয়া এই হামলার দায় অস্বীকার করেছে, যদিও ঘটনাস্থলের আশপাশে রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সাহায্য সংস্থা মেডসা সঁ ফ্রন্টিয়ার বলেছে, এই হামলা শুধু রাশিয়া বা সিরিয়ার পক্ষেই করা সম্ভব।
রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির ভাষ্যমতে, আলেপ্পোর আশপাশে যুদ্ধের কারণে অন্তত ৫০ হাজার মানুষ গৃহহীন হয়েছে। এই মানুষগুলোর অধিকাংশই আগে পালাতে পারেনি, এখন তারা মরিয়া হয়ে তুরস্ক হয়ে ইউরোপের দিকে যেতে চাইবে।
পুতিন একদিকে বলছেন তিনি যুদ্ধবিরতির সমর্থক, অন্যদিকে তিনি ঠিকই বোমা মেরে যাচ্ছেন। পরিষ্কারভাবেই তাঁর মুখের কথা গ্রাহ্য করা যাবে না, ইউক্রেনের বেলায় ক্রেমলিনের যে রেকর্ড আমরা দেখলাম, তাতে এ ব্যাপারে একদম নিঃসন্দেহ থাকা যায়। যুক্তরাষ্ট্র তো এখন নির্বাচনী ডামাডোলে ব্যস্ত, ফলে ইউরোপের নেতারা বিচ্ছিন্নভাবেই একত্র হয়েছেন, যদিও রুশ ভালুকগুলো দরজায় দাঁড়িয়ে দাঁত কামড়াচ্ছে। সময় এসেছে, এখনই কাজ শুরু করতে হবে।
প্রথমত, ইউরোপীয় সরকারগুলোকে এটা নিশ্চিত করতে হবে, রাশিয়া যেন সেখানকার রাজনৈতিক দলগুলোকে টাকাপয়সা দিতে না পারে, শিগগিরই তাদের এটা করতে হবে। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সিআইএকে দিয়ে কীভাবে এই টাকা পাচার হয়, তা চিহ্নিত করতে হবে। যত দিন রাশিয়া এই টাকা দেবে, তত দিন এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রকে আরও বড় পরিসরে রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৫৪-এ সিরীয় শান্তি–প্রক্রিয়ার একটি রোডম্যাপ দেওয়া হয়েছে, যেখানে রাশিয়াসহ সব পক্ষকেই বাধ্য করা হয়েছে যে তারা বাছবিচারহীনভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা করতে পারবে না। রাশিয়া যদি এই প্রতিশ্রুতি রাখতে না পারে, তাহলে অবশ্যই নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
তৃতীয়ত, ইউরোপীয় ইউনিয়নকে তুরস্কসহ অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে বসতে হবে, যাতে তুরস্ক-সিরিয়া সীমান্তে নিরাপদ অঞ্চল গড়ে তোলা যায়, আলেপ্পোসহ অন্যান্য এলাকা থেকে আসা শরণার্থীরা মূলত সেখানেই যায়। এতে কিছু ঝুঁকি থাকলেও তার কোনো বিকল্প নেই বললেই চলে।
শেষমেশ ইউরোপকে এমন কাজ করা চলবে না, যাতে পুতিনের কাজ সহজ হয়। আর শরণার্থীদের স্রোত মোকাবিলায় তাঁকে সমন্বিত মনোভঙ্গি গ্রহণ করতে হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইউরোপকে সীমান্ত ও উপকূল রক্ষীবাহিনী গড়ে তুলতে হবে, যাদের কাজ হবে গ্রিসকে নিজের সীমান্ত ব্যবস্থাপনায় সাহায্য করা, যার সঙ্গে তাদের মানুষের জীবন রক্ষা বাঁচাতে ও নতুন মানুষের আগমন দেখভাল করতে হবে।
একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের তহবিল ব্যবহার করে তুরস্ক, জর্ডান ও অন্যান্য অঞ্চলের শরণার্থী শিবিরের মানোন্নয়ন করতে হবে, যাতে সেখানকার বাসিন্দারা অন্তত তাদের মৌলিক চাহিদা মেটাতে পারে। ইউরোপের প্রতিটি দেশকে সামর্থ্য অনুযায়ী এই শরণার্থীদের গ্রহণ করতে হবে, তারা এখন যে দেশে আছে, সেখান থেকে তারা যেন সরাসরি কোনো দেশের আশ্রয় প্রার্থনা করতে পারে, সে ব্যবস্থা করতে হবে।
জর্জ সরোস সম্প্রতি ঠিকই বলেছেন, ইউরোপের স্থিতিশীলতার জন্য সবচেয়ে দীর্ঘমেয়াদি হুমকি হচ্ছে রাশিয়া। একই সঙ্গে তিনি বলেছেন, ইউরোপ নানামুখী সমস্যা ও চাপের মুখে ভেঙে পড়বে, যেটা আসলে ঠিক নয়। সময় এসেছে, ইউরোপকে নিজের অবস্থান জোরালোভাবে ঘোষণা করতে হবে, অর্থনৈতিক শক্তির ব্যবহার করে পুতিনকে তাঁর জায়গায় আবদ্ধ রাখতে হবে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন
গাই ভারহোফস্টাড: বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী।