পুতিনের অপকৌশল মোকাবিলার পথ কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন

১৯৬৫ সালে মার্কিন স্নায়ুযুদ্ধ যখন তুঙ্গে, তখন দেশটির টেলিভিশনে ‘গেট স্মার্ট’ নামে একটি কমেডি সিরিজ শুরু হয়েছিল। জনপ্রিয় ওই শোতে গোপন এজেন্ট ম্যাক্সওয়েল স্মার্টকে দেখানো হয়েছিল, যিনি মার্কিন গুপ্তচর সংস্থা ‘কন্ট্রোল’-এর প্রধান শত্রু ক্যাওসের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ক্যাওস ছিলেন মূলত রাশান।

সম্প্রতি র‌্যান্ডের গবেষণায় বলা হয়েছে, রাশিয়া একটি সুসজ্জিত দুর্বৃত্ত রাষ্ট্র, যারা বৈশ্বিক শৃঙ্খলাকে নষ্ট করতে চায়, তবে তারা আর খুব বেশি দিন মাস্তানি করার আশা করতে পারে না। অন্যভাবে বলা যায়, তারা নিয়ন্ত্রণক্ষমতা হারিয়ে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে।

রাশিয়ার হুমকির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বেশ সতর্ক। কিন্তু জি-৭ এবং ন্যাটো সম্প্রদায় বলছে, রাশিয়া সম্প্রতি আমেরিকা ও ইউরোপকে লক্ষ্য করে সাইবার হামলা চালানোর দিকে মনোনিবেশ করেছে। রাশিয়া তার প্রভাব বাড়াতে এবং উদারনৈতিক বিশ্বব্যবস্থাকে খর্ব করতে দুনিয়াব্যাপী এক দুর্দান্ত কৌশল নিয়েছে। তবে তাদের এ কৌশল যথেষ্ট নয়।

প্রথমত, রাশিয়ার কৌশল হচ্ছে পশ্চিমাবিদ্বেষী সরকার বা জঙ্গি বাহিনীকে সমর্থন করা এবং চলমান সংঘাতগুলোকে উসকে দেওয়া। উদাহরণ হিসেবে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কথা বলা যায়। সেখানে প্রেসিডেন্ট ফাউস্টিন আরচেঞ্জ তুয়াদেরাকে রাশিয়া সামরিক ও রাজনৈতিক সহায়তা দিচ্ছে। বিনিময়ে সেখানকার খনিগুলো থেকে সোনা ও রুপা তুলে নিচ্ছে রাশিয়া। একইভাবে লিবিয়াতেও রাশান সরকার এবং ওয়াগনার গ্রুপের মতো ভাড়াটে ঠিকাদারেরা বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারকে সমর্থন-সহযোগিতা দিয়ে যাচ্ছে। হাফতার হচ্ছেন লিবিয়ার সেনা কমান্ডার এবং জাতিসংঘ-স্বীকৃত সরকারের শত্রু হিসেবে পরিচিত। হাফতারকে সমর্থন দেওয়ার ফলে লিবিয়ার তেল, পরিবহন ও প্রতিরক্ষা খাতে প্রবেশাধিকার পেয়েছে রাশিয়া। রাশিয়া এই একই কৌশল খাটিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে।

রাশিয়ার দ্বিতীয় কৌশল হচ্ছে অস্ত্র বিক্রয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার ও ভিয়েতনামে তারা অস্ত্র বিক্রি করছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তল্পিতল্পা গুটিয়ে বিদায় নিচ্ছে, আর সেই সুযোগে সেখানে মহাসমারোহে অস্ত্রের বাজার খুলে বসেছে রাশিয়া। ২০১৭ সালে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলনের সময় সংযুক্ত আরব আমিরাত রাশিয়ার কাছ থেকে ৭০০ মিলিয়ন ডলারের বেশি অর্থের অস্ত্র কিনেছিল। এক দশক ধরে মিসরও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার পরিমাণ বাড়িয়েছে। এ বছরের শুরুতে যখন জো বাইডেন প্রশাসন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করল, তখন সৌদি রাশিয়ার দিকে মুখ ঘুরিয়ে নিল।

রাশিয়ার ক্রমবর্ধমান অস্ত্র চুক্তি সামান্য হলেও এ সত্য প্রকাশ করছে যে তার অর্থের প্রয়োজন। পশ্চিমা নিষেধাজ্ঞা ও কোভিড-১৯ সংকটের কারণে রাশিয়ার অর্থনীতি পঙ্গু হয়ে গেছে। রাশিয়া কিন্তু বিশ্বের ৩৯টি দেশের সঙ্গে আবার সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরও করেছে (২০২০ সালের শুরুর দিকে)। এই চুক্তিগুলো ইঙ্গিত দেয় যে রাশিয়ার উদ্দেশ্য কেবল বাণিজ্যিক নয়।

রাশিয়ার তৃতীয় কৌশল হচ্ছে তাদের পুরোনো উপনিবেশগুলোকে সমর্থন করা। গত মে মাসে সিয়েরা লিওনে এক বৈঠকে গিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘রাশিয়া ও সোভিয়েত ইউনিয়ন উপনিবেশবাদের বিরুদ্ধে সব সময় অবস্থান নিয়েছে। রাশিয়া এখনো বিশ্বাস করে, আফ্রিকার সমস্যা আফ্রিকানরাই সমাধান করবে।’ রাশিয়ার এমন বক্তব্যের সুস্পষ্ট লক্ষ্য হচ্ছে পশ্চিমা দেশগুলো থেকে তাদের আলাদা করা।

লাতিন আমেরিকাতেও এ উপনিবেশবাদবিরোধী প্রচারণা চালাচ্ছে রাশিয়া। রাশান সরকারের অনুদানপুষ্ট সংবাদ সংস্থা আরটি ও স্পুতনিকের স্প্যানিশ ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ২৬ মিলিয়নের বেশি অনুসারী রয়েছে। সেখানে ক্রেমলিন যে গল্পগুলো এখন রসিয়ে রসিয়ে প্রচার করছে, তার একটি হচ্ছে রাশিয়ার কোভিড-১৯-এর টিকা স্পুতনিক-ভি লাতিন আমেরিকায় সরবরাহ করতে দিচ্ছে না আমেরিকা। সম্প্রতি রাশিয়ান সংবাদ সংস্থা তাস ঘোষণা করেছে, তারা বিনা মূল্যে স্প্যানিশ ভাষার নিউজফিড চালু করবে।

এমন অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও অনেক কিছু করতে হবে। এটা সত্য যে রাশিয়া এখন কোনো মহাপরাক্রমশালী শক্তি নয়, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রমাণ করেছেন, তিনি বৈশ্বিক শান্তি বিনষ্ট করায় বেশ পারদর্শী। মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই এমন একটি কৌশল অবলম্বন করতে হবে, যাতে রাশিয়ার বিপর্যয়কর কৌশলগুলো নস্যাৎ করা যায়।

এখানে নমনীয়ভাবে শক্তি প্রয়োগ করা অপরিহার্য এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার এটাই সুবর্ণ সুযোগ। বিশ্বব্যাপী টিকা সরবরাহ নিশ্চিত করতে এবং উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে মার্কিন নেতাদের এখন কাজ করতে হবে।

যেসব দেশের সরকার এখন রাশিয়া থেকে অস্ত্র কিনছে, তাদের আস্থা অর্জনের জন্যও মার্কিন যুক্তরাষ্ট্রের কাজ করা উচিত। বাইডেন ইতিমধ্যে দুর্নীতিবিরোধী শক্তিশালী একটি নীতিমালা তৈরি করেছেন। তাঁর এখন উচিত সরকার, করপোরেশন এবং সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে একটি বৈশ্বিক জোট গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা, যাতে নাগরিকেরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের সরকারকে জবাবদিহি করতে আরও সরাসরি অংশগ্রহণ করতে পারে। মোটকথা, রাশিয়া ও চীন—উভয়ের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় পশ্চিমাদের আরও কৌশলী হতে হবে।

রাশিয়া একটি বৈশ্বিক খেলা খেলছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিজেদের সুরক্ষা নিয়ে এতটাই ব্যস্ত যে তারা গোলপোস্ট পুরোপুরি ছেড়ে দিয়ে রেখেছে। কেবল একটি বৈশ্বিক প্রতিরোধকৌশলই পারে মাঠের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে। সুতরাং, তাদের আরও স্মার্ট হওয়া প্রয়োজন।

ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট

● অ্যান ম্যারি স্লটার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সাবেক পলিসি প্ল্যানিং পরিচালক ও দ্য থিংকট্যাংক নিউ আমেরিকার প্রধান নির্বাহী

● হেথার অ্যাশবি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিদ