
বাংলাদেশে নির্বাচন কমিশন নিয়ে থেকে থেকে বিতর্কের শেষ নেই। যদিও সত্তর-আশির দশকে নির্বাচন কমিশন নিয়ে জনগণ তেমন মাথা না ঘামালেও ওই সময়ের নির্বাচনগুলো যে কখনোই স্বচ্ছ ও গ্রহণযোগ্য ছিল না, তা নিয়েও আলোচনা সীমিত ছিল। নির্বাচন কমিশন প্রথমে রাজনৈতিক আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে ১৯৯৪ সালে মাগুরার উপনির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির কারণে। যদিও ওই সময়কার প্রধান নির্বাচন কমিশনার (প্রনিক) বিচারপতি আবদুর রউফের নেতৃত্বের কমিশন, ১৯৯১ সালের গণতন্ত্রের পুনঃপ্রবর্তনের প্রথম জাতীয় সংসদ নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করেছিল; কিন্তু শেষরক্ষা করতে পারেনি। রাজনৈতিক অঙ্গনে মাগুরার ওই নির্বাচনের পরই নির্বাচনকালীন দলীয় সরকারের বদলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের একমাত্র অ্যাজেন্ডা।
তখন বিএনপি সরকার ক্ষমতায়। ওই আন্দোলন নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে হলেও নির্বাচন কমিশন তেমনভাবে নিরীক্ষণে আসেনি। তার কারণ নির্বাচনকালীন সরকারের ভূমিকা নিরপেক্ষ নির্বাচন সহায়ক না হলে আমাদের দেশের নির্বাচন কমিশনসহ কোনো প্রতিষ্ঠানের পক্ষে নিরপেক্ষ কাজ করা দুরূহ ব্যাপার হয়। যা-ই হোক, ওই আন্দোলন আরও যৌক্তিক হয়ে ওঠে পরবর্তী সময়ে ১৯৯৫ সালে আরও কয়েকটি উপনির্বাচনে। সে সময়কার নির্বাচন কমিশন নিয়োজিত হয়েছিল তখনকার দলীয় সরকার দ্বারা। ওই সময়কার প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এ কে এম সাদেক বিচারপতি আবদুর রউফের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তাঁকেও বিদায় নিতে হয় বিতর্ক আর রাজনৈতিক আন্দোলনের কারণে। এরপর মোহাম্মদ আবু হেনার নেতৃত্বে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক। কিন্তু তারপর আবারও আওয়ামী লীগ সরকারের মনোনয়নে এম এ সাঈদ প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হন। পরবর্তী সময়ে ২০০৫ সালে বিচারপতি এম এ আজিজ নিয়োজিত হন তৎকালীন বিএনপি সরকার দ্বারা। তাঁর নেতৃত্বের পূর্ণ কমিশনকে বিদায় নিতে হয় এক উত্তাল পরিস্থিতির মধ্যে। এর পরের ইতিহাস মাত্র কয়েক বছর আগের, তাই পুনরাবৃত্তির প্রয়োজন বোধ করছি না।
ওপরের সংক্ষিপ্ত পর্যালোচনায় যে বিষয়টি প্রণিধানযোগ্য তা হলো, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১২টি নির্বাচন কমিশন গঠিত হয়েছে, যার মধ্যে তিনটি কমিশন নিয়োজিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়, তত্ত্বাবধায়ক সরকার দ্বারা। এ তিনটি কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন দেশে ও বিদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে স্বীকৃত হয়েছিল; যদিও আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির ভঙ্গুর অবস্থার কারণে পরাজিত দল সহজে নির্বাচনের ফলাফল পরিপূর্ণভাবে না মানলেও এ কারণে সংসদে যোগদান থেকে বিরত থাকেনি। ওই কয়েকটি নির্বাচন কমিশন ছোটখাটো বিতর্কের মধ্যে পড়লেও দলীয় সরকার দ্বারা নিয়োজিত সব কটি নির্বাচন কমিশন ব্যাপক বিতর্কিত হয়েছিল। এমনকি ২০১২ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান একটি বাছাই কমিটির মাধ্যমে যে কমিশন গঠন করেন, সেই কমিশন ৫ জানুয়ারি ২০১৪ সালের সংসদ নির্বাচন ঘিরে যে বিতর্কের মুখে পড়েছে, তা আর থেমে থাকেনি।
সংবিধান দ্বারা গঠিত স্বাধীন নির্বাচন কমিশনের ওপরে জনগণের আস্থা থাকার কথা বেশি। বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে নব্য, এমনকি পুরোনো গণতান্ত্রিক দেশে তিন মডেলের—স্বাধীন, মিশ্র ও সরকারনিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের মধ্যে সংবিধান দ্বারা গঠিত স্বাধীন নির্বাচন কমিশনের ওপর জনগণ তথা ভোটারদের আস্থা সবচেয়ে বেশি। বিশেষ করে নব্য গণতান্ত্রিক দেশগুলো স্বাধীন নির্বাচন কমিশনই সাংবিধানিকভাবে বেছে নেয়। এক গবেষণা জরিপের ফল অনুযায়ী বিশ্বের যে ১৮৭টি দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, তার মধ্যে ১৩১ দেশে (যার মধ্যে বাংলাদেশও অন্তর্গত) স্বাধীন নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। বাকি ৩৩টি দেশে সরকারি এবং ২৩টি দেশে মিশ্র মডেলের নির্বাচনী ব্যবস্থাপনা রয়েছে। অবশ্য এ ৫৬টি দেশের সিংহভাগই পশ্চিমা ও জাপানের মতো প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশ।
একটি স্বাধীন নির্বাচন কমিশন সুষ্ঠু সাংবিধানিক প্রাতিষ্ঠানিক কাঠামো দ্বারাই পূর্ণভাবে স্বাধীন হয় না, যদিও কাঠামোগত স্বাধীনতা প্রাথমিকভাবে জনমনে নির্বাচন কমিশন নিয়ে ইতিবাচক ধারণা জন্ম দেয়। তবে কাঠামোগত স্বাধীনতা নিরপেক্ষ নির্বাচনের ধারণাকে পোক্ত করে। কাঠামোগত ছাড়াও আরও যে ধরনের স্বাধীনতা আবশ্যক, তার মধ্যে রয়েছে আর্থিক ও কমিশনের সদস্য-কর্মচারীদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সক্ষমতা। গবেষকেরা মনে করেন, কাঠামোগত স্বাধীন নির্বাচন কমিশন তখনই পূর্ণতা লাভ করে, যখন নির্বাচনী ব্যবস্থাপনা এবং কমিশনের সদস্যরা অবশ্যই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন। এবং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো কী পদ্ধতিতে এবং কী ধরনের ব্যক্তি দ্বারা নির্বাচন কমিশন গঠিত হয়। কাজেই নির্বাচন-প্রক্রিয়া এবং নির্বাচিত ব্যক্তিদের স্বাধীনভাবে কাজ করার মনোবৃত্তি এবং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ব্যক্তিদের নিয়োজিত করার জন্য বেশির ভাগ দেশেই রয়েছে আইনগত কাঠামো। এ বিষয়ে একাধিক লেখায় উপমহাদেশের দেশগুলোর আইনগত কাঠামোর আলোচনা করেছি। তাই এখানে পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকলাম।
বাংলাদেশের নির্বাচন কমিশন কাঠামোগতভাবে শক্তিশালী বলে বিবেচিত। ২০০৮-০৯ সালে স্বাধীন সচিবালয় নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত করায় নির্বাচন কমিশন কাঠামোগতভাবে যথেষ্ট স্বাধীন ও শক্তিশালী অবস্থানে রয়েছে, আর্থিক স্বাধীনতাও অনেকটা নিশ্চিত। যতটুকু ব্যত্যয় ঘটে তা শুধু পরিচালনা ক্ষেত্রের দুর্বলতার কারণে পরিলক্ষিত হয়। বাংলাদেশের স্বাধীন নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় প্রাতিষ্ঠানিকভাবে দুর্বল বলে বিবেচিত। যেসব কারণে বিতর্কের সূত্রপাত হয়—এর মধ্যে অন্যতম হলো কমিশনের সদস্য নির্বাচনের দুর্বলতা। আগেই বলেছি যে মাত্র তিনটি নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা দেখাতে পেরেছে, বাকি আটটি নির্বাচন কমিশনের পক্ষে তেমনটি সম্ভব হয়নি। এর প্রধান কারণ নিয়োগ-পদ্ধতির অস্বচ্ছতা অথবা জনমনে অস্বচ্ছতার ধারণার কারণে কমিশনকে প্রথম থেকেই আস্থার সংকটে পড়তে হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আগামী নির্বাচন কমিশন গঠন নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে এবং নাগরিক সমাজে ব্যাপক আলোচনা ও তর্কবিতর্ক শুরু হয়েছে।
বাংলাদেশের সংবিধানে যে তিনটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কাঠামো রয়েছে তার মধ্যে শুধু নির্বাচন কমিশনের গঠন-প্রক্রিয়ায় একটি আইনের উল্লেখ থাকলেও ওই আইনের অবর্তমানে নিয়োগ নিয়ে এ ধরনের বিতর্ক। এই বিতর্ক এড়াতে হলে প্রয়োজন সর্বসম্মতিক্রমে একটি গ্রহণযোগ্য আইন প্রণয়ন, যার একটি কাঠামো ২০১১ সালে হুদা কমিশন সুপারিশ করেছিল। তবে এখন যখন নতুন নির্বাচন কমিশন গঠনের মাত্র দুই মাসের কম সময় বাকি এবং সর্বসম্মতিক্রমে আইন প্রণয়নের সম্ভাবনা কম, সে কারণে স্বচ্ছ পদ্ধতিতে নির্বাচন কমিশনের শরিকদের ন্যূনতম সম্মতিক্রমে কমিশন গঠন করতে পারলে এ বিতর্ক এড়ানো সম্ভব। অন্যথায় নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনকে শুধু বিব্রত হতে হবে, তা–ই নয়, তাদের পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া হাতে নেওয়াই দুষ্কর হতে পারে। আগামী নির্বাচন অবশ্যই সব দলের অংশগ্রহণমূলক না হলে গণতন্ত্রের যতটুকু রয়েছে, তা দেশে-বিদেশে শুধু প্রশ্নবিদ্ধই হবে না, ওই ধরনের নির্বাচনে গঠিত সরকারের নৈতিক বৈধতা চ্যালেঞ্জের মুখে পড়বে। অবশ্যই এ বিষয়ে সরকারের দায়িত্বই বেশি।
আমাদের দেশের নির্বাচন কমিশনের আরেকটি বিশেষ দুর্বলতা ধারাবাহিকতার (Continuity) অভাব। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত কমিশনারদের মেয়াদের কারণে কিছুটা ধারাবাহিকতা থাকলেও ২০০৭ থেকে ধারাবাহিকতার অভাব দৃশ্যমান। ২০০৭ সালে বিচারপতি আজিজ কমিশনের একযোগে পদত্যাগের পর থেকে এ পর্যন্ত নিয়োগের সময়ের কারণে ভবিষ্যতেও এ ক্ষেত্রে ঘাটতি হবে। এ অবস্থার কারণে প্রাতিষ্ঠানিক দক্ষতা ও অভিজ্ঞতার ধারাবাহিকতায় ছেদ পড়ে, যা একটি পূর্ণ নতুন কমিশনের কার্যক্রমের ওপরে প্রভাব ফেলে। তবে বর্তমানে সংবিধানের ১১৮ ধারায় নির্বাচন কমিশনারদের সংখ্যা নির্ধারিত থাকায় সহজেই এ সমস্যার সমাধান করা সম্ভব। অভিজ্ঞতার আলোকে বলা যায় যে তিন সদস্যের কমিশন বাংলাদেশে অধিক কার্যকর প্রমাণিত হয়েছে। যে কারণেও এবং সংবিধানে সদস্যসংখ্যার উল্লেখ থাকার কারণে ধারাবাহিকতা স্থাপন করা সম্ভব। এ ক্ষেত্রে ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমি মনে করি, আগামী নির্বাচন কমিশন দুই ধাপে নিয়োগ করলে তা প্রতিষ্ঠা করা সম্ভব।
এ পরিপ্রেক্ষিতে প্রথম পর্যায়ে সংবিধানে প্রদত্ত কমিশনের মেয়াদকালের পরিপ্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারি (২০১৭) মাসে প্রথম ধাপে প্রধান নির্বাচন কমিশনারসহ দুজন কমিশনার, মোট তিনজন, নিয়োগ দেওয়ার পর থেকে ন্যূনতম পক্ষে এক বছর পর অথবা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনে আরও দুজন কমিশনারের নিয়োগ প্রদান করলে ধারাবাহিকতা নিশ্চিত করা সম্ভব হবে। ভবিষ্যতে সংবিধানের ১১৮(৩)(বি) উপধারা মোতাবেক কমিশনারদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ প্রদান করলেও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা নিশ্চিত হবে। এ ধরনের ব্যবস্থা ভারতে ও নেপালে বিদ্যমান। সে ক্ষেত্রে ভবিষ্যতে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হতে পারেন, তেমন অভিজ্ঞতাসম্পন্ন কমিশনারও নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানের জন্য শ্রেয় হবে।
আমাদের নির্বাচন কমিশনের Institutional Memory-এর (প্রাতিষ্ঠানিক প্রজ্ঞা) জন্য ধারাবাহিকতা বেশ গুরুত্ব বহন করে। এদিক থেকে আমাদের নির্বাচন কমিশন যথেষ্ট দুর্বল। এ ব্যবস্থায় নির্বাচন কমিশনের ওপরে গণ-আস্থা তৈরি এবং বজায় রাখা সহজতর হবে। নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থাপনার ওপর গণ-আস্থা না থাকলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা বেশ কষ্টকর।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দায়দায়িত্ব শুধু নির্বাচন কমিশনেরই নয়, এর দায়িত্ব অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল, নির্বাচনকালীন সরকার, বিচার বিভাগ, মিডিয়া ও নাগরিক সমাজের। তবে স্বাধীন নির্বাচন কমিশন যেহেতু রাষ্ট্রীয় কাঠামো ও রাষ্ট্রীয় ক্ষমতার অন্যতম কেন্দ্রীয় প্রতিষ্ঠান, সেহেতু নির্বাচন কমিশনের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ; যে কারণে সংবিধান, নির্বাচনী আইন এবং আনুষঙ্গিক আইন বলে অগাধ (Plenary) ক্ষমতা দেওয়া আছে। এ কারণেই নির্বাচনী বিষয়ে সংবিধান ও আইন দ্বারা রহিত বা সাংঘর্ষিক নয় এমন ব্যবস্থা নেওয়া বা গ্রহণ করা নির্বাচন কমিশনের এখতিয়ার বা অর্পিত দায়িত্ব। এমনটাই আমরা বর্তমান ও আগামী নির্বাচন কমিশনের ক্ষমতা প্রয়োগে দেখতে চাই।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]