
আমাদের সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী ‘আইনের বিধানাবলি-সাপেক্ষে রাষ্ট্রপতি’ নির্বাচন কমিশনে নিয়োগদান করবেন। তাই প্রয়োজনীয় আইন প্রণয়ন না করে আবারও কমিশনে নিয়োগ প্রদান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে বলে কোনো কোনো বিশেষজ্ঞের ধারণা।
আশার কথা যে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ প্রায় সব দলই রাষ্ট্রপতির সঙ্গে সংলাপকালে আইন প্রণয়নের পক্ষে মত দিয়েছে। এমনকি বিএনপিও আইন প্রণয়নের বিপক্ষে অবস্থান নেয়নি। বিশেষজ্ঞ ও নাগরিক সমাজও বহুদিন ধরেই আইন প্রণয়নের পক্ষে সোচ্চার। তবে আওয়ামী লীগ আইন প্রণয়ন বা অধ্যাদেশ জারির পক্ষে মত দিলেও তারা তাদের প্রস্তাবে সময়ের স্বল্পতার কথা বলেছে। এ কথা সত্য যে বর্তমান কমিশনের মেয়াদ ৮ ফেব্রুয়ারি শেষ হবে। তবে কমিশনের পুনর্গঠন এর আগে না হলে রামায়ণ-মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তাই রকিবউদ্দীন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন কমিশন গঠনে কয়েক সপ্তাহ সময় নেওয়া যেতে পারে এবং সরকার চাইলেই আগামী দেড়-দুই মাসে এ ব্যাপারে একটি যুগোপযোগী আইন প্রণয়ন করতে পারবে।
নির্বাচন কমিশন নিয়োগে আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা অনেকটা সুবিধাজনক অবস্থানে আছি। হুদা কমিশন তাদের বিদায়ের আগে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার (নিয়োগপদ্ধতি) আইন, ২০১১ শিরোনামে একটি আইনের খসড়া রেখে গিয়েছিল, যে ব্যাপারে রকিবউদ্দীন কমিশন বা সরকার কোনো রকম পদক্ষেপই নেয়নি, যদিও ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান যে সুপারিশ প্রণয়ন করেছিলেন, তাতে আইন প্রণয়নের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। হুদা কমিশন ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বেশ কয়েকটি দলের সঙ্গে আলাপ-আলোচনা করেই আইনের খসড়াটি তৈরি করেছিল বলে আমরা জেনেছি।
বিদায়ের আগে নির্বাচন কমিশনে নিয়োগের লক্ষ্যে আইনের একটি খসড়া রেখে যাওয়াটি ছিল হুদা কমিশনের পক্ষ থেকে একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রস্তাবিত আইনে অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বায়ক করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিয়ে এই অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব করা হয়। অনুসন্ধান কমিটির দায়িত্ব হবে প্রতিটি শূন্যপদের বিপরীতে তিনজনের একটি প্যানেল তৈরি করা।
খসড়া আইন অনুযায়ী অনুসন্ধান কমিটি প্রস্তাবিত প্যানেলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির কাছে প্রেরণ করবে, যার দায়িত্ব হবে এটিকে চূড়ান্ত করা। রাষ্ট্রপতি এই চূড়ান্ত প্যানেল থেকে নিয়োগ দেবেন। প্রসঙ্গত, স্পিকারের নেতৃত্বে গঠিত ১৫ সদস্যের কার্য উপদেষ্টা কমিটির সদস্য হলেন প্রধানমন্ত্রী, সংসদের বিরোধী দলের নেতা এবং সংসদে প্রতিনিধিত্বকারী অন্যান্য দলের নেতা।
প্রস্তাবিত আইনে কোন কোন অযোগ্যতার ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হতে পারবেন না, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে অসৎ বলে বিবেচিত এবং বৈধ আয়বহির্ভূত জীবনযাপনকারী, রাজনৈতিক দলের বা তার অঙ্গসংগঠনের সদস্য, সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশী ও ঋণখেলাপিকে নির্বাচন কমিশনে নিয়োগের অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। আইনে অনুসন্ধান কমিটির বিধান, অযোগ্যতার মাপকাঠি নির্ধারণ ও সংসদের কার্য উপদেষ্টা কমিটিকে যুক্ত করার বিধান নিঃসন্দেহে ইতিবাচক। তবে আমাদের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেখানে প্রধান বিরোধী দল বিএনপি সংসদে অনুপস্থিত সংসদের কার্যনির্বাহী কমিটির সম্পৃক্ততা নির্বাচন কমিশনে নিয়োগে নিরপেক্ষতার সমস্যা সমাধান করবে বলে মনে হয় না।
আমরা মনে করি, প্রস্তাবিত আইনে মোটাদাগে চারটি বিধান থাকা আবশ্যক, যার ভিত্তিতে খসড়া আইনটিকে যুগোপযোগী করা যেতে পারে। প্রথম বিধানটি হওয়া উচিত নির্বাচন কমিশনের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যসম্পর্কিত। কমিশনের ওপর অর্পিত দায়িত্ব হওয়া উচিত সততা, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্যভাবে সব নির্বাচন পরিচালনা করা। আরও সুস্পষ্টভাবে বলতে গেলে কমিশনের দায়িত্বের অন্তর্ভুক্ত হওয়া উচিত, সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান, সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ এবং রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ। নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন ও নির্বাচনী বিরোধের মীমাংসাকরণও কমিশনের দায়িত্বের অন্তর্ভুক্ত হওয়া উচিত। এ ছাড়া সংবিধানের ১১৯ অনুচ্ছেদের ব্যাখ্যা দিতে গিয়ে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচন কমিশনের কিছু অন্তর্নিহিত ক্ষমতার স্বীকৃতি দিয়েছেন, যেমন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনে নির্বাচনী বিধিবিধানের সঙ্গে সংযোজন, যা অবশ্যই কমিশনের ক্ষমতার অন্তর্ভুক্ত থাকবে। আমাদের নির্বাচন কমিশনের একটি স্বাধীন সচিবালয় রয়েছে। আমরা কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সরাসরিভাবে অথবা প্রেষণে নিয়োগ প্রদানের ক্ষমতা নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত করার পক্ষে।
দ্বিতীয় বিধানটি হওয়া উচিত কমিশনের সদস্যদের যোগ্যতা-অযোগ্যতার মানদণ্ড নির্ধারণসম্পর্কিত। হুদা কমিশনের প্রস্তাবিত অযোগ্যতার মানদণ্ড আরও শাণিত করা যেতে পারে। যেমন সরকারি ও বেসরকারি কোনো প্রতিষ্ঠানে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ ব্যক্তিদের আমরা কমিশনে নিয়োগ দেওয়ার পক্ষে। প্রসঙ্গত, ভারতের নির্বাচন কমিশনে সচিব এবং মন্ত্রিপরিষদ সচিব বা সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়ে থাকে।
প্রস্তাবিত আইনে মোটাদাগের তৃতীয় বিধান হওয়া উচিত অনুসন্ধান কমিটি–সম্পর্কিত। আমরা সংসদের কার্য উপদেষ্টা কমিটির পরিবর্তে প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনুসন্ধান কমিটিতে রাখার পক্ষে। সুস্পষ্টভাবে আমরা প্রধান বিচারপতি নিজের বা তাঁর মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে সরকার গঠন করেছে, এমন দুটি দল থেকে দুজন প্রতিনিধি, নাগরিক সমাজের একজন প্রতিনিধি এবং গণমাধ্যমের একজন প্রতিনিধির সমন্বয়ে পাঁচজনের একটি অনুসন্ধান কমিটির প্রস্তাব করি। তবে নিশ্চিত করতে হবে যে নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের বিরুদ্ধে দলপ্রীতির বিশ্বাসযোগ্য কোনো অভিযোগ যেন না থাকে।
অনুসন্ধান কমিটির প্রাথমিক দায়িত্ব হবে একজন ব্যক্তির নাম প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা, যাঁকে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করবেন। পরে প্রধান নির্বাচন কমিশনার ও অনুসন্ধান কমিটির সম্মিলিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে অন্য নির্বাচন কমিশনারদের রাষ্ট্রপতি নিয়োগ দান করবেন। আমরা ‘স্ট্যাগার্ড পদ্ধতিতে’, যেমন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের এক বছর পর একজন নির্বাচন কমিশনার এবং দেড়-দুই বছর পর আরেকজন কমিশনার নিয়োগ দেওয়ার পক্ষে, যা কমিশনের কাজে ধারাবাহিকতা রক্ষা করবে। কাজের ধারাবাহিকতার লক্ষ্যে পুনর্গঠিতব্য কমিশনের জ্যেষ্ঠ সদস্যকে আমরা পরবর্তী কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব করছি।
এ ছাড়া আমরা প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজনের পরিবর্তে তিনজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠনের পক্ষে। কারণ, পাঁচজনের পরিবর্তে তিনজনকে নিয়ে গঠিত কমিশনের পক্ষে মতৈক্যের ভিত্তিতে কাজ করা সহজ হবে বলে আমরা মনে করি। তবে পাঁচজনকে যদি কমিশনে নিয়োগ দিতেই হয়, তা যেন স্ট্যাগার্ড পদ্ধতিতে দেওয়া হয়, যাতে কমিশনের কাজে ধারাবাহিকতা নিশ্চিত হয়।
প্রস্তাবিত আইনের আরেকটি বিধান হওয়া উচিত নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে, যাতে নির্বাচন কমিশনে নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়। নাগরিকদের অথবা অন্যান্য সূত্র থেকে কমিশনে নিয়োগের জন্য প্রাপ্ত নামগুলো থেকে আইনে নির্ধারিত যোগ্যতার আলোকে অনুসন্ধান কমিটি একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে, যা ওয়েবসাইটের মাধ্যমে, সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের অনুমতি সাপেক্ষে, জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করবে। সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের সম্পর্কে অনুসন্ধান কমিটি গণশুনানির আয়োজন করবে, যার ভিত্তিতে কমিটি নির্ধারিত পদের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক নাম প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করবে, যাঁদের প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি কমিশনে নিয়োগ প্রদান করবেন। অনুসন্ধান কমিটি তার সিদ্ধান্তের যৌক্তিকতা একটি প্রতিবেদনে লিপিবদ্ধ করে তা জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করবে।
পরিশেষে, বিতর্ক এড়াতে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করছেন, তা নিঃসন্দেহে ইতিবাচক। আশা করি, যথাযথ আইনি প্রক্রিয়ায় এবং সবার মতামতের ভিত্তিতে তিনি নির্বাচন কমিশনে নিয়োগ দেবেন। যেহেতু ইস্যুটি একটি সর্বজনীন বিষয়, শুধু রাজনৈতিক দলের নয়, তাই রাষ্ট্রপতি তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদেরও মতামত নেবেন বলে আশা করি।
ড. বদিউল আলম মজুমদার: সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন)৷