নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চললেও তা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। এতে নারীদের নির্বিঘ্নে জীবনযাপন ও নিরাপত্তার বিষয়টি বাস্তব জীবনে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।
সম্প্রতি পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যানের কাছে কতিপয় বখাটের হাতে কয়েকজন নারী শ্লীলতাহানির শিকার হয়। বিশিষ্ট নাগরিকদের কেউ কেউ দোষীদের বিচারের দাবিতে রাজপথে নেমে এসেছেন। এটা নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু তবু কেন যেন প্রশাসন বা সরকার এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে দিনকে দিন ব্যর্থতার পরিচয় দিয়েই আসছে। মনে হচ্ছে, যত দিন যাচ্ছে আমাদের সমাজে নারীর নিরাপত্তা ও তাঁদের প্রতি আমাদের সম্মানবোধ তত বেশি বিলোপ হচ্ছে।
চলতি অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, প্রতিবছরই বাজেটে কিছু কিছু বিষয়ের ওপর তিনি বিশেষ জোর দেন। অন্যান্য বিষয়ের সঙ্গে এবার গুরুত্ব পাবে নারীর ক্ষমতায়ন। সরকারের পক্ষ থেকে নারীদের ক্ষমতায়নের কথা বলা হলেও ঘরে-বাইরে মূলত নারীরা নিরাপত্তাহীন জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।
আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছরই নারী ধর্ষণের সংখ্যা বাড়ছে। কিন্তু প্রতিরোধব্যবস্থা তেমন কার্যকর হচ্ছে না। নারী ধর্ষণের ঘটনার খুব অল্পসংখ্যকই লোকসমাজে প্রকাশ পায়। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হওয়ায় ধর্ষণের শিকার নারীরা বা তাঁদের পরিবার ঘটনাগুলো প্রকাশ করতে চায় না। পুলিশকে প্রভাবিত করে ধর্ষকেরা ছাড়া পেয়ে যাচ্ছে। বিচার নিশ্চিত না হওয়ায় ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক হয়রানির ভয়ে ধর্ষণের শিকার নারী ও তাঁদের স্বজনেরা আইনি পদক্ষেপ নিতে সাহস পাচ্ছেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) দেওয়া তথ্য অনুযায়ী, নারী নির্যাতনের যত ঘটনা ঘটছে, তার সিংহভাগই নাকি যৌন নির্যাতন। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকারাও ছাত্রদের হাতে লাঞ্ছিত হচ্ছেন।
মনোবিদেরা বলছেন, ধর্ষণ বা নারী নির্যাতনের জন্য পুরুষের আধিপত্যকামী ও বিকৃত মনস্তত্ত্বই দায়ী। ফলে তাঁকে প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রেই যথাযথ শিক্ষার ব্যবস্থা করতে হবে। আর্থসামাজিক কারণ খুঁজে তার মূলোৎপাটন করতে হবে। স্রেফ আইন বা শাস্তির মাধ্যমে এটা দূর করা যাবে না।
লেখক: কথাসাহিত্যিক, ঢাকা।