পুরো শহর আগুনে জ্বলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
এম আর মজুমদার
এম আর মজুমদার
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম আর মজুমদার ১৯৭১ সালে চট্টগ্রামে অবস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ডার ছিলেন। তখন তিনিই ছিলেন পূর্ব পাকিস্তানে জ্যেষ্ঠতম বাঙালি সামরিক কর্মকর্তা। সে সময় অস্ত্রবাহী পাকিস্তানি জাহাজ এমভি সোয়াত চট্টগ্রাম বন্দরে নোঙর করলে তিনি নানা কৌশলে এই জাহাজ থেকে অস্ত্র নামাতে দেননি। ২৭ মার্চ তাঁকে গ্রেপ্তার করা হয় এবং পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ওপর অমানুষিক নির্যাতন করা হয়। সেই সময়কার ঘটনার বর্ণনা এবং পাকিস্তানে তাঁর ওপর অত্যাচার–নির্যাতনের বিবরণ প্রথম আলোর পাঠকদের জন্য ছাপা হচ্ছে ধারাবাহিকভাবে। আজ ছাপা হলো দ্বিতীয় পর্ব।

এম আর সিদ্দিকী শেখ মুজিবের সঙ্গে কথা বলতে ঢাকায় চলে যান। পরের দিন ফিরে এসে তিনি জানান, শেখ মুজিব বলেছেন, ‘ব্রিগেডিয়ার মজুমদারকে অবশ্যই ধৈর্য ধরতে হবে...রাজনৈতিক পর্যায়ে আলোচনা হচ্ছে। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে ধৈর্য ধরতে হবে। সময়মতো আমি তাঁর সঙ্গে কথা বলব।’ ওসমানী তাঁর কাছে জানতে চান, ‘আপনি ব্রিগেডিয়ার মজুমদারের সঙ্গে যোগাযোগ করবেন কীভাবে?’ শেখ মুজিব বলেন, ‘রেডিওতে বাংলা সম্প্রচার বন্ধ হয়ে গেলে বুঝবেন, আলোচনা ব্যর্থ হয়েছে। আমি তাঁর জন্য একটি বার্তা ধারণ করে যাব। জহুর আহমেদ চৌধুরীর মাধ্যমে তাঁর কাছে সেটা পাঠিয়ে দেব।’

২৫ মার্চ শেখ মুজিব গ্রেপ্তার হওয়ার পর তাঁর ধারণ করা বার্তা চট্টগ্রামে পৌঁছেছিল, কিন্তু তখন আর আমি সেখানে ছিলাম না। ২৬ মার্চ আওয়ামী লীগের নেতা এম এ হান্নান রিকশায় মাইক লাগিয়ে চট্টগ্রাম শহরে সে বার্তা প্রচার করেন। সেই বিবৃতির ওপর ভিত্তি করেই জিয়াউর রহমান বেতার স্টেশন থেকে স্বাধীনতার ঘোষণা দেন। বার্তাটি ধারণ করা হয়েছিল ২১ মার্চ।
পরবর্তী কয়েকটা দিন উত্তেজনা আরও বেড়ে যায়। ২৪ মার্চ জেনারেল খাদিম হোসেন রাজা ও জেনারেল মিঠা খান দুটি হেলিকপ্টারে করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আসেন। তাঁরা আমাকে বলেন, সেদিন বিকেলবেলা প্রেসিডেন্ট একটি বৈঠক করবেন। ‘সব ঊর্ধ্বতন কর্মকর্তাকে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। তাই আপনাকেও যেতে হবে।’
আমি বললাম, ‘চট্টগ্রামের পরিস্থিতি খুবই টানটান। বিশেষ করে বেসামরিক মানুষেরা খুব বিক্ষুব্ধ। আমি ঢাকায় গেলে এখানে সমস্যা হতে পারে।’ ঢাকার বৈঠকটি সম্পর্কে আমি সন্দিহান ছিলাম। তাই ক্যাপ্টেন আমিনকে (পরে মেজর জেনারেল) বললাম, ‘ওসমানীকে ফোন করে জেনে নাও, অর্থহীন এই সভায় যোগ দিতে আমি ঢাকায় যাব কি না।’
মিঠা খান বললেন, ‘আপনাকে যেতেই হবে। কারণ, প্রেসিডেন্ট সব ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেই কথা বলতে চান। প্রয়োজন হলে বৈঠকের পর আপনাকে আবার পাঠিয়ে দেওয়া হবে।’ দুর্ভাগ্যবশত আমি তাঁকে বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম, তিনি যা বলছেন, তা সত্য হতে পারে। সে কারণে আমি হেলিকপ্টারে চেপে বসলাম। আমিন আমার সঙ্গেই ছিল।
হেলিকপ্টার ঢাকায় অবতরণ করার পর আমাকে ব্রিগেডিয়ার জাহানজেব আরবাবের বাসভবনে নিয়ে যাওয়া হলো। তিনি ঢাকা শহরে অপারেশন সার্চলাইটের দায়িত্বে ছিলেন। আরবাব আমার পুরোনো বন্ধুদের একজন। আমি, আরবাব ও জিয়াউর রহমান ১৯৬০-৬২ সালে একত্রে কাজ করেছি। আরবাবের সঙ্গে সে সময় আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়।
আরবাবের বাসায় পৌঁছেই দেখি টেবিলে স্ন্যাকস রাখা। তাঁকে জিজ্ঞেস করলাম, ‘আরবাব, ব্যাপারটা কী বলুন তো? আমাকে বলা হয়েছে, প্রেসিডেন্ট সব কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে চান। কিন্তু আমি তো কোনো প্রস্তুতি দেখছি না। আমাকে তাহলে এখানে আনা হয়েছে কেন?’
আরবাব বললেন, ‘মজুমদার, কাউকে বলবেন না। আপনাকে চট্টগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনার জায়গায় ইতিমধ্যে ব্রিগেডিয়ার আনসারি দায়িত্ব বুঝে নিয়েছেন। আমাকে আপনার দেখভাল করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাকে পশ্চিম পাকিস্তানে নতুন কোনো পোস্টিং দেওয়ার আগ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে।’ আরবাব আমাকে সবই বললেন, কিন্তু এই কথা গোপন রাখলেন যে আমাকে গৃহবন্দী করা হয়েছে।
বদলি ও স্থলাভিষিক্ত হওয়ার খবর শুনে আমি তো বিস্মিত। কারণ, আমার সঙ্গে এ নিয়ে কেউ কথাই বলেনি। আমি আরবাবকে জিজ্ঞেস করলাম, ‘আমি কি আর চট্টগ্রামে যেতে পারব না?’ তিনি বললেন, ‘না।’
আমাকে সরিয়ে দেওয়ার পর ব্রিগেডিয়ার আনসারি সোয়াতের মাল খালাস করতে শুরু করেন। বাঙালি কর্মকর্তারাও এ কাজে হাত লাগান।
পরের দিন (২৫ মার্চ) দেখলাম, আরবাব তাঁর কাজে খুবই ব্যস্ত। তিনি এতই ব্যস্ত ছিলেন যে আমার সঙ্গে কথাই বলতে পারছিলেন না। তাঁর মনোভাব ও গতিবিধি দেখে আমার ভীতি আরও গাঢ় হলো। বিকেলবেলা তাঁর অনুপস্থিতিতে আমি তাঁর বাড়ি থেকে বেরিয়ে সরাসরি ধানমন্ডিতে আমার ভাই সাজ্জাদ আলী মজুমদারের বাড়িতে গেলাম। সেখান থেকে পুরো ব্যাপারটা কর্নেল ওসমানীকে ফোনে জানালাম। তিনি বললেন, ‘আমি শিগগিরই আসছি।’ আমার ভাবি তাজউদ্দীনকেও নিয়ে আসার জন্য তাঁর বাসায় গেলেন, কিন্তু তিনি সেখানে ছিলেন না।
ওসমানী এলেন। আমরা সেখানেই রুদ্ধদ্বার বৈঠকে বসলাম। তাঁকে বললাম, ‘আপনারা অনেক সময় নষ্ট করে ফেলেছেন। আমি তিনবার আপনাদের কাছে বার্তা পাঠিয়েছি—একবার এম আর সিদ্দিকী, একবার ক্যাপ্টেন আমিন, আরেকবার আমি নিজেই। কিন্তু আপনারা সাড়া দেননি। পাকিস্তানিরা আলোচনার নামে সময় পার করছে। এটা পরিষ্কার যে তারা আপস করবে না। আমি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি ও আপনাদের জানিয়েছি যে শেখ মুজিবের হাতে ওরা ক্ষমতা দেবে না। সেনাবাহিনী শিগগিরই অভিযানে নামবে। কয়েক দিন আগে অভিযানে নামলে সহজেই আমরা জিততে পারতাম। শেখ মুজিব অনুমতি দিলে এখনো কিছু করা সম্ভব।’ ওসমানী বললেন, ‘না, শেখ মুজিব তা চান না। তিনি রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে সংকটের সমাধান চান।’ তিনি বললেন, ‘আপনারা বিদ্রোহ যে করতে চান, আপনাদের কাছে কি সেই অস্ত্র আছে?’
আমি পরিকল্পনার রূপরেখা পেশ করলাম। ‘বাঙালি সেনাদের যে শক্তি আছে তাতে তারা অবাঙালি ইউনিটের কাছ থেকে ম্যাগাজিন ছিনিয়ে নিতে পারবে, পাকিস্তানি কর্মকর্তাদের আত্মসমর্পণে বাধ্য করতে পারে। তারা অবশ্যই আত্মসমর্পণ করবে। কারণ, তারা জানে, এ মুহূর্তে প্রতিরোধের চেষ্টা করলে মরতে হবে। তারা সেই ঝুঁকি নেওয়ার মতো অবস্থায় নেই।’
এরপর ওসমানী শেখ মুজিবের সঙ্গে দেখা করতে গেলেন। প্রথমে তিনি ভেবেছিলেন, আমাকে সঙ্গে নিয়ে যাবেন। কিন্তু পরক্ষণেই ভাবলেন, নিরাপত্তার কারণে আমাদের একসঙ্গে যাওয়া ঠিক হবে না। গোয়েন্দারা সব সময়ই শেখ মুজিবের বাড়ির ওপর নজর রাখছিল। ওসমানী একাই গেলেন। বললেন, শেখ মুজিবের সঙ্গে কথা বলে তিনি ফোনে আমাকে জানাবেন।
বিকেলবেলা আমি টানটান উত্তেজনার মধ্যে তাঁর ফোনের জন্য অপেক্ষা করি। রাত আটটার সময় ওসমানী ফোন করে জানালেন, ‘শেখ মুজিব এখনই ইয়াহিয়ার সঙ্গে একটি সমঝোতায় এসেছেন। তিনি আপনাকে ধৈর্য ধরতে বলেছেন।’
রাত সাড়ে ১১টার দিকে পুরো শহর বুলেট ও গুলির আগুনে জ্বলে ওঠে। বাড়ির ছাদে গিয়ে দেখি, পুরো শহরে আগুন জ্বলছে। পাকিস্তানি সেনারা নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েছে। আমি আগেই সেটা ধারণা করেছিলাম।
পাকিস্তানে আড়াই বছর নির্জন কারাভোগ করে স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আমাকে বলেছিলেন, সেদিন অর্থাৎ ১৯৭১ সালের ২৫ মার্চ রাত সাড়ে আটটার দিকে ওসমানী তাঁর বাসা থেকেই আমাকে ফোন করেছিলেন। (চলবে)

ইংরেজি থেকে অনূদিত

সূত্র: টরমেন্টিং সেভেন্টি ওয়ান: অ্যান অ্যাকাউন্ট অব পাকিস্তান আর্মি’স অ্যাট্রোসিটিজ ডিউরিং বাংলাদেশ লিবারেশন ওয়ার অব ১৯৭১, সম্পাদক: শাহরিয়ার কবির, ‘আই ওয়াজ পুট ইন আ গানি ব্যাগ অ্যান্ড কেপ্ট ইন দ্য স্কর্চিং সান’, ব্রিগেডিয়ার এম আর মজুমদার (অব.), নির্মূল কমিটি (কমিটি ফর রেজিস্টিং কিলারস অ্যান্ড কোলাবরেটরস অব বাংলাদেশ লিবারেশন ওয়ার অব ১৯৭১), ঢাকা, নভেম্বর ১৯৯৯।
* ব্রিগেডিয়ার এম আর মজুমদার (অব.): সাবেক সেনা কর্মকর্তা (১৯২২– ২০১১)।