পুলিশ কবে জনগণের বন্ধু হবে?
একটি ডাকাতির মামলায় গত ২৯ আগস্ট নারায়ণগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার এক সবজি বিক্রেতাকে (৩৫) গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। ওই রাতেই সিদ্ধিরগঞ্জ থানার একজন উপপরিদর্শকের (এসআই) দুই সোর্স নজরুল ও শুভ আসামির দুই স্ত্রীকে ফোন করে বলেন, ২৫ হাজার টাকা নিয়ে এসআইয়ের সঙ্গে দেখা করলে তাঁদের স্বামীকে রিমান্ডে নির্যাতন করা হবে না। আসামির দুই স্ত্রী নজরুল ও শুভর সঙ্গে দেখা করেন এবং ছয় হাজার টাকা দেন। বাকি ১৯ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাঁদের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় দুজনকে পৃথক কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন নজরুল ও শুভ। রাত সাড়ে ১২টার দিকে এসআইও ওই ফ্ল্যাটে এসে আসামির দ্বিতীয় স্ত্রীকে ধর্ষণ করেন। এরপর দুই স্ত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁদের স্বামীকে সামনে হাজির করিয়ে দেখানো হয়, তাঁকে মারধর করা হয়নি। কিন্তু পরদিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
৩ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত এ খবরটি পড়ে মুখের ভাষা হারিয়ে ফেলি। পুলিশের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। জনগণকে রক্ষা করা। সেই পুলিশই যখন ভক্ষকের ভূমিকায় নামে, তখন মানুষ কার কাছে নিরাপত্তা চাইবে? আইন, নীতি, নৈতিকতা এসবের কোনো গুরুত্বই নেই পুলিশের কাছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়েও আইনের প্রতি কোনো শ্রদ্ধা নেই তাদের। বিপদগ্রস্ত মানুষকে তারা উদ্ধার করবে কী? উল্টো ব্ল্যাকমেল করে নিজেদের পকেট ভারী করছে তারা। নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করা এখন নিয়মে পরিণত হয়েছে।
আমাদের মনে পড়ে গত জানুয়ারির সেই ঘটনার কথা। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক করে তাঁকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেন মোহাম্মদপুর থানার তৎকালীন এসআই মাসুদ শিকদার। অর্থ না পেয়ে মাসুদ শিকদারের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য রাব্বীর ওপর অকথ্য নির্যাতন চালান। শুধু রাব্বী নন, আরও অনেক মানুষ এভাবে পুলিশের হাতে হয়রানির শিকার হচ্ছে। যারা টাকা দিতে পারছে, বেঁচে যাচ্ছে। আর যারা টাকা দিতে না পারে, তাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। ভাবুন, কী অসহায় সাধারণ মানুষ! পুলিশের কাছে আজ তারা জিম্মি। ক্ষমতার অপব্যবহার করে তারা যা খুশি তা-ই করছে।
২০১৪ সালের ঘটনা। বংশাল থানার পুলিশের এক এসআইসহ তিন পুলিশ সদস্য ওই এলাকার ব্যবসায়ী মকবুল হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রথমে তিনি চাঁদা দিতে চাননি। পরে ইয়াবা দিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে পুলিশ সদস্যরা সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেন মকবুলের কাছ থেকে।
এসব পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কলঙ্ক। মুষ্টিমেয় পুলিশের জন্য গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। চাঁদাবাজি ছাড়াও ছিনতাই, ডাকাতি, অপহরণ খুনসহ নানা অপরাধের সঙ্গে জড়িত পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হয় খুবই কম। জেল-জরিমানা, চাকরিচ্যুত, পদাবনতি, ইনক্রিমেন্ট বাতিল, বাধ্যতামূলক অবসর, বদলি, ব্যক্তি সার্ভিস প্রোফাইলে বিরূপ মন্তব্য করা—এই হচ্ছে তাদের শাস্তি। শাস্তি এ রকম হলে তাহলে অপরাধ করতে বাধা কোথায়? কাজেই পুলিশ অপরাধ করেই চলেছে।
পুলিশ জনগণের বন্ধু, এটাই আমরা এত দিন জেনে এসেছি। বিপদে পড়লে আমরা পুলিশের কাছে সাহায্য চাই। পুলিশ আমাদের সাহায্য করবে—সেটাই হওয়ার কথা। কিন্তু বাস্তবে হচ্ছে অন্য রকম। পুলিশ এখন নিপীড়কের ভূমিকায় নেমেছে। এখন আর জনগণ পুলিশের ওপর আস্থা রাখতে পারছে না। প্রশ্ন হচ্ছে, কবে এসবের অবসান হবে? কবে পুলিশ বাহিনীর টনক নড়বে? কবে পুলিশ জনগণের বন্ধু হবে। নিজেদের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব পুলিশেরই। আর নির্যাতকের ভূমিকায় নয়, সেবকের ভূমিকায় দেখতে চাই পুলিশকে।
রোকেয়া রহমান: সাংবাদিক