
‘থানা-পুলিশে বিশ্বাস নাই’—এই কথা লোকে বলে বটে; আবার অন্যায়-অপরাধের শিকার হলে সেই পুলিশের কাছেই ছুটে যায়। সে জন্য বাংলাদেশের পুলিশ বিভাগ জনসাধারণের আস্থা নিয়ে বিশেষ চিন্তিত নয়। জনগণ পুলিশের ওপর আস্থা হারিয়েছে বলে পুলিশের বেতন-ভাতা কমেনি, উপরি আয়-রোজগারের পথগুলোও বন্ধ হয়নি। উপরন্তু পুলিশ জানে, যে মানুষ অন্য মানুষের দ্বারা বিপদে পড়বে, অন্যায়-অপরাধের শিকার হবে, তাকে পুলিশের কাছে আসতেই হবে; প্রতিকারের জন্য, বিচার চাওয়ার জন্য তার যাওয়ার অন্য কোনো জায়গা নেই। পুলিশের জন্য এটা বেশ সুখকর ও সুবিধাজনক অবস্থা।
তবে থানা-পুলিশ সাধারণভাবে চায় না অপরাধের শিকার হয়ে কোনো দরিদ্র মানুষ তাদের দ্বারস্থ হোক। সিলেটে কয়েকজন বর্বরের হাতে নির্মমভাবে নিহত শিশু সামিউলের বাবা শেখ আজিজুর রহমান কাঁদতে কাঁদতে ছুটে গিয়েছিলেন জালালাবাদ থানায়। কিন্তু সেখানে সে সময় পুলিশের যেসব সদস্য কর্মরত ছিলেন, তাঁদের কেউই তাঁর কান্না ও আকুতি-মিনতিতে কর্ণপাত করেননি। উল্টো বরং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। কারণ, তিনি গরিব মানুষ, তাঁর কথা শুনে পুলিশ সদস্যদের লাভ কী? তাঁরা বরং শুনেছেন তাঁদের কথা, যাঁদের বিরুদ্ধে সামিউলকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওই থানায় ইতিমধ্যে পৌঁছে গেছে। খুন হওয়া ছেলের অসহায় বিচারপ্রার্থী বাবার পক্ষে না দাঁড়িয়ে জালালাবাদ থানার পুলিশের সদস্যরা পক্ষ নিয়েছেন খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের। সামিউলের বাবা মামলা দায়ের করতে চেয়েছেন, কিন্তু তাঁরা মামলা নথিভুক্ত করেননি। বরং সামিউলের বাবার আরও অভিযোগ, ওই থানার পুলিশের সদস্যরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে মামলার অন্যতম আসামি কামরুলকে সৌদি আরবে পালিয়ে যেতে সাহায্য করেছেন।
দুঃখের বিষয় হলো, সামিউলের হত্যাকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের যোগসাজশ এবং তার ফলে হত্যাকারীদের অন্যতম কামরুলের সৌদি আরবে পালিয়ে যাওয়ার ঘটনা সিলেট মহানগর পুলিশের কাছে জালালাবাদ থানার পুলিশের তিন সদস্যের কর্তব্য পালনে ‘গাফিলতি’ বলে বিবেচিত হয়েছে। সামিউলের বাবার অভিযোগ তদন্ত করার জন্য সিলেট মহানগর পুলিশ নিজেই তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছিল, সেই কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনে গাফিলতি হয়েছে বলে উল্লেখ করা হয়। তারপর জালালাবাদ থানার দুই উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত ও এক পরিদর্শককে প্রত্যাহার করা হয় (পরে সেই পরিদর্শককেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়)। কিন্তু এই লোক দেখানো শাস্তিমূলক পদক্ষেপ, যা অভিযোগের তুলনায় নিতান্তই লঘু, স্বাভাবিক কারণেই সিলেটের মানুষকে সন্তুষ্ট করতে পারেনি। তাঁরা এর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে বলেছেন, তাঁরা এটা মানেন না, পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত পুলিশকে দিয়েই করানো গ্রহণযোগ্য নয়।
কেন গ্রহণযোগ্য নয়, তা সহজেই বোধগম্য। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে গুরুতর কোনো অপরাধ সংঘটনের অভিযোগ উঠলে খোদ পুলিশই যখন তার তদন্ত করে, তখন তা করা হয় প্রহসনমূলকভাবে। অজস্র ঘটনায় দেখা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিয়ে তাঁর বিচার ও শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে পুলিশ বিভাগ নিজেকে দূষিত উপাদান থেকে মুক্ত করার পরিবর্তে অভিযুক্ত পুলিশ সদস্যকে রক্ষা করার চেষ্টা চালায়। এবং তা করে অত্যন্ত দৃষ্টিকটুভাবে, নির্লজ্জ প্রহসনমূলক প্রক্রিয়ায়, যে প্রহসন সবাই ধরতে পারে।
পুলিশ সদস্যদের বিরুদ্ধে নানা রকমের অন্যায়-অপরাধ, অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এত ব্যাপক এবং সেসব অভিযোগের যথাবিহিত প্রতিকার নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ বিভাগের অনাগ্রহ ও ইচ্ছাকৃত ব্যর্থতার দৃষ্টান্ত এত বেশি যে এখন খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও মনে করে, পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত খোদ পুলিশ বিভাগকে দিয়ে করানো নিষ্ফল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দৃষ্টিভঙ্গির প্রকাশ লক্ষণীয়। ১৪ জুলাই প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্ত করার জন্য মন্ত্রণালয় পর্যায়ে একটি ও জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করেছে। মন্ত্রণালয় পর্যায়ের কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে শুরু করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করার। এই কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকে। আর জেলা পর্যায়ের তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ কনস্টেবল থেকে শুরু করে পরিদর্শক পদমর্যাদার পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করার। এই কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক বা তাঁর একজন প্রতিনিধি।
কিন্তু পুলিশ অধিদপ্তর এই কমিটি গঠনের তীব্র বিরোধিতা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখেছে, ওসব কমিটি ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ওই দুটি কমিটি ‘পুলিশ বাহিনীর অধিকার খর্ব করবে’। পুলিশ কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর (তৎকালীন প্রতিমন্ত্রী) সঙ্গে কয়েক দফা বৈঠক করেও একই দাবি জানিয়েছেন। নিজেদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ যাবতীয় অপরাধ সংঘটনের সব অভিযোগ তদন্ত করার ক্ষমতা তাঁরা নিজেদের হাতেই রেখে দিতে চান। কিন্তু তাঁদের এই চাওয়া অযৌক্তিক; এর পেছনে কোনো সৎ উদ্দেশ্য নেই। বরং অসৎ উদ্দেশ্যটা পরিষ্কার: তাঁরা জবাবদিহির ঊর্ধ্বে থাকতে চান।
আসলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি গঠন করাও যথেষ্ট নয়। কারণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি খোদ সরকারও পুলিশ বাহিনীর সদস্যদের অনিয়ম-দুর্নীতিসহ যাবতীয় রকমের আইনবহির্ভূত কর্মকাণ্ড বন্ধ করার ক্ষেত্রে আন্তরিক বলে মনে হয় না। অনেক সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন নেতাকে পুলিশের বাড়াবাড়ি কিংবা ব্যর্থতার সাফাই গাইতে দেখা যায়। সরকার পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে; ক্ষমতাসীন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের অন্যায়-অপরাধের বেলায় পুলিশকে আইনের যথাযথ প্রয়োগ করতে বাধা দেওয়া হয়। রাজনৈতিক প্রতিপক্ষদের দমন করার ক্ষেত্রে অনেক সময় সরকারি দলের পেটোয়া বাহিনীর সহযোগী হিসেবে ব্যবহার করা হয় পুলিশ বাহিনীকে। এসব কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারের পক্ষে পুলিশ বাহিনীর সদস্যদের পেশাগত সততা নিশ্চিত করা সম্ভব নয়, কারণ সরকারের নৈতিক অবস্থানটাই দুর্বল।
তাই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, পুলিশি হেফাজতে মৃত্যু, হত্যা মামলার আসামিসহ গুরুতর অপরাধীদের সঙ্গে অনৈতিক যোগসাজশ ও অর্থনৈতিক লেনদেন, গ্রেপ্তার–বাণিজ্য, নিরীহ সাধারণ মানুষকে আটক করে মামলার আসামি করার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করাসহ অজস্র রকমের অপরাধ সংঘটনের অভিযোগ পাওয়া যায়। এগুলোর মধ্যে অন্ততপক্ষে গুরুতর অভিযোগগুলো তদন্ত করার জন্য সম্পূর্ণ স্বাধীন একটা প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
পৃথিবীর বিভিন্ন দেশে এ রকম প্রতিষ্ঠান আছে। দৃষ্টান্ত হিসেবে আমরা যুক্তরাজ্যের পুলিশ কমপ্লেইন্টস কমিশনের মডেল অনুসরণ করতে পারি। এটি একটি সম্পূর্ণ স্বাধীন কমিশন, যার চেয়ারম্যানসহ কমিশনারদের পদগুলোতে নিয়োগ দেওয়া হয় এমন ব্যক্তিদের, যাঁরা কোনো দিন পুলিশ বিভাগে চাকরি করেননি। কমিশন পরিচালিত হয় সংবিধিবদ্ধ ক্ষমতার দ্বারা, এর কর্মকাণ্ডে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করা বা প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই।
বাংলাদেশের দরিদ্র জনগণের করের টাকায় পরিচালিত পুলিশ বাহিনীকে যাবতীয় রকমের অনৈতিক, আইনবিরুদ্ধ ও ক্ষতিকর চর্চা থেকে মুক্ত করার কাজটি অত্যন্ত দুরূহ। তবে এসব ক্ষতিকর প্রবণতা কিছু মাত্রায় হ্রাস করা একেবারে অসম্ভব নয়। সে জন্য পুলিশ কমপ্লেইন্টস কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলার সময় পেরিয়ে যাচ্ছে।
মশিউল আলম: সাংবাদিক।