পুলিশি হামলা আর পুলিশের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের ধর্ম দুর্বলকে রক্ষা আর দুর্জনকে আঘাত করা। সে আঘাত তাৎক্ষণিক শারীরিক আঘাত শুধু নয়। আইনের আওতায় নিয়ে সাজা দেওয়ার ব্যবস্থা করাও আঘাততুল্যই বিবেচিত হয়। এ দায়িত্বটির প্রাথমিক ভূমিকায় থাকে পুলিশ। যে দেশে পুলিশ ন্যায়নিষ্ঠ ও কার্যকর, আইনের শাসন বিবেচনায় সে দেশের তুলনামূলক অবস্থান ওপরের দিকে। ন্যায়নিষ্ঠ ও কার্যকর পুলিশ ধৈর্যশীল ও সংযমী হবে। পাশাপাশি তাদের থাকতে হবে সদা তৎপর। হতে হবে মানবাধিকারের প্রতি সংবেদনশীল। গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ জনগণের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ করতে পারে না। বরং এ মৌলিক অধিকার যাতে নাগরিকেরা নির্বিঘ্নে ভোগ করতে পারে, তার নিশ্চয়তার বিধান করতে হয় তাদের। আর তারা পারে না আইনসম্মত সমাবেশ ও মিছিলের ওপর হামলা চালাতে। ঠিক তেমনি কিছুসংখ্যক ব্যক্তি যখন বেআইনি জনতায় (অপরাধ করার উদ্দেশ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ) সংঘটিত হয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের কাজে লিপ্ত হয়, সে সমাবেশকে আইনানুগ প্রক্রিয়ায় ছত্রভঙ্গ করা মূলত পুলিশের দায়িত্ব। সে আইনানুগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত রয়েছে লাঠিপেটা, টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ, জলকামান ব্যবহার, রাবার বুলেট আর পরিস্থিতি দাবি করলে অপরিহার্য ক্ষেত্রে গুলিবর্ষণ। আবার জনতা যখন পুলিশের ওপর হামলা করে, তখনো পুলিশ অন্য ক্ষেত্রের মতোই সংযমী ও ধৈর্যশীল হবে, অথচ সে হামলা প্রতিহত করবে দৃঢ়তা ও ক্ষিপ্রতার সঙ্গে। অথচ সাম্প্রতিক কালের কিছু ঘটনায় পুলিশের বিপরীতধর্মী আচরণের প্রকৃত উদ্দেশ্য বোধগম্য হচ্ছে না। আমাদের পুলিশ বাহিনী চাহিদার নিরিখে জনবল, সরঞ্জামাদি ও আধুনিক প্রযুক্তির দিক বিবেচনায় যথেষ্ট সমৃদ্ধ না হলেও দুর্বল বলা যাবে না। হয়তো বেশ কিছু অপরাধ শনাক্তকরণে তাদের ব্যর্থতা উল্লেখ করার মতোই। পাকিস্তানের সময়কাল থেকে আজতক সব সরকার এদের ব্যবহার করে চলছে নিজেদের স্বার্থে। এ প্রবণতা ও তার নেতিবাচক পরিণতিও বৃদ্ধি পেয়েই যাচ্ছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে এটা ইতিবাচক দিকে মোড় নেওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো আইন করে এর পরিবর্তন হবে, এটা যাঁরা মনে করেন, তাঁরা আইনের দ্বারা সুরক্ষিত আমাদের দেশের স্বাধীন দু-একটি প্রতিষ্ঠানের অবস্থান দেখলেই এ বিষয়ে দ্বিমত পোষণ করার সুযোগ পাবেন না।আজকের আলোচনার মূল প্রতিপাদ্য রাজপথে সন্ত্রাস। কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন যখন গণ-আন্দোলনে রূপ নেয়, তখন রাজপথ চলে যায় জনতার নিয়ন্ত্রণে। এ রূপটা আমরা দেখে আসছি পাকিস্তানের সময়কাল থেকে বেশ কিছু ক্ষেত্রে। তখন এটা মোকাবিলায় পুলিশের সামর্থ্য যথেষ্ট নয়, এটা সবাই বুঝতে পারেন। কিন্তু বর্তমান পর্যায়ে এরূপ কোনো অবস্থার সৃষ্টি হয়েছে, এমনটা কি বলা যাবে? যেমন হরতাল বা ধর্মঘট গণতান্ত্রিক অধিকার। কিন্তু সহিংস পিকেটিং অবশ্যই বেআইনি। ভাঙচুর ও অগ্নিসংযোগ শাস্তিযোগ্য অপরাধ। এসব ক্ষেত্রে যারা বিরোধী দলে থাকে, তারা তা করে বা করতে চায়। আর যারা থাকে সরকারে, তারা পুলিশ দিয়ে এটা নিয়ন্ত্রণ করে। সে ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের সদস্যরা শুধু আহত নন, নিহতও হচ্ছেন। আর আন্দোলনকারীদের অনেকে হতাহত হয়। পাশাপাশি তাদের হতে হয় বেশ কয়েকটি মামলার আসামি। সেটি একটি দিক। আর দরিদ্র শিক্ষক এবং তেল, গ্যাস, বন্দর রক্ষা কমিটির অহিংস সমাবেশ আর মিছিলেও কিন্তু পুলিশ অনভিপ্রেতভাবে হামলা চালায়। আইনানুগ পন্থায় সবারই সমাবেশ, মিছিল করে দাবি জানানোর অধিকার আছে। পুলিশি হামলার শিকার হন সাংবাদিক। তাঁদের অস্ত্র তো কলম, নোট বই, ট্যাপ রেকর্ডার কিংবা ক্যামেরা। ইট-পাটকেল নয়। আর তৈরি পোশাকশিল্পের যে শ্রমিকেরা (মূলত নারী) এ দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখছেন, করছেন বেগবান—তাঁরা ক্ষেত্রবিশেষে সহিংস হয়ে যান মূলত বঞ্চনার শিকার হয়ে। এসব ক্ষেত্রে পুলিশ কিন্তু প্রবল শক্তি নিয়ে তাঁদের দমিয়ে দেয়। টেলিভিশনের পর্দায় বা খবরের কাগজে এ ধরনের ঘটনায় আহত গার্মেন্টস-কন্যাদের লাঞ্ছিত হওয়ার ছবি দেখে অনেকেই তাঁদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন। অনেক কম বেতনে অতিরিক্ত সময় কাজ করা আর ক্ষেত্রবিশেষে সময়মতো বেতন না পাওয়ার ঘটনা কিন্তু একেবারেই কম নয়। উচ্ছৃঙ্খলতার জন্য শাস্তি তাঁদের প্রাপ্য এবং তাঁরা তা পান। কিন্তু যেসব মালিক ও ব্যবস্থাপক এর কারণ ঘটান, তাঁরা সর্বক্ষেত্রে থেকে যান ধরাছোঁয়ার বাইরে। আবার দেখা যায়, কোনো কোনো ক্ষেত্রে পুলিশ নির্বিকার থেকে বড় দুর্ঘটনা ঘটার কারণ সৃষ্টি করে। প্রধানত সব সময়ে ক্ষমতাসীন দলে যারা থাকে, তাদের ক্যাডারদের তাণ্ডবকে অনেক ক্ষেত্রেই পুলিশ প্রশ্রয়ের দৃষ্টিতে দেখার বেদনাদায়ক চিত্র আমরা দেখে থাকি।৯ ডিসেম্বর কতিপয় রাজনৈতিক দলের একটি কর্মসূচি চলাকালে পুরান ঢাকায় ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট ক্যাডাররা বিশ্বজিৎ নামের একজন নিরীহ তরুণকে চাপাতি ও লাঠির আঘাতে হত্যার চিত্রও আমরা দেখতে পেয়েছি ব্যথিত চিত্তে। পত্রিকান্তরের খবরে প্রকাশ, তখন ঘটনাস্থলের অতি নিকটেই অবস্থান করছিল পুলিশ। ছিল তারা নির্বিকার। সাম্প্রতিক কালে আইনশৃঙ্খলার ক্ষেত্রে নতুন একটি মাত্রা যুক্ত হয়েছে, তা হচ্ছে রাজপথে আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা। একটি রাজনৈতিক দল ও তাদের সহযোগী ছাত্রসংগঠন এটা চালিয়ে যাচ্ছে রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোতে। প্রায় এক মাস ধরে মাঝেমধ্যেই এ ধরনের হামলা হচ্ছে। কী জন্য এ হামলা, সে সম্পর্কে হামলাকারীরা কোনো বক্তব্য দিচ্ছে না। তবে তাদের সাম্প্রতিক দাবিদাওয়া সম্পর্কে পত্রপত্রিকা থেকে কিছু তথ্য পাওয়া যায়। দাবিদাওয়া যা-ই হোক না কেন, তা আদায়ের জন্য পুলিশের ওপর হামলা কি সমর্থনযোগ্য? রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগে অতি গুরুত্বপূর্ণ হাতিয়ার পুলিশ বাহিনী। কোনো অবস্থাতেই তাদের ওপর এ ধরনের হামলা সমর্থনযোগ্য হতে পারে না। অথচ আমরা দেখছি, তারা নির্দয়ভাবে পুলিশ সদস্যকে আঘাতের পর আঘাত করে গুরুতর জখম করে। পুড়িয়ে দিচ্ছে তাদের গাড়ি। আর বিস্ময়ের সঙ্গে দেখা যায়, অদূরে নিরাপদে অবস্থান নিয়ে নিষ্ক্রিয় অবস্থায় আছে তাঁদের কিছু সহকর্মী। এ ধরনের ঘটনায় পুলিশের আচরণ সম্পর্কে সরকার ও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা সংযম ও কৌশল। পুলিশ অবশ্যই সংযমী হবে। কিন্তু তারা যখন একতরফা নির্দয় হামলার শিকার হয়, তখন ক্ষিপ্রতার সঙ্গে এটা প্রতিরোধ করবে না, তা কিন্তু বোধগম্য নয়। রাজপথে এ দৃশ্য গণমাধ্যম ও প্রযুক্তির সুবাদে অতি দ্রুতই দেশে-বিদেশে ছড়িয়ে পড়ছে। হতবাক হচ্ছে সবাই। কেননা, এ ধরনের অবস্থায় পুলিশের মনোবল ভেঙে পড়ার আশঙ্কাকে উপেক্ষা করা যাবে না। এটা কি দেশের জন্য শুভ ফল বয়ে আনবে? ঘটনার পর কয়েকটি গ্রেপ্তার ও মামলা স্বাভাবিকভাবেই হয়। এসব ক্ষেত্রেও হচ্ছে। তবে রাজপথে পুলিশের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলা হবে, আর বেশির ভাগ ক্ষেত্রেই পুলিশ তা প্রতিহত করবে না, এটাকে স্বাভাবিক বলে বিবেচনায় নেওয়া যায় না। এজাতীয় ঘটনাগুলোর পর টহল পুলিশ দলের সদস্যসংখ্যা বাড়িয়ে কমসংখ্যক টহল দল লক্ষণীয় হচ্ছে। এর সুযোগ নিতে পারে চোর, ডাকাত, ছিনতাইকারীসহ সমাজবিরোধী চক্র। ঝুঁকি বেড়ে চলছে জনজীবনে।আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। এ সময়কালে কিছু ঘটন-অঘটন হতে পারে বলে গোয়েন্দা-সতর্কতা সম্পর্কে খবরের কাগজে দেখেছি। তাই ধৈর্য হারিয়ে অসংযমী হওয়ার সুযোগ যেমন নেই, তেমন সুযোগ নেই রাষ্ট্রশক্তি প্রয়োগের মূল হাতিয়ার পুলিশকে একটি বিশেষ দলের হামলার মুখে সংযমের নামে কার্যত নিষ্ক্রিয় থাকার। শুধু তারা নয়, পুলিশের ওপর বিনা প্ররোচনায় যখন যারা হামলা করে বা করবে, তাদের প্রতি দৃশ্যত আপসকামী নীতি কোনো সরকার বা দেশের জন্য মঙ্গলজনক হওয়ার কথা নয়। একটি রাষ্ট্র বা এর অংশবিশেষকে অনেক সময়ই বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়। যেমনটা ঘটেছিল সত্তরের দশকে ভারতের পশ্চিমবঙ্গে। সেটা ছিল নকশালবাড়ী আন্দোলন। শ্রেণীশত্রু দমনের নামে তারা চালায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর হামলা, তবে তাদের মূল লক্ষ্যই ছিল পুলিশ। এমনকি ট্রাফিক পুলিশও সে লক্ষ্য থেকে বাদ যায়নি। অনেক পুলিশ হতাহত হয়েছে। তখন প্রকৃতপক্ষে জনগণের সহানুভূতি ও সমর্থনও অনেক বেড়ে যায় পুলিশের প্রতি। সে ঘটনায় পুলিশ ও সরকার হাল ছাড়েনি। তারা ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন কৌশল আয়ত্তে নেয়। একপর্যায়ে পরিস্থিতি পাল্টা মোড় নেয়। বন্ধ হয় সেসব হামলা।সে তুলনায় বাংলাদেশ পুলিশের অবস্থান অনেক উঁচুতে। আমাদের মুক্তিযুদ্ধে গৌরবজনক অবদান রেখেছে এ বাহিনী। বিদেশে প্রেরিত শান্তিরক্ষা মিশনেও তারা সাফল্যের ছাপ রাখছে। অনেক মেধাবী কর্মকর্তা আছেন বাংলাদেশ পুলিশে। তাঁরা জনগণের মধ্যে তাঁদের অবস্থান ধরে রাখতে তাদের প্রতি প্রকৃত বন্ধুসুলভ আচরণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা ঘটছে না বলে অভিযোগ রয়েছে। মানবাধিকারের প্রতি তাঁরা যথেষ্ট সংবেদনশীল নন, এই অভিযোগের তো শেষই নেই। অনেক ঘৃণ্য অপরাধীর সঙ্গে তাঁদের কারও কারও প্রকাশ্য চলাফেরা জনমনে এ বাহিনী সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি করে। অবশ্য এসব অবস্থার জন্য অনেকাংশে আমাদের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতি দায়ী। এত সব সত্ত্বেও পুলিশের ওপর এ ধরনের হামলা সমর্থনযোগ্য নয়। তেমনি সমর্থনযোগ্য নয় হামলাকালে পুলিশের দৃঢ় প্রতিরোধে ব্যর্থতাও। যারা তাদের ওপর হামলা করে, তারাও কি বুঝতে পারছে না, তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে এগিয়ে যাবে পুলিশই। পুলিশের সীমাবদ্ধতার শেষ নেই। তা সত্ত্বেও পুলিশ ছাড়া তো রাষ্ট্রটি একটি দিনও চলতে পারবে না। আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব। majumdeৎ[email protected]