
শুক্রবার যখন কালের পুরাণ লিখছি, তখন ঢাকা শহর ফাঁকা হতে শুরু করেছে। সরকার ছুটি বাড়িয়ে দেওয়ায় পেশাজীবী-চাকরিজীবীরা আগেভাগে বাড়িতে যেতে পারছেন। কিন্তু সবাই না। সকালে বাসা থেকে অফিসে আসার পথে দেখলাম তৈরি পোশাকশিল্পের কয়েক শ শ্রমিক বেতন-বোনাসের দাবিতে বিজিএমইএ ভবনে ধরনা দিচ্ছেন। তাঁদের কারখানার মালিক হয় ঈদের আগে বেতন-ভাতা না দিয়ে চম্পট দিয়েছেন অথবা কারখানাটি বন্ধ করে দিয়েছেন। গরিব শ্রমিকেরা তাই বিজিএমইএ নেতাদের কাছে নালিশ জানাতে এসেছেন। তখনো বিজিএমইএ ভবনের গেট বন্ধ ছিল। বাংলাদেশে মালিকদের আগেই শ্রমিকদের জাগতে হয়। তাঁদের খুব বেশি দাবি নেই। শ্রম দেওয়ার বিনিময়ে মাস শেষে পাওয়া সামান্য বেতন-বোনাস নিয়ে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন, এটুকুই।
সাধারণ মানুষের মধ্যে ঈদের আমেজ এলেও নেতা-নেত্রীদের কথাবার্তায় তার আভাস নেই। তাঁরা সারাক্ষণ বাগ্যুদ্ধে লিপ্ত। নিজের দায়িত্ব পালন করার চেয়ে অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকেন। ক্ষমতাসীন দলের নেতারা যখন সব হত্যার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করছেন, বিএনপি নেতারা উল্টো আওয়ামী লীগকে দুষছেন। তাঁদের এই দোষাদোষিতে ঘাতকেরা, সে হোক জঙ্গি বা অন্য কোনো সন্ত্রাসী চক্রের হোতা, পার পেয়ে যাচ্ছে।
শুক্রবারও ঝিনাইদহে দুর্বৃত্তরা আরও একজন সেবায়েতকে কুপিয়ে হত্যা করেছে। প্রথম আলোর খবর থেকে জানা যায়, ভোরের দিকে ঝিনাইদহ সদর উপজেলার এক মঠে এ ঘটনা ঘটে। নিহত সেবায়েতের নাম শ্যামানন্দ দাস ওরফে বাবাজি (৫০)। তিনি উপজেলার উত্তর কাষ্ট সাগরা গ্রামের শ্রীশ্রী রাধামদন গোপাল বিগ্রহে (মঠ) কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নড়াইল সদর উপজেলার মুসুরিয়া গ্রামে। প্রতিদিনের মতো গতকালও পূজার জন্য ফুল তুলতে মঠ থেকে বের হয়েছিলেন শ্যামানন্দ। এ সময় শহরের দিক থেকে একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি শ্যামানন্দকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। মোটরসাইকেলের আরোহীদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। মাথায় ছিল ক্যাপ। মাঝের জনের হাতে ছিল একটি রামদা।
গত ১০ জুন পাবনা সদর উপজেলার হিমাইতপুর গ্রামের শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের (হিমাইতপুর ধাম) সেবায়েত নিত্যরঞ্জন পান্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষারভাগাড় এলাকায় হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে (৭০) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। হত্যার মিছিল যেন থামছেই না।
এর পাশাপাশি ‘ক্রসফায়ার’ বা’ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাও ঘটছে। কিন্তু কার সঙ্গে কার বন্দুকযুদ্ধ তা আমরা জানতে পারি না। জানতে পারি যে পুলিশ বা র্যা ব সদস্যরা আসামির স্বীকারোক্তি অনুযায়ী, তার সাগরেদ বা ওস্তাদদের ধরতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে আগে অবধারিতভাবে আটক হওয়া আসামি নিহত হয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাকে ধরতে গিয়েছিলেন, কী অস্ত্র পেয়েছিলেন জানার উপায় নেই। মাদারীপুরের কলেজশিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলাকারী ফাহিমকে হাতেনাতে ধরে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ রিমান্ডের আবেদন জানালে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু পরে দেখা গেল এক দিন পরই ফাহিম পুলিশের সঙ্গে ‘ক্রসফায়ারে’ নিহত হয়।
যেদিন ঝিনাইদহে সেবায়েতকে খুন করা হলো সেদিনই সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হন। তাঁরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বদনপুর গ্রামের শহীদ আল মাহমুদ (২৪) ও কুষ্টিয়ার আনিসুর রহমান (২৫)। শহীদ ঝিনাইদহ সিদ্দিকী আলিয়া মাদ্রাসা ও আনিসুর ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। পুলিশ বলছে, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমারসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, গোপন খবরের ভিত্তিতে তিনি জানতে পারেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নলডাঙা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের উত্তর মাঠ এলাকায় একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছিল। এ সময় সদর থানার টহল পুলিশ সেখানে টহল দিচ্ছিল। দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট গুলিবিনিময় হয়। প্রায় সবখানে একই গল্প।
আসলে সরকার শুরু থেকেই জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব না দেওয়ায় এখন বুঝতে পারছে না পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবে। কোনো অঘটন ঘটলেই সরকার বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে, বিরোধী দলও সরকারকে দায়ী করে বক্তৃতা-বিবৃতি দিচ্ছে। আর বেঘোরে প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। প্রান্তিক মানুষ, দুর্বল মানুষ। পুলিশের কর্তাব্যক্তিরা যখন নাগরিকদের নিজস্ব নিরাপত্তাবলয় তৈরির পরামর্শ দেন, তখন জানতে ইচ্ছে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজটা কী? নাগরিকেরা অবশ্যই নিজেদের নিরাপত্তা সম্পর্কে সজাগ থাকবেন। কিন্তু তাঁদের নিরাপত্তার জন্য যে বড় হুমকি জঙ্গি, সন্ত্রাসী, ডাকু, রাজনৈতিক মাস্তান—এদের নিবৃত্ত করবে কে? সাধারণ মানুষের কাছে তো অস্ত্র নেই। কাজটা সরকারকেই করতে হবে।
আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে, গত ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৭৯ জন নিহত হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১৯২। এ ছাড়া পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ৭ জন, গণপিটুনিতে ৩১ জন, বিএসএফের গুলিতে ১২ জন, নির্বাচনী সহিংসতায় ১৪২ জন ও রাজনৈতিক সহিংসতায় ১২ জন নিহত হয়েছেন। এ হিসাবে অবশ্য জঙ্গিদের হাতে হতাহতের সংখ্যা নেই।
পরিসংখ্যান বিশ্লেষণ করলে আমরা কী দেখতে পাই? দেখতে পাই, সব খুনি জঙ্গি নয়। ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যায় পুলিশ যে চার্জশিট দিয়েছে, তাতে হুকুমদাতা হিসেবে বিএনপি নেতা ও সাবেক কমিশনার আবদুল কাইউমও রয়েছেন। জঙ্গিরা কি অন্যের হুকুমে কাজ করে? জঙ্গিদের নিজস্ব দর্শন আছে, তারা যাদেরই সেই দর্শনের বিরোধী লোক মনে করে, তাদেরই নিশানা করে।
চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) নিহত হওয়ার পর ব্যাপক প্রচার চালানো হয়েছিল যে, এটি জঙ্গিদের কাজ। বলা হয়েছিল, বাবুল আক্তার জঙ্গিদের বিরুদ্ধে অনেকগুলো সফল অভিযান চালিয়েছেন, সে কারণে ক্ষুব্ধ হয়ে জঙ্গিরা তাঁর স্ত্রীকে হত্যা করেছে। এরপর গোটা দেশে তোলপাড় শুরু হলো। আমরা দেখলাম, মিতু হত্যার পর সরকার জঙ্গি–সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান চালাল।
পরে তদন্তে বেরিয়ে আসে এটি ভাড়াটে খুনিদের কাজ। খুনে যারা অংশ নিয়েছে, তাদের কয়েকজন ধরাও পড়েছে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেসব তথ্য বেরিয়ে এসেছে, তা ভয়ংকর। মিতুকে হত্যার জন্য ঘাতকেরা দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছে, একাধিকবার চেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের কে ভাড়া করল তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তারাও মুখ খুলছেন না। বাতাসে নানা রকম কথা ভেসে আসছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, মূল পরিকল্পনাকারী পুলিশের সোর্স কামরুল সিকদার ওরফে মুছাকে ধরলেই সব রহস্য উদ্ঘাটিত হবে। পুলিশ বলছে, তারা মুছাকে খুঁজছে। আর মুছার স্ত্রী পান্না আক্তার দাবি করছেন, গত ২২ জুন ডিবি পরিচয়ে কয়েকজন তাঁকে এক আত্মীয়ের বাসা থেকে ধরে নিয়ে গেছে।
মিতু হত্যার তদন্তে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। তাঁর স্বামী বাবুল আক্তারকে ডিবি কার্যালয়ে নিয়ে ১৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ও পদত্যাগপত্র লিখিয়ে নেওয়ার খবরও পত্রিকায় এসেছে।
কেন তাঁর কাছ থেকে পদত্যাগপত্র নেওয়া হলো? পুলিশের সোর্সই যদি মিতুর খুনের হোতা হয়ে থাকে, তাহলে মানতে হবে, তাদের হাত থেকে তো পুলিশ পরিবারও নিরাপদ নয়। মিতু হত্যা নিয়ে প্রথম গুঞ্জনটি হলো এসপি বাবুল আক্তারের প্রতি প্রতিহিংসাপ্রবণ হয়ে কেউ এই কাজ করেছে। অপরটি হলো খুনের পেছনে বাবুল আক্তারের ইন্ধন আছে। এ ক্ষেত্রে পুলিশ বিভাগের ভূমিকাও অস্পষ্ট। বাবুল আক্তার যদি ষড়যন্ত্র বা প্রতিহিংসার শিকার হয়ে থাকেন, তাঁকে কেন পদত্যাগ করতে বলা হলো? আর যদি হত্যার সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকে, সে ক্ষেত্রে পদত্যাগ করেই বা কেন তিনি রেহাই পাবেন? আমরা সাধারণ নাগরিকদের হত্যার ঘটনায় পুলিশের কাছ থেকে পরস্পরবিরোধী ও বিভ্রান্তিকর কথা শুনে এসেছি। এবারে পুলিশ পরিবারের একজন সদস্যের ক্ষেত্রেও তা-ই ঘটল। তাহলে মানুষ কী করে পুলিশ বিভাগের প্রতি আস্থা রাখবে?
একটি বিষয় খুব অবাক লাগে, পুলিশ অপরাধীদের ধরতে যে সোর্স বা সূত্র ব্যবহার করে, তাদের প্রায় সবাই অপরাধ জগতের মানুষ। কেউ পাড়ার পুঁচকে মাস্তান কেউ দুর্ধর্ষ সন্ত্রাসী। এক খুনি কি আরেকজন খুনিকে ধরিয়ে দেবে? মানুষ পুলিশের চেয়েও বেশি ভয় পায় পুলিশের সোর্সকে। সোর্সরা অনেক সময় ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে। অপরাধী দমনে ঔপনিবেশিক আমলের এই কৌশল কতটা কাজে লাগে আর কতটা অকাজে, সেটি পুলিশের কর্তাব্যক্তিদেরও অজানা নয়।
সংকট অনেক গভীর। এ অবস্থায় সব দায় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপালে কিংবা সন্দেহভাজন হিসেবে যারা ধরা পড়ছে, তাদের ক্রসফায়ারে দিলেই সংকট নিরসন হবে না। সরকারকে বুঝতে হবে সব খুনের চরিত্র এক না হলেও সব খুনই রক্ত ঝরায়, মানুষের প্রাণ কেড়ে নেয়। খুন সেটি জঙ্গির হাতে, কিংবা জঙ্গির বাইরের কারও হাতে হোক, তাকে খুঁজে বের করে শাস্তিদানেই পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে। দ্রুত সময়ে খুনিদের বিচার করতে প্রয়োজনে আইন বদলাতে হবে। ক্রসফায়ারে সমাধান খুঁজবেন না।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]