পূর্ণাঙ্গ প্রস্তুতি দরকার ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশী থারুর
শশী থারুর

ভারতের জনাকীর্ণ বাজারে একরকম আতঙ্কজনক নীরবতা নেমে আসে ১ জুলাই। মধ্যরাতে ভারতীয় সংসদের এক ঝলমলে অনুষ্ঠানে নতুন জাতীয় পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কার্যকর হয়েছে। এর প্রশংসা করে বলা হচ্ছে, এটি স্বাধীনতার পর ভারতের সবচেয়ে বড় কর সংস্কার। কিন্তু এতে পণ্যের দামে কী প্রভাব পড়বে, তা নিয়ে ব্যবসায়ীরা খুবই অনিশ্চিত। ফলে অনেকেই পরদিন ব্যবসা বন্ধ করে দেন।

আমার মতো অনেকেই বহুদিন ধরে জাতীয় পণ্য ও পরিষেবা করের প্রস্তাব দিয়ে আসছেন, যার মাধ্যমে অর্থনীতিকে আরও স্বচ্ছ, ডিজিটাইজ ও দক্ষ করার মাধ্যমে ভারতীয় বাজারে সমরূপতা আনা সম্ভব। কিন্তু ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে এক দশক পর এটি প্রবর্তিত হলো। ওই সময় মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে বলেছিলেন, এতে রাজ্যের অধিকার বিঘ্নিত হবে। তারা রাজস্ববঞ্চিত হবে।

কিন্তু আপনার অবস্থান নির্ভর করবে আপনার ক্ষমতার ওপর—এই প্রবাদ প্রমাণ করতে মোদি দিল্লিতে বসে নিজের অবস্থান পরিবর্তন করলেন। ক্ষমতায় আসার তিন বছর পর তিনি জিএসটি বাস্তবায়ন করলেন, যেটা নিয়ে তিনি একসময় উপহাস করেছেন।

কিন্তু যে রূপে তিনি এটি বাস্তবায়ন করলেন, তা এর প্রবক্তাদের আশা পূরণ করতে পারেনি। আট মাস আগে ডিমনিটাইজেশন করে তিনি বাজার থেকে বড় অঙ্কের নোট তুলে নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি করেছিলেন, তার মতো এই জিএসটিও ঝামেলা ও বিঘ্ন সৃষ্টি করেছে।

বস্তুত মনে হবে, মোদি জিএসটি প্রবর্তন করে বিশ্বের সবচেয়ে জটিল ও খণ্ডিত পরোক্ষ কর ব্যবস্থার জায়গায় বিশ্বের সবচেয়ে সমরূপ পরোক্ষ কর ব্যবস্থা চালু করেছেন। অধিকাংশ দেশে একক জিএসটি হার থাকলেও ভারতে চারটি হার থাকবে: ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ। খাদ্যশস্য, সিরিয়াল ও তাজা দুধের ওপর কর থাকবে না, আর দামি গাড়িসহ অন্যান্য দামি ভোক্তা পণ্যের ওপর কর বসবে ৪৩ শতাংশ ও তারও বেশি।

অন্যদিকে সোনার ওপর অদ্ভুত ৩ শতাংশ কর আরোপ করা হয়েছে (পৃথিবীতে ভারত সবচেয়ে বেশি সোনা আমদানি করে। সরকার সোনার ওপর বেশি কর আরোপ করতে আগ্রহী নয়, যাতে চোরাচালান না বাড়ে)।

এই সাতটি ভিন্ন কর হারের কারণে জিএসটি নিশ্চিতভাবেই ‘এক জাতি, এক কর’-এর লক্ষ্য পূরণ করতে পারবে না। ১ হাজার ২০০ পণ্য ও প্রায় প্রতিটি কল্পনাসাধ্য সেবা বিভিন্ন হারে শ্রেণিবদ্ধ করা হয়েছে, যদিও মানুষের বিরোধিতার আগে সেটা হয়নি।

আর কম করে বললেও এর ফল হয়েছে বিভ্রান্তিকর। উদাহরণস্বরূপ, দুগ্ধজাত পণ্যের জন্য চারটি ভিন্ন কর হার ঠিক হতে পারে, আবার সাধারণ আটার ওপর কর আরোপ করা না হলেও ব্র্যান্ডের আটার ওপর ৫ শতাংশ কর আরোপ করা হয়েছে। ফলে কোন পণ্যে কত কর আরোপিত হবে, তা নিয়ে ব্যাপক বিভ্রান্তি রয়েছে।

কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে বলে ব্যাপারটা আরও জটিল হয়ে পড়েছে। কারণ, রাজ্যগুলো রাজস্বের কিছু বড় উৎসের ওপর নিজস্ব ক্ষমতা বজায় রাখতে চেয়েছিল, মোদি সেই দাবি মেনে নিয়েছেন। উল্লেখযোগ্য যেসব পণ্য বাদ পড়েছে, তার মধ্যে আছে রিয়েল এস্টেট ও অ্যালকোহল।

যে অ্যালকোহল কালোটাকার বড় এক উৎস, যদিও ধরে নেওয়া হয়েছিল এটা উৎখাত করা মোদি সরকারের বড় লক্ষ্য। এর সঙ্গে আছে পেট্রোলিয়ামজাত পণ্য (যার বর্তমান কর হার ৪৫ শতাংশ), বিদ্যুৎ ও যোগাযোগ শুল্ক।

তবে এখন কেন্দ্র ও রাজ্য সরকারের জগাখিচুড়ি মার্কা বিক্রয় করের জায়গায় জিএসটি আসছে, তা বড় স্বস্তির খবর। আগের ব্যবস্থা বড়ই জটিল ছিল। কিন্তু জিএসটিতেও এমন জটিলতা আছে যে এর কারণে কর ফাঁকি, ইচ্ছামাফিক কর আদায় ও এমনকি কর কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মতো ব্যাপারও ঘটতে পারে।

জিএসটি পণ্যের শ্রেণিবিভাগ কীভাবে হবে, তা নিয়ে প্রচুর মামলা হতে পারে। এমনকি জিএসটি চালু হওয়ার আগেই ভারতীয় বিচার বিভাগ পরোক্ষ কর-সংক্রান্ত আপিলের ভারে হাঁসফাঁস করছিল, যার কারণে ২ হাজার ৩০০ কোটি ডলারের রাজস্ব আটকে পড়ে আছে। ভারতীয় বিচার বিভাগ এমনিতেই জটে পড়েছে, ২ কোটি ৪০ লাখ মামলা ঝুলে আছে। এ অবস্থায় রাজস্ব-সংক্রান্ত আরও মামলা হলে বিচার বিভাগের আর উপায় নেই।

কিন্তু এতেই ভারতের নব্য জিএসটি-সংক্রান্ত সমস্যার শেষ হচ্ছে না। এই ব্যবস্থায় প্রতিটি ফার্মকে মাসে তিনটি (বছরে ৩৭টি) অনলাইন ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। এখন পর্যন্ত ৮০ লাখ করযোগ্য ব্যবসাপ্রতিষ্ঠান জিএসটিএনে নিবন্ধিত হয়েছে।

কিন্তু অধিকাংশ ছোট ব্যবসায়ী, দোকানদার ও বিক্রেতা কম্পিউটার–সমর্থিত নয়। এখন তাদের কম্পিউটার শিখতে উঠেপড়ে লাগতে হবে। এ ছাড়া যত দ্রুততার সঙ্গে জিএসটি চালু করা হলো, তাতে সন্দেহ জাগতেই পারে, এই সফটওয়্যারটি কি যথাযথভাবে পরীক্ষা করা হয়েছে বা এটি কি মাসে ৩০০ থেকে ৫০০ কোটি ইনভয়েস সামাল দিতে পারবে? ইতিমধ্যে ঘন ঘন সিস্টেম ক্রাশের খবর আসতে শুরু করেছে।

কর হার নিয়ে বিভ্রান্তি, অতিরিক্ত নথিপত্র ও এর বাস্তবায়ন নিয়ে উদ্বেগ থাকার কারণে এই ভীতি সৃষ্টি হয়েছে যে জিএসটি মানুষের জীবিকার ক্ষতি করবে। ভারতীয় অর্থনীতির বড় একটি দিক হলো অনানুষ্ঠানিক খাত, কয়েক মাস আগের ডিমনিটাইজেশনের কারণে এই খাতটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জিএসটির কারণে তারা দ্বিতীয়বারের মতো ধাক্কা খেতে পারে, এবার সেটা প্রাণঘাতী হতে পারে।

জিএসটি ভারতের জন্য সফলতা বয়ে আনতে পারে। কিন্তু তার জন্য কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের সঙ্গে বসে একটি যৌক্তিক ও সাধারণ ব্যবস্থা বের করতে হতো, তার জন্য সর্বোচ্চ করের সীমাও কমানো দরকার ছিল। কারণ, প্রায় ৩০ শতাংশ পণ্যের জন্য বিজেপি ২৮ শতাংশ কর আরোপ করেছে, যেখানে কংগ্রেস দাবি করেছে ১৮ শতাংশ।

বাস্তবায়নের আগে মোদি সরকারের উচিত ছিল এই ব্যবস্থা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করা। এর সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, আন্তরাজ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ভোক্তাদের প্রতি মাসে তিনটি রিটার্ন ফাইল করার প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করা। কর পরিদর্শকদেরও এর সঙ্গে ধাতস্থ হওয়া দরকার ছিল। এ ছাড়া এতে পেট্রোলিয়ামজাত পণ্য, বিদ্যুৎ, রিয়েল এস্টেট খাতও যুক্ত করা দরকার। মোদ্দা কথা হলো, জিএসটির উদ্দেশ্য ভালো, কিন্তু এই উপায়ে এটা অর্জন করা সম্ভব নয়।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

শশী থারুর: সাবেক ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী।