
বিশ্বনেতাদের সম্মেলন নানা প্রতীকে ভরপুর থাকে। লিখিত সংবাদ সম্মেলন ও হাসিমুখে ছবি তোলা হয়। কিন্তু প্রতিটি বৈঠক থেকেই কিছু বেরিয়ে আসে। হামবুর্গে জি–২০-এর যে সম্মেলন হয়ে গেল, তা নানা দিক থেকেই প্রতীকী, কিন্তু তার মধ্যে কালো ছায়াও আছে। কারণ, এ সম্মেলনে এক সাধারণ কিন্তু শক্তিশালী চিন্তার মৃত্যু হলো, সেটা হলো—প্রতিটি দেশ একত্রে কাজ করলে বিশ্ব নিরাপদ হয়ে ওঠে, পরস্পরের বিরুদ্ধে দাঁড়ালে নয়।
বহুপক্ষীয় ব্যবস্থা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এর বদলে সম্মেলনে দ্বিপক্ষীয় আলোচনাই বেশি হলো। এ ছাড়া ইতিহাসের শিক্ষা অস্বীকার করা হলো। যে স্বার্থপর ও যুদ্ধংদেহী জাতীয়তাবাদের কারণে ইতিহাসের জঘন্যতম নৃশংসতা হলো, সেই জাতীয়তাবাদের পালে আবারও হাওয়া লেগেছে।
প্রায় ২০ বছর আগে জি-২০ বিশ্বায়নের সফলতা দেখিয়েছিল। তখন চীনের উত্থান ঘটছে, অর্থনীতির যে ঢেউয়ে তারা সওয়ার হয়েছিল, তাতে কোটি কোটি মানুষ বিপর্যয়কর দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসে। এরপর ব্রিকস নামের নতুন এক জোট গঠিত হলো, যার মধ্য দিয়ে বোঝানো হলো, বৈশ্বিক আশাবাদের ঝান্ডা ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো উদীয়মান দেশগুলোর হাতে। জি-২০ গঠিত হয় ১৯৯৯ সালে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ দ্রুতগতিতে বাড়ছিল, যার হার ছিল তখন ৪ দশমিক ৭ শতাংশ। সারা পৃথিবীতেই তখন দ্রুতগতিতে গণতন্ত্র ছড়িয়ে পড়ছিল। সোভিয়েত-পৃষ্ঠপোষকতা পাওয়া কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটছিল। পূর্ব ইউরোপ, সাব-সাহারা আফ্রিকা ও এশিয়া অঞ্চলে একনায়কতান্ত্রিক শাসনের প্রায় অবসান ঘটতে যাচ্ছিল। স্নায়ুযুদ্ধোত্তর নিয়মভিত্তিক ব্যবস্থাকে ব্যাপক হারে গণতান্ত্রিক মূল্য চোকাতে হচ্ছিল।
আজকের পৃথিবীতে গণতন্ত্রের পশ্চাদ্ধাবন হচ্ছে, যেখানে কর্তৃত্বপরায়ণতার উত্থান ঘটছে। জি–২০-এ ব্যাপারটা সবচেয়ে ভালো বোঝা যায় অন্য যেকোনো বৈশ্বিক সংগঠনের চেয়ে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বের শুরুর দিকে তুরস্ক কিছু গণতন্ত্রের আশার বাণী শুনিয়েছিল, কিন্তু এখন তারা একনায়কতন্ত্রের দিকে অনেকটা পথ হেঁটে ফেলেছে। চীন ও রাশিয়া ক্রমশ আরও কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছে। ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা—উভয়েই শাসকশ্রেণির দুর্নীতির কারণে বৈধতার সংকটে ভুগছে। নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার গোষ্ঠীগত উত্তেজনা সৃষ্টি করছে, যে ব্যাপারটা এ দেশটির গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু। পোল্যান্ড ও হাঙ্গেরি—উভয়েই ইউরোপীয় ইউনিয়নের অংশ (জি-২০-এর সদস্যও তারা), কিন্তু একসময় উদার মূল্যবোধের প্রতি তাদের যে দৃষ্টান্তমূলক অঙ্গীকার ছিল, এখন তারা সে পথ থেকে সরে আসছে।
জাতীয়তাবাদের পুনর্জাগরণ ঘটে। বাণিজ্যযুদ্ধের কারণে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা ঠেকাতে বহুদিন ধরেই অনেক চেষ্টা-চরিত্র করা হচ্ছে, কিন্তু সুরক্ষা নীতির কারণে তা ভেস্তে যেতে বসেছে। এরপর তো এল ‘যুক্তরাষ্ট্রই প্রথম’, এর মাধ্যমে পররাষ্ট্রনীতিতে ভেতরমুখী ও স্বার্থপর নীতি গ্রহণের তরিকা শুরু হলো, যাতে আবার সায় দিচ্ছে যুক্তরাষ্ট্র।
রাশিয়া ও চীনের জন্য এটা দারুণ এক উপহার, যেটা মোড়ানো হয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে। পশ্চিমে বিভাজন সৃষ্টির মানে হলো পূর্বের পুনর্জাগরণ ঘটা। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই উদার বিশ্বব্যবস্থা গড়ে তোলে। স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর তারা এর গতি বাড়িয়ে দেয়। প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র পরাশক্তি। কিন্তু ট্রাম্প এখন দেশে জনপ্রিয়তার জন্য দ্রুত বিজয় খুঁজতে গিয়ে স্বেচ্ছায় এ অবস্থান ছেড়ে দিচ্ছেন, তাতে দীর্ঘ মেয়াদে ক্ষতি যা-ই হোক না কেন।
অবশ্যই, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামারও কিছু ত্রুটি আছে। তিনি নিজেও যুক্তরাষ্ট্রকে বিশ্বদরবার থেকে সরিয়ে এনেছেন, যে কারণে সঠিকভাবেই তাঁর সমালোচনা করা হয়। কিন্তু তিনি হয়তো যুক্তরাষ্ট্রকে কেন্দ্রে রেখে এই ব্যবস্থার সমর্থনে তেমন কিছু করেননি, আর ট্রাম্প এসে তার নোঙর খুলে দিয়েছেন। এ বছরের মার্চ মাসে তিনি জি-২০-এর উদ্দেশে বলেছিলেন, তারা যেন সুরক্ষাবিরোধী অবস্থান থেকে বেরিয়ে আসে। তিনি এই ভয়ও দেখিয়েছিলেন যে বিভেদ সৃষ্টিকারী শুল্ক, এমনকি বাণিজ্যযুদ্ধও শুরু হয়ে যেতে পারে।
ট্রাম্পের কারণে পশ্চিম ইউরোপে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য যে দেশগুলোকে যুক্তরাষ্ট্রের দরকার, সেই দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখতে পারছে না। বেশির ভাগ মানুষই এখন ‘সঠিক কাজ’ করার জন্য ট্রাম্পের ওপর নয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আস্থা রাখেন। মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থার জন্য এটা বিপর্যয়, যে ব্যবস্থায় গণতন্ত্রকে পুরস্কৃত
করা হয়। গত বৃহস্পতিবার পোল্যান্ডে এক বক্তৃতায় ট্রাম্প এমনকি গণতন্ত্রের কথাও বলেননি। কিন্তু ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন, পশ্চিমের ভবিষ্যৎ ঝুঁকির মুখে। তিনি একদম ঠিক বলেছেন। তিনি পশ্চিমের ভবিষ্যৎ নিয়ে প্রবল সন্দেহ সৃষ্টি করেছেন। পশ্চিমকে
বিভক্ত করে দিয়ে তিনি দীর্ঘদিনের মিত্রদের উন্মুক্তভাবে এ প্রশ্ন করার অবকাশ তৈরি করে দিয়েছেন যে ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিতে পারবে কি না।
বিভ্রান্ত আশাবাদীদের আশা, ‘মার্কিন নেতৃত্বের ক্ষণিক অনুপস্থিতির’ কারণে অন্যান্য পশ্চিমা শক্তি এ শূন্যতা পূরণের তাগিদ বোধ করতে পারে। কিন্তু তারা সেটা করবে না। বলা হয়, আঙ্গেলা ম্যার্কেল মুক্তবিশ্বের নতুন নেতা, কিন্তু তাঁর অর্থনৈতিক ও সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের সামনে ফিকে হয়ে যায়। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, জার্মানি বৈশ্বিক নেতৃত্বের ভার নিতে চায় না। বিশ্বদরবার থেকে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর উদার গণতন্ত্র না থাকলে মস্কো থেকে শুরু করে ম্যানিলা পর্যন্ত একনায়কদের সুবিধাই হবে।
মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার জন্য জি–২০ সবচেয়ে উজ্জ্বল আশা, যারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতাকে প্রাধান্য দেয়। এতে যুক্তরাষ্ট্রের ব্যাপক সুবিধা হয়েছে। এসব ফেলে দিলে যে কী মূল্য চোকাতে হবে—আমরা তা শিগগিরই টের পাব।
অনুবাদ: প্রতীক বর্ধন, ওয়াশিংটন পোস্ট থেকে নেওয়া।
ব্রায়ান ক্লাস: লন্ডন স্কুল অব ইকোনমিকসের ফেলো, মারসেল দিরসুস: জার্মান রাষ্ট্রবিজ্ঞানী।