পেছন ফিরি সামনে তাকাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ হয়ে উঠেছে পরিবেশ আন্দোলনের মহান নেত্রী
সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ হয়ে উঠেছে পরিবেশ আন্দোলনের মহান নেত্রী

চীনাদের কাছে ২০১৯ সাল ছিল ‘শূকরবর্ষ’। কেন এই নাম দেওয়া হয়েছে, কে জানে। চীনাদের মতে, শূকর অতি অলস প্রাণী, কেবল পড়ে পড়ে ঘুমায়। তবে সুবিধা এই যে সে বড় নিরীহ, নিজে থেকে অন্যকে গুঁতোতে আসে না। যত ঘুমায় তত মোটা হয়, বাজারে তার দামও তত বাড়ে। গৃহকর্তার জন্য সেটি সুখবর, ফলে চীনাদের চোখে বছরটি শুভ।
চীনারা যে কথাই বলুক না কেন, ২০১৯ সালকে খুব একটি নিরীহ মনে হয় না। সিরিয়া, ইয়েমেন ও আফ্রিকার পশ্চিমাঞ্চল বাদ দিলে এ বছর তেমন কোনো বড় যুদ্ধ-বিগ্রহ হয়নি বটে, কিন্তু এই বছরে পৃথিবীর প্রায় সব অঞ্চলেই গণতন্ত্র পিছু হটেছে, কর্তৃত্ববাদী সরকারের উত্থান ঘটেছে, বর্ণবাদী জাতীয়তাবাদের প্রসার ঘটেছে।
ধনসম্পদের হিসাবেও শূকরবর্ষকে খুব শুভ বলা যায় না। পৃথিবীর সব দেশেই গরিব আরও গরিব হয়েছে, ধনী হয়েছে আরও ধনী। বাংলাদেশের কথা ধরুন। দেশের প্রতি চারজনের একজন দারিদ্র্যসীমার নিচে বাস করে, অথচ সেই দেশই এখন ধনী তৈরিতে পৃথিবীতে ৩ নম্বর। এক বছর আগে ধনী তৈরির কারখানা হিসেবে তার স্থান ছিল ১ নম্বরে।
ধনী ও দরিদ্রের এই ফারাক কতটা তীব্র, তার সেরা উদাহরণ আমেরিকা। ওয়ালমার্ট কোম্পানির মালিক ওয়ালটন পরিবারের কথা ধরুন। ২০১৯ সালে এই পরিবারের যেকোনো সদস্য প্রতি মিনিটে যা আয় করেন, তা ছিল এই কোম্পানির কর্মচারীদের পুরো বছরের গড়পড়তা আয়ের সমান। ওয়ালটন পরিবার ছাড়া আরও একজন শূকরবর্ষকে ধন্যবাদ জানাতে পারেন। তিনি মাইক্রোসফটের বিল গেটস। এ বছর তিনি আমাজনের জেফ বেজোসকে টপকে ফের দুনিয়ার পয়লা নম্বর ধনী। বেজোসের পতনের কারণ অবশ্য ব্যবসায় মন্দাবস্থা নয়, বিবাহবিচ্ছেদ। ডিভোর্সের কারণে তাঁর পুরোনো বউকে এত টাকা গচ্চা দিতে হয় যে স্বল্প সময়ের জন্য হলেও ১ নম্বর স্থানটি তাঁকে ছেড়ে দিতে হয়েছে।
বিশ শতকের শেষে, একুশ শতকের গোড়ায় আমাদের প্রত্যাশা ছিল পৃথিবী বহুপক্ষীয় ও কল্যাণকামী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে এগোবে। এখন দেখছি স্রোত বইছে উল্টো দিকে। ট্রাম্পের আমেরিকা, বরিস জনসনের যুক্তরাজ্য, এরদোয়ানের তুরস্ক অথবা মোদির ভারত—সবাই একই
পথে হাঁটছে। সবার একটাই লক্ষ্য, বর্ণ অথবা ধর্মভিত্তিক জাতিগত শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় ঘৃণা ও ভীতির ব্যবহার। গত শতকের তিরিশের দশকে নাৎসিবাদের উত্থানের পেছনেও ছিল ঘৃণা ও ভীতি।
হিটলার শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন ইহুদিদের। মোদির ভারতে, ট্রাম্পের আমেরিকায় বা বরিস জনসনের যুক্তরাজ্যে শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে একদিকে মুসলমান, অন্যদিকে তৃতীয় বিশ্ব থেকে আগত বহিরাগত শ্রমিক।
পণ্ডিতেরা বলছেন, এই বর্ণভিত্তিক নব্য জাতীয়তাবাদের উত্থানের পেছনে রয়েছে বিশ্বায়নের ব্যর্থতা। তিন দশক আগেও বিশ্বায়নকে ভাবা হয়েছিল সব সংকটের উদ্ধারকারী। সব পণ্ডিতই পরামর্শ দিচ্ছিলেন, এগোতে হলে বিশ্বায়নের নৌকায় চেপে বসতে হবে। এখন বলা হচ্ছে, বিশ্বায়নের ফলে লাভ হয়েছে শুধু এলিট শ্রেণির মানুষের। খেটে খাওয়া মানুষ, এত দিন যারা সমাজে অন্ত্যজ হিসেবে বিবেচিত ছিল, বিশ্বায়নের ফলে তারা পিষ্ট হয়ে মরেছে। সীমান্ত খুলে দেওয়া হয়েছে, বানের পানির মতো বহিরাগতরা ঢুকছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সব সাদা মানুষ, তাদের আধিপত্য এখন হুমকির মুখে। অতএব, হটাও বিশ্বায়ন, আনো সংরক্ষণবাদ। এর সঙ্গে হটাও সব ধরনের উদারনৈতিক মূল্যবোধ ও বিধিব্যবস্থা। খেদিয়ে বের করো মুসলিম ও মেক্সিকানদের।
বিশ শতকের শেষার্ধ শতক ধরে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র দ্রুত প্রসার লাভ করে, সঙ্গে উদারনৈতিক মূল্যবোধ। একুশ শতকে এসে ঘটেছে উল্টো, বিশ্বের সব অঞ্চলেই গণতন্ত্র পিছু হটছে। ফ্রিডম হাউস, যারা প্রতিবছর বিশ্বে গণতন্ত্রের একটি মানচিত্র প্রস্তুত করে থাকে, ২০১৯ সালের প্রতিবেদনে তারা জানাচ্ছে, এক যুগের বেশি সময় ধরে প্রতিবছর গণতন্ত্র পিছু হটেছে। তারাও বলছে, বিশ্বায়নের কারণে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তন সূচিত হয়েছে, তার ফলেই গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি মানুষের আস্থা হ্রাস পাচ্ছে। এমনকি যেসব দেশকে একসময় অগ্রসর গণতন্ত্র ভাবা হতো, সেখানেও এই পিছু হটানোর ঘটনা ঘটছে।
এই সময়ের আরেক লক্ষণ, কাগজে-কলমে গণতান্ত্রিক, এমন অনেক দেশও আজ কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। ফরিদ জাকারিয়া এই ধরনের দেশকে ‘অনুদার গণতান্ত্রিক’ নামে অভিহিত করেছেন। রাশিয়া, ফিলিপাইন, ভেনেজুয়েলা বা ব্রাজিল এই ‘অনুদার গণতন্ত্রে’র সাম্প্রতিক উদাহরণ। ব্রাজিলে একটি উদারনৈতিক সরকারকে হটিয়ে সে দেশের মানুষ এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছেন, যিনি খোলামেলাভাবে ফ্যাসিবাদী। পূর্ব ইউরোপের পোল্যান্ড ও হাঙ্গেরিতেও একই অবস্থা।
স্টিভেন লেভিটস্কি ও ড্যানিয়েল জিবলাট তাঁদের সুলিখিত হাউ ডেমোক্রেসিস ডাই গ্রন্থে আমাদের মনে করিয়ে দিয়েছেন, একসময় বন্দুকের নল ব্যবহার করে ক্ষমতা দখল করে একনায়কতন্ত্র কায়েম করা হতো। এখন বন্দুকের নলের প্রয়োজন নেই। রাস্তায় ট্যাঙ্ক নামাতে হয় না, ব্যালটের মাধ্যমে সেই একই কাজ হচ্ছে। ব্রাজিলের বলসোনারো অথবা আমেরিকার ট্রাম্পের নাম উচ্চারণ না করলেও এই দুই লেখক তাঁদের মতো রাজনীতিককে বলেছেন ‘গণতন্ত্রের হন্তারক’—এসাসিন্স অব ডেমোক্রেসি—যাঁরা গণতন্ত্রের পথ ধরেই গণতন্ত্রকে গলা টিপে মারছেন।
অথচ নতুন সহস্রাব্দের সূচনাতেও গণতন্ত্র নিয়ে আমরা কতই না আশাবাদী হয়েছিলাম। সবচেয়ে বড় আশার সংবাদটি এসেছিল মধ্যপ্রাচ্য ও আফ্রিকার আরব দেশগুলো থেকে। হঠাৎ এক দমকা হাওয়ার মতো ‘আরব বসন্ত’ জানান দিয়েছিল পরিবর্তন সম্ভব, এমনকি আরব দেশগুলোতেও। এখন সবাই বলছে, আরব বসন্ত আসলে একটি নিষ্ঠুর ঠাট্টা ছিল। মিসর, তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোতে ফের জাঁকিয়ে বসেছে কঠোর কর্তৃত্ববাদী ও স্বেচ্ছাচারী সরকার।
সৌদি আরবের ক্ষমতার কেন্দ্রে এখন এক ক্ষমতা—পাগল যুবক, যিনি নিজের রাজনৈতিক অভিলাষ পূরণ করতে প্রতিবেশী ইয়েমেনের ওপর এমন এক অসমান যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, যার ফলে দেশটি এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিষ্ঠুরতায় নিজের বাপ-দাদাকেও ছাড়িয়ে গেছেন তিনি। তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনায় দেশত্যাগী এক সাংবাদিককে ইস্তাম্বুলে করাত দিয়ে কুচি কুচি করে কাটার ব্যবস্থা করেন তিনি। যে কাজ তাঁর নির্দেশে হলো—আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআই সে কথা সঠিক বলে জানিয়েছে—সে জন্য তাঁর কেশাগ্র স্পর্শ করা হলো না, অথচ অপরাধী হিসেবে ফাঁসি দেওয়া হলো তাঁর কর্মচারী—এমন পাঁচজনকে। পরিহাসের বিষয় হলো, প্রায় একই সময়ে প্রায় ৪৫০ মিলিয়ন ডলার দিয়ে তিনি কিনে নিয়েছেন পৃথিবীর সবচেয়ে দামি পেইন্টিং, লেওনার্দো দা ভিঞ্চির ‘সালভাতর মুন্ডি’। সে ছবি যে অন্য কেউ দেখবে, তার উপায় নেই। যুবরাজ তা সাজিয়ে রেখেছেন নিজের ব্যক্তিগত বজরায়, যা পৃথিবীর সবচেয়ে মূল্যবান ও বিলাসবহুল বজরা। কবে এই দেশের মানুষের ঘুম ভাঙবে?
তুরস্ককে নিয়েও আমাদের আশা জেগেছিল। ২০০৩ সালে এরদোয়ান দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বহুপক্ষীয় গণতন্ত্রের আশ্বাস দিয়েছিলেন, অনেকেই সে কথা বিশ্বাস করেছিলেন। কিন্তু ধর্মকে পুঁজি করে যাঁরা ক্ষমতা দখল করেন, তাঁরা গণতন্ত্রকে শুধু নিজের প্রয়োজনেই ব্যবহারে আগ্রহী, গণতন্ত্রকে সংহত করায় তাঁদের কোনো আগ্রহই নেই। কারণ, মাইকেল রুবিন যেমন লিখেছেন, প্রকৃত গণতন্ত্রপন্থীরা গণতান্ত্রিক ব্যবস্থার ভেতর থেকেই পরিবর্তনে প্রয়াসী হয়, কিন্তু এরদোয়ানের মতো রাজনীতিকদের আগ্রহ পুরো ব্যবস্থাকেই বদলে ফেলা। তিনি এই কাজ করেছেন একদিকে ধর্মের বড়ি গিলিয়ে, অন্যদিকে সব ধরনের ভিন্নমতের গলা টিপে ধরে।
ধর্মকে অস্ত্র বানিয়ে পুরো গণতান্ত্রিক কাঠামোকে কীভাবে হাতের থাবার নিচে পিষে মারা যায়, তার আরেক সেরা উদাহরণ ভারত। সেখানে ধর্ম এখন একদিকে জাতীয়তাবাদের প্রতীক, অন্যদিকে দেশপ্রেমের সেরা মাপকাঠি। শুধু নিজের ধর্মকে শ্রেষ্ঠ বললেই চলবে না, অন্য ধর্মকে—স্পষ্ট করে বললে ইসলামকে—এক নম্বর শত্রু বানাতে হবে। যে ভারত তার ইতিহাসের প্রথম অর্ধশতক ব্যয় করেছে নিজেকে ধর্মনিরপেক্ষ হিসেবে প্রতিষ্ঠা করতে, সে এখন ব্যস্ত নিজেকে হিন্দু প্রমাণ করতে। ভারতীয় লেখক শশী থারুর ঠাট্টা করে লিখেছেন, মোদির ভারত এখন ‘হিন্দু পাকিস্তান’। ইতিহাসবিদ রমিলা থাপার মন্তব্য করেছেন, ভারতকে হিন্দু বানাতে মোদি এখন ইতিহাস নতুন করে লিখছেন, পুরাণ-গাথাকে ইতিহাস বলে চালাচ্ছেন।
রাষ্ট্রবিজ্ঞানীরা এই পরিবর্তনের কারণ হিসেবে ‘পপুলিজমের’ উত্থানকে চিহ্নিত করেছেন। বাংলায় একে আমরা ‘জনপ্রিয়তাবাদ’ বলতে পারি। ধনী-দরিদ্র সব ধরনের দেশেই একদল বাগাড়ম্বরসর্বস্ব জনপ্রিয়তাবাদী রাজনৈতিকের উদ্ভব হয়েছে, যাঁরা একদিকে ভীতি, অন্যদিকে ঘৃণাকে হাতিয়ার করে নিজেদের দেশকে নিজেরাই বিভক্ত করে ফেলছেন। মোদি ছাড়া এই পপুলিজমের আরেক সেরা
উদাহরণ আমেরিকার ট্রাম্প। তিনি টার্গেট করেছেন মুসলিম ও দক্ষিণ আমেরিকা থেকে আগত ‘বহিরাগত’দের। তাঁর চোখে এরা হয় সন্ত্রাসী, নয়তো সমাজবিরোধী। মোট সম্পদের নাটকীয় বৃদ্ধি সত্ত্বেও আমেরিকার এক বড় অংশ অগ্রগতির সুবিধা থেকে বঞ্চিত রয়ে গেছে।
রাজনৈতিক বাগাড়ম্বর আমাদের, অর্থাৎ বিশ্বের জন্য কী ভয়াবহ সংকটের কারণ হয়ে উঠতে পারে, তার একটি ভালো উদাহরণ হলো জলবায়ু সংকট। বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ১২ বছরের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে জলবায়ু সংকটের ক্ষতিকর প্রভাব ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। পৃথিবীর উপরিভাগের উষ্ণতা বৃদ্ধির ফলে পরিবেশ তার ভারসাম্য হারাবে, পৃথিবীর একাংশ বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। পৃথিবীর সব দেশ মিলে এই সংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে প্যারিস চুক্তি করেছে। অথচ বৈশ্বিক উষ্ণতার জন্য যে দেশটির ভূমিকা সর্বাধিক, সেই আমেরিকার প্রেসিডেন্ট প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এসেছেন। তিনি বৈশ্বিক উষ্ণতায় বিশ্বাস করেন না, জলবায়ু সংকট তাঁর
চোখে উদারপন্থীদের বানানো আষাঢ়ে গল্প। বাগাড়ম্বরের এমন শক্তি যে হাজার হাজার বিজ্ঞানীর যুক্তি-তর্ক উপেক্ষা করে আমেরিকার প্রায় অর্ধেক মানুষ জলবায়ু সংকটকে মিথ্যা বলে বিশ্বাস করে। এমনই এক আঁধারঘেরা সময়ে আমরা প্রবেশ করেছি।
শুধু হতাশার কথা দিয়ে এই লেখা আমি শেষ করতে চাই না। ধ্বংসস্তূপেও সূর্যের আলো এসে পড়ে, আঁধারঘেরা সময়েও শোনা যায় গান, আঁধার সময়ের গান। ২০১৯ সালেই আমরা তার প্রমাণ দেখেছি। ভারতের কথা ধরুন। মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানানোর চেষ্টার বিরুদ্ধে সে দেশজুড়ে এক অভাবিত আন্দোলন গড়ে উঠেছে। তাতে যুক্ত হয়েছে দেশের সব ধরনের মানুষ। প্রতিবাদের মুখে তিন দশক ধরে ক্ষমতা আঁকড়ে থাকা সুদানের প্রেসিডেন্ট আহম্মদ আল-বশির পদত্যাগে বাধ্য হয়েছেন। পদত্যাগে বাধ্য হয়েছেন আরেক একনায়ক, আলজেরিয়ার আবদেল আজিজ বুটেফিকা। হংকংয়ে ছাত্রদের প্রতিবাদের মুখে পিছু হটেছে মহাপরাক্রমশালী চীন।
আশার আলো আরও দেখেছি ১৬ বছরের বালিকা গ্রেটা থুনবার্গের কথায়, তার কাজে। প্রায় একাই বিশ্বজুড়ে এক অভাবিত পরিবেশবাদী আন্দোলনের সূচনা সে করেছে। তার সঙ্গে হাত মিলিয়েছে নতুন প্রজন্মের প্রতিনিধিরা। তাদের হাত দিয়েই পরিবর্তন হবে এই পৃথিবীর।

হাসান ফেরদৌস প্রাবন্ধিক ও কলাম লেখক