পেনশন পেতে এত দুর্ভোগ কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

প্রসঙ্গটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসরসুবিধা নিয়ে। প্রথম আলোর সম্প্রতি একটি প্রতিবেদন অনুসারে অবসরসুবিধা পেতে শিক্ষক-কর্মচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত সাড়ে তিন বছরে জমা পড়া আবেদনগুলোর প্রায় ৩৬ হাজার অনিষ্পন্ন রয়ে গেছে। সারা জীবন চাকরি করে জীবনসায়াহ্নে অতি সামান্য পরিমাণের এ টাকাটিও পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মানুষ গড়ার কারিগরেরা ছাত্রদের স্বপ্ন দেখান জীবনভর। পাশাপাশি তাঁদেরও স্বপ্ন থাকে অবসরকালে একটু মোটা অঙ্কের টাকা পেয়ে কিছু একটা করার। অনেকেই ভাবেন, ব্যাংকে জমা রেখে মাসে মাসে মুনাফা দিয়ে বাকি জীবন চলবেন। কিন্তু অবসর নেওয়ার পর দীর্ঘ অপেক্ষায়ও তাঁদের স্বপ্ন আর পূরণ হয় না। বিফল তদবির করতে করতে অনেক সময় বাড়ি ফেরেন চোখের পানি নিয়ে। অন্য আরেকটি দৈনিক এ বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন ছেপেছে।
এ অবসরসুবিধা তহবিলের একটি অংশ শিক্ষকদের চাঁদার মুনাফা। তাঁদের বেতন থেকে শতকরা চার টাকা কেটে রাখা হয়। বাকি টাকা দেওয়ার কথা সরকারের। চারদলীয় জোট সরকারের সময় প্রতিশ্রুত ১০০ কোটি টাকার মধ্যে তিন দফায় ৮৯ কোটি টাকা পাওয়া গেছে। শর্ত রয়েছে, মূল টাকা ব্যয় করা যাবে না। মুনাফাই শুধু ব্যয়ের তহবিলে যুক্ত হবে। গণমাধ্যম সূত্রে জানা যায়, এ দুটি উৎস থেকে গড়ে মাসে পাওয়া যায় ১৭ থেকে ১৮ কোটি টাকা। অথচ প্রতি মাসে যে আবেদন জমা হয়, তা পুরোপুরি নিষ্পত্তি করতে হলে দরকার ৫৬ কোটি টাকা। এর ব্যবস্থাপনায় রয়েছে অবসরসুবিধা বোর্ড নামের একটি সংস্থা। বোর্ড যতই সক্রিয় হোক, প্রতি মাসে ৩৮ কোটি টাকার ঘাটতি থাকলে সমস্যার সমাধান করবে কীভাবে? এ টাকাটা তো সরকারকেই ব্যবস্থা করতে হবে। তা না করায় পুঞ্জীভূত হয়ে আছে এত সব আবেদন। এগুলো সম্পূর্ণ নিষ্পত্তি করতে প্রায় দেড় হাজার কোটি টাকার প্রয়োজন বলে জানা যায়। ঘাটতি মেটানোর ব্যবস্থা না করলে বোর্ডের দায় আর শিক্ষকদের ভোগান্তিও বাড়তেই থাকবে।
একটি দৈনিকের প্রতিবেদন অনুসারে, তদবির থাকলে দ্রুত ছাড় হয় এসব দাবি। আর বেপরোয়া হয়ে তদবির করেন কেউ কেউ। ডালপালা মেলে নানা অনিয়ম। এর মধ্যে একটি পেশাদার তদবিরবাজ চক্র এখানে গড়ে উঠেছে বলেও প্রতিবেদনে দেখা যায়। দেশের অন্যান্য প্রতিষ্ঠান থেকে এখানে ভিন্ন কিছু ঘটবে—এমনটা আশা করা যায় না। তবে চাহিদা অনুযায়ী টাকার সংকুলান থাকলে নিশ্চিতভাবেই এসব হ্রাস পেত। বকেয়া হিসাবটা যদি মিটিয়ে দেওয়া যায়, তবে মাসিক ঘাটতি খুব বড় অঙ্ক নয়। এ খাতে অনুদান সরকারের নিয়মিত বাজেটের অংশ হতে পারে। আমাদের দেশে বর্তমান সরকারি ব্যয়ের হিসাবে এ পরিমাণ টাকা খুব বড় অঙ্কের, এমনটা বলা যাবে না। জানা যায়, তদবিরবাজ চক্রটি আবেদনকারী শিক্ষকদের অসহায়ত্বের সুযোগে তাঁদের প্রাপ্য সামান্য টাকার
ওপর ভাগ বসাচ্ছে। তারা টাকার বিনিময়ে কাগজপত্র ঠিক করে দেওয়ার দায়িত্ব নেয়। প্রয়োজনে তৈরি
করে নকল কাগজপত্র। উল্লেখ্য, তিনটি ক্যাটাগরিতে দ্রুত টাকা ছাড় করার প্রথা রয়েছে। এগুলো হলো মুক্তিযোদ্ধা, হজযাত্রী ও অসুস্থতা। তদবিরবাজেরা কোনো এক ক্যাটাগরিতে এসব চুক্তিবদ্ধ শিক্ষক-কর্মচারীকে ফেলে। আর কিছু রাজনৈতিক কর্মীও এঁদের সহযোগী রয়েছেন। থাকতেই হবে। কেননা অতি আবশ্যক মন্ত্রী, এমপির সুপারিশ। সে কর্মীরা টাকার ভাগ নিয়ে জোগাড় করেন সুপারিশ। ক্ষেত্রবিশেষে শীর্ষ পর্যায়ের আমলাদেরও কিছু সুপারিশ থাকে। চাহিদা ও প্রাপ্তির ব্যবধান যেখানে এত ব্যাপক, সেখানে সব তদবিরও বোর্ড আমলে নিতে পারে না বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
অবসরসুবিধা পাওয়ার অনিশ্চয়তার বিষয়টি বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে। এ সুবিধার পেছনে ছুটতে ছুটতে পরলোকের যাত্রী হয়ে যান কিছু শিক্ষক-কর্মচারী। তাঁদের ভাগ্য খোলে না। ৩৬ হাজার ফাইলবন্দী আবেদনকারীরও হয়তো বা সবার সৌভাগ্য হবে না এ সুবিধা ভোগের। যেখানে দিনে গড়ে প্রায় ৪০টি আবেদন পড়ে, সেখানে তদবিরে ‘ফাস্ট ট্র্যাকে’ নিষ্পত্তি হয়
পাঁচ-ছয়টি। বাকিদের ভাগ্য থাকে ফাইলবন্দী। দেশে এখন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী রয়েছেন। জনসংখ্যা বৃদ্ধি ও শিক্ষা সম্প্রসারণের চাহিদার সঙ্গে সংগতি রেখে এটা বাড়তে থাকাই স্বাভাবিক। সে ক্ষেত্রে অবসর গ্রহণ করার হারও বেড়ে চলবে। তাই বিষয়টিকে নিয়তির ওপর ছেড়ে না দিয়ে বাস্তব সরকারি পদক্ষেপ আবশ্যক।
দেশকে সবল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে প্রয়োজন শিক্ষিত জনগোষ্ঠী। সরকারের পক্ষে এককভাবে শিক্ষা সম্প্রসারণের দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই প্রতিষ্ঠিত হয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের নির্দিষ্টসংখ্যক শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতাদি পরিশোধ করে সরকার। তবে সেই বেতন-ভাতাদি নির্ধারণের নিয়মও অনেকটা শুভংকরের ফাঁকির মতো। সরকার তাঁদের শতভাগ বেতন-ভাতাদি দিচ্ছে, এমন আলোচনা ব্যাপকভাবে হয়। তবে বেতন নির্ধারণটা কীভাবে হয়, আর ভাতাগুলোর পরিমাণই বা কী, এটা জানলে অনেকে লজ্জিত বোধ করবেন। আর বেতন-ভাতার তালিকাভুক্ত (এমপিও) হওয়ার কলাকৌশলও বেদনাদায়ক ও লজ্জার। শিক্ষকেরা এদিক-সেদিক ঘোরেন। আর খালি হাতে ঘোরেন না বললে মোটেই বাড়িয়ে বলা হবে না।
দেশে আজ শিক্ষার মান ক্রম নিম্নমুখী, এটা ব্যাপকভাবে আলোচিত। সরকার বিষয়টি স্বীকার করতে চাইছে না। তবে এ নিম্নমুখিতা পরীক্ষিত বিভিন্ন পর্যায়ে। আর স্বীকার না করলেও বাস্তব মিথ্যা হয়ে যায় না। বিজ্ঞানী গ্যালিলিও মত প্রকাশ করলেন, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। অবশ্য জ্যোতির্বিদ কোপার্নিকাস এ মতবাদসংবলিত একটি বই লিখলেও যাজকদের ভয়ে প্রকাশ করেননি। গ্যালিলিও তা করায় তাঁকে কঠিন শাস্তি ভোগ করতে হয়েছিল। কিন্তু পৃথিবীর সূর্য প্রদক্ষিণ তো বন্ধ হয়ে যায়নি। বিষয়টি প্রাসঙ্গিক এ কারণে যে শিক্ষার মানের উন্নতি ঘটাতে হলে তা করতে হবে শিক্ষকদের মাধ্যমেই। তাঁদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি বেতন-ভাতাদিও কিছুটা আকর্ষণীয় করতে হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ দেশে শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। তাঁদের বেতন-ভাতাদি যৌক্তিক আর ন্যায়সংগতভাবে নির্ধারণের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন সম্পর্কিত, এটা বললে অত্যুক্তি হবে না।
আরেকটি বিষয় এখানে আলোচনার দাবি রাখে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরসুবিধার পরিমাণ সরকারি কর্মচারীদের অনুপাতে বেশ কম। এখন অনিষ্পন্ন বিষয়াদি যে অবস্থায় আছে, তা নিষ্পত্তি করা প্রথম অগ্রাধিকার। এরপর এ অবসরসুবিধা বৃদ্ধির পদক্ষেপও নেওয়ার আবশ্যকতা রয়েছে, প্রয়োজন রয়েছে মঞ্জুরির পদ্ধতিগত পরিবর্তন। সরকারি কর্মচারীদের পেনশন-সুবিধাদি মঞ্জুরির নির্ধারিত কর্তৃপক্ষ রয়েছে। সে কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে তাদের আওতার মধ্যে। অনেকেরই পেনশনের মঞ্জুরি হয় জেলাপর্যায়ে। অধিদপ্তর-পরিদপ্তরে নিষ্পত্তি হয়ে যায় বহুসংখ্যক। মন্ত্রণালয় পর্যায়ে আসে পদস্থ কর্মকর্তাদের নথি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধাদির ক্ষেত্রে তহবিল সংকটের অজুহাত থাকা অনৈতিক। এমপিওর ভিত্তিতে তাঁরা বেতন-ভাতা পেয়েছেন। নির্ধারিত নিয়মে পেনশনও পাবেন। এর জন্য থাকা দরকার প্রয়োজনীয় বরাদ্দ। আর অবসরসুবিধা অনুমোদনের বিষয়টিও বিকেন্দ্রীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোলার লালমোহন, কক্সবাজারের কুতুবদিয়া, সুনামগঞ্জের সাল্লা, রাঙামাটির বাঘাইছড়িসহ সারা দেশের সব বেসরকারি শিক্ষক-কর্মচারীকে অবসরসুবিধার জন্য ঢাকায় আসতে হয়। তা-ও বারবার। স্কুলপর্যায়ে প্রতিষ্ঠানগুলোর জন্য জেলা
শিক্ষা কর্মকর্তাকে চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা দেওয়া যায়। তেমনি কলেজ পর্যায়ে শিক্ষকদের ক্ষেত্রে জেলা প্রশাসককেও এ দায়িত্ব দেওয়া যেতে পারে। তাঁরা অনুমোদনের পর বোর্ডের কাছে বরাদ্দ চাইবেন। আর সে বরাদ্দ পেলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীকে দেবেন। অবসরসুবিধা বোর্ডের কাঠামো আর নিয়ন্ত্রণ ঠিক রেখেও পরিচালনা পদ্ধতিতে পরিবর্তন আনা চলে। প্রয়োজন হলে সংশোধন করা যায় এতৎসংক্রান্ত আইন ও বিধি। এতেও ক্ষেত্রবিশেষে তদবির হতে পারে। কারও ভোগান্তি হবে না, এমন কথাও জোর দিয়ে
বলা যায় না। তবে এগুলো অনেক হ্রাস পাবে, এটা দায়িত্ব নিয়ে বলা যায়।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]