পেন্ডুলামের মতো ঝুলছে মেয়রের ভাগ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শব্দাবলীর স্টুডিও থিয়েটার আয়োজিত নাট্য উৎসবে যোগ দিতে ১৫ জানুয়ারি রাতে আমরা বরিশাল রওনা দিই। লঞ্চ বা স্টিমারে ভ্রমণ আনন্দদায়ক। শীতকালে দুর্ঘটনার ঝুঁকিও কম। নাট্যজন মামুনুর রশীদ, অভিনেত্রী মিতা চৌধুরী ও দেশ নাটকের কয়েকজন উদ্যমী কর্মী সফরসঙ্গী হওয়ায় আনন্দের মাত্রাটা আরও বেড়ে যায়। শব্দাবলী থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল বরিশাল থেকেই সুরভি-৭-এ সব ব্যবস্থা করেছিলেন।
কিন্তু ভুক্তভোগীমাত্রই জানেন, ঢাকার সদরঘাট টার্মিনালে যেতে হয় নাকে রুমাল চেপে। বুড়িগঙ্গার ময়লা পানির সঙ্গে মিশেছে নগরের বর্জ্য-আবর্জনাও। ঢাকা সিটি করপোরেশন কিংবা নৌপরিবহন বন্দর কর্তৃপক্ষ কখনোই ঢাকার সদরঘাট টার্মিনালটির প্রতি নজর দেয়নি। অথচ এই ঘাট থেকে প্রতিদিন কয়েক লাখ যাত্রী যাতায়াত করে। যতক্ষণ লঞ্চটি টার্মিনালে বাঁধা ছিল, ততক্ষণ দম বন্ধ হওয়ার উপক্রম।
কিন্তু পরদিন কাকডাকা ভোরে লঞ্চ থেকে বরিশাল সদরঘাটে নামতেই টার্মিনালের পাশে লাগানো হাসনাহেনার গন্ধে মনটা ভরে গেল। সাবেক মেয়র শওকত হোসেন হিরণ যে বরিশাল শহরকে নান্দনিক সাজে সজ্জিত করেছিলেন, এই হাসনাহেনার ঝাড় তারই অংশ। তিনি বরিশালের সড়কগুলো প্রশস্ত ও পরিচ্ছন্ন করেছিলেন। নির্মাণ করেছিলেন রোড ডিভাইডার, ফুটপাত, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক, পাবলিক স্কয়ার ইত্যাদি। সংস্কার করেছিলেন বিবিরপুকুর, নিয়েছিলেন সবুজ প্রকল্পও। বরিশালের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়া কিংবা সংস্কার–প্রক্রিয়া এখন ঠিকমতো চলছে না। তঁারা মনে করেন, গত আড়াই বছরে শহরের সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গেছে। সড়কগুলো ফের এবড়োখেবড়ো হয়ে পড়েছে, ফুটপাতগুলো বেদখল হয়ে যাচ্ছে।
কিন্তু মেয়র কী করছেন? ২০১৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের হিরণকে হারিয়ে মেয়র হন বিএনপির আহসান হাবিব কামাল। তাঁর সঙ্গে যোগাযোগ করলে ১৬ জানুয়ারি বিকেল পাঁচটায় তিনি সময় দেন। শনিবার অফিস বন্ধ। তাই বাসায়ই যেতে হলো। সঙ্গে ছিলেন প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান। চারতলা বাড়ির দোতলায় মেয়রের বড়সড় বসার ঘর। এক পাশে একটি মাত্র চেয়ার, সামনে অনেকগুলো সোফা, অভ্যাগতদের জন্য। দেয়ালে দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে মেয়রের বেশ কিছু ছবি, বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে তোলা। আছে তারেক রহমানের পায়রা ওড়ানোর ছবিও। পায়রা শান্তির প্রতীক হলেও বাংলাদেশের রাজনীতিতে তিনি শান্তি আনতে পারেননি।
অনেকক্ষণ অপেক্ষা করার পর মেয়র এলেন। জিজ্ঞেস করলাম, ‘কেমন চলছে বরিশাল সিটি করপোরেশন?’ তিনি বললেন, ‘ভালো।’ জানতে চাইলাম জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যে চরম বৈরিতা চলছে, তার রেশ বরিশালে পড়ছে কি না? তাঁর জবাব, ‘বরিশাল সব সময়ই শান্ত। এখানে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো উত্তেজনা নেই।’
জানতে চাই, ‘মেয়রের দায়িত্ব নেওয়ার পর দলীয় কর্মসূচিতে যান কি?’ বললেন, তিনি সিটি করপোরেশন নিয়েই ব্যস্ত থাকেন।
বরিশালের বিএনপিতে মজিবর রহমান সরোয়ার ও আহসান হাবিব কামালের বিরোধ ছিল প্রায় প্রবাদতুল্য। কিন্তু বিগত মেয়র নির্বাচনে সেই বিরোধ ঘুচিয়ে তাঁরা একযোগে কাজ করেন। মেয়র হওয়ার পর শীর্ষ নেতৃত্বের নির্দেশে দলীয় পদ ছেড়ে দেন কামাল। সংগঠনের কাজ সরোয়ারই দেখেন। সেটি কামালের জন্য আশীর্বাদ হয়েছে।
জিজ্ঞেস করি, ‘আপনি বিএনপির নেতা। বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায়। আপনার ওপর সরকার বা সরকারি দলের কোনো চাপ আছে কি না।’ তিনি বললেন, ‘চাপ নেই। তবে অর্থের অভাবে সিটি করপোরেশনের অনেক কাজই করতে পারছি না।’ খোঁজখবর নিয়ে জানলাম, তাঁর কথাটি পুরো অসত্য নয়। হিরণের আমলে স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী ছিলেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বরিশালের লোক। বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) সে সময় স্থানীয় মন্ত্রণালয় থেকে অনেক টাকা পেয়েছে। তা ছাড়া জাইকারও বেশ কয়েকটি বড় প্রকল্প ছিল। এখন রুটিন কাজ চলছে। মেয়র বললেন, তাঁর দেওয়া তিনটি প্রকল্প একনেকের অনুমোদন পেয়েছে। ফলে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি।
মেয়রের কাছে জানতে চাই, ‘বিএনপি যে পাঁচ সিটি করপোরেশনে জিতেছিল, তার চারটির মেয়রই সাময়িক বরখাস্ত হয়েছেন। কেউবা জেলে। কিন্তু আপনি টিকে গেলেন। রহস্যটা কী?’ তিনি বললেন, ‘কোনো রহস্য নেই। আমার বিরুদ্ধেও তিনটি মামলা দেওয়া হয়েছিল। কোনোটি প্রমাণিত হয়নি।’
তবে স্থানীয় সাংবাদিকেরা জানান, আহসান হাবিব কামালের মেয়র পদটি অনেকটা পেন্ডুলামের মতো ঝুলছে। বরিশালে আওয়ামী লীগের ‘সর্বোদয়’ নেতা আবুল হাসানাত আবদুল্লাহর আশীর্বাদ যত দিন আছে, তত দিন তিনি মেয়র পদে থাকবেন। তাঁর আশীর্বাদ উঠে গেলে পদ হারাবেন। হাসানাত সাহেব বরিশালে খুব একটা আসেন না। নিজের নির্বাচনী এলাকা আগৈলঝাড়ায় বেশি সময় থাকেন। ছেলে সাদিক আবদুল্লাহকে বরিশালের জন্য তৈরি করছেন। শহরের প্রায় সব সড়কে পিতা ও পুত্রের বিশাল বিশাল পোস্টার। স্থানীয় একটি পত্রিকায় দেখলাম, হিরণের কবর জিয়ারত করছেন হাসানাত আবদুল্লাহর তিন ছেলে। হিরণ গ্রুপের সমর্থন পাওয়ার জন্যই এই প্রয়াস।

আহসান হাবিব কামাল
আহসান হাবিব কামাল

‘আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক কেমন?’ এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে মেয়র কামাল বললেন, তাঁর (হাসানাত আবদুল্লাহ) সম্পর্কে রাজনৈতিক মহলে যেসব নেতিবাচক ধারণা আছে, সেগুলো ঠিক নয়। তিনি সবাইকে নিয়েই কাজ করতে চান। এ ব্যাপারে বরিশাল বারের এক জ্যেষ্ঠ আইনজীবীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, হাসানাত আবদুল্লাহ না চাইলে বরিশালে কিছুই হয় না। তাঁর আশীর্বাদেই মেয়র টিকে আছেন।
তা ছাড়া বরিশালে আওয়ামী লীগের দুটি গ্রুপ। ছাত্রলীগ ও যুবলীগও দুই ভাগে বিভক্ত। তবে তারা যে বিষয়ে ঐক্যবদ্ধ, তা হলো টেন্ডারের ভাগাভাগি। বিসিসির মেয়র বিএনপির হলেও বেশির ভাগ কাজ বাগিয়ে নেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের লোকেরা। তাঁরা কাজটি বাগিয়ে নিয়ে আবার বিএনপির ঠিকাদারদের দিয়ে করান। মাঝখানে কমিশন উঠিয়ে নেন। স্থানীয় সাংসদ জেবুন্নেসা শওকতের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো বলে জানালেন মেয়র। ২০১৪ সালের নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে নির্বাচিত হন তিনি। স্বামীর সুনামই তাঁর সম্বল।
মেয়রের কাছে জানতে চাই, ‘ক্ষমতাসীন দল আপনাকে উৎপাত করে কি না।’ তিনি বললেন, ‘উৎপাত করে না। তবে কাজটাজের জন্য এলে দিয়ে দিই।’ রাজনীতির বহিরাঙ্গে যতই বিরোধ থাকুক না কেন টেন্ডার ভাগাভাগিতে মিল আছে। এটি কেবল বরিশালে নয়। কুমিল্লা সিটি করপোরেশনের কাজেরও ৬০ ভাগ পায় আওয়ামী লীগ, ৪০ ভাগ বিএনপি।
বরিশালের মানুষ বলছে, হিরণের সময়ে নগর যেভাবে সাজানো-গোছানো ছিল, এখন আর তা নেই। রাস্তাঘাটগুলোর বেহাল। তারা বর্ষাকালে জলাবদ্ধতা ও গরমের দিনে পানির সংকটে ভুগছে। এ ব্যাপারে মেয়রকে জিজ্ঞেস করলে জানান, তিনটি বড় প্রকল্প চালু হচ্ছে। রাস্তাঘাট সংস্কারের কাজও চলছে। আর হিরণের সময়ে অনেক কাজ হয়েছে, সে কথাও স্বীকার করতে চাইলেন না বর্তমান মেয়র। তাঁর ভাষায়, ‘তখন সড়কের পাশের গাছে চুনকামই বেশি হয়েছে।’
আলোচনা প্রসঙ্গে এল ২০১৪ সালের নির্বাচনও। তিনি মনে করেন, বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করেনি। তবে তিন মাস ধরে হরতাল-অবরোধের কর্মসূচি ভুল ছিল এবং তাকে কেন্দ্র করে যে নাশকতা হয়েছে, তাঁর দাবি, তা করেছে জামায়াত-শিবিেরর লোকেরা।
তবে নির্বাচনের আগে কিংবা গত বছর হরতাল-অবরোধের সময়ও বরিশালে কোনো হাঙ্গামা হয়নি। এমনকি বিএনপি নির্দিষ্ট সড়কে মিছিল-সমাবেশও করেছে। পুলিশ বাধা দেয়নি।
মেয়র কামাল বরিশাল সিটি করপোরেশনে ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৪২৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৫৫৬ টাকার বাজেট দেন। ১৯৯১ সাল থেকে তিনি অধুনা লুপ্ত পৌরসভার চেয়ারম্যান ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে বরিশাল সিটি করপোরেশন হলে তিনি হন ভারপ্রাপ্ত মেয়র। পৌরসভা ও সিটি করপোরেশন মিলিয়ে ১৪ বার বাজেট দিয়েছেন তিনি। এটি রেকর্ড হলেও নগরবাসীর উন্নয়নকাজে রেকর্ড দেখাতে পারেননি এই মেয়র।
শহরে প্রায় পাঁচ লাখ লোক বাস করলেও বিসিসির নিজস্ব আয় খুবই কম। এখানে শিল্পকারখানা তেমন নেই। জনপ্রিয়তা হারানোর ভয়ে কোনো মেয়র হোল্ডিং ট্যাক্স বাড়ান না। আমাদের স্থানীয় সরকার সংস্থার প্রতিনিধিরা স্বায়ত্তশাসন চান, কিন্তু উন্নয়নের জন্য সরকারের দিকে তাকিয়ে থাকেন। এটা স্ববিরোধিতা।
বিসিসির এ বছরের উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ৭০ কোটি টাকা ব্যয়ে ৫৪ কিলোমিটার বিটুমিন কার্পেটিং রাস্তা নির্মাণ ও সংস্কার, আট কিলোমিটার সিসি রাস্তা নির্মাণ, ১৪ কিলোমিটার পাকা ড্রেন নির্মাণ, একটি সেতু, ১১২টি কালভার্টসহ ১৬টি ক্রস ড্রেন নির্মাণ। ১৮ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ৫০০ আসনের মিলনায়তনের কাজও চলছে। জলাবদ্ধতা সমস্যার সমাধানে ১১৯ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু এগুলো কবে শেষ হবে, তা বলা কঠিন। সরকারি প্রকল্পের শুরু ও শেষের ফারাক অনেক বেশি।
এবার বরিশালে গিয়ে আরেকটি পার্থক্য চোখে পড়ল। সর্বত্র ব্যাটারিচালিত ইজিবাইক ও মাহেন্দ্র নামে তিন চাকার যানের দৌরাত্ম্য। সিটি করপোরেশনের অনুমোদিত ইজিবাইকের সংখ্যা ২ হাজার ৬০০ হলেও রাস্তায় চলছে আট হাজার। অনুমোদিত রিকশার সংখ্যা ১২ হাজার হলেও গতির কাছে হার মেনে অনেক রিকশা উঠে যাচ্ছে। চালক ও যাত্রীরা ইজিবাইকের দিকে ঝুঁকছেন। সরকারি কাজের দিন সকালে রাস্তায় বের হলে মনে হয়, ইজিবাইকের মিছিল চলছে। রিকশাকে হটিয়ে দিচ্ছে এই নতুন যান। কমে গেছে ডিজেলচালিত বেবিট্যাক্সিও। কেননা, এর খরচ বেশি।
হিরণ ব্যক্তিগত উদ্যোগে নগর বাস চালু করেও টিকিয়ে রাখতে পারেননি বেবিট্যাক্সি মালিক ও চালকদের বিরোধিতার কারণে। এখন তারাই পথে বসতে চলেছে।
আগামীকাল: সাইলো: গণদাবির কাছে প্রশাসনের নতিস্বীকার
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]