গত ২৮ নভেম্বর প্রথম আলোর আয়োজনে ‘পোশাক কারখানায় আগুন: মৃত্যুর মিছিল বন্ধ করুন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে ছাপা হলো এই ক্রোড়পত্রে।যাঁরা অংশ নিলেনমিকাইল শিপার, সচিব, শ্রম মন্ত্রণালয়সফিউল ইসলাম মহিউদ্দিনসভাপতি, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি শিরীন আখতার, সভাপতি, জাতীয় শ্রমিক জোট ও নারীনেত্রী খন্দকার গোলাম মোয়াজ্জেমজ্যেষ্ঠ গবেষক, সেন্টার ফর পলিসি ডায়লগমুহম্মদ মাহ্বুব, পরিচালক, ফায়ার সার্ভিস অপারেশনইকবাল হাবিবসদস্যসচিব, নগরায়ন সুশাসন কমিটি ও যুগ্ম সম্পাদক, বাপানাজমা আক্তার, সভাপতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসৈয়দ আশরাফুল জামান, কর্মী, তাজরীন ফ্যাশনস লি.মাবিয়া আক্তার, কর্মী, তাজরীন ফ্যাশনস লি.রোকেয়া বেগম, কর্মী, তাজরীন ফ্যাশনস লি.মাহাবুবুল আলম, কর্মী, নিট এশিয়া গার্মেন্টসসঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুমপোশাকশিল্প কারখানায় বারবার আগুন লাগে, অসহায় কর্মীরা পুড়ে মারা যান। সম্প্রতি আবার একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করলাম। ১১১ জনের মর্মান্তিক মৃত্যু। কারখানায় আগুন লাগার পর সবাই বাঁচার জন্য দ্রুত সিঁড়ি দিয়ে নামতে থাকে। ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে পড়ে। কর্তৃপক্ষ গেটের তালা লাগিয়ে দেয়। যদি তা-ই হয়, তাহলে বলতে হয়, কর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আগুন নেভানোর বিষয়ে কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রশিক্ষণ, আগুন নেভানোর যন্ত্রের ব্যবহার, কারখানা পরিদর্শনব্যবস্থা, বিজিএমইএর তদারকি—কোনো কিছুই কাজে লাগছে না। কর্মীদের মৃত্যুই অবধারিত হয়ে উঠছে। এখন এ বিষয়ের ওপর বলবেন মিকাইল শিপার।মিকাইল শিপারশতাধিক মানুষের মৃত্যু আমাদের ভাবিয়ে তুলেছে। শুরুতে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। ২০০৬ সালের শ্রম আইন দ্বারা শ্রম মন্ত্রণালয় পরিচালিত হয়। আইনের ৬২ ধারায় আগুনের বিষয়ে বিস্তারিত বলা আছে। দুই বছর বড় ধরনের অগ্নিদুর্ঘটনা থেকে মুক্ত থেকেছি। সম্ভবত ২০১০ সালে হামিম গার্মেন্টসসহ তিনটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৫৭ জনের মৃত্যু হয়েছিল। এরপর প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ২০১২ সালের শেষ সময়ে এসে এত বড় মৃত্যুর ঘটনা দেখতে হলো। আগুন লেগেছে বা ষড়যন্ত্র করে লাগানো হয়েছে—যেটাই হোক। কিন্তু নিরাপদে বের হওয়ার সুযোগ থাকতে হবে। তাজরীন ফ্যাশনসে তিনটি সিঁড়ি ছিল। মাঝখানে কিছুটা বড় জায়গা। একসময় এটাকে গ্যারেজ করা হয়েছিল। তারপর গোডাউন বানানো হয়। খোঁজখবর নিতে তাজরীন ফ্যাশনসে গিয়েছিলাম। শুনেছি, তিন-চার দিন আগে চীন থেকে ১০ কোটি টাকার মালামাল এনে এখানে রাখা হয়েছে। গুদামটি ছিল সিঁড়ির পাশেই। দুর্ভাগ্যবশত নিচতলায় আগুন লাগে। শুরুতে কয়েকজন বেরিয়ে আসে। অনেকের হাত-পা ভেঙে যায়। রাত নয়টা পর্যন্ত ছিলাম। তখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল নয়। পরদিন সকালে টেলিভিশনের খবর দেখে হতবাক হয়েছি। মৃতের সংখ্যা নয় থেকে ১০৯ হয়। কোনোভাবেই এই মানুষগুলোকে ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে, যাতে এ রকম নৃশংস মৃত্যুর ঘটনা আর না ঘটে।আব্দুল কাইয়ুমশ্রম আইন ঠিকভাবে কাজ করছে কি না? সঠিকভাবে কারখানা পরিদর্শন হচ্ছে কি না? এ ক্ষেত্রে আপনাদের করণীয় কী?মিকাইল শিপারশ্রম আইন যেভাবে আছে, সেটা যথেষ্ট নয়। একে নতুন করে ঢেলে সাজাতে হবে। বিভিন্ন মহল থেকে শ্রম আইন নিয়ে কথা উঠেছে। এ ব্যাপারে কার্যক্রম চলছে। শ্রমিক কল্যাণ ও শিল্পের বিভিন্ন বিষয় দেখার জন্য সিআইএফ (চিফ ইন্সপেক্টর অব ফ্যাক্টরিজ) নামে একটি আলাদা বিভাগ আছে। একজন উপসচিবের নেতৃত্বে ৩১৪ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। ১৯৬২ সালের কমিশনে ৩১৪ জনের কথা বলা হয়েছিল। সে সময়ের তুলনায় আজকে কয়েক গুণ বেশি শিল্প গড়ে উঠেছে। ৩১৪ জনের কোনো পরিবর্তন হয়নি। দুর্ভাগ্যবশত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ কর্মরত আছেন মাত্র ১৮৩ জন। এখন এ সংখ্যা বাড়ানো এবং সঠিক তদারকির বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।আব্দুল কাইয়ুমমাবিয়া আক্তার, যিনি সে সন্ধ্যায় আগুনের ভয়াবহতা থেকে নিজেকে কোনো রকমে বাঁচাতে পেরেছিলেন। এখন তাঁর কাছ থেকে শুনব।মাবিয়া আক্তারসন্ধ্যা ছয়টা পঞ্চাশ। বেজে ওঠে অগ্নিসতর্ক ঘণ্টা (ফায়ার অ্যালার্ম)। আমরা ১০ জন সিঁড়ির দিকে যাই। সিঁড়ি ধোঁয়ায় অন্ধকার দেখি। মোবাইলের আলোয় ছাদে যাই। ছাদ থেকে একেকজন লাফ দিচ্ছেন। তাঁদের কথা, আগুনে পুড়লে স্বজনেরা কোনো দিন লাশ খুঁজে পাবেন না। কিন্তু লাফ দিয়ে পড়লে অন্তত মা-বাবা, আপনজনেরা লাশটা পাবেন। লাফ দিয়ে না মরার জন্য তাঁদের বুঝিয়েছি। শোনেননি। আমাকে আমার স্বামীর আত্মীয়স্বজন ফোনে বলছেন, লাফ দিয়ো না। একটা ব্যবস্থা হবে। একসময় ধোঁয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একে একে সবাই লাফ দিলেন। পরে একপাশে একটা বাঁশ দেখি। বাঁশটি আগে দেখলে কেউ লাফ দিতেন না। একজন বয়স্ক চাচা শুধু আমার সঙ্গে ছিলেন। খুব কান্নাকাটি করছেন। তাঁকে রেখে নামতে পারছি না। চাচাকে বললাম, আপনি চেষ্টা করেন। আমি নামার চেষ্টা করছি। তিনতলায় এসে গ্লাস ভেঙে নিচে পড়ে যাই। জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে দেখতে পাই। আমার এক বোন কাজ করেন চারতলায়। তাঁরা যখন বের হতে চান, তাঁদের উৎপাদন কর্মকর্তা (প্রোডাকশন ম্যানেজার) গালাগালি করেন। তিনি বলেছেন, আগুন নেভানোর প্রশিক্ষণ হচ্ছে। কারও নামার দরকার নেই। সে সময় যদি তাঁদের নামতে সুযোগ দিতেন, কেউ মরতেন না।সৈয়দ আশরাফুল জামানপঞ্চম তলায় অপারেটরের কাজ করি। ধোঁয়ার গন্ধ আসছে। নিচ থেকে চিৎকারের শব্দ শুনছি। সিঁড়ির দিকে যাই। আমাদের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা (কোয়ালিটি ইনচার্জ) দুলাল নিচে যেতে নিষেধ করেন। বলেন, কিছু হয়নি। কাজ করো। আবার কাজ করা শুরু করি। তিন থেকে চার মিনিটের মধ্যেই চারদিক অন্ধকার হয়ে আসে। সবাই আগুনের মধ্যে পড়ে যাই। ওই সময় বাধা দেওয়া না হলে সবাই বের হতে পারতাম। বাধা দেওয়ার কারণে এত মানুষ মরেছে। বের হতে দিলে এত মানুষ আহত হতো না, মারাও যেত না। পাঁচতলা থেকে জানালা ভেঙে তিনতলায় আসি। তিনতলা থেকে লাফ দিয়ে পাশের বাড়ির ছাদে পড়ি। ওপরে তাকিয়ে দেখি অনেক মানুষ লাফ দিয়ে নিচে পড়ছে। কারও শরীরে লোহা ঢুকছে। কারও হাত-পা ভাঙছে। এটা খুব ভয়ানক দৃশ্য। আমার প্রশ্ন, কেন বের হতে দিলেন না? পাঁচতলা ও ছয়তলার উৎপাদন কর্মকর্তা (প্রোডাকশন ম্যানেজার) দুলাল ও মঞ্জু আমাদের বের হতে দেননি। কারখানার কর্মকর্তা (ফ্যাক্টরি ম্যানেজার) রাজ্জাক সরাসরি গালাগালি করে কাজ করতে বাধ্য করেছেন। তাঁরা নিশ্চয়ই আগুন লাগার ঘটনা জানতেন। কারণ, তাঁরা আমাদের বের না হতে দিয়ে নিজেরা বের হয়ে গেছেন। শ্রমিক ছাড়া কোনো কর্মকর্তা বা অন্য কেউ মারা যাননি। আমাদের প্রশ্ন, তাঁরা না জানলে তাঁদের মধ্য থেকে কেউ না কেউ মারা যেতেন। এই তিন-চারজনের জন্যই সব মানুষ মারা গেছেন। কয়েক দিন আগে কম্পিউটারে আগুন প্রতিরোধের ব্যবস্থা দেখিয়েছে। যাদের আগুন নেভানোর দায়িত্ব, তাদের কোনো প্রশিক্ষণ দেয়নি। ক্রেতা (বায়ার) এলে এদের গেঞ্জি পরিয়ে সামনে নিয়ে যায়। এখন মরার হাত থেকে বেঁচেও মরার মতো আছি। এখন টাকা-পয়সা খাওয়াদাওয়া কে দেবে? কে দেখবে? আজ চার দিন হলো। কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পাইনি। সবাই শুধু বলছে। কিন্তু কাজ কেউ করছে না।শিরীন আখতার বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশের মর্যাদা অর্জন করেছে। এ জন্য ব্যবসায়ীরা নিশ্চয়ই প্রশংসা পাবেন। কিন্তু তার মধ্যে এসব ঘটনা দেশের মানুষ কীভাবে নেবে? সেই ১৯৯০ সালে সারাকা গার্মেন্টস থেকে শুরু হয়েছিল। আজও শেষ হয়নি। কর্মজীবী নারী সংগঠন থেকে অবলা নামে একটি পত্রিকা বের হয়। ২০০৪ সালের জানুয়ারি ও মের সংখ্যায় অগ্নিদুর্ঘটনার বিষয়ে গবেষণাধর্মী লেখা ছাপা হয়। ৫ ফেব্রুয়ারি এ গবেষণা নিয়ে সিরডাপ মিলনায়তনে আলোচনা হয়। মালিক, শ্রমিক, নাগরিক সমাজ—সবাই আলোচনায় উপস্থিত ছিলেন। আজকের পরিপ্রেক্ষিতে সে সিদ্ধান্তগুলো তুলে ধরছি: এক. মালিক, শ্রমিক, সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ কারখানা পরিদর্শন দল গড়ে তুলতে হবে। দুই. মালিক ও ব্যবস্থাপকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। তিন. যে কারখানায় অগ্নিদুর্ঘটনা ঘটে, তাদের লাইসেন্স নবায়ন না করা। গার্মেন্টস পল্লি গড়ে তোলা। কারখানা স্থাপনের পূর্বশর্ত হিসেবে অগ্নিনির্বাপণ-ব্যবস্থার শর্ত সম্পূর্ণ পরিপালন করা। চার. গার্মেন্টস পল্লি স্থাপনের আগে নতুন লাইসেন্স না দেওয়া। গার্মেন্টস পল্লি স্থাপনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে চাপ দেওয়া। বিজিএমইএর তদারকি ব্যবস্থাকে শক্তিশালী করা। কারখানা তালাবদ্ধ করে কাজ করানো নিষিদ্ধ করা। কারখানা পরিদর্শকের সংখ্যা বৃদ্ধি করা। দমকল বাহিনীকে সহযোগিতা করা। আইন অনুযায়ী কারখানা পরিচালনা করা। শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা। পাঁচ. অগ্নিকাণ্ডের বিষয়ে সরকারের রাজনৈতিক ও সংসদীয় সিদ্ধান্ত গ্রহণ করা, যাতে কোনো কারখানায় প্রশাসনিক দুর্বলতা, অব্যবস্থাপনা, দুর্বল অবকাঠামো, নিম্নমানের বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদির জন্য যেকোনো নাগরিকের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের দ্বারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মালিকসহ অন্য দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা হয়। উৎপাদনপ্রক্রিয়া বহাল রেখে মালিকানা বাতিল বা পরিবর্তন করা। শ্রমিকদের জন্য ওয়েবসাইট চালু করা।২০০৪ সালে এসব কথা বলেছি, যা আজকের বাস্তবতায় এক শ ভাগ প্রযোজ্য। এ আলোচনায় শ্রমসচিব, বিজিএমইএর সভাপতিসহ অনেকে আছেন। সবার উপস্থিতিতে বলতে চাই, এর কতটুকু পালন করা হয়েছে? এখানে তাজরীন ফ্যাশনসের ভাইবোনের কথায় বোঝা গেল, মালিকপক্ষ কত বড় অপরাধ করেছে। তাজরীন ফ্যাশনসে অগ্নিসংযোগের জন্য যারা দায়ী, তাদের অবশ্যই বিচার করতে হবে। এ সমস্যা উত্তরণের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যাঁরা বেঁচে আছেন, তাঁদের চাকরি ও বেতনের নিশ্চয়তা দিতে হবে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।খন্দকার গোলাম মোয়াজ্জেমদেশে বিভিন্ন কারণে দুর্ঘটনার সূত্রপাত হয়। দুর্ঘটনা মানে মানুষের মৃত্যু—এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ১৯৯০ সালে যখন গার্মেন্টসে আগুন লাগে, তখন শ্রমিকদের অনেক দাবি ছিল, তার কতটুকু পূরণ হয়েছে? অধিকাংশ কারখানায় শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিত হয়নি। ন্যূনতম নিরাপত্তাব্যবস্থা থাকলে একটি মৃত্যুও হতো না। কারখানার সিঁড়িগুলো বিকল্প সিঁড়ি নয়। জানালাগুলো বাইরের দিকে গ্রিল দিয়ে বন্ধ রাখা। ধোঁয়ার কারণে শ্রমিকদের মৃত্যু হয়েছে। ধোঁয়া থেকে দুই ঘণ্টা বাঁচাতে পারলে এত মৃত্যু হতো না।দিনে দিনে মালিকদের আয় বেড়েছে। তাঁরা বিত্ত-বৈভবে ভরে উঠছেন। অথচ শ্রমিকদের আয় তেমন বাড়েনি। এখনো তাঁদের খেয়ে না-খেয়ে কাজ করতে হয়। মাস শেষে ঘরভাড়া বাকি থাকে। কোনো মালিক কি কোনো দিন খোঁজ নেন, তাঁর শ্রমিক কী অবস্থায় আছেন? আজকে এতগুলো শ্রমিকের মৃত্যু হলো এই মালিকদের অবহেলায়। খুব সামান্য ব্যবস্থা নিলে একটি মৃত্যুও হতো না। মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের প্রতি চরম অবহেলা লক্ষ করা যায়। অবহেলার জন্য কোনো মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে—এমন একটি ঘটনাও আজ পর্যন্ত শুনিনি। প্রতিটি দুর্ঘটনার পর কারখানা পরিদর্শনের কথা বলা হয়। আজকে পর্যন্ত কারখানা পরিদর্শনের জন্য লোকবল বাড়ানো হয়নি। শ্রমসচিব বললেন, লোকবলের সংখ্যা ১৮৩। এই লোকবল দিয়ে একবার একটি কারখানা পরিদর্শনের পর পুনরায় ওই কারখানায় আসতে এক থেকে দুই বছর লাগবে। যেখানে পোশাকশিল্পের বাস্তবতায় প্রতিদিন কারখানা পরিদর্শন করা প্রয়োজন। আশ্চর্যের বিষয় হলো, এখন তৈরি পোশাকশিল্পের বয়স প্রায় ৩০ বছর। এত দিনে মালিকেরা নিজের ইচ্ছায় কোনো বাধ্যবাধকতা (কমপ্লায়েন্স) পূরণ করেননি। যতটুক করেছেন ক্রেতাদের আদেশে করেছেন।নাজমা আক্তারএটা মৃত্যু নয়, হত্যাকাণ্ড। গোডাউন করে শ্রমিকদের জীবন কেড়ে নেওয়া হয়েছে। মালিকদের গ্রেপ্তার করতে হবে। বিচারের মুখোমুখি করতে হবে। আগুন লাগার পর কেন তাঁদের বেরিয়ে আসতে বাধা দেওয়া হলো? এরা কারা, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠিন সাজা দিতে হবে। এদের জন্যই এতগুলো মানুষের মৃত্যু হয়েছে। মালিক, মালিকের লোকজন—কেউ আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। সামান্যতম আইন মানলে স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা ঘটত না। শ্রমিকদের বেতন-ভাতা ঠিকমতো দেওয়া হয় না। কাজের পরিবেশ নেই। ন্যূনতম সম্মানবোধ নেই। পেশাকশিল্পে অনিয়মের সাতকাহন পাওয়া যাবে। অথচ এই শিল্পের বয়স ৩০ বছর। এখনো সমস্যা আছে, এ কথা বলার সময় আর নেই। এখন যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।গার্মেন্টসের শ্রমিক মানে সস্তা, কম মূল্যের শ্রমিক। ডাক দিলেই পাওয়া যায়। কোনো মানসম্মান নেই। সামান্য বেতন দিয়ে সবচেয়ে বেশি সময় কাজ করানো যায়। এসব চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের টাকা নেই। সংসদে যাব না। মাথা উঁচু করে কথা বলতে পারব না। আমরা শুধু পুড়ে কয়লা হব। এই আমাদের নিয়তি। মালিকেরা শুধু লাভ চান। আরও টাকা চান। টাকার পাহাড় চান। কিন্তু কারখানায় আগুন ধরলে আমরা বের হতে পারব না। বলে রাখছি, আমরা গরিব মানুষ। একবার ফুঁসে উঠলে কেউ পালানোর পথ পাবেন না। শেষ কথা বলতে চাই, শ্রমিক ভাইয়েরা, আমাদের বেঁচে থাকার জন্য এই শিল্পকে আমাদের বাঁচাতে হবে। সবাই কাজে ফিরে যাব। আব্দুল কাইয়ুমএকটি দুর্ঘটনার পর সব মহল সজাগ হয়। অনেক ভালো উদ্যোগের কথা শোনা যায়। কিছুদিন পর এর কোনো প্রতিফলন দেখা যায় না। এভাবেই বছরের পর বছর চলে আসছে। ৩০ বছর পরও কার্যকর উদ্যোগ না নেওয়াটা দুঃখজনক। এখন আলোচনা করবেন সফিউল ইসলাম মহিউদ্দিন।সফিউল ইসলাম মহিউদ্দিনসন্দেহ নেই, এটি একটি হূদয়বিদারক ঘটনা। এ ঘটনায় যাঁরা মারা গেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। যাঁরা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, তাঁদের রোগমুক্তি কামনা করছি। সমবেদনা জানাচ্ছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি ছোট দেশ। এখন রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থান অর্জন করেছি। সবার দায়িত্ব অনেক বেড়ে গেছে। সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। তিন পুরুষ খোঁজ নিলে দেখা যাবে, আমরা কৃষক, শ্রমিক বা সাধারণ চাকরিজীবী। কেউ লর্ড পরিবার থেকে আসেনি। সবাই বাঙালি। এই শিল্পের বেড়ে ওঠার পেছনে শ্রমিকদের কার্যকরী অবদান রয়েছে। এ খাত এখন বছরে ২০ বিলিয়ন ডলার অর্জন করছে। কর্মসংস্থান, দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন—সবকিছুর মূলে রয়েছে শ্রমিকদের অবদান। শ্রম মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রী মহোদয়সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মিটিং করেছি। ১ তারিখের মধ্যে বেতন দেওয়ার নির্দেশ হয়েছে। সবকিছু তদন্ত করে সঠিক তথ্য বের করার কথা বলেছি। ফেসবুক, ইন্টারনেট, টুইটারের যুগে কোনো কিছু লুকানোর সুযোগ নেই। সবাই সবকিছু জানে। এর সুষ্ঠু তদন্ত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চাই। এ ঘটনা থেকে শিক্ষা নিতে চাই। আর লাশের মিছিল দেখতে চাই না। ১৯৯০ সালের আগুনে একজন উদ্যোক্তা মারা গিয়েছিলেন। সিঁড়িসহ যেখানে-সেখানে মাল রেখে দিই। জাহাজীকরণের দোহাই দিই। এগুলো মোটেই ঠিক নয়। যেকোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে।ইতিহাসে শিল্পের বিকাশ কীভাবে হয়েছে? বাধ্যতামূলক শ্রম, অতিরিক্ত শ্রম ও শিশুশ্রম ব্যবহার করেই শিল্পের বিকাশ হয়েছে। উন্নত বিশ্বের যেসব দোকানে মূল্যহ্রাসে পণ্য বিক্রি হয়, সেখানেই ক্রেতার ভিড় বেশি। ৭০ শতাংশ ক্রেতা হ্রাসকৃত মূল্যে পণ্য কিনতে চান। আজকে বলা হয়েছে, মালিকেরা শুধু মুনাফা করেন। মালিকদের সফলতা আছে। ব্যর্থতারও নির্মম দিক আছে। পাঁচ হাজার ৪০০ গার্মেন্টসের মধ্যে তিন হাজার অকার্যকর। অনেকে আগুন লাগার পর আর ঘুরে দাঁড়াতে পারেননি। ঋণের দায় অনেকের মৃত্যু হয়েছে আদালতের বারান্দায়। অনেকের সন্তানদের পড়ালেখা বন্ধ হয়েছে। আমরা তাঁদের সাহায্য-সহযোগিতা করছি।উদ্যোক্তাদের বলেছি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দায় আমাদের। আমাদের সবাইকে এই দায়দায়িত্ব নিতে হবে। সব দিক থেকে যে সুপারিশ, পরামর্শ উঠে আসবে, আমরা সেগুলো মেনে চলার প্রত্যয় ব্যক্ত করছি। এখানে আলোচনায় উঠে এসেছে, তাজরীন ফ্যাশনসে কর্মরত ভাইবোনও বলেছেন। অগ্নিসতর্ক ঘণ্টা (ফায়ার অ্যালার্ম) বেজেছিল। কিন্তু বের হতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? এর উদ্দেশ্য কী? এর পেছনে কেউ ছিল কি না, সব খুঁজে বের করে বিচার করা হবে। শ্রম মন্ত্রণালয়ে জনবলের অভাব রয়েছে। অগ্নিনির্বাপণ-ব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। তা সত্ত্বেও সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ভবিষ্যতে সব দুর্বল জায়গা চিহ্নিত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে চাই। আপনারা দেখেছেন, গত তিনটি ঈদে কোনো সমস্যা হয়নি। আমরা বলেছি, কারখানায় শ্রমিক থাকলে বেতন-বোনাস দিতে হবে। আমরা থেমে নেই। হয়তো আশানুরূপ হচ্ছে না। যাঁরা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, তাঁদের দেশে-বিদেশে যত উন্নত চিকিৎসার দরকার হোক, আমরা সে ব্যবস্থা করব। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কীভাবে স্থায়ীভাবে থাকা যায়, সে চেষ্টা করছি। যাঁরা বেঁচে আছেন, তাঁদের চাকরির ব্যবস্থা করব। ভবিষ্যতে যেন এ রকম বিপর্যয় না হয়, এর জন্য যা কিছু করা যায়, সে লক্ষ্যে সামনের দিকে এগেচ্ছি।ইকবাল হাবিব উদ্যোক্তারা ক্রেতাদের বাধ্যবাধকতা (কমপ্লায়েন্স) পূরণ করেন। দেশের আইনে যে কাজগুলোর কথা বলা আছে, সেগুলো করেন না। যেমন, ২০০৬-এর শ্রম আইন ও নির্মাণবিধি (বিল্ডিং কোড) রয়েছে, যেটা শ্রম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কার্যকর করবে। এর সঙ্গে রয়েছে ইমারত নির্মাণ বিধিমালা। এই তিন ক্ষেত্রে ভৌত অবকাঠামো, বিদ্যুতায়ন ও অগ্নি প্রতিরোধের বিষয়ে বিস্তারিত বলা আছে। যেসব মালিক এগুলো অবহেলা করবেন, তাঁদের খুব সহজেই আইনের আওতায় এনে বিচার করা যাবে। ২০০৬ সালের আইনে অগ্নি প্রতিরোধ সম্পর্কে বলা হয়েছে। সিঁড়ির নির্মাণ এমন হবে, যাতে কোনো প্রকার আগুনের তাপ বা ধোঁয়া প্রবেশ করতে না পারে। ভাড়া নেওয়া ভবনে সিঁড়ির ব্যবস্থা এমন না হলে মালিক নিজ দায়িত্বে সেটি করবেন। গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রাজউকের সীমানা পরিকল্পনা আছে (মাস্টারপ্ল্যান এরিয়া)। রাজউকের সীমানা পরিকল্পনার বাইরে কোনো শিল্প নেই। এই সীমানার মধ্যে কোনো ভবন নির্মাণ করতে হলে রাজউক কর্তৃক অনুমোদিত হতে হবে। রাজউক না করলে সিটি করপোরেশন জাতীয় নির্মাণবিধির অধীনে অনুমোদন করবে। হয়তো কেউ পৌরসভার অনুমোদন নিয়ে কারখানা নির্মাণ করেছেন। শ্রম, শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে কাজ হবে বাধ্যবাধকতাগুলো (কমপ্লায়েন্স) পূরণ হয়েছে কি না, তা দেখা। প্রয়োজনীয় শর্ত পূরণ না করলে বিজিএমইএ কোনো প্রকার ছাড়পত্র প্রদান করবে না। এ ধরনের কারখানা কী করে শ্রম, শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বিজিএমইএর ছাড়পত্র পায়? একজন অদক্ষ ড্রাইভারের হত্যাকাণ্ডের দায় ছাড়পত্র প্রদানকারীকে নিতে হয়। শর্ত ভঙ্গকারী মালিকের হত্যাকাণ্ডের দায়ও এই চার সংস্থাকে নিতে হবে। এই সংস্থাগুলোর কোনো প্রকার দায়মোচনের সুযোগ নেই।কিছু প্রস্তাব দিতে চাই। এক. অগ্নি ও দুর্ঘটনার নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে শক্তিশালী ভৌত কাঠামো ও বিদ্যুতের ব্যবস্থার জন্য জরুরি ভিত্তিতে মালিকসহ সব শ্রেণী-পেশার প্রতিনিধিদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা। টাস্কফোর্সের তিনটি প্রধান কাজ থাকবে। অবস্থা নির্ধারণ, করণীয় নির্ধারণ এবং কঠোরভাবে বাস্তবায়ন। তিন মাসের মধ্যে এটি করতে হবে। যাঁরা মারা গেছেন, তাঁদের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকলে জরুরি ভিত্তিতে এটি করতে হবে। তবেই তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। অন্য কোনোভাবে নয়। দুই. দেশের আইনে একটি কমপ্লায়েন্স কমিশন গঠন করা। কমপ্লায়েন্স কমিশনে শ্রমিকদের প্রতিনিধি থাকতে হবে। কমিশনের কাজ হবে চারটি। এক. অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া। দুই. কারখানার বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ, পরীক্ষ-নিরীক্ষা করা। তিন. উন্নয়ন পরিকল্পনার ব্যবস্থা করা। চার. সমন্বয় করা। সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা। প্রত্যেক মালিক তাঁদের গার্মেন্টসের কমপ্লায়েন্সগুলো বাইরে টাঙিয়ে দেবেন, যাতে সুযোগ-সুবিধাগুলো সবাই বুঝতে পারে।পরিকল্পিত নগরায়ন-ব্যবস্থার জন্য ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানের অধীনে ড্যাপ তৈরি করেছিলাম। সরকার দুই বছর আগে অনুমোদন করেছিল। সেখানে শিল্পায়ন কীভাবে হবে। দাহ্য বস্তুর শিল্প কীভাবে হবে। শিল্পাঞ্চল কীভাবে তৈরি করতে হবে। নিম্নবিত্ত মানুষ কোথায় থাকবেন, কীভাবে থাকবেন। রাস্তাঘাটের প্রশস্ততা কতটুকু হবে। এ রকম অসংখ্য বিষয় নিয়ে তৈরি করা হয়েছিল। কোনো এক গোষ্ঠীর কারণে দুই বছর ধরে সরকার ওইসব পরিকল্পনা কার্যকর করা থেকে বিরত রয়েছে। আর কত মৃত্যুর পর, দুর্ঘটনার পর সরকার বুঝবে পরিকল্পিত নগর ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। মুহম্মদ মাহ্বুবলাশের সংখ্যা নিয়ে গণমাধ্যমে বিভিন্ন তথ্য এসেছে। কমান্ডার হিসেবে রাত নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ছিলাম। তিনটি তলা (ফ্লোর) থেকে ১০০টি লাশ উদ্ধার করেছি। আমাদের কন্ট্রোল রুমে আগুন লাগার খবর এসেছে সন্ধ্যা সাতটা পাঁচ মিনটে। দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলের দিকে যাই। খবর আসে, কিছু মানুষ ছাদে আটকা পড়েছে এবং বড় ধরনের দুর্ঘটনা। তখন উদ্ধারযান পাঠাই। অন্যান্য স্টেশন থেকে আরও পাঁচটি গাড়ি পাঠাই। পথে যানজটের কারণে পৌঁছাতে দেরি হয়। প্রথম গাড়ি যখন পৌঁছায়, তখন দোতলাসহ তিনতলা পোড়া শুরু করেছে। উদ্ধারযান পৌঁছামাত্র ছাদে সিঁড়ি দিই। সেখানে কাউকে পাইনি। অন্যান্য তলায় খোঁজ করেও কাউকে জীবিত পাওয়া যায়নি। সম্পূর্ণ অনিয়ম করে গুদাম করা হয়েছে। তার পরও গুদামে ছিল খুব শক্তিশালী দাহ্য বস্তু। যে কারণে আগুন মুহূর্তের মধ্যে একতলা, দোতলা, তিনতলায় ছড়িয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৬টি গার্মেন্টসকে জরিমানা করেছি। এসব গার্মেন্টস বিভিন্ন নিয়ম লঙ্ঘন করেছে। এ পর্যন্ত ৪০০ শতাধিক প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকার বেশি জরিমানা করেছি। আমাদের কাছে যদি কোনো প্রতিষ্ঠান প্রশিক্ষণ-সুবিধা চায়, এ ক্ষেত্রে তিন দিনের একটি প্যাকেজ প্রশিক্ষণের ব্যবস্থা করি। প্রতি মাসে এ রকম ৫০টি প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। প্রশিক্ষণের মধ্যে ফায়ার ফাইটিংয়ের উপকরণ সঠিকভাবে প্রতিস্থাপন, ব্যবহার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। বিশেষ করে আগুন যাতে না লাগে, এ জন্য কী কী ব্যবস্থা থাকা উচিত, সে বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। আগুন লাগলে তাঁদের কী করণীয়, সে বিষয় প্রশিক্ষণ দিচ্ছি। দুঃখজনক হলেও সত্য যে আমরা কাউকে সাজা দিতে পারি না। একবার কাউকে জরিমানা করলে তাঁদের যে তদারকির মধ্যে রাখব, সে লোকবলও নেই।রোকেয়া বেগমআপনারা যা বলেছেন, সেভাবে কাজ হলে আমাদের জন্য ভালো হবে। জীবনটা হাতের মুঠোয় নিয়ে কাজ করি। ওখানে জীবনের কোনো মূল্য নেই। যে আঘাত পেয়েছি, জীবনে ভুলতে পারব না। ১০ ঘণ্টা আমার কোনো জ্ঞান ছিল না। চারতলা থেকে কীভাবে নেমেছি, বলতে পারব না। শরীরের অনেক জায়গায় ব্যথা পেয়েছি। মাহাবুবুল আলমতাজরীন ফ্যাশনসের পাশে নিট এশিয়ায় কাজ করি। আমাদের পরিবারের চারজন তাজরীন ফ্যাশনসে কাজ করে। মাবিয়া আক্তার আমার ভাবি। আগুন লাগার পর ফোন করে বলে, বাঁচাও, ছাদে আটকা পড়েছি। বোঝাতে চেষ্টা করেছি, যাতে লাফ না দেন। মিথ্যা আশ্বাস দিয়েছি হেলিকপ্টার আসবে। কারণ, ধারণা ছিল আগুন সর্বোচ্চ তিনতলা পর্যন্ত যাবে। এর মধ্যে একটা ব্যবস্থা হবে। আমার কথা শোনে এবং শেষ পর্যন্ত কোনো রকমে প্রাণে বাঁচে। আপনাদের কাছে একটা অনুরোধ, যখন কোনো বিপদ আসে, তখন যাতে বাধা না দেয়। স্বাধীনভাবে যেন কাজ করতে পারি। গার্মেন্টসে কয়েদিদের মতো থাকতে হয়। কোনো স্বাধীনতা নেই। কর্তৃপক্ষ আমাদের কোনো মানুষ মনে করে না। পশুর মতো ব্যবহার করে। যেন ন্যূনতম মানসম্মান নিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারি, এটাই অনুরোধ।মিকাইল শিপারআজকের আলোচনায় বাস্তবধর্মী কিছু পরামর্শ এসেছে। গুরুত্বের সঙ্গে এ পরামর্শগুলো বিবেচনা করব। বিশেষ করে অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমরা এখনো ভাবতে পারি না, আগুন লাগার পর কীভাবে কর্তৃপক্ষ তালা লাগিয়ে দেয়! সর্বক্ষণ তদারকি করার মতো লোকবলও আমাদের নেই। ভবিষ্যতে এ অবস্থার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার সর্বাত্মক চেষ্টা করব।আব্দুল কাইয়ুমঅনেক ব্যস্ততার মধ্যে আপনারা এ আলোচনায় অংশ নিয়েছেন। গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা এসেছে। পোশাকশিল্প বাংলাদেশে অর্থনীতির প্রাণ। যেকোনো মূল্যে একে রক্ষা করতে হবে। মালিকপক্ষকে সতর্ক থাকতে হবে। প্রথম আলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।