গত ২৯ মে ২০১৩, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) ও প্রথম আলোর আয়োজনে ‘পোশাকশিল্পের উন্নয়ন ও বাজেট ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনদিলীপ বড়ুয়া: মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারগোলাম মোহাম্মদ কাদের: মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারনূরুল হুদা: চেয়ারম্যান, রাজউকশাইখ সিরাজ: পরিচালক, বার্তা, চ্যানেল আইআতিকুল ইসলাম: সভাপতি, বিজিএমইএরাফেজ আলম চৌধুরী: সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)সালাম মুর্শেদী: সভাপতি, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)মোহাম্মদ হাতেম: প্রথম সহসভাপতি, বিকেএমইএ আনোয়ার-উল-আলম চৌধুরী: সাবেক সভাপতি, বিজিএমইএআয়েশা ইসলাম: সভাপতি, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রএম এম আকাশ: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফাহমিদা খাতুন: গবেষক, সিপিডিরূবানা হক: ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদী গ্রুপসঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুম: পোশাকশিল্প খাতে একধরনের অস্থিরতা চলছে। দেশের বাইরে এ শিল্প সম্পর্কে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত এ পরিস্থিতির পরিবর্তন দরকার। পোশাকশিল্পের উদ্যোক্তা, শ্রমিক ও সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা সংকট উত্তরণে সাহায্য করবে। একই সঙ্গে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন। এখন সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন রাফেজ আলম চৌধুরী।রাফেজ আলম চৌধুরী: পোশাকশিল্প, এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প, সরকারি-বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও মিডিয়াসহ সবার সমন্বিত প্রচেষ্টায় এই শিল্পকে রক্ষা করতে হবে। পোশাকশিল্পকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আজকের এ গোলটেবিল বৈঠকের আয়োজন। অতিসত্বর এ শিল্পের ওপর একটি সঠিক গবেষণার প্রয়োজন; যাতে প্রকৃত লাভ-ক্ষতিসহ সবার সমস্যাগুলো চিহ্নিত হয় এবং সঠিক তথ্যের ওপর আলোচনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাধান বেরিয়ে আসে। সুদের উচ্চহার, অভ্যন্তরীণ বিল ক্রয়ে বিলম্ব, সময়মতো বিল না পাওয়া, সরকারি ব্যাংকের বিল ক্রয় বন্ধ, ঋণপ্রাপ্তিতে ভোগান্তি, ঋণ শ্রেণীকরণের পুরোনো সার্কুলারের পরিবর্তে নতুন সার্কুলার (এসএমএ ও এসএস-এর সময় কমানো) এ শিল্প খাতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অনেক শিল্পকারখানা ব্যাংকের কারণে ক্ষতিগ্রস্ত ও রুগ্ণ হয়েছে। তাই ব্যাংকিং খাতের শৃঙ্খলা অত্যন্ত জরুরি। এক্সেসরিজ খাতের বিল বৈদেশিক মুদ্রায় প্রদান করা প্রয়োজন। অর্থমন্ত্রীর এক নির্দেশনা অনুযায়ী ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) ইস্যুর দায়িত্ব ও বার্ষিক আমদানি প্রাপ্যতা প্রদানের ক্ষমতা বিজিএপিএমইএর ওপর বর্তায়, তাহলে খরচের সাশ্রয় ও হয়রানি কমবে। একই সঙ্গে কেবল মূল্য সংযোজনের ওপর উেস আয়কর কর্তন অথবা আগের মতো পোশাক রপ্তানি খাতের ওপর প্রযোজ্য হারে লাভ-ক্ষতির নিরিখে কর কর্তনের বিধান রাখা যুক্তিসংগত। গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ইনস্টিটিউট স্থাপন এবং এক্সেসরিজ পার্ক তৈরি ও গ্যাস-বিদ্যুতের সরবরাহসহ প্রণোদনা জরুরি। গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতে আছে এক হাজার ২০০ শিল্পপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো ৩০টির অধিক পণ্য উত্পাদন করে প্রত্যক্ষ ও পরোক্ষ রপ্তানির মাধ্যমে বছরে ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করে। ২০১৮ এবং ২০২৫ সালে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যথাক্রমে ১২ ও ২৫ বিলিয়ন ডলার।বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপক সংস্থার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি ক্রয়ের তহবিল রাখতে হবে। শ্রমিক-কর্মচারীদের রেশনিং, বাসস্থান, শিক্ষা ও প্রশিক্ষণসহ যাবতীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হবে। দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিক, মালিক, কর্মচারী ও তাঁদের পরিবারের কল্যাণে একটি পুনর্বাসনকেন্দ্র স্থাপন করা জরুরি। আবাসিক অথবা শিল্প এলাকায় স্থাপিত কারখানাগুলো চালু রাখার জন্য বিশেষ কারিগরি টিম কর্তৃক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। উদ্যোক্তাদের অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা থেকে রক্ষার জন্য উদ্যোক্তা-সংশ্লিষ্ট আইন ও এ শিল্পসংশ্লিষ্ট মন্ত্রণালয় গঠন করা জরুরি। এ ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর দায়বদ্ধতা সুনিশ্চিত করতে হবে এবং বিদেশি ক্রেতাদের ন্যায্যমূল্য দিতে হবে। সালাম মুর্শেদী: রপ্তানিমুখী শিল্পপণ্যের আন্তর্জাতিক বাজার বর্তমানে খুব পরিবর্তনশীল। দেশের ভাবমূর্তিও নানা কারণে ক্ষুণ্ন হচ্ছে। দেশের অবকাঠামোগত দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে রপ্তানি বাণিজ্য চ্যালেঞ্জের সম্মুখীন। এসব অবস্থা বিবেচনায় রেখে বাজেটে কিছু প্রস্তাব রয়েছে। যেমন রপ্তানিমুখী শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য উেস কর হ্রাসকরণ। রপ্তানি বৃদ্ধির জন্য প্রণোদনার সময় আরও তিন বছর সম্প্রসারণ। সব ধরনের ভর্তুকি করমুক্তকরণ। বিজিএপিএমইএ-কে ইউপি ইস্যু ও বার্ষিক আমদানি প্রাপ্যতার ক্ষেত্রে ক্ষমতা প্রদান। টেক্সটাইল কারখানার জন্য ঝুঁকি বন্ডের পরিবর্তে সাধারণ বন্ড-ব্যবস্থা প্রবর্তন। শিল্পঘন এলাকায় সেন্ট্রাল ইটিপি গঠন। উদ্যোক্তা কর্তৃক ইটিপি স্থাপনের ক্ষেত্রে সহজ শর্তে ৫ শতাংশ ব্যাংক সুদের ব্যবস্থা গ্রহণ। সাভার ট্র্যাজেডির আলোকে একটি পোশাকপল্লি এবং দুটি বিশেষ অর্থনৈতিক জোন গঠনে বাজেট বরাদ্দকরণ। শ্রমিকদের ডরমিটরি নির্মাণে ১ শতাংশ সুদহারে ঋণ ও পূর্ণ রেশন ব্যবস্থা প্রদান। বিশ্বায়নের এই যুগে তৃতীয় বিশ্বে এলসি/রপ্তানি-আদেশে পরিমাণ সিংহভাগ। টিটির মাধ্যমে অর্থ আসলে সেটার বিপরীতেও প্রণোদনা প্রদান। সম্প্রতি মন্ত্রিপরিষদ, শিল্পকারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মোট শ্রমিকের ৮০ শতাংশ নারী। তাঁদের প্রশিক্ষণ প্রয়োজন। এটি একটি স্পর্শকাতর খাত। তাই শিশুশ্রমের মতো প্রয়োজনীয় সময় নিয়ে ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন করলে মালিক-শ্রমিক উভয় পক্ষই লাভবান হবেন। রপ্তানিমুখী শিল্পের বর্তমান অবস্থা নিরূপণ ও ভবিষ্যত্ করণীয় বিষয় দিকনির্দেশনার জন্য ‘টাস্কফোর্স’ গঠন এবং ২০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা প্রয়োজন।মোহাম্মদ হাতেম: আমাদের অনেক ভালো দিক রয়েছে। কিন্তু গণমাধ্যমে এগুলো সঠিকভাবে প্রতিফলিত হয় না। আজকে বিজিএপিএমইএ কর্তৃক আয়োজিত গোলটেবিল বৈঠককে স্বাগত জানাচ্ছি। এভাবে যদি ক্রমান্বয়ে পোশাক খাতের সংশ্লিষ্ট বিজেএমইএ, বিকেএমইএ, বিটিএমএ কর্তৃক প্রতি মাসে অন্তত একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা যায়, তাহলে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে আমাদের যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা দূর করা সম্ভব। কারখানার কর্মপরিবেশ, শ্রমিকদের স্বাস্থ্যসম্মত বাসস্থানের উন্নয়নে আমরাও আগ্রহী। তবে এ বিষয়ে অন্যদেরও এগিয়ে আসতে হবে। সাভার ট্র্যাজেডির পর মিডিয়ার মাধ্যমে দেশে ও বিদেশে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। গণমাধ্যমে এ ধরনের প্রচারের ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমাদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। বাজেটেও এর প্রভাব পড়তে পারে। আমাদের কিছু কিছু পোশাক কারখানায় যাঁরা ভালো ভালো ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন, তাঁরা শ্রম আইনের বাইরেও শ্রমিকদের টিফিন প্রদানসহ অন্যান্য কিছু সুবিধা প্রদান করছেন। ২০২১ সালের রপ্তানি লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করতে হলে নিট ও ওভেন খাতের দেশীয় ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পপ্রতিষ্ঠানকে ব্যবসা সম্প্রসারণের স্বার্থে স্বল্পসুদে ঋণ প্রদানের সুযোগ দিয়ে এবং বিদেশি বিনিয়োগে উত্সাহিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নম্বর ১৪, ১৫ সংশোধন প্রয়োজন।আয়েশা ইসলাম: সাল ১৯৮০। পোশাকশিল্পের কেবল সূচনা হয়েছে। শ্রমিকদের প্রতি মালিকদের কী বৈষম্য, নিষ্পেষণ, নির্যাতন—সবই দেখেছি। তখন হেলপার হিসেবে আমার বেতন ছিল ১৫০ টাকা। পরবর্তী তিন মাসের মধ্যে সেটা বেড়ে হয় এক হাজার ২০০ টাকা। আমার এক সহকর্মী আমার মতোই কাজ করে। অথচ তার বেতন ৩০০ টাকা। তখনই মনে হয়েছে, এ ধরনের বৈষম্য উচিত নয়। এ ধরনের বৈষম্য নিয়ে সরাসরি মালিকপক্ষের কাছে প্রতিবাদ করি। এখান থেকেই পরবর্তী সময়ে ট্রেড ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত হই। ট্রেড ইউনিয়ন শ্রমিকদের অধিকার। ট্রেড ইউনিয়ন যে শুধু শ্রমিকের মঙ্গলের জন্য তা নয়, বরং এটি মালিকদের জন্যও মঙ্গলজনক। শ্রমিকদের স্বার্থ নিয়ে কথা বলতাম বলে আমাকে চাকরি হারাতে হয়েছে। পরবর্তী সময়ে আমি নতুন কারখানায় যোগ দিই। সেখানেও ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত হই। এ বিষয়ে প্রশিক্ষণ নিই। ট্রেড ইউনিয়নের বিষয়ে মালিক-শ্রমিক উভয়েরই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এটি হচ্ছে মূলত মালিক-শ্রমিকের সেতুবন্ধন। কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে যদি পণ্য জাহাজীকরণ বাতিল হয়ে যায়, তাহলে এর ক্ষতি কেবল মালিকের ওপরই পড়ে না। বরং তা শ্রমিকদেরও ক্ষতি করে। আজকে কিছু অসাধু শ্রমিকনেতা তৈরি হয়েছে। তাঁরা কেবল তাঁদের স্বার্থেই শ্রমিকদের ব্যবহার করেন। কারখানায় ট্রেড ইউনিয়নের ব্যবস্থা করুন। শ্রমিকদের ন্যূনতম মজুরি সাত হাজার ৫০০ টাকা হওয়া প্রয়োজন। শ্রমিক বাঁচলে আপনিও বাঁচবেন।শাইখ সিরাজ: মিডিয়ায় সচরাচর ঘটনাকেন্দ্রিক সংবাদ পরিবেশন হয়। নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে পোশাকশিল্পের মালিক সংগঠন বিজিএমইএ মিডিয়ার সঙ্গে সমন্বয় করেনি। গণমাধ্যমের শক্তিশালী ভূমিকায় রানা প্লাজায় অনেক মানুষকে উদ্ধার করা গেছে। বিদেশি মিডিয়া স্থানীয় মিডিয়া থেকে ফুটেজ নিয়ে সংবাদ পরিবেশন করেছে। মিডিয়ার অবস্থান থেকে আমার পরামর্শ হচ্ছে, বিজিএমইএর একটি শক্তিশালী প্রেস উইং থাকা দরকার। এটি পরিচালিত হতে পারে আমাদের দেশের একজন অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব দ্বারা, যিনি সবাইকে সত্যটা বোঝানোর দক্ষতা রাখেন এবং তাঁর প্রতিও যেন সবার শ্রদ্ধাবোধ থাকে এমন ব্যক্তি। এভাবে দেশের ইমেজকে পুনরুদ্ধার করা সম্ভব। বেসরকারি পর্যায়ে বিজিএমইএ একটি শক্তিশালী প্রতিষ্ঠান। গণমাধ্যমের কাছ থেকে জানা যায়, বিজিএমইএ উেস কর দেয় ০.৭২ শতাংশ। কিন্তু বিজিএমইএ থেকে জানা যায়, তারা মোট কর দেয় মুনাফার ৪০ শতাংশ। আমরা জানি, সরকারি ঋণের ওপর বিজিএমইএ সুদ দেয় ৭ শতাংশ। কিন্তু বিজিএমইএ বলে ২০ শতাংশ। সুতরাং এ ধরনের বিভ্রান্তির জন্য আমরা দায়ী নই। কারণ, যথাসময়ে এ ধরনের কোনো তথ্য-উপাত্ত বিজিএমইএ গণমাধ্যমগুলোকে জানাচ্ছে না। পোশাকশিল্পের উন্নয়নে সরকারের অব্যবহূত পিপিপি (প্রাইভেট পাবলিক পার্টনারশিপ) ফান্ড ব্যবহার করতে পারি। ভবিষ্যতে চীন পোশাকশিল্পে থাকছে না। তাই এ বাজারকে আমরা কাজে লাগাতে পারি। নূরুল হুদা: দেশটা আমাদের সবার। সেখানে মালিক, শ্রমিক, সরকারি কর্মকর্তা, বিজিএমইএ, বিকেএমইএ, বিজিএপিএমইএ—সবার দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে। আমরা জাতীয় দায়িত্ববোধ থেকে কাজ করি না। যে জন্য আজকে এ অশুভ সংকটগুলো তৈরি হয়েছে। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সবকিছু গায়ের জোরে করা হয়। রাজউক কিছু বিধিবিধান দ্বারা পরিচালিত। রাজউক কর্তৃক ১৯৫৯ সালে প্রথম মাস্টার প্ল্যান তৈরি করা হয়। প্রতি ২০ বছর পর মাস্টার প্ল্যান পরিবর্তন করার কথা। বিগত প্রায় ৫০ বছরে সেটা হয়নি। ১৯৯৭ সালে রাজউক এ মাস্টার প্ল্যান পরিবর্তন করেছে। এতে কিছু ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে। এগুলো সমন্বয়ের জন্য জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। আমরা ইতিমধ্যে ৪০০ কারখানা পরিদর্শন করেছি। ঝুঁকিপূর্ণ ভবনকে নোটিশ দেওয়া হয়েছে। একটি নিরাপদ ভবন তৈরি করতে হলে একজন অভিজ্ঞ ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ও ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রত্যক্ষ তত্ত্বাবধান প্রয়োজন। রেক্ট্রোফিটিং টেকনোলজির মাধ্যমে চিহ্নিত কারখানা ভবনগুলোকে ঠিক করা যেতে পারে। তবে যেটা রেক্ট্রোফিটিংয়ে সম্ভব নয়, সেটাকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে। পাশাপাশি কারখানা ভবনের ক্ষেত্রে স্ট্রাকচারাল বিষয়কেই গুরুত্ব দেওয়া হবে এবং অন্য ছোটখাটো সেটবেক সমস্যা নিয়ে রাজউক কোনো প্রকার জটিলতা সৃষ্টি করবে না। কোনো ভবনের হয়তো ফাউন্ডেশন আছে ১০তলার। কিন্তু অনুমোদন আছে সাততলার। এ ক্ষেত্রে যদি কেউ ১০তলা ভবন করেই ফেলে, তাহলে প্রয়োজনে বিশেষজ্ঞ স্ট্রাকচারাল টিম কর্তৃক সার্টিফাইডের পরিপ্রেক্ষিতে পুনরায় অনুমোদন দেওয়া যেতে পারে। আমার পক্ষ থেকে আমি সবাইকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।ফাহমিদা খাতুন: পোশাকশিল্পে ভবনের পাশাপাশি আরও অন্যান্য সমস্যা রয়েছে। রাজউকসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাছ থেকে প্রায়ই জনবলের অভাবের কথা শুনে থাকি। রাউজকের বিধিমালাগুলো ভালো, বিজ্ঞানসম্মত ও পরিবেশবান্ধব। তাদের জনবলের অভাব ওই কাজে ব্যত্যয় ঘটায়। ঢাকা শহরেই অনেকে নিয়ম না মেনে ভবন নির্মাণ করছেন। এগুলো আমাদের চোখের সামনে রয়েছে। এগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য জনবল ও সময়ের প্রয়োজন পড়ে না। সুতরাং এ ক্ষেত্রে প্রশ্ন আসে, আমরা কোনো প্রকার অপশক্তির কাছে বন্দী কি না। পোশাকশিল্পের প্রবৃদ্ধির সঙ্গে কমপ্লায়েন্স বিষয়টি অসামঞ্জস্যপূর্ণ। ২০ বিলিয়ন ডলারের রপ্তানি আয় পাচ্ছি। সে অনুপাতে কি শ্রমিকের জীবনযাত্রার মান বেড়েছে? মজুরি কি বেড়েছে? ২০০৬ সালে যে মজুরি ছিল ২০১০ সালে এসে তা প্রায় ৮০ শতাংশ বেড়েছে। পোশাকশিল্পের জন্য বর্তমানে একটি নিয়ন্ত্রক সংস্থা তৈরি করা যেতে পারে। এ জন্য তাদের অফিস বা লোকবলের জন্য বাজেটে বরাদ্দ রাখা উচিত। আমাদের দেশে ব্যাংকে উচ্চ সুদের হারের পেছনে আমাদের পরিচালনব্যবস্থা জড়িত। ব্যাংকিং খাতে অব্যবস্থাপনা, অদক্ষতা, দুর্নীতির ও অধিক মুনাফা লাভের আশায় সুদের হার বেড়ে যায়। বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে সুদের বিষয়ে স্প্রেডের হার ৫ শতাংশ রাখতে। কিন্তু অনেক ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটে। ব্যাংকে জমা রাখা টাকার সুদের হার কমাতে পারলে ব্যবসায়িক ঋণের সুদের হার কমে যাবে। এ ক্ষেত্রে ব্যাংকের দক্ষতাসহ সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। এখন সময় এসেছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পোশাকশিল্পের সার্বিক অবস্থা বের করার। এ শিল্পকে এগিয়ে নেওয়ার পেছনে আমাদের কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের বিষয়টি জড়িত রয়েছে।রূবানা হক: বর্তমান প্রেক্ষাপটে পোশাকমালিক, শ্রমিক, সরকারি সংস্থা, গণমাধ্যম সব খাতে সংস্কার প্রয়োজন। কারখানা স্থানান্তরের ক্ষেত্রে আমাদের অনেক পুরোনো ফ্যাক্টরি আছে, যা এখন বললেই সঙ্গে সঙ্গে স্থানান্তর করা সম্ভব নয়। আমাদের ইচ্ছা আছে। কিন্তু সময়ের প্রয়োজন। ছোট ছোট জায়গায় কম সময়ে ক্লাস্টার পার্ক করা দরকার। কোনো কারণে কারখানা ভবনে সাধারণ সিমেন্ট বালুর আস্তরে ফাটল দেখা দিল। আমরা জানার আগেই কোনো বিচার-বিশ্লেষণ না করেই টেলিভিশনে বলা হচ্ছে ফাটল দেখা দিয়েছে। কারণ, খারাপ খবরগুলো গণমাধ্যমের জন্য ভালো খবর। ক্রেতা অফিসগুলো এখন নিয়মিত খবর দেখে। ওয়ালমার্ট অগ্রহণযোগ্য এবং এইচএনএম গ্রহণযোগ্য কিছু কারখানার তালিকা তৈরি করেছে। গণমাধ্যম গ্রহণযোগ্য প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করলে জনগণের দৃষ্টিভঙ্গি অন্য রকম হতো। আমরা যা কিছু করি খুব অল্প করি এবং দেরিতে করি। সুতরাং মিডিয়ার প্রতি অনুরোধ, আমাদের কাছে আসুন এবং প্রকৃত চিত্র তুলে ধরুন। ভ্যালু অ্যাডেড চেইনসংক্রান্ত গবেষণা করা খুবই প্রয়োজন। কারখানা স্থানান্তরে আগামী বাজেটে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া প্রয়োজন, যা দিয়ে বাস্তবসম্মত একটা কিছু করা সম্ভব। আনোয়ার-উল-আলম চৌধুরী: বিভিন্ন দুর্ঘটনার মধ্য দিয়ে পোশাকশিল্পের সমস্যার উদ্ভব হয়েছে। যেমন স্পেকট্রাম গার্মেন্টস-২০০৫, তাজরীন ফ্যাশনস লি.-২০১২ ও সাভার রানা প্লাজা ট্র্যাজেডি-২০১৩। এ পরিপ্রেক্ষিতে অগ্নি ও ভবন নিরাপত্তা নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া পোপের মন্তব্য, ‘বাংলাদেশে পোশাকশিল্পে দাস প্রথা চলছে’—এ কথাকে অবহেলা করা যাবে না। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে ইমেজ সংকটের কারণেই আজকের এ অবস্থা। দেশের ইমেজের কথা চিন্তা করে গণমাধ্যমের সংবাদ প্রচারে সতর্ক হতে হবে। অগ্নিনিরাপত্তার ক্ষেত্রে যন্ত্রপাতি আছে কি না, ব্যবহারের উপযোগী কি না, তা দেখতে হবে। যন্ত্রপাতি থাকলেও প্রশিক্ষিত জনবল আছে কি না, সে বিষয়েও লক্ষ রাখতে হবে। ধরি, শ্রমিকদের ন্যূনতম মজুরি সাত হাজার টাকা। কিন্তু একজন শিক্ষিত স্কুলশিক্ষক, একজন সরকারি নিম্ন শ্রেণীর কর্মচারী কত টাকা বেতন পাচ্ছেন? সবকিছুর সঙ্গে একটা সমন্বয় থাকতে হবে। বর্তমানে ওয়েজ বোর্ড কাজ করছে। এ সংবাদগুলো বিদেশিদের জানাতে হবে। এটা আমাদের পরবর্তী মৌসুমে ক্রয় আদেশ পেতে সাহায্য করবে। আমার প্রস্তাব হচ্ছে, বিজিএমইএতে একটি শক্তিশালী গণমাধ্যম কেন্দ্র করা উচিত। পোশাকশিল্পে প্রত্যক্ষভাবে ৪০ লাখ শ্রমিক-কর্মচারী জড়িত। পাশাপাশি ব্যাকওয়ার্ড লিংকেজ প্রতিষ্ঠান হিসেবে এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পপ্রতিষ্ঠানসহ অন্যান্য সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানে পরোক্ষভাবে দেড় কোটি লোকের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। সুতরাং এত লোকের ভাগ্য নিয়ে আমাদের খেলা উচিত নয়।এম এম আকাশ: বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও হরতাল পোশাকশিল্পের ক্ষতি করছে। এভাবে চলতে থাকলে সামনে এ শিল্পে ধস নেমে আসবে। বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পোশাকশিল্পকে হরতালের বাইরে রাখতে হবে। গ্যাস, বিদ্যুত্, জমি, বিল্ডিং কোড—এগুলোর জন্য পোশাকশিল্পের মালিকেরা দায়ী নন। সরকার ও সরকারি কর্তৃপক্ষ এর জন্য দায়ী। পোশাকশিল্পের উদ্যোক্তাদের কাছ থেকে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হবে। অভিজ্ঞ গবেষক দিয়ে পোশাক খাতে শ্রমিক-মালিকদের স্বার্থে একটি গবেষণা করতে হবে। ১৯৯২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত কয়েকটি গবেষণা প্রতিবেদন আছে। ড. ইউনূসের মতে, কোনো পণ্য পোশাকমালিকেরা বিক্রি করেন ১০০ ডলারে। কিন্তু ক্রেতা বিক্রি করছেন ৪৫০ ডলার। এ ক্ষেত্রে ক্রেতার লাভ হচ্ছে ৩৫০ ডলার। তাই শ্রমিক কল্যাণের জন্য ক্রেতার কাছ থেকে ১০ শতাংশ সুবিধা গ্রহণ করার ব্যবস্থা করতে হবে। তবে ক্রেতা এ ধরনের সুবিধা দেবে বলে মনে হয় না। অন্য এক হিসাবে দেখা যায়, প্রতি ১০০ ডলারের পণ্যে মাত্র ২০ সেন্ট করেও যদি বাড়ানো যায়, তাহলে বছরে ৩০৮ কোটি টাকা বেশি আয় হয়। এ টাকা দিয়ে শ্রমিকের কল্যাণ করা সম্ভব। মালিকদের মুনাফার ৫ শতাংশ শ্রমিক কল্যাণে ব্যয় করার ব্যবস্থা করতে হবে। পৃথিবীর সব জায়গায় শ্রমিক সংগঠন করার অধিকার আছে। তাই বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিক সংগঠন করার ব্যবস্থা করতে হবে। গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টর পোশাকশিল্পের পাশাপাশি থেকে আমাদের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের প্রয়োজনগুলো সরকারের গুরুত্বের সঙ্গে দেখা উচিত।আতিকুল ইসলাম: পোশাকশিল্পের উন্নয়ন নির্ভর করে সাপ্লাই চেইনের (সহযোগী প্রতিষ্ঠান) উন্নয়ন ও সমৃদ্ধির ওপর। অভিনন্দন জানাচ্ছি বিজিএপিএমইএকে পোশাকশিল্পের সংকটকালীন সময়ে রকম একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য। সাপ্লাই চেইন, রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো, যোগাযোগ, পরিবেশ, গণমাধ্যম সবকিছু ঠিক না থাকলে পোশাকশিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। পোশাকশিল্পের সাপ্লাই চেইনের মধ্যে রয়েছে এক্সেসরিজ সামগ্রী, গ্যাস, বিদ্যুত্, শ্রমিকদের ন্যূনতম মজুরি ইত্যাদি। আমাদের মূল সাপ্লাই চেইন হিসেবে বিজিএপিএমইএ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা যেমন: ইউপি, আমদানি প্রাপ্যতা ইস্যুর দায়িত্ব অর্পণ, ব্যাংকিং সমস্যা ইত্যাদির কথা উল্লেখ করেছেন। এগুলোর সমাধান হওয়া অত্যন্ত জরুরি। বাসাবাড়িতে কারখানা গড়ে উঠেছে বলেই আজ পোশাকশিল্পে বিপ্লব ঘটেছে। অল্প সময়ের মধ্যে পোশাকশিল্পকে স্থানান্তর করা সম্ভব নয়। কেননা, অনেক পুরোনো কারখানাতেই এখনো গ্যাস, বিদ্যুত্-সংযোগ নেই। অংশীদারি ভবনের ৬০ থেকে ৭০ শতাংশ ভবন রেক্ট্রোফিটিংয়ের (পুনরায় শক্তিশালী বা মজবুতকরণ) মাধ্যমে ঠিক করা যাবে। ক্রেতাদের আমরা ১৫টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা দিয়েছি। ভবন বর্ধিতকরণ জোড়াকে ফাটল দেখিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। যেন ফাটল চিহ্নিতকরণ প্রতিযোগিতা শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে ভিত্তিহীন প্রচারের জন্য ক্রেতাদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে।আমরা দক্ষতার ভিত্তিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ ডরমেটরি, যাতায়াত, চিকিত্সা, রেশনিং সুবিধা দিতে চাই। সরকার যেন এ বিষয়ে সহযোগিতা করে। আমরা যার যার ভ্যালু অ্যাডিশনের ওপর ০.৮০ শতাংশ উেস কর দিয়ে সরকারকে সহযোগিতা করতে চাই। বর্তমানে চলমান ট্রেড ইউনিয়ন-প্রক্রিয়াকে স্বাগত জানাই। ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে শ্রমিক-মালিক সবাইকে প্রশিক্ষণ নিতে হবে। পোশাক খাতে প্রতিবছর প্রায় ২০ লাখ বেকার মানুষের কর্মসংস্থান হচ্ছে। কিন্তু সময় এসেছে কারখানাগুলোকে পুনর্বাসন করার। তাই বাজেটে ৫ শতাংশ সুদে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার জন্য অনুরোধ করছি।গোলাম মোহাম্মদ কাদের: মন্ত্রী হিসেবে মনে করি, এখানে আমাদের শোনার জায়গা। আপনারা অভিজ্ঞতা থেকে বলেছেন। বাণিজ্য মন্ত্রণালয় কোনো কারখানা বন্ধ করেনি। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে আটজন সচিব এবং পোশাকশিল্পের প্রতিনিধিদের সমন্বয়ে ২০০৭ সালে সোশ্যাল কমপ্লায়েন্স নামে একটি ফোরাম তৈরি হয়েছিল। সম্প্রতি তাজরীন ফ্যাশনস ও রানা প্লাজার ঘটনার পরিপ্রেক্ষিতে ফোরামের সদস্য হিসেবে শ্রম মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিশেষ একটি দল গঠন করে। এ দল ৭৮০টি প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে। এর মধ্যে ১০-১৫টি প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়। পোশাকমালিকপক্ষও কিছু ভবন ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বন্ধ করে দেয়। এ বিষয়টি গণমাধ্যমে এসেছে এবং সবাই জেনেছে। আবার ফায়ার সার্ভিসের আধুনিক যানবাহনগুলোর চলাচলের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বিগত বছরে মোট রপ্তানি হয়েছিল ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। সেখানে পোশাক খাতে আয় হয়েছে প্রায় ১৯ বিলিয়ন ডলার। আমাদের দেশের আয়ের মূল তিনটি খাত হচ্ছে কৃষি, রেমিট্যান্স ও পোশাকশিল্প। পোশাকশিল্প মূলধননির্ভর নয়, বরং এটি শ্রমিকনির্ভর। চীন ও থাইল্যান্ড পোশাকশিল্পে থাকছে না, তাই এই বাজারটি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা দিয়েছে। শ্রমিকদের ডরমেটরি, রেশনিং, হাসপাতাল ইত্যাদি বাজেটে থাক বা না থাক, এগুলোকে নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে। সবশেষে গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং সেক্টরের যেসব যুক্তিসংগত দাবি উত্থাপিত হয়েছে, সেগুলোর ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।দিলীপ বড়ুয়া: সম্প্রতি ঘটে যাওয়া রানা প্লাজার ঘটনাটি অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এতে সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু এ ঘটনা আমাদের সচেতন হওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা পোশাকশিল্পকে স্বচ্ছতা ও জবাবদিহির আলোকে গড়ে তুলতে চাই। বর্তমান সময়ের প্রেক্ষাপটে পোশাকশিল্প নগর গড়ে তোলা খুব প্রয়োজন। আমরা বিসিকের পক্ষ থেকে বাউশিয়ায় পোশাক ও এক্সেসরিজ শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলাম। পরবর্তী সময়ে পিপিপির অধীনে তা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। পোশাক ও এক্সেসরিজ শিল্প খাতের জন্য ব্যাংকের সুদের হার এক অঙ্কে আনা উচিত। এ ছাড়া ঋণ শ্রেণীকরণসহ সামগ্রিক বিষয়টি ব্যাংক বিবেচনা করতে পারে। আন্তর্জাতিক বাজার থেকে কাজ পাওয়ার জন্য পোশাকশিল্পের পণ্য অনুযায়ী একটি ইউনিফরম (সমতাভিত্তিক) মূল্য নির্ধারণ করা উচিত। পোশাকশিল্পকে বিকশিত করার জন্য শ্রমিকদের ট্রেড ইউনিয়ন হচ্ছে সময়ের দাবি। একে অপরকে দোষারোপ না করে সবাই সম্মিলিতভাবে পোশাকশিল্পকে এগিয়ে নিতে হবে। জরুরি ভিত্তিতে ওয়েজ বোর্ডের মাধ্যমে সবার স্বার্থ বিবেচনা করে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা উচিত। আমদানি-রপ্তানির স্বার্থে পোশাকশিল্পকে অতীতের মতো হরতালের আওতামুক্ত রাখতে হবে। শ্রমিকদের নিত্যব্যবহার্য চারটি পণ্যের রেশনিং সিস্টেম চালুর বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করা যেতে পারে। সাম্প্রতিক সময়ে চলমান পোশাকশিল্পের এ অস্থিরতায় গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং অ্যাসোসিয়েশনের এ উদ্যোগ প্রশংসনীয়।আব্দুল কাইয়ুম: পোশাকশিল্পের সংকট সাময়িক। সমস্যাগুলো দ্রুত কাটিয়ে উঠতে হবে। আজকের আলোচনায় অনেক সুপারিশ ও পরামর্শ এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিবেচনায় নেবে বলে আমাদের বিশ্বাস। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।