প্যাঁচ কষেছে কংগ্রেস, বিপাকে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীলা দীক্ষিত
শীলা দীক্ষিত

বিজেপিকে বেজায় বিপাকে ফেলে দিয়েছে কংগ্রেস। আগামী বছর উত্তর প্রদেশ বিধানসভার ভোটে শতাব্দী-প্রাচীন এই দল দুম করে তাদের মুখ্যমন্ত্রীর নাম জানিয়ে দিয়েছে। কাকে ময়দানে নামিয়ে কংগ্রেস আসর গরম করতে চাইছে? শীলা দীক্ষিত। ৭৮ বছরের এই নারী টানা ১৫ বছর দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। শিক্ষিতা, সুশীলা, রুচিশীলা শীলা প্রশাসক হিসেবে পরীক্ষিত। দুর্নীতিগ্রস্ত বলেও কেউ তাঁর সেভাবে বদনাম করে না। তাঁকে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার ঘোষণা করে কংগ্রেস বুঝিয়ে দিয়েছে, উত্তর প্রদেশে তারা এবার কোমর কষেই নামছে।
কংগ্রেসের মতো একটা দলের কাছে এই সিদ্ধান্ত নিশ্চিতই চমকের। কেননা, ভোটের সাত-আট মাস আগে কংগ্রেস কাউকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করছে, এমন উদাহরণ বিশেষ একটা নেই। শুধু মুখ্যমন্ত্রীর নামই নয়, কংগ্রেস তার গোটা টিমটাই আগেভাগে বেছে নিয়েছে। যেমন, ভোট পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি থাকবেন অতীতের নামকরা অভিনেতা বর্তমানে রাজ্যসভার সদস্য রাজ বাব্বর। নির্বাচন প্রচার কমিটির চেয়ারম্যান করা হয়েছে আমেথির রাজা সঞ্জয় সিংকে। দলের তরফে উত্তর প্রদেশের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এআইসিসির সাধারণ সম্পাদক রাজ্যসভার নেতা গুলাম নবী আজাদকে। একটা রাজ্যে পুনরায় প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার এমন মরিয়া প্রচেষ্টা কংগ্রেসের ইতিহাসে নেই বললেই চলে।
ভারতীয় গণতন্ত্রের অন্যতম চালিকাশক্তি সে দেশের জাতপাত। জাতপাতনির্ভর এই রাজনীতি থেকে আজও ভারতীয় রাজনীতিকেরা বেরিয়ে আসতে পারেননি। বিশেষ করে গোবলয়ের রাজনীতিতে সব সময় জাতপাতের সমীকরণই বড় হয়ে দেখা দেয়। উত্তর প্রদেশ ও বিহারে তো বটেই, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট কোনো রাজ্যই এই জাতপাতের অঙ্কের বাইরে আজও বেরোতে পারেনি। রাজনীতিকে এই বলয়ের বাইরে বের করার চেষ্টা যারা করেছিল, সেই বামপন্থীরা নিজেরাই ক্রমেই বিলীন হওয়ার পথে। উত্তর প্রদেশ নিয়ে কংগ্রেসের এই আগাম কৌশলেও তাই খুবই সচেতনভাবে ধর্মীয় ও জাতপাতভিত্তিক সমীকরণকে প্রাধান্য দেওয়া হয়েছে।
উত্তর প্রদেশে কংগ্রেসের যখন স্বর্ণযুগ ছিল, সেই সময়কার সমর্থন-বিন্যাসের ওপর একটু চোখ রাখা যাক। নেহরু-গান্ধী পরিবার, লালবাহাদুর শাস্ত্রী, কমলাপতি ত্রিপাঠি, হেমবতীনন্দন বহুগুণা, নারায়ণ দত্ত তিওয়ারি কিংবা উমাশঙ্কর দীক্ষিতেরা ছিলেন ব্রাহ্মণত্যের প্রতিনিধি। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়েছিলেন ঠাকুরকুল—চন্দ্রশেখর, বিশ্বনাথ প্রতাপ সিং, বীরবাহাদুর সিংরা। কংগ্রেসের রমরমার সময়টা ছিল আসলে উচ্চবর্ণেরই রাজত্ব। সেই রাজত্বে দলিত ও মুসলমানদেরও আধিপত্য ছিল প্রশ্নাতীত। কালে কালে কাশ্মীরিদের ‘কাশ্মীরিয়ৎ’য়ের খোয়া যাওয়ার মতো ক্রমে ক্রমে কংগ্রেসও দুর্বল হয়েছে জাতভিত্তিক সমর্থন সরে যাওয়ায়। দলিতেরা চলে যায় কাঁসিরাম-মায়াবতীর দল বহুজন সমাজ পার্টিতে। মুলায়ম সিং যাদবেরা টেনে নেন অনগ্রসর, তফসিল ও মুসলমানদের। উচ্চবর্ণ আশ্রয় নেয় বিজেপিতে। সামান্য দু-চারটি এলাকা ছাড়া কংগ্রেসের সমর্থন তলানিতে গিয়ে ঠেকে। পাঁচ বছর আগে বিধানসভার ভোটে কংগ্রেসের ভাগ্যে তাই জুটেছিল সাকল্যে ২৮টি আসন।
এ অবস্থা থেকে দলকে টেনে তুলতে কংগ্রেসের এই নতুন কৌশল। শীলা দীক্ষিত ব্রাহ্মণ। পাঞ্জাবের কাপুরথালায় জন্ম হলেও বিয়ে হয়েছে উত্তর প্রদেশের কনৌজে। রাজ্যের প্রথম সারির ব্রাহ্মণ নেতা উমাশঙ্কর দীক্ষিতের পুত্রবধূ তিনি। তাঁর ভাবমূর্তির ওপর ভর দিয়ে কংগ্রেস ১২ শতাংশ ব্রাহ্মণ ভোটকে এবার টার্গেট করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বাব্বর ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত গুলাম নবী আজাদের মাধ্যমে কংগ্রেসের নজর ১৮ শতাংশ মুসলমান ভোটের ওপর। এই ৩০ শতাংশের সঙ্গে কংগ্রেস চাইছে ৭ শতাংশ ঠাকুর ভোট, প্রচার কমিটির চেয়ারম্যান সঞ্জয় সিং যাদের প্রতিনিধি। বাকি থাকছে দলিত, যাদব এবং অন্যান্য অনগ্রসর ও তফসিল সম্প্রদায়ের মানুষ। স্থানীয় পর্যায়ে স্থানীয় নেতাদের ওপর ভার পড়েছে তাদের মন ভোলানোর। শীলা দীক্ষিতরা কাজে নেমেও পড়েছেন। শুরু হয়ে গেছে রাজ্যজুড়ে বাসযাত্রা।
এই যে তাগিদটা কংগ্রেস দেখাচ্ছে, তা সম্ভব হলো ভোট ‘স্ট্র্যাটেজিস্ট’ প্রশান্ত কিশোরের জন্য। সেই প্রশান্ত কিশোর, যিনি লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি ও বিহার বিধানসভার ভোটে নিতীশ কুমারের নির্বাচনী প্রচারকৌশলের দায়িত্বে ছিলেন। রাহুল গান্ধী এবার উত্তর প্রদেশের ভার তাঁর হাতে সঁপে তাঁকে দাঁড় করিয়েছেন এক বিরাট পরীক্ষার মুখে। কোনো ব্রাহ্মণ নেতাকে মুখ্যমন্ত্রী খাড়া করে ভোটে নামার প্রস্তাবটা প্রশান্ত কিশোরেরই দেওয়া। তিনি চেয়েছিলেন, সেই দায়িত্ব কংগ্রেস তুলে দিক প্রিয়াঙ্কার হাতে। কিন্তু প্রিয়াঙ্কাকে নিয়ে কংগ্রেসের ফার্স্ট ফ্যামিলিতে একটা আড়ষ্টতা রয়েছে। প্রশান্ত কিশোরেরও তা অজানা নয়। সে ক্ষেত্রে শীলা দীক্ষিত ছিলেন দ্বিতীয় পছন্দ। একই সঙ্গে তিনি চেয়েছিলেন ব্রাহ্মণ ও মুসলমানের যুগলবন্দী ঘটিয়ে পুরোনো রমরমা ফিরিয়ে আনতে। রাজ্যের এই দুই ভোটব্যাংক বিজেপি ও মুলায়মের দিকে ঝুঁকে রয়েছে। প্রশান্ত কিশোরের ধারণা, কংগ্রেসকে ভালো ফল করতে গেলে সেই ট্র্যাডিশনাল ভোটব্যাংককে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। উচ্চবর্ণ+মুসলমান এবং দলিত ও তফসিল ভোটের কিছুটা।
কংগ্রেস সেই ছক ধরেই কিন্তু এগোচ্ছে। ব্রাহ্মণ-মুসলমান-ঠাকুর কম্বিনেশন ঠিক করে ফেলার পর কংগ্রেস নজর দিয়েছে দলিতদের ওপর। বিজেপি আমলে রাজ্যে রাজ্যে গোমাংস নিষিদ্ধ হওয়ার পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা, তাদের মধ্যে রয়েছে দলিত সমাজ। হিন্দুদের মধ্যে গরুর ছাল ছাড়ানোর কাজটা যুগ যুগ ধরে তারাই করে আসছে। এই নিয়ে গোবলয়ে মাঝে মাঝেই উত্তেজনা ছড়াচ্ছে। দলিতদের অত্যাচারের কাহিনি শোনা যাচ্ছে। রাহুল এবং অন্য কংগ্রেস নেতারা এই অত্যাচার ও বাড়াবাড়ি নিয়ে সংসদে সরব হচ্ছেন। তাঁরা অত্যাচারিতদের পাশে গিয়েও দাঁড়াচ্ছেন। উত্তর প্রদেশের দলিতদের মধ্যে এতে প্রভাব কতটা কংগ্রেস ফেলতে পারবে সেটা পরের কথা, তবে চেষ্টায় কংগ্রেস ত্রুটি রাখতে চায় না।
কংগ্রেসের এই চালেই বিজেপি পড়েছে মহা বিপাকে। কেননা, গোটা উত্তর প্রদেশ জানে, সমাজবাদী পার্টি জিতলে অখিলেশ সিং যাদবই ফের মুখ্যমন্ত্রী হবেন। বহুজন সমাজ পার্টি জিতলে মায়াবতী। কংগ্রেস জিতলে শীলা দীক্ষিত। কিন্তু বিজেপি জিতলে? এই একটি ক্ষেত্রে ভোটারদের কাছে ঝুলে রয়েছে বিরাট এক প্রশ্ন। মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নের জট তারা আজও খুলে উঠতে পারেনি তেমন কোনো জুতসই নাম খুঁজে না পাওয়ায়।
এমন নয় যে বিজেপি আগে থেকে মুখ্যমন্ত্রীদের নাম জানায় না। বরং ইদানীং বেশ কয়েক বছর আগাম নাম জানিয়েই তারা ভোট লড়ে আসছে। রাজস্থানে বসুন্ধরা রাজে, ছত্তিশগড়ে রমন সিং, মধ্যপ্রদেশে একটা সময় উমা ভারতী পরে শিবরাজ সিং চৌহানদের খাড়া করে ভোটে জিতেছে। এই হালে আসামে সর্বানন্দ সোনোয়াল। তবে উত্তর প্রদেশে দল কেন চুপচাপ এই প্রশ্ন মানুষের মনে উঁকি দিচ্ছে। কংগ্রেস নেতারাও নিয়ম করে রাজ্যবাসীর কাছে এই প্রশ্নটা তুলে ধরে উচ্চবর্ণের নজর বিজেপির দিক থেকে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিজেপিও কিংকর্তব্যবিমূঢ়। কোনো ব্রাহ্মণকে তারা খাড়া করতে পারছে না শীলার সঙ্গে অবধারিত তুলনা এসে যাবে বলে। উত্তর প্রদেশে বিজেপির সেরা মুখ ব্রাহ্মণ নেতা কলরাজ মিশ্র। তাঁর জন্য বিজেপিকে আবার ভাবের ঘরে চুরি করতে হচ্ছে। কারণ,
মোদির ফরমান অনুযায়ী ৭৫ বছর বয়স হলেই বাণপ্রস্থে যেতে হয়। লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর যোশি, যশবন্ত সিনহাদের মতো এই সেদিন মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াতে হলো নাজমা হেপতুল্লাকে। অথচ ৭৫ পেরোলেও কলরাজ মিশ্রকে রেখে দিতে হয়েছে পাছে উত্তর প্রদেশের উচ্চবর্ণ ভোটে ধস নামে। কোনো ঠাকুর বা অনগ্রসর নেতাকেও তারা খাড়া করতে পারছে না জাতপাতের সমীকরণের রাজনীতিতে সর্বনাশ হয়ে যাওয়ার আশঙ্কায়।
যে দলের হাত থেকে দেশকে মুক্ত করার হাঁক পেড়েছেন নরেন্দ্র মোদি, সেই কংগ্রেসই যে তাদের এভাবে প্যাঁচে ফেলবে বিজেপি তা সম্ভবত কল্পনাতেও আনেনি। ব্যাপক জাত-সমীকরণ সত্ত্বেও বিহারে তাদের ভরাডুবি হয়েছিল নিতীশ কুমারের বিপক্ষে কোনো যোগ্য নাম তুলে না ধরায়। মায়াবতী, অখিলেশ বা শীলার পাল্টা কোনো চরিত্র তুলে না ধরলে উত্তর প্রদেশে তাদের ভাগ্যে কী আছে বলা কঠিন।
উত্তর প্রদেশে সরকার গড়ার খেলা কংগ্রেস নিশ্চিতই খেলছে না। এত দ্রুত পালাবদলের আশাও তারা করছে না। বিজেপির যাত্রাভঙ্গই তাদের একমাত্র লক্ষ্য। সেটুকু নিশ্চিত করাই তাদের মাছের চোখ। তাতেই মহা তৃপ্তি। আর যদি বাড়তি আসনের জন্য রাজ্যে বাড়তি কিছু গুরুত্ব জোটে, তাহলে সোনায় সোহাগা। কংগ্রেস বিলক্ষণ জানে।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।