
‘এটা খুবই “হতাশাজনক” যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো নথি প্রকাশ স্থগিত করলেন। আর এখন কিনা সিআইএ, এফবিআই ও অন্যান্য সংস্থা নথিগুলো পর্যালোচনা করছে।’ এ মন্তব্য মার্কিন ফেডারেল বিচারক জন টানহেইমের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাসংশ্লিষ্ট সরকারি নথি প্রকাশ প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
জন টানহেইম একসময় কেনেডি হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট সরকারি নথি সংগ্রহ ও তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। গত শুক্রবার অনলাইন প্রকাশনা পলিটিকো প্রোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মনে করি না যে ওই সব নথিতে এমন কিছু আছে, যা এখন গোপন রাখতে হবে।’ জন টানহেইম ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সব নথি সংগ্রহ ও পর্যবেক্ষণের জন্য মার্কিন কংগ্রেসের গঠিত বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তিনি এখন মিনেসোটা অঙ্গরাজ্যে ডিস্ট্রিক্ট বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যে কেনেডি হত্যাকাণ্ডের সব ফাইল প্রকাশ করা হবে। কিন্তু এর এক দিন পরই বৃহস্পতিবার রাতে ঘোষণা দেন, কিছু নথি পর্যালোচনা করে প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, এসব নথি আরও ছয় মাস পর্যালোচনা করা হবে এটা নিশ্চিত হওয়ার জন্য যে এগুলো স্পর্শকাতর কি না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস বৃহস্পতিবার ২ হাজার ৮০০ নথি প্রকাশ করলেও গোয়েন্দা সংস্থাগুলোর অনুরোধ সাপেক্ষে ৩০০ বা তার কিছু বেশি নথির প্রকাশ স্থগিত রাখেন প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো নথি এখনো গোপন রাখা প্রয়োজন কি না, তা নিয়ে পর্যালোচনা করছে গোয়েন্দা সংস্থাগুলো। ছয় মাসের পর্যালোচনা শেষে ধারাবাহিকভাবে নথিগুলো প্রকাশ করা হবে।
সিআইএ বৃহস্পতিবার জানিয়েছে, এসব নথিতে সিআইএর সম্পদ এবং বর্তমান ও প্রাক্তন সিআইএ কর্মকর্তাদের নাম ও সুনির্দিষ্ট কতগুলো গোয়েন্দা ব্যবস্থার উল্লেখ রয়েছে, যারা এবং যেসব গোয়েন্দা–ব্যবস্থা আজ দেশকে রক্ষা করতে সক্ষম। এমনকি হোয়াইট হাউসও এক বিবৃতিতে জানায়, ‘ট্রাম্প গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে নজিরবিহীনভাবে স্বচ্ছতা দাবি করেছেন এবং দেরি না করে দ্রুত এর সম্পাদনা শেষ করার নির্দেশ দিয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘গোয়েন্দাদের সম্পাদনার পর জাতীয় আর্কাইভ নথিগুলো প্রকাশ করবে ২০১৮ সালের ২৬ এপ্রিলের মধ্যে।’
কেনেডি হত্যাসংশ্লিষ্ট এসব সরকারি নথি প্রকাশে হতাশ হয়েছেন এ ব্যাপারে কাজ করা গবেষকেরা। তাঁরা বলছেন, এতে আংশিক তথ্য প্রকাশিত হয়েছে এবং হত্যাকাণ্ড নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা রয়ে গেছে। এর আগে কেনেডি হত্যাসংশ্লিষ্ট আরও ৩০ হাজার নথি প্রকাশিত হয়। তবে সেসব নথির অনেক তথ্যই গোপন রাখা হয়। কেনেডি হত্যাসংশ্লিষ্ট সব নথি সংগ্রহ করেছে জন টানহেইমের অ্যাজাজিনেশন রেকর্ডস রিভিউ বোর্ড। মার্কিন কংগ্রেস ১৯৯২ সালে এই বোর্ড গঠন করে।
অলাভজনক সংস্থা মারি ফেরেল ফাউন্ডেশনের সভাপতি রেক্স ব্র্যাডফোর্ড বলেছেন, বৃহস্পতিবার প্রকাশিত নথিগুলোর মধ্যে মাত্র ৫২টি একেবারেই নতুন, যেগুলোর প্রকাশ আগে স্থগিত করা হয়েছিল। এসব নথি মোট নথির ২ শতাংশেরও কম।
ব্র্যাডফোর্ড আরও বলেন, প্রকাশিত অনেক নথিই সে অর্থে নতুন নয়। এটা খুবই দুঃখজনক। যেমন বিবিসি ও অন্যান্য কয়েকটি সংবাদ সংস্থা শুক্রবার প্রকাশ করেছে যে ১৯৬৩ সালের ২২ নভেম্বর কেনেডি হত্যাকাণ্ডের ২৫ মিনিট আগে যুক্তরাজ্যের একটি স্থানীয় সংবাদপত্রে অজ্ঞাতনামা টেলিফোন আসে, যেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রে বড় কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ব্রিটিশ একটি গবেষণা সংস্থা ১৯৯৫ সালে অন্যান্য নথি থেকে এই তথ্য উদ্ঘাটন করে।
প্রকাশিত নথিগুলোর একটি হচ্ছে এফবিআইয়ের ১৯৬৩ সালের ২৪ নভেম্বরের একটি মেমো। ওই দিনই ডালাস নাইটক্লাবের মালিক জ্যাক রুবি ওসওয়াল্ডকে গুলি করে হত্যা করে। এফবিআইয়ের মেমোতে কেনেডির খুন নিয়ে জনগণের উপলব্ধি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়। মেমোতে তখনকার এফবিআইর পরিচালক জে এডগার হুভার একটি মন্তব্য করেছেন: ‘আমি যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, তা হচ্ছে আমাদের এমন কিছু করতে হবে, যাতে আমরা জনগণকে বোঝাতে পারি যে ওসওয়াল্ড প্রকৃত হত্যাকারী।’
তবে অনেক বিশেষজ্ঞ দেখিয়েছেন, তৎকালীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিকোলাস কাটজেনব্যাচ একটি নথি লিখেছিলেন, যাতে কেনেডি হত্যা নিয়ে একই ধরনের উদ্বেগ প্রকাশ করা হয় এবং কয়েক দশক আগেই তা প্রকাশ করা হয়েছে। ব্র্যাডফোর্ড বলেন, নতুন প্রকাশিত নথির অনেক তথ্যই পুরোনো।
এর অর্থ তাহলে এই দাঁড়াল যে কেনেডি হত্যাসংশ্লিষ্ট অনেক তথ্য প্রকাশে সরকার অসমর্থ বা সরকারের কোনো ইচ্ছা নেই।
১৯৯২ সালে তৎকালীন মার্কিন কংগ্রেস পরবর্তী ২৫ বছরের মধ্যে এ-সম্পর্কিত সব নথি প্রকাশের নির্দেশনা দেয়। এ হিসাবে ২০১৭ সালের ২৬ অক্টোবরের মধ্যে সব নথি প্রকাশের কথা বলা হয়। কংগ্রেসের ওই নির্দেশনায় বলা হয়, এ সময়ের মধ্যে এসব নথি প্রকাশ না করা হলে এ জন্য উপযুক্ত কারণ দর্শাতে হবে। জাতীয় নিরাপত্তার ক্ষতি হওয়ার আশঙ্কা ছাড়া অন্য কোনো কারণ এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বলেও সে সময় উল্লেখ করা হয়। একমাত্র প্রেসিডেন্টই এ নথির ‘গোপনীয়’ অভিধাটির মেয়াদ আরও বাড়াতে পারেন। না হলে তা আমেরিকার জাতীয় আর্কাইভে উন্মুক্ত হবে।
কেনেডি হত্যাকাণ্ড নিয়ে গবেষণাকারী ও ইতিহাসবিদ রিচার্ড অ্যান্ডারসন বলেন, কেন তারা নথি প্রকাশে দেরি করল? কেন এই শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে নথি প্রকাশ? গোয়েন্দা সংস্থাগুলোর ২৫ বছর লাগল এগুলো প্রস্তুত করতে? তিনি বলেন, জেএফকে রেকর্ডস অ্যাক্টে বলা হয়েছে, কেবল বিশেষ বা বিরল কোনো পরিস্থিতির উদ্ভব হলেই এসব নথি প্রকাশ স্থগিত বা সম্পাদনা করা যাবে। কিন্তু এখন তো বিশেষ কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি যে নথি প্রকাশ স্থগিত করতে হবে।
মার্কিন সিনেটের বিচার বিভাগীয় চেয়ারম্যান চাক গ্রাসলিও নথি দেরি করে প্রকাশের কঠোর সমালোচনা করেছেন।
জন টানহেইম বলেন, ‘তাঁর ধারণা, সিআইএ ও এফবিআই এ জন্য উদ্বিগ্ন যে নথিগুলো বিদেশি দেশগুলোর সঙ্গে তাদের গোপন সম্পর্কের বিষয়টি প্রকাশ করে ফেলতে পারে। তারা নথি প্রকাশের এই সময়সীমার কথা বহু আগে থেকেই জানে। সব নথি অবশ্যই ২৬ অক্টোবরের মধ্যে প্রকাশিত হওয়া উচিত ছিল।’
সূত্র: পলিটিকো প্রো। অনুবাদ: রোকেয়া রহমান
ব্রায়ান বেন্ডার: মার্কিন সাংবাদিক ও পলিটিকো প্রো-এর প্রতিরক্ষাবিষয়ক সম্পাদক।