প্রজাতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরের যতটা শক্তিশালী হওয়া উচিত ছিল, তারা ততটা হতে পারেনি। বস্তুত, তাদের একটি শক্ত সতর্ক বার্তা জারি করা উচিত ছিল, যাতে ভবিষ্যতে এ ধরনের অসাবধানতার শাস্তি নিশ্চিত হয়। এতে যারা কথায় কথায় নানা অজুহাতে এই প্রজাতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ন করে, তারা হয়তো কিছুটা সংযত হতো। তারা বুঝতে পারছে না, এসব করে নিজেদেরই অমর্যাদা করা হচ্ছে।

এই কিছুদিন আগে জাতীয় সংগীত বাজানোর সময় মানুষের দাঁড়ানো বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু মানুষ এখনো এই নির্দেশকে সম্মান করে না। তারা মনে করে, এই নির্দেশ যেহেতু সরকার জারি করেছে, তাই সেটা মান্য করার কিছু নেই।

মনে হয় তারা এটা বুঝতে পারে না যে জাতীয় সংগীত ও প্রজাতন্ত্রের পতাকা পবিত্র ব্যাপার, কারণ এ দুটি জিনিস জাতির সম্মান ও সার্বভৌমত্বের প্রতীক। মানুষকে বুঝতে হবে, আদেশ দিয়ে বা আইন করে মনের মধ্যে দেশাত্মবোধ ঢুকিয়ে দেওয়া যায় না। এটা তাদের অনুভূতির ব্যাপার। যখন জাতির স্বার্থ ও ব্যক্তি বা পার্টির স্বার্থের প্রশ্ন সামনে আসবে, তখন তাদের এই অনুভূতির প্রকাশ ঘটাতে হবে।

গান্ধীজি নিজেও মানুষের অনুভূতি সম্পর্কে সচেতন ছিলেন। এই তথ্যটি আমি আগেও দিয়েছি, একবার এক ব্যক্তি কোরআন তিলাওয়াত সম্পর্কে আপত্তি জানালে তিনি প্রার্থনা বন্ধ করে দিয়েছিলেন। তিনি তখনই সেই প্রার্থনা শুরু করেছিলেন, যখন সেই ব্যক্তি তাঁর আপত্তি প্রত্যাহার করে নেন। তবে গান্ধীজি কলকাতায় অধিকতর সফল হয়েছিলেন। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডাইরেক্ট অ্যাকশন ডের ডাক দিয়েছিলেন, তখন গান্ধী এই কৌশল অবলম্বন করেছিলেন।

ডাইরেক্ট অ্যাকশন ডে-তে বাংলা সরকারের পরোক্ষ সম্মতিতে হিন্দু ও শিখদের কচুকাটা করা হলো। এর প্রতিশোধও নেওয়া হয়েছিল, যার ফলে কয়েক হাজার মুসলমান জীবন হারান। ওই সময় গান্ধীজি কলকাতায় গিয়ে মানুষকে বললেন, যার কাছে যা অস্ত্র আছে সবাই যেন সেগুলো তাঁর কাছে জমা দেয়। দেখা গেল, সবচেয়ে আক্রান্ত ব্যক্তিটিও ২৪ ঘণ্টার মধ্যে তাঁর কাছে অস্ত্র জমা দিল। তৎকালীন গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন মন্তব্য করেছিলেন, সশস্ত্র বাহিনীর দরকার নেই, এক সদস্যবিশিষ্ট বাহিনী সব কাজ সেরে ফেলেছে। 

তারপর ভারত অনেকটা পথ পাড়ি দিয়েছে। বহুত্ববাদে তার একসময় যে বিশ্বাস ছিল, এখন আর সেটাও নেই। ধর্মের ভিত্তিতে যে সীমানা বিভক্ত করা হয়েছিল তা ধর্মনিরপেক্ষতাকে কলুষিত করেছে। কিন্তু দোষটা কংগ্রেসের, মুসলিম লীগের নয়, কারণ মুসলিম লীগ প্রথম দিন থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো নিয়ে পৃথকভাবে সার্বভৌম দেশ গড়তে চেয়েছিল। যে কংগ্রেস ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করত, তারা সেখান থেকে দূরে সরে যাচ্ছে।

মুসলমানদের বড় নেতা মাওলানা আবুল কালাম আজাদ মুসলমানদের সতর্ক করেছিলেন, অবিভক্ত ভারতে নিরাপদ বোধ না করলেও তারা স্বাধীনতা-উত্তর ভারতের সৌভাগ্যের সম অংশীদারত্ব দাবি করতে পারত। কিন্তু তাদের রাজনৈতিক আবেগ তখন চরম পর্যায়ে, তারা তখন ‘পোকায় খাওয়া’ পাকিস্তান পেতে মরিয়া হয়ে উঠেছিল। তারা এমন একটি দেশ উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, যেটি মুসলমানদের সঙ্গে অন্যদের পার্থক্য করতই। ওই দেশটিতে ভিন্নধর্মাবলম্বীদের বসবাসের পরিস্থিতি খুবই খারাপ, তাদের সংখ্যা যা-ই হোক না কেন।

মাওলানার সতর্কবাণী সত্য হয়। বাস্তবে ভারতের সরকারব্যবস্থায় ১৮ কোটি মুসলমানের কোনো বক্তব্য নেই। ভারতীয় মুসলমানদের ওপর প্রণীত সাচার কমিশনের (সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বিচারপতি রাজিন্দর সাচারের নেতৃত্বে মুসলমানদের অবস্থা নিরূপণে একটি কমিটি গঠন করেন‍-অনুবাদক)  প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানরা দলিতদের চেয়েও বেশি দুর্দশাগ্রস্ত। রাজনীতিতে তাদের গুরুত্ব নেই বললেই চলে। এমনকি তারা দৃঢ়ভাবে কিছু বলেও না, পাছে হিন্দু জাত্যভিমান আরও তীব্র হয়। 

তবে মুসলমানরা আরও কঠিন হচ্ছে। কাশ্মীরিরা এমন আচরণ করছে যে মনে হয়, তারা ইতিমধ্যে স্বাধীন হয়ে গেছে। কাশ্মীর যখন ভারতে যোগ দেয়, তখন সেখানকার জনপ্রিয় নেতা শেখ আবদুল্লাহ মহারাজা হরি সিংকে সমর্থন করেছিলেন, কারণ রাজা আদিবাসীদের বিরুদ্ধে লড়াই করছিলেন। কিন্তু নয়াদিল্লি যখন প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগের বাইরেও নাক গলাতে শুরু করল, তখন তিনি তার বিরোধিতা করেছেন, যেটা ভিন্ন ব্যাপার। 

কাশ্মীরের জনগণ প্রদেশটির মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতির সমালোচনা করে, কারণ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন। কাশ্মীরিরা বলে, মোদি ‘হিন্দু’ নেতা। তারা প্রথাগতভাবে ভুলে যায়, মোদি ভারতের প্রধানমন্ত্রী। তারা মোদির দৃষ্টিভঙ্গি সমর্থন করুক বা না করুক তা প্রাসঙ্গিক নয়, কারণ তিনি লোকসভার ৫৪০টি আসনের মধ্যে ২৬২টি আসন পেয়ে ক্ষমতায় এসেছেন।

>কাশ্মীরকে যাঁরা স্বাধীন রাষ্ট্র বানাতে চান, তাঁদের সন্তুষ্ট হতে এখনো অনেক সময় লাগবে। তাঁরা জানেন, ভারতীয় সেনাবাহিনী তাঁদের প্রতিপক্ষ। কিন্তু তা সত্ত্বেও বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরের দাবি পূরণে লড়াই করে যাচ্ছেন

কাশ্মীরের জায়রা ওয়াসিমের নজির আমাদের চোখের সামনেই আছে। তিনি একটি ছবিতে প্রশংসনীয় অভিনয় করেছেন। ছবিটির পরিচালক ও প্রযোজক আমির খান বলেছেন, তিনি প্রতিভাময়ী। কিন্তু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের চাপ এত বেশি যে তিনি এক টিভি সাক্ষাৎকারে বলতে বাধ্য হয়েছেন, তিনি যা করেছেন তার জন্য ‘লজ্জিত’। তিনি ছবিতে নিজের অভিনয় করাটা অস্বীকার করেছেন।

এর মানে হচ্ছে, কাশ্মীরকে যাঁরা স্বাধীন রাষ্ট্র বানাতে চান, তাঁদের সন্তুষ্ট হতে এখনো অনেক সময় লাগবে। তাঁরা জানেন, ভারতীয় সেনাবাহিনী তাঁদের প্রতিপক্ষ। কিন্তু তা সত্ত্বেও বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরের দাবি পূরণে লড়াই করে যাচ্ছে।

নয়াদিল্লিকে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথা বলতে হবে, পরখ করতে হবে, কাশ্মীরিরা ভারতের মধ্যে প্রকৃত স্বায়ত্তশাসন মেনে নেয় কি না। তাদের বলতে হবে, ভারত পররাষ্ট্র, প্রতিরক্ষা ও যোগাযোগ—এই তিন খাতেই সীমাবদ্ধ থাকবে।

অনুবাদ: প্রতীক বর্ধন।

কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।