প্রতিক্রিয়া
১৬ ডিসেম্বর ২০১৬ তারিখে প্রথম আলো পত্রিকার বিশেষ সংখ্যায় ‘ব্যতিক্রমী সেক্টর কমান্ডার’ শিরোনামের নিবন্ধে উল্লেখ করা হয়েছে, ‘জিয়ার ঘোষণায় উৎসাহিত বা উদ্দীপিত হয়েছিলেন তাজউদ্দীন আহমদ এবং ব্যারিস্টার আমীর-উল ইসলাম’।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র-এর ১৬ খণ্ডে নিবন্ধিত আমার সাক্ষাৎকারে, পরে আজকের কাগজ পত্রিকায় প্রকাশিত এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বইয়ের ২২ নম্বর পৃষ্ঠায় কথাগুলো যেভাবে উল্লেখ রয়েছে তার অংশবিশেষ হুবহু তুলে ধরা হলো, ‘হঠাৎ স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠান কানে ভেসে আসলো। ঘোষক বেতারে বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন। অস্ত্রশস্ত্র নিয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে হাজির হতে বেতারে নির্দেশ দেওয়া হলো। প্রথমে এদের নাম ধাম কিছুই বুঝা গেল না। ঠাওর করে উঠতে পারলাম না, কারা কোত্থেকে এই বেতার চালাচ্ছে। পরে বেতারে মেজর জিয়ার কণ্ঠ শোনা গেল। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। মেজর জিয়ার আহ্বান বেসামরিক, সামরিক তথা বাংলার সর্বশ্রেণীর মানুষকে সংগ্রামে উজ্জীবিত করে।’
মুক্তিযুদ্ধ বিষয়ে আপনার বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিষয়টি সঠিকভাবে প্রকৃত ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হওয়ার দাবি রাখে। তাই সঠিক বর্ণনা বা বক্তব্য তুলে ধরা অতি আবশ্যক বিধায় বিষয়টি আপনার গোচরে আনা আমার কর্তব্য। সেই সঙ্গে অনুরোধ, মুক্তিযুদ্ধের দলিলপত্রের অন্তর্ভুক্ত তথ্যের যাতে ব্যত্যয় না ঘটে, সে জন্য আমাদের সকলকে সজাগ থাকার প্রয়োজন বিধায়, সঠিক ও মূল বক্তব্যটা আপনার নিকট পৌঁছে দেওয়া প্রয়োজন।
প্রকৃত বিষয়টি পাঠকের কাছে সঠিকভাবে তুলে ধরার মাধ্যমে পাঠকের গোচরে আনার জন্য প্রথম আলোর সম্পাদকের নিকট আমার প্রত্যাশাটি ব্যক্ত করলাম।
বিজয় মাসের শুভেচ্ছান্তে,
আপনার একান্তই
এম. আমীর-উল ইসলাম।