প্রতিচিন্তার আঠারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঠারো সংখ্যাটা জীবনচক্রের সব ক্ষেত্রেই, সব অর্থেই এক নতুন ব্যঞ্জনা। প্রতিচিন্তার ক্ষেত্রেও ব্যাপারটি তেমনই সত্য। প্রতিচিন্তার শুরুটা ২০১১ সালে। সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রবিষয়ক ত্রৈমাসিক হিসেবে সামাজিক বিজ্ঞানবিষয়ক ব্যাপ্তি-বিস্তারের আকাঙ্ক্ষা নিয়ে প্রতিচিন্তার যাত্রা। চিন্তার প্রতিঘাতে ভিন্ন চিন্তার অভিঘাতের একটা পাটাতন গড়ে তুলতে চেয়েছে প্রতিচিন্তা।
প্রতিচিন্তার প্রথম সংখ্যায় প্রকাশিত ‘কেন প্রতিচিন্তা’ কৈফিয়তধর্মী লেখাটিতে সম্পাদক মতিউর রহমান ও নির্বাহী সম্পাদক বিনায়ক সেন প্রতিচিন্তার উদ্দেশ্য সম্পর্কিত ব্যাখ্যাটি দিয়েছিলেন। তিনটি প্রাক্-অনুমানকে সামনে রেখে সময়ের বন্ধ্যাত্বের একটি অনুসন্ধান প্রচেষ্টা হিসেবে মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রথমত, প্রথাগত সমাজতন্ত্র আজ মৃত; দ্বিতীয়ত, আধুনিক পুঁজিবাদ গত প্রায় তিন দশকে পৃথিবীব্যাপী বিকল্প পথ খুঁজে পায়নি; তৃতীয়ত, পণ্য মোহবদ্ধ সমাজের বিপরীতে সর্বজনীন মানবতাবোধ, ব্যক্তির পরার্থপরতার তাগিদ ও পরিবেশ রক্ষার প্রাথমিক সচেতনতা বোধ তৈরির একধরনের সরল আত্মিক তাগিদ থেকেই প্রতিচিন্তার শুরু। এর সঙ্গে সাম্প্রতিক কালে যুক্ত হয়েছে গণতান্ত্রিক সমাজব্যবস্থার অভ্যন্তরীণ সংকট, সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রই তার প্রমাণ।
এই উদ্যোগের সঙ্গে জড়ো করা হয়েছিল দেশের ভেতরে ও প্রবাসে বাংলাদেশ নিয়ে যাঁরা ভাবেন, কাজ করেন, এই বিষয়ক গবেষণা ও জ্ঞান উৎপাদনের সঙ্গে যুক্ত এমন বরেণ্য ব্যক্তিদের। উপদেষ্টা ও সম্পাদনা পর্ষদে আমরা তাঁদের পেয়েছি। প্রথম পর্বে নির্বাহী সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন অর্থনীতিবিদ বিনায়ক সেন। তাঁর হাতে প্রথম তিন বছরে তিনটি সংখ্যা প্রকাশিত হয়েছে। গোড়াতে আশা জাগিয়ে শুরু করলেও তিনটি সমস্যা নিয়ে প্রতিচিন্তা এগিয়েছে। প্রথমত, সময়মতো প্রকাশ করা যায়নি; দ্বিতীয়ত, প্রবাসী উত্সাহী বাঙালি ও দেশের পাঠকদের কাছে পৌঁছানোর জন্য ওয়েবসাইট তৈরি করা যায়নি; তৃতীয়ত, চিন্তার অভিঘাতে পাল্টা চিন্তাধর্মী লেখা আমরা ছাপাতে পারিনি। প্রতিচিন্তার দ্বিতীয় পর্বে এসে যুক্ত হয়ে এই বিষয়গুলোকে আমরা বিবেচনায় নিই। আমার সঙ্গে নতুন সহকারী সম্পাদক হিসেবে যুক্ত হন খলিলউল্লাহ। তখনো তৈমুর রেজা প্রতিচিন্তার সঙ্গে ছিলেন। বিনায়ক ও তৈমুর প্রতিচিন্তার প্রথম ভিত্তিটা তৈরি করে যান। খলিলউল্লাহর সঙ্গে পরে যুক্ত হয়েছেন গোলাম মুস্তাফা।
প্রতিচিন্তার দায়িত্ব নেওয়ার পর আমি তিনটি বিষয়ের প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। প্রথমত, পত্রিকাটিকে নিয়মিত করা; দ্বিতীয়ত, ভালো একটি ওয়েবসাইট তৈরি করা এবং তৃতীয়ত, নতুন লেখক তৈরি করা ও তাঁদের দিয়ে লেখানো এবং অনুবাদের সামর্থ্য তৈরি করা। সেই সঙ্গে যথাযথ জ্ঞানের চর্চা ও অনুশীলনের প্রতি আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি সামাজিক বিজ্ঞানকে ঘিরে। এই পর্বে প্রতিচিন্তা ক্রমেই আরও বেশি একাডেমিক চরিত্র নেয় এবং একটি জার্নাল হিসেবে গড়ে ওঠার পথে আমরা এগোচ্ছি। প্রতিচিন্তা শুরুতে যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিল, সেই মূল লক্ষ্যকে মনে রেখে বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা কৌশলগত পরিবর্তন এনেছি।
আমাদের দেশে বাংলায় গবেষণাধর্মী লেখা নিয়মিত পাওয়া কঠিন। বিষয়টি বিবেচনায় রেখে দেশের বাইরে ও ভেতরে একাডেমিক জার্নালে বাংলাদেশ বিষয়ে ইংরেজিতে যেসব প্রবন্ধ ছাপা হচ্ছে, আমরা সেগুলোর অনুবাদ ছাপানোর চেষ্টা করছি, যা মূলধারার সামাজিক বিজ্ঞান জ্ঞানকে সমৃদ্ধ করতে প্রত্যক্ষভাবে সহায়তা করবে। দ্বিতীয় পর্বে আমরা সাফল্যের সঙ্গে নিয়মিত প্রতিচিন্তা প্রকাশ করতে পারছি। লেখক, পাঠক ও বিজ্ঞাপনদাতাদের সহায়তার পরিপ্রেক্ষিতে নিয়মিতভাবে পত্রিকাটি প্রকাশ করা সম্ভব হচ্ছে। বার্ষিক গ্রাহক সংগ্রহের মাধ্যমে আমরা নিয়মিত পাঠকসংখ্যা বাড়াতে চাই। এর ফলে প্রতিটি সংখ্যা প্রকাশের এক সপ্তাহের মধ্যে পাঠক সরাসরি আমাদের কাছ থেকে প্রতিচিন্তার কপি সংগ্রহ করতে পারবেন।
প্রতিচিন্তার ১৮তম এই সংখ্যার মাধ্যমে আমরা প্রতিচিন্তা পরিবার আগামী দিনগুলোতে ত্রৈমাসিকটিকে আরও সমসাময়িক বিষয়ভিত্তিক, নিয়মিত এবং পাঠকদের একটি সুন্দর ওয়েবসাইট উপহার দেওয়ার চেষ্টা করছি। আশা করি, সামনের দুই মাসের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারব, তখন স্মার্টফোন থেকেও পাঠকেরা প্রতিচিন্তা পড়তে পারবেন।
প্রতিচিন্তার সপ্তম বর্ষ, প্রথম সংখ্যা এখন বাজারে। এই সংখ্যায় বাংলাদেশে সিভিল সমাজ নিয়ে লিখেছেন আকবর আলি খান। এই প্রবন্ধে সিভিল সমাজের সংজ্ঞা এবং তাত্ত্বিক দিকগুলো আলোচনার পাশাপাশি লেখক বাংলাদেশে সিভিল সমাজের ভূমিকা বিশ্লেষণ করেছেন। নিজের কর্মজীবনের অভিজ্ঞতা লিখেছেন অর্থনীতিবিদ নুরুল ইসলাম। প্রবীণ এই অর্থনীতিবিদের পেশাজীবনের গুরুত্ব অনুধাবনপূর্বক আমরা লেখাটি প্রতিচিন্তার পাঠকদের জন্য ছেপেছি। বাংলাদেশে থিংক ট্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তসম্পর্ক নিয়ে লিখিত ম্যাথিল্ড ম্যাইটরটের একটি প্রবন্ধের অনুবাদ ছাপা হয়েছে এই সংখ্যায়। এই প্রবন্ধে লেখক বাংলাদেশে নীতি প্রণয়ন এবং জ্ঞান উৎপাদন ও বিতরণের একটি প্রাতিষ্ঠানিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ হাজির করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত তিনটি বই নিয়ে পর্যালোচনা নিবন্ধ লিখেছেন রাশেদ রাহম। এই প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন, এর বিকাশ, শিক্ষা ও গবেষণার মান, ছাত্র ও শিক্ষক রাজনীতি, আবাসন-ব্যবস্থাসহ একটি সামগ্রিক আলোচনা উঠে এসেছে। সুন্দরবন অঞ্চলের মানুষের সুন্দরবন–সম্পর্কিত লোকায়ত
জ্ঞান নিয়ে লিখেছেন পাভেল পার্থ। সুন্দরবনের জীববৈচিত্র্য, এর প্রাণপ্রকৃতি এবং বনের ওপর নির্ভরশীল মানুষকে নিয়ে যে হাজার বছরের বাস্তুসংস্থান বিদ্যমান, সে সম্পর্কে সেখানকার স্থানীয় মানুষের জ্ঞান ও ধারণার ভিত্তিতে এই প্রবন্ধ লিখিত হয়েছে। সুন্দরবন–সম্পর্কিত বিদ্যমান জ্ঞানভান্ডারে এই প্রবন্ধ একটি নতুন মাত্রা যোগ করবে বলে আমি আশা করি। পুঁজিবাদ ও জলবায়ু পরিবর্তনের আন্তসম্পর্ক নিয়ে প্রকাশিত সাংবাদিক ও লেখক নাওমি ক্লেইনের দিস চেঞ্জেস এভরিথিং: ক্যাপিটালিজম ভার্সেস দ্য ক্লাইমেট (২০১৪) বইটি নিয়ে আলোচনা করেছেন খলিলউল্লাহ।
আশা করি, আগ্রহী পাঠকেরা অবশ্যই সদ্য প্রকাশিত প্রতিচিন্তার সংখ্যাটি সংগ্রহ করবেন। নিয়মিত নিজে প্রতিচিন্তা পড়বেন এবং অন্যকে পড়তে উৎসাহিত করবেন এবং আপনার ভালো লাগা প্রবন্ধগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন। আসুন, সবাই মিলে জ্ঞান চর্চা ও অনুশীলনের একটি শক্তিশালী পাটাতন গড়ে তুলি। দেশকে যথাযথভাবে এগিয়ে নিতে জ্ঞানগত ভিত্তি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা আজ বিশেষভাবে প্রয়োজন।
খন্দকার সাখাওয়াত আলী: সমাজতাত্ত্বিক ও গবেষক, নির্বাহী সম্পাদক, প্রতিচিন্তা।
[email protected]