আমরা ছোটবেলায় প্রায় প্রতিদিন একটি করে ডিম খেতাম। এই ঢাকা শহরেই, ছোট বাসার সামনের ছোট উঠানে মুরগি-হাঁস ছিল। সে প্রায় ৬০ বছর আগের কথা। বাসায় বেজির উৎপাত ছিল। সুযোগ পেলেই হাঁস-মুরগি খেয়ে ফেলত। আমরা লাঠি নিয়ে তাড়া করতাম। প্রতিদিন একটা করে ডিম খাওয়ার মজাই আলাদা। কিন্তু কয়জনই-বা ডিম, মুরগির মাংস খাওয়ার সুযোগ পেত!
এখন আর সেই দিন নেই। মুরগি ও ডিমের সরবরাহ এখন অনেক বেশি। আমরা বলি ফার্মের মুরগির ডিম। কিন্তু আগের দিনের দেশি মুরগির ডিমের চেয়ে আকারে বড়, পুষ্টিগুণও বেশি। সেদিন আমাদের অফিসে প্রথম আলো ও ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ ব্রাঞ্চের উদ্যোগে দেশের পুষ্টিনিরাপত্তায় পোলট্রিশিল্পের ভূমিকা নিয়ে গোলটেবিল বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। সুন্দর আগামীর জন্য পোলট্রিশিল্পের উন্নয়ন দরকার। সমস্যাগুলো চিহ্নিত করে এই শিল্পের অবাধ প্রসারের জন্য করণীয়গুলো আমরা সামনে নিয়ে আসি।
আমরা সব সময় বলি, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সেটা ঠিক। তবে এখন দরকার পুষ্টির নিরাপত্তা। এখানে আমাদের ঘাটতি আছে। আমাদের খাদ্যাভ্যাসে সমস্যা আছে। মনে করি, পেট ভরে ডাল-ভাত আর একটু শাকসবজি হলেই চলে। কিন্তু আরও চাই ডিম, মাংস ও মাছ। এগুলো প্রাণিজ প্রোটিনে সমৃদ্ধ। আর প্রাণিজ প্রোটিন ছাড়া দেহের বৃদ্ধি সাধন হয় না। মস্তিষ্কের বিকাশ রুদ্ধ হয়। আমাদের সমস্যা এই প্রোটিন। দেশের ১৬ কোটি মানুষের পুষ্টির চাহিদা পূরণের জন্য চাই পোলট্রিশিল্পের বিকাশ। মাছ চাষের উন্নয়ন। গরু-ছাগলের খামারের উন্নয়ন। এসবের মধ্য দিয়ে ডিম, মাছ-মাংস ও দুধের সরবরাহ বাড়াতে পারলে আমরা পুষ্টির দারিদ্র্য কমাতে পারব।
ডিমের কথাটা বেশি আলোচনায় আসে। কারণ, এর দাম তুলনামূলক কম। আর একটি বিষয় আছে। ডিমের মধ্যে একটা মুরগির বাচ্চার জন্য প্রয়োজনীয় সব রকম খাদ্য ও পুষ্টির জোগান থাকে। কারণ, ভবিষ্যতের বাচ্চা এই ডিমের কুসুম থেকে জন্ম নিয়ে প্রথম কিছুদিন ডিমের ভেতরে সঞ্চিত খাবার খেয়েই বেড়ে ওঠে। সেই ডিম দিনে একটি করে খেলে মানুষেরও দেহের সব রকম চাহিদার জোগান পাওয়া যায়।
আলোচনায় পোলট্রিশিল্পের নেতারা ছিলেন। তাঁরা বললেন, প্রতিটি শিল্পপ্রতিষ্ঠান যদি তাদের মুনাফার মাত্র ১ শতাংশ দিয়ে ১০টা করে স্কুলের ছেলেমেয়েদের দুপুরের টিফিন হিসেবে ডিম-মুরগির মাংস-কলা দেয়, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধায় ও শারীরিক সামর্থ্যের দিক দিয়ে আরও অনেক এগিয়ে যাবে।
আমরা অনেক সময় এদিকটি খেয়াল করি না। গত কয়েক বছরে আমাদের দেশের মানুষের গড় উচ্চতা বেড়েছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছে পোলট্রিশিল্প, মাছের খামার ও ডেইরি ফার্মের বিকাশ। সরকারি প্রণোদনাও আছে। সেই সঙ্গে আছে উদ্যোক্তাদের উদ্ভাবনী দক্ষতা।
গত আশির দশকে একবার আমি মস্কোতে আন্তর্জাতিক একটি বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিষয়ে সংক্ষিপ্ত কোর্সে অধ্যয়নের জন্য যাই। আমাদের একজন অধ্যাপক পড়াচ্ছিলেন স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে। তিনি বললেন, একটি গরুকে ১০ কেজি গম খাওয়ালে তার ১ কেজি মাংস বাড়ে। আর সেই ১ কেজি মাংস খেলে মানুষের মস্তিষ্কের যে পুষ্টিসাধন হয়, তা ১০ কেজি গমের চেয়ে বেশি ফলদায়ক।
প্রাণিজ প্রোটিনের গুরুত্ব যে কত বেশি, সেটা সাধারণ হিসাব থেকে আমাদের অধ্যাপক বুঝিয়ে দিলেন। বিশেষভাবে শিশু ও প্রসূতি মায়ের জন্য ডিম, দুধ ও মাংস খুব দরকার। শিশুর ভ্রূণের সুস্থ-স্বাভাবিক বিকাশে মায়ের দরকার প্রাণিজ প্রোটিন। প্রতিদিন একটা ডিম। এক গ্লাস দুধ। মাছ-মাংস। এর কোনো বিকল্প নেই।
আমাদের দেশে পোলট্রি ফার্মের বিকাশের সম্ভাবনা অনেক বেশি। কারণ, এই শিল্পে নারীরা খুব ভালো ভূমিকা রাখতে পারেন। একজন আলোচক বললেন, মা যেমন তাঁর সন্তানকে আদর দিয়ে, স্নেহ দিয়ে বড় করে তোলেন, ঠিক তেমনি খামারে নারী শ্রমিকেরা মুরগির বাচ্চা যত্ন করেন। সরকার নারীশিক্ষা ও তাঁদের কর্মসংস্থানে যত্নশীল। সরকারের এই নীতির সঙ্গে পোলট্রিশিল্প বেশ যায়।
একটি বিষয়ে সবাই জোর দিয়েছেন। সেটা হলো, নিরাপদ খাদ্য। মানুষের মধ্যে নানা রকম বিভ্রান্তি আছে। এমন একটা কথা চালু রয়েছে যে বাজারে ‘কৃত্রিম ডিম’ এসেছে। ফার্মের মুরগির ডিমের সঙ্গে তার এমন মিল যে কিনলে ঠকতে হয়। শিল্প উদ্যোক্তারা বলেন, এটা সম্ভব নয়। ডিমের মতো দেখতে, এমন চকলেট হয়তো থাকতে পারে, কিন্তু কৃত্রিম ডিম বলে কিছু নেই।
আরেকটি ভয় অনেকে করেন, খামারে মুরগিকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, বিশেষ হরমোন দেওয়া হয়। এগুলো শরীরের ক্ষতি করতে পারে। এ বিষয়টিও আলোচনায় আসে। পোলট্রিশিল্প উদ্যোক্তারা বলেন, এ রকম আশঙ্কার কোনো কারণ নেই। ওষুধ বা হরমোন প্রয়োগ সম্পূর্ণ বেআইনি। আর অ্যান্টিবায়োটিকের খরচ পোষানো সম্ভব নয়। এসব করতে গেলে ডিম ও মুরগির দাম এত বেড়ে যাবে যে বাজারে তা বিক্রি হবে না। তাই উদ্যোক্তারা ওষুধ নয়, উন্নত ও বিজ্ঞানসম্মত পরিবেশে খামার পরিচালনা করছেন। এটাই আধুনিক বিধিব্যবস্থা। এর ব্যতিক্রম ঘটলে খামারিদের অ্যাসোসিয়েশন নিজেরাই কঠোর ব্যবস্থা নেয়।
পোলট্রিশিল্পের উদ্যোক্তারা জানালেন, উৎপাদনশীলতা বাড়িয়ে ডিম ও মুরগির দাম কমিয়ে আনা সম্ভব। তবে সেই সঙ্গে সরকারেরও কিছু করণীয় আছে। এই শিল্পের জন্য কিছু সুযোগ-সুবিধা দরকার। যেমন আধুনিক শিল্প হিসেবে গড়ে তুলতে হলে যেসব কাঁচামাল আমদানি করতে হয়, তার শুল্কহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা দরকার। একটি বড় সমস্যা হলো, নতুনভাবে যে উৎসে কর আরোপ করা হয়েছে, তা এই শিল্পের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। অথচ সরকারই বলে, পুষ্টির চাহিদা মেটানোর প্রতি তাদের অগ্রাধিকার রয়েছে।
আলোচনায় একজন বক্তা খুব সুন্দরভাবে বললেন, আগে বলা হতো ‘নলেজ ইজ পাওয়ার’। কিন্তু এখন বলা হয়, ‘অ্যাপ্লিকেশন অব নলেজ ইজ পাওয়ার’। এর সঙ্গে মিল রেখে তিনি বললেন, পোলট্রিশিল্পের বিকাশের জন্য সরকারের নীতিমালা রয়েছে। সেটা আপডেটও করা হয়েছে। কিন্তু এই সব নীতির বাস্তবায়নই হলো আসল কথা। সেখানে ফাঁকফোকর থাকলে তো চলবে না।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।