প্রতিবন্ধী মানুষের উন্নয়নের দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য বিষয়টি নির্ধারণ করা হয়েছে, একীভূতকরণ: সক্ষমতার ভিত্তিতে সব প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন। আন্তর্জাতিকভাবে ১৯৮১ সালে প্রতিবন্ধী মানুষের সমসুযোগ ও পূর্ণ অংশগ্রহণের আহ্বান জানিয়ে ‘জাতিসংঘ প্রতিবন্ধী বর্ষ’ ঘোষিত হয় এবং তার ধারাবাহিকতায় ১৯৮৩ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জাতিসংঘ দশক’ ঘোষণা করা হয়। দশক সমাপ্তির পর এর সাফল্য ও ব্যর্থতার মূল্যায়নে বাংলাদেশের মতো বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশে এর কাঙ্ক্ষিত প্রভাব দেখা যায়নি। ফলে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আঞ্চলিক দশক ঘোষণার উদ্যোগ গৃহীত হয়। এ উদ্যোগের পেছনে মূল প্রতিপাদ্যটি ছিল প্রতিবন্ধী মানুষের মানবাধিকার ও উন্নয়নে তাদের যথাযথ সম্পৃক্ততা।
তারই আলোকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিবন্ধী মানুষের মানবাধিকার ও তাদের নির্দিষ্ট অধিকারকে ভিত্তি করে এই দশকের ১২ দফা সুনির্দিষ্ট কার্যসূচি ঘোষিত হয়। উল্লেখ্য, অন্যান্য দেশের মতো বাংলাদেশ সরকার এ ঘোষণায় একাত্মতা প্রকাশ করে যথাযথ উদ্যোগের প্রতিশ্রুতি দেয়। এর আলোকে ১৯৯২ সাল থেকে প্রতিবছর ৩ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ ঘোষণা করা হয় এবং জাতিসংঘের সব দেশকে দিবসটি পালনের মধ্য দিয়ে প্রতিবন্ধী মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করার উদ্যোগের প্রতি সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, এ দশকের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের প্রতিবন্ধী জনগণের স্বল্পসংখ্যক সংগঠন সীমিত সামর্থ্য নিয়ে প্রতিবন্ধী মানুষের ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করার প্রচেষ্টা চালালেও দশকের মাঝামাঝি সময় পর্যন্ত সরকারিভাবে তেমন উল্লেখযোগ্য কোনো উদ্যোগ গৃহীত হয়নি। যে অর্জনটুকু হয়েছে, তার মধ্যে একমাত্র উল্লেখ করার মতো ১৯৯৫ সালে গৃহীত প্রতিবন্ধিতা বিষয়ে জাতীয় নীতিমালাটি। এটা এখন পর্যন্ত শুধু কাগুজে নীতিমালা হিসেবে বিবেচিত হয়ে আসছে, এমনকি নীতিমালাটি গেজেটের মাধ্যমে প্রকাশিতও হয়নি।
প্রতিবন্ধী মানুষের বৈশ্বিক, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রমবর্ধমান প্রচেষ্টাগুলো এমনকি বৈশ্বিক উন্নয়নের ধারায় বাংলাদেশের অবদান প্রশংসনীয়ভাবে স্বীকৃত হয়। ফলে বাংলাদেশে প্রতিবন্ধী জনগণের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত হয় ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১’। প্রত্যাশা ছিল এ আইনটি প্রতিবন্ধী মানুষের নাগরিক অধিকার সুরক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। কিন্তু আইনটি কল্যাণভিত্তিক হওয়ায় প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে সৃষ্টি করে ব্যাপক ব্যবধান। শুরু হয় আরেক আন্দোলন-কল্যাণ নয়, অধিকারভিত্তিক আইনের প্রতীক্ষা।

একীভূত সমাজ ও প্রতিবন্ধী মানুষ—এ কথাটি প্রমাণ করে যে প্রতিবন্ধী মানুষের মধ্যে যে প্রতিভা ও যোগ্যতা বিদ্যমান, তা প্রতিবন্ধী মানুষকে সমাজের আর সবার মতো সম–অংশগ্রহণের যোগ্যতা রাখে

২০০১ সালে শুরু হওয়া জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ প্রণয়নে গঠিত অ্যাডহক কমিটিতে সক্রিয় অংশগ্রহণ থেকে শুরু করে ২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সনদটি গৃহীত হওয়া এবং ২০০৮ সালে আনুষ্ঠানিক প্রচলন ঘোষণা পর্যন্ত সব পর্যায়ে বাংলাদেশ সরকার, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বেসরকারি সংগঠন ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর ভূমিকা উল্লেখযোগ্য। এই ধারাবাহিকতায় ২০০৭ সালেই সনদটি বাংলাদেশ সরকার অনুস্বাক্ষর করে। এর মধ্যে প্রতিবন্ধী মানুষের একীভূত উন্নয়নের লক্ষ্যে সমাজভিত্তিক উন্নয়ন কর্মকৌশল তৈরি হয়েছে, যা ২০১০ সালে আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী প্রচলনে আহ্বান জানানো হয়েছে। প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য, শিক্ষা, জীবিকায়ন, সামাজিক ও ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে একীভূত উন্নয়নের লক্ষ্যে তৈরি হয়েছে সিবিআর গাইড লাইনস, যেখানে বাংলাদেশের অবদান উল্লেখযোগ্য।
অন্যদিকে, বাংলাদেশের ক্ষেত্রে সূচিত হয় এক উল্লেখযোগ্য প্রয়াস। অধিকারভিত্তিক আইন প্রণয়নে প্রতিবন্ধী জনগণ, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, প্রতিবন্ধী জনগণের উন্নয়নে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিভিন্ন মহলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবন্ধী জনগণের উন্নয়নে কার্যক্রম বিস্তৃত হয়। সৃষ্টি হয় তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধী মানুষের স্বসহায়ক দল, বিস্তৃত হতে থাকে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের সংখ্যা ও তাদের কাজের পরিধি। জাতীয় নীতিমালার অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধিতার বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে জাতীয় শিক্ষা নীতিমালা, জাতীয় দক্ষতা বৃদ্ধি নীতিমালা, শিশু নীতিমালা, মন্ত্রণালয়গুলোয় একজন করে ফোকাল পয়েন্ট পারসন নির্দিষ্টকরণ ইত্যাদি। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক বিভিন্ন বিষয়ে প্রতিবন্ধী মানুষের স্বার্থ সুরক্ষায় পরিপত্র জারি করা, যেমন স্থানীয় সরকার কার্যক্রমে প্রতিবন্ধী নাগরিকের স্বার্থ সুরক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে প্রতিবন্ধী মানুষের চাহিদা ও সমস্যা বিবেচনা করা, ইত্যাদি উল্লেখযোগ্য। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিবন্ধী জনগণের সম–অধিকার নিশ্চিতকরণের দীর্ঘদিনের প্রত্যাশিত অর্জন ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’।
এ আইনটি প্রতিষ্ঠার মাধ্যমে জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদে বর্ণিত প্রায় সব অধিকারপ্রাপ্তির প্রেক্ষাপট তৈরি হয়েছে। যদিও–বা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের কতিপয় ধারা এখনো রহিত করা রয়েছে, তারপরও আশা করা যায় যে রাষ্ট্রের সক্ষমতা বিচারে অচিরেই রহিত করা ধারাগুলো অবমুক্ত করা হবে এবং আইনটি প্রকৃত অর্থে সব প্রতিবন্ধী মানুষের স্বার্থ সুরক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, এ আইনটির যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণে প্রয়োজন একটি গ্রহণযোগ্য বিধিমালা। যার সব প্রক্রিয়াগত দিক সম্পন্ন হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে বিধিটি গেজেট প্রকাশের মাধ্যমে অবমুক্ত হবে বলে আশা করা যায়।
একীভূত সমাজ ও প্রতিবন্ধী মানুষ—এ কথাটি প্রমাণ করে যে প্রতিবন্ধী মানুষের মধ্যে যে প্রতিভা ও যোগ্যতা বিদ্যমান, তা প্রতিবন্ধী মানুষকে সমাজের আর সবার মতো সম–অংশগ্রহণের যোগ্যতা রাখে। রাষ্ট্রীয় বিভিন্ন নীতিমালায় প্রতিবন্ধী মানুষের উন্নয়ন বিষয়টি ধীরে ধীরে প্রাধান্য বিস্তার করায় প্রতিবন্ধী মানুষের সমাজের নানা ক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। আজকের বাংলাদেশে প্রতিবন্ধী মানুষ অক্ষম বা অভিশাপের ফসল নয়, তা জনমনে এখন অনেকটাই স্পষ্ট।
এ এইচ এম নোমান খান: নির্বাহী পরিচালক, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)।