১৫ সেপ্টেম্বর ২০১২ প্রথম আলোর আয়োজনে ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট এবং সহায়তায় ছিল লাইট ফর দ্য ওয়ার্ল্ড, দ্য নেদারল্যান্ডস, উৎসাহ ট্রাস্ট। এতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও উচ্চশিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনএ কে আজাদ চৌধুরী চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনআ আ ম স আরেফিন সিদ্দিক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আনোয়ার হোসেন উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এস এম গোলাম ফারুক অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয় মো. হোসেন মোল্লা যুগ্ম সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় এ এস মাহমুদ যুগ্ম সচিব, শিক্ষা মন্ত্রণালয়এ এইচ এম নোমান খান নির্বাহী পরিচালক, সিডিডি, জুলিয়ান ফ্রান্সিস, ইনডিপেনডেন্ট ডেভেলপমেন্ট কনসালট্যান্টমাসুদুল আবেদীন খান সহকারী পরিচালক, সিডিডি ইফতেখার আহমেদ শরফুল ইশারা ভাষা দোষাভী, সিডিডিসঞ্চালকআব্দুল কাইয়ুম: যুগ্ম সম্পাদক, প্রথম আলোঅংশগ্রহণকারী উচ্চশিক্ষায় অধ্যয়নরত নির্বাচিত ১৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীউম্মে তানজিলা চৌধুরী, সাফিকা সাইফ রুহি, রওনক জাহান ঊষা, মো. মালেক শেখ, মো. রাশেদুল ইসলাম, মো. আবদুর রাজ্জাক, মো. মোস্তাফিজুর রহমান, মো. হাসান, মোহাম্মদ আলী হোসাইন, মো. আবদুর রহিম, মাহবুবুর রহমান রনি, জয়ন্ত কুমার সাহা, মো. নাজমুল হক, মেহরাব হোসেন মিনা চাকমার পক্ষে লতিফা পারভিনআলোচনাআব্দুল কাইয়ুম: প্রতিবন্ধীদের সঠিক কোনো পরিসংখ্যান নেই। দেশের আবাসিক এলাকা, রাস্তাঘাট, অফিস-আদালত, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান—কোনো কিছুই প্রতিবন্ধীবান্ধব নয়। অনেক বাধাবিপত্তি সত্ত্বেও প্রতিবন্ধী অনেক শিক্ষার্থী আজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছেন। তাঁদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। আলোচনার শুরুতে এ কে আজাদ চৌধুরীরকে বলার জন্য অনুরোধ করছি। এ কে আজাদ চৌধুরী: প্রতিবন্ধীরা এই সমাজেরই অংশ। সমাজের কোনো একটি অংশকে বাদ দিয়ে সে সমাজ এগিয়ে যেতে পারে না। আমাদের এগোতে হলে সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলতে হবে। প্রতিবন্ধীদের জ্ঞান, বুদ্ধি, ভাবনা অন্যদের থেকে কোনো অংশে কম নয়। তাই সব ক্ষেত্রে অন্যদের মতোই তাঁদের অধিকার থাকতে হবে। এখনো দেশে এ বিষয়ে পর্যাপ্ত সচেতনতা গড়ে ওঠেনি। আমরা সচেতন হচ্ছি। প্রতিবন্ধীদের জীবন পরিচালনার জন্য যেসব বাধা আছে, তা এক এক করে দূর করতে হবে। তাঁদের ব্রেইল পদ্ধতির মুদ্রিত শিক্ষা-উপকরণ দিতে হবে, লিফট ও র্যা ম্পের ব্যবস্থা করতে হবে, তাঁদের উপযোগী সফটওয়্যার উন্নয়ন করতে হবে। এ ব্যবস্থা করতে পারলে প্রতিবন্ধীরা অনেকটাই বাধা কাটিয়ে সামনের দিকে চলতে পারবেন। অনেকেই তাঁদের জন্য কাজ করেন। বিভিন্ন আলোচনা হয়, ভালো দিকনির্দেশনা বেরিয়ে আসে। কিন্তু বিষয়টির পরবর্তীকালে আর খোঁজখবর রাখা হয় না। শিক্ষা, চাকরি—সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য পাঁচ শতাংশ কোটা রাখতে হবে। আমরা সবাই মিলে ভূমিকা নিলে তাঁদের উচ্চশিক্ষার বাধা দূর করা সহজ হবে।মাসুদুল আবেদীন খান: প্রতিবন্ধীদের সঠিক পরিসংখ্যান না থাকার জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করাও সম্ভব হচ্ছে না। ২০০১ সালে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছিল, স্কুলে যাওয়ার মতো ১৬ লাখ প্রতিবন্ধী দেশে রয়েছে। কিন্তু স্কুলে যায় মাত্র চার লাখ। স্বাধীনতার পর প্রতিবন্ধীদের নিয়ে দুটি উল্লেখযোগ্য কাজ হয়েছে। ২০০১ সালে প্রতিবন্ধী কল্যাণ আইন করা হয়েছে। ২০০৮ সালে প্রতিবন্ধীদের অধিকার রক্ষার জন্য বাংলাদেশ সরকার জাতিসংঘ সনদে স্বাক্ষর করেছে। এর ফলে নীতিগতভাবে প্রতিবন্ধীদের অধিকারকে স্বীকার করে নেওয়া হয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবন্ধীদের জন্য কোটা আছে। কিন্তু কোনো নীতিমালা না থাকায় কোটা বাস্তবায়িত হচ্ছে না। প্রতিবন্ধীরা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ। তাঁদের জীবনযাত্রা নির্বিঘ্ন করার জন্য এই বিশেষ চাহিদার প্রতি লক্ষ রাখতে হয়। যেমন, দৃষ্টিপ্রতিবন্ধীরা ব্রেইল পদ্ধতিতে লিখতে-পড়তে পারেন। কিন্তু আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই পদ্ধতিতে শিক্ষাদানের জন্য প্রস্তুত নয়। উম্মে তানজিলা চৌধুরী: আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কিন্তু আমি যেভাবে স্বপ্ন দেখি, আমার পড়ার পরিবেশটি মোটেও সে রকম নয়। আমাকে প্রতিমুহূর্তে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়, যা কখনোই আশা করি না। বিশ্ববিদ্যালয় কোটার আগে প্রয়োজন প্রতিবন্ধীদের জন্য পরিবেশ তৈরি করা। যেমন, ডিজিটালাইজড বই ও কম্পিউটারের ব্যবস্থা করা। পৃথিবীর সব দেশে দৃষ্টিপ্রতিবন্ধীরা মানবিক, বিজ্ঞান, বাণিজ্য—সব শাখায় পড়তে পারেন। কিন্তু আমাদের দেশে মানবিক শাখা ছাড়া অন্য কোনো বিভাগে পড়া যায় না।এস এম গোলাম ফারুক: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষানীতি করেছে। সেখানে প্রতিবন্ধীদের সব ধরনের শিক্ষাকে অধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের সব ধরনের সুযোগ-সুবিধা এ নীতিতে বলা আছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে। কমিশন নিশ্চয়ই প্রতিবন্ধীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাববে। শিক্ষাপ্রতিষ্ঠানের এখনকার অবকাঠামোতে র্যা ম্প, লিফট ও বিশেষ বাথরুমের ব্যবস্থা রাখা হচ্ছে। ২০১৫ সালের মধ্যে আইসিটি ও শিক্ষা মন্ত্রণালয় মিলে সফটওয়্যারের যাবতীয় কাজগুলো করবে। সব বিভাগে কীভাবে পড়া যায়, সেটিও আমরা ভাবছি। আর এ আলোচনা থেকে যে বিষয়গুলো আসবে, আমাদের মন্ত্রণালয় সে বিষয়গুলো গুরুত্বসহকারে দেখবে। সব পরামর্শ যাতে শিক্ষার্থীদের উপযোগী করে তোলা যায়, সেটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্মপরিকল্পনা তৈরি করবে।আনোয়ার হোসেন: প্রতিবন্ধী শব্দটি আমি ঠিক ব্যবহার করতে চাই না। বলতে চাই বিকল্প সক্ষম ব্যক্তি। বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান মানুষটির নাম বললে হকিন্সের নামটি আগে আসবে। হুইলচেয়ার যাঁর সারা জীবনের সঙ্গী। বাংলাদেশে সালমা ও সাবরিনা নামের দুজন আলোকিত মানুষের কথা জানি, যাঁরা হুইলচেয়ারে চলাফেরা করেন। এই দুজন মানুষ প্রযুক্তির মাধ্যমে বিকল্প সক্ষম মানুষের উচ্চশিক্ষার প্রতিবন্ধকতাসহ তাঁদের যাবতীয় সমস্যা তুলে ধরছেন। বিকল্প সক্ষম মানুষের জন্য পৃথক বরাদ্দ রাখতে হবে। এই বরাদ্দ দিয়ে তাঁদের প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে। আনন্দশালা নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিকল্প সক্ষম ছাত্রদের জন্য একটি স্কুল করা হয়েছে। স্কুলটি করা হয়েছে সিডিডি ও মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি বিশাল বরাদ্দ ছিল। এই বরাদ্দ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিকল্প সক্ষম মানুষের জন্য একটি ভবন নির্মাণ করার কথা ছিল। কিন্তু জায়গাটি লিখে না দেওয়ায় ভবন নির্মাণ আটকে গেল। সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বুঝতে হবে, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা কাউকে লিখে দেওয়া যায় না। সিডিডির মতো আরও অনেক উন্নয়ন-সহযোগী সংস্থা (এনজিও), সরকার ও বিত্তশালী মানুষকে এগিয়ে আসতে হবে। সমাজটাকে আরও মানবিক হতে হবে।জয়ন্ত কুমার সাহা: জজ নামে একটি সফটওয়্যার আছে। এই সফটওয়্যার বাংলা ছাড়া ৩০টির অধিক ভাষা পড়তে পারে। এই সফটওয়্যারে বাংলা ভাষাকেও যুক্ত করার ব্যবস্থা করতে হবে। দিন দিন পৃথিবীর প্রযুক্তি উন্নত হচ্ছে। সে ক্ষেত্রে আমার প্রস্তাব থাকবে যে, কম্পিউটারের মাদারবোর্ডে যদি একটি শ্রুতি সফটওয়্যার ব্যবহার করা হয়, তা হলে উইন্ডো সেটআপের জন্য আমাদের কারও কাছে যাওয়া লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনের থাকার কক্ষে আমরা চারজন খুবই কষ্ট করে থাকি। সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো, শ্রুতি খুজে বের করা। অনেক চেষ্টা করে একজনকে জোগাড় করার পর পরীক্ষার আধা ঘণ্টা আগে ‘না’ করে দিলেন। টঙ্গীতে আমাদের জন্য একটি ব্রেইল প্রেস রয়েছে। শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়দের অনুুরোধ করব, তাঁরা যেন আমাদের জন্য কমপক্ষে অতি জরুরি কিছু বই ছাপানোর ব্যবস্থা করেন। মো. হোসেন মোল্লা: পৃথিবী-বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ছিলেন একজন অটিস্টিক মানুষ। তাই আমি বিশ্বাস করি, প্রতিবন্ধীদের সব যোগ্যতা আছ। এ ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজগুলো জানাতে চাই। প্রতিবন্ধীদের জন্য সুরক্ষা আইন করে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। এই আইন পাসের পর নীতিগতভাবে প্রতিবন্ধীদের জন্য কাজ করার দায়বদ্ধতা তৈরি হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সাতটি উপজেলায় প্রতিবন্ধীদের গণনার কাজ চলছে। এর ভিত্তিতে সারা দেশের প্রতিবন্ধীদের সংখ্যা বের করতে পারব। ২০১২-১৩ সালের মধ্যে এ কাজ শেষ হবে। গণনা শেষে শুধু প্রতিবন্ধীদের সংখ্যাই নয়, কোন ধরনের প্রতিবন্ধীর সংখ্যা কত, সেটাও জানতে পারব। সবচেয়ে বড় সমস্যা অর্থের সীমাবদ্ধতা। প্রাথমিক স্কুলে প্রতিবন্ধীদের উপবৃত্তি দেওয়া হয় ৩৫০ টাকা, উচ্চবিদ্যালয়ে ৪৫০ টাকা, কলেজে ৬০০ টাকা এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে এক হাজার টাকা। আমরা জানি, শিক্ষা-উপকরণের যে মূল্য, তাতে এ টাকায় কিছু হয় না। আনোয়ার হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভবন নির্মাণের কথা বললেন, সে বিষয়ে উচ্চতর পর্যায়ে আলোচনা করব।এ এস মাহমুদ: প্রতিবন্ধীদের পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে বাড়িয়ে তিন ঘণ্টা ২০ মিনিট করা হয়েছে। ভর্তি পরীক্ষায় কোটা রাখা হয়েছে। শিক্ষার ক্ষেত্রে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বাজেটের ২০ শতাংশ অথবা জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখতে হবে। এ ক্ষেত্রে বরাদ্দ পাচ্ছি জাতীয় বাজেটের ১১-১২ শতাংশ। বাজেট পেলে প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে বই করতে পারি। আমাদের আন্তরিকতা, কাজ করার আগ্রহ—কোনো কিছুর কমতি নেই। সমস্যা শুধু আর্থিক সীমাবদ্ধতা। শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রসহ সব প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের এ বিষয়ে সচেতন করা হচ্ছে। শিক্ষক-ছাত্র—সবাইকে প্রতিবন্ধীদের সঙ্গে ভালো আচরণ করার কথা বলা হয়েছে। সর্বোপরি, আজকের এ আলোচনা থেকে আমাদের দায়বদ্ধতা আরও অনেক বেড়ে যাবে।জুলিয়ান ফ্রান্সিস: এটা খুব আশার খবর যে প্রতিবন্ধীদের সম্পর্কে দিন দিন বাংলাদেশের মানুষের ধারণা পরিবর্তিত হচ্ছে। প্রায় ২৫ বছর আমি বাংলাদেশের প্রতিবন্ধীদের সঙ্গে যুক্ত। কিন্তু ৬০ বছরের বেশি সময় প্রতিবন্ধীদের সব ধরনের সমস্যা খুব কাছ থেকে দেখে আসছি। কারণ, আমার বড় ভাই ছিলেন প্রতিবন্ধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, পৃথিবীর জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী। এ হিসাবে বাংলাদেশের একটা বিশাল জনসংখ্যা প্রতিবন্ধী। প্রতিবছর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁরা কিছু সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। বাংলাদেশের দুর্গম ও দরিদ্র অঞ্চলের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি। আমি লক্ষ করেছি, এঁদের কাছে পর্যাপ্ত সাহায্য-সহযোগিতা যাচ্ছে না। ফলে শিক্ষাসহ বিভিন্ন ধরনের সেবা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। সিডিডির নোমান সাহেবের মতো সবাই এগিয়ে এলে প্রতিবন্ধীরা ব্যাপকভাবে উপকৃত হবে। এ এইচ এম নোমান খান: ভালো কাজ করার জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না। সংশ্লিষ্ট ব্যক্তিরা আজকের এ আলোচনায় উপস্থিত আছেন। একসময় প্রতিবন্ধীদের নিম্নশিক্ষা-উচ্চশিক্ষা—কোনোটাই ছিল না। ২০০২ সালে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের এক জরিপে দেখা যায়, ১০ শতাংশ প্রতিবন্ধীর মধ্যে ৪ শতাংশ স্কুলে যায়। ২০০২ সালে প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা ছিল ২০ হাজার। এখন এ সংখ্যা দুই লাখ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দিক থেকে সব সময় কিছু উদ্যোগ ছিল। ২০১৫ সালের মধ্যে শতভাগ প্রতিবন্ধীকে শিক্ষার আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। প্রতিবন্ধীরা এখন মূলধারার সঙ্গে যুক্ত হয়েছেন। আন্তর্জাতিক সনদে প্রতিটি রাষ্ট্রকে প্রতিবন্ধীদের অধিকার রক্ষার জন্য বলা হয়েছে। সিডিডির পক্ষ থেকে আমরা ৫০০ প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সরাসরি কাজ করি। আমরা দেখেছি, সাধারণ ছাত্রদের স্কুল ছাড়ার হার ৪০ শতাংশ। কিন্তু প্রতিবন্ধীদের ক্ষেত্রে এ সংখ্যা ৬ শতাংশ। এটি আমাদের জন্য একটি বড় ধরনের বার্তা, প্রতিবন্ধীরা শিক্ষায় থাকতে চান। এটি তাঁদের শিক্ষার প্রতি আগ্রহ ও ইচ্ছার বড় রকমের বহিঃপ্রকাশ। বাংলাদেশে প্রতিবন্ধীদের শিক্ষার ৬০ ধরনের উপকরণ সহজলভ্য। মোটকথা, সব দিক থেকে সমন্বিতভাবে তাঁদের মঙ্গলের জন্য উদ্যোগ নিতে হবে, যাতে ভবিষ্যতে তাঁরা বাধা না হয়ে সম্পদে পরিণত হবেন। রওনক জাহান ঊষা: অদম্য চেষ্টা ছাড়া কোনোভাবেই ইডেন কলেজে পড়া সম্ভব ছিল না। হুইলচেয়ার নিয়ে কোথাও যেতে পারি না। কারও সঙ্গে যোগাযোগ করতে পারি না। একপর্যায়ে ভর্তি বাতিল করে গ্রামে একটি কলেজে ভর্তি হই। ভেলোরি টেইলরের সহযোগিতায় আবার আমি ইডেন কলেজে ভর্তি হই। শিক্ষক, ছাত্রছাত্রী—কেউ আমাদের ভালো চোখে দেখে না। মধুসূদন নামের বগুড়া মেডিকেল কলেজে একজন ছাত্র ছিল। কথা বলতে তার সমস্যা ছিল, কথা আটকে যেত, তোতলাত। শিক্ষার্থী-শিক্ষক সবাই তাকে ব্যঙ্গ করতেন। ফলে অপমান সইতে না পেরে একদিন সে আত্মহত্যা করে। প্রতিবন্ধীদের যেন এমন অসহায়ভাবে জীবন দিতে না হয়, সেটা নিশ্চিত করা হোক।সাফিকা সাইফ রুহি: আমি সাধারণ স্কুলে ভর্তি হতে না পেরে বিশেষ সহায়তা বিদ্যালয়ে ভর্তি হই। এখানে এসএসসি পাস করি। মোহাম্মদপুরে একটি কলেজে ভর্তি হই। চূড়ান্ত পরীক্ষায় জিপিএ-৩.৭৭ পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞানে পড়ালেখা করতে চাই। পরবর্তীকালে একজন ব্যাংকার হতে চাই। ভর্তির ব্যাপারে কর্তৃপক্ষের সহযোগিতা চাই। এ ব্যাপারে আইনের যেন কোনো বাধা না থাকে। আমি প্রথম আলোর খবর পড়ে জেনেছি, বগুড়া মেডিকেল কলেজের ছাত্র মধুসূদন, বন্ধুবান্ধব ও শিক্ষকদের ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে আমাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।আ আ ম স আরেফিন সিদ্দিক: প্রতিবন্ধীদের কথা শুনে অভিভূত। প্রত্যেকে খুব সপ্রতিভ এবং প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে আলোচনা করেছেন। কেন আমরা তাঁদের প্রতিবন্ধী বলছি? আন্তর্জাতিক ক্ষেত্রে এখন আর প্রতিবন্ধী শব্দটি বলা হয় না। আমরা এঁদের বিকল্প সক্ষম মানুষ বলতে চাই। প্রতিবন্ধী শব্দটির মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব রয়েছে। এই শব্দটি দিয়েই তাঁদের আলাদা করে ফেলা হচ্ছে। এখানে যাঁরা কথা বলেছেন, তাঁদের মধ্যে কি কোনো প্রতিবন্ধিত্ব আছে? সেই অর্থে প্রতিবন্ধিত্বের কথা বললে আমরা প্রত্যেকে চিন্তাচেতনা, মানসিকতা, দৃষ্টিভঙ্গি—কোনো না কোনো দিক থেকে প্রতিবন্ধী। আমি মনে করি, শুধু কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য এ অনুষ্ঠান নয়। এগুলো এমনিতেই হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভবনে ঢালু সিঁড়ি (র্যা ম্প), লিফটসহ যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে। পুরোনো ভবনেও করার কথা বলা হচ্ছে। এগুলো নিয়ে ভাবনার খুব বেশি কিছু নেই। আমরা বগুড়ার মধুসূদনের বিড়ম্বনার কথা শুনলাম। মধুসূদনকে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হয়েছিল। আজকের দিনে এ ধরনের ঘটনা খুব দুঃখজনক। আলোচনায় আর্থিক সীমাবদ্ধতার কথা সবাই বলেছেন। আমাদেরও এই সীমাবদ্ধতা আছে। তার পরও যতটা করা সম্ভব আমরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। ল্যাপটপ প্রদান: আলোচনা শেষে উৎসাহ ট্রাস্টের পক্ষ থেকে গোলটেবিল বৈঠকে উপস্থিত ১৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে সম্মাননা ও ল্যাপটপ দেওয়া হয়। উল্লেখ্য উৎসাহ ট্রাস্ট, সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খানের ২০১০ সালের র্যা মন ম্যাগসাইসাই পুরস্কারের প্রাপ্ত অর্থের মাধ্যমে গঠিত ও পরিচালিত। উৎসাহ ট্রাস্টের লক্ষ্য সম্ভাবনাময় প্রতিবন্ধী ব্যক্তিদের উচ্চশিক্ষার ব্যবস্থা ও জীবনে প্রতিষ্ঠিত হতে সহায়তা করার মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করা।