প্রতিবন্ধীবান্ধব তথ্যপ্রযুক্তির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম থেকেই দুই হাত নেই রাশিদুল আজমের, কিন্তু তিনি কম্পিউটারে দক্ষ। কথাটা শুনেই মনে প্রশ্ন এল, তাঁর তো দুটি হাতই নেই। রাশিদুল জানালেন, তিনি পা দিয়ে কম্পিউটার চালান। এ কম্পিউটার চালানো শুধু নিজের জন্য নয়, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) প্রশিক্ষক হিসেবে কাজের খাতিরেই কম্পিউটার ছাড়া তাঁর চলে না। রাশিদুল আরেকটি সুখবর দিলেন। তিনি মুখ দিয়ে বলবেন, আর সঙ্গে সঙ্গেই নাকি কম্পিউটার সে নির্দেশ পালন করবে। যার সাহায্যে এ সুবিধা পাওয়া যাবে, সেই সফটওয়্যারের নাম ভয়েস রিকগনিশন সফটওয়্যার। এ সফটওয়্যারের দাম ১৬ হাজার টাকা। রাশিদুল সৌভাগ্যবান। এ সফটওয়্যারের মালিক তিনি নন, কিন্তু এ সফটওয়্যারের মডেল তিনি। হ্যাঁ, তিনি আজ বুধবার থেকে ৪/২ সোবহানবাগে প্রিন্স প্লাজায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় প্রদর্শনীতে এ সফটওয়্যারের মডেল হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ সকাল সাড়ে নয়টায় দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন হবে। তার পর থেকে প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। দেশে প্রথমবারের মতো প্রতিবন্ধীবান্ধব তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রদর্শনীর আয়োজন করেছে সিডিডি। এতে সহায়তা করছে ভারতের কারিশমা এন্টারপ্রাইজেস, দেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং মানুষের জন্য ফাউন্ডেশন।এ প্রদর্শনীর অপর মডেল হলেন দৃষ্টিপ্রতিবন্ধী শেখ গোলাম মহিউদ্দিন। তিনিও সিডিডিতে কর্মরত। তিনি এত দিন স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার ব্যবহার করতেন। তিনি মডেল হিসেবে আজ থেকে ব্যবহার করবেন ব্রেইল ডিসপ্লে। ব্রেইল কি-বোর্ডে হাত দিয়েই মহিউদ্দিন বুঝতে পারবেন, কম্পিউটারে কী আছে। তিনি চাইলে ব্রেইলে টাইপও করতে পারবেন। ব্রেইল ডিসপ্লের দাম পড়বে দুই লাখ ৩৯ হাজার টাকা! মহিউদ্দিন নিজে থেকেই বললেন, ‘এ ক্ষেত্রে সরকার এগিয়ে এলে হয়তো দেশের প্রতিবন্ধীরা এ ধরনের সহায়ক উপকরণ ব্যবহার করতে পারবেন।’প্রদর্শনী নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও চলছে। অনেকে বলছেন, ভারতসহ আশপাশের দেশগুলোর জন্য প্রতিবন্ধীবান্ধব তথ্যপ্রযুক্তির উপকরণ সরবরাহকারী অন্যতম প্রতিষ্ঠান হিসেবে কারিশমা এন্টারপ্রাইজেসের ব্যবসা করাই মূল উদ্দেশ্য। সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান বলেন, কারিশমা এন্টারপ্রাইজেসের হয়তো কিছু ব্যবসা হবে। কিন্তু বিদ্যমান প্রযুক্তি ও তথ্যের মধ্যে দূরত্ব কমাতেই এই আয়োজন। জাতীয় প্রতিবন্ধী ফোরামের কর্মসূচি বিভাগের সহকারী সমন্বয়কারী দৃষ্টিপ্রতিবন্ধী নাজমা আরা বেগম বলেন, ‘এ প্রদর্শনী অবশ্যই আমাদের কাজে লাগবে। আমি একটি এনজেল রেকর্ডার কিনেছি। এটি দিয়ে একটানা ১৬ ঘণ্টা রেকর্ড করা যায়। গান শোনা থেকে শুরু করে এ যন্ত্রের আছে আরও অনেক সুবিধা। কিন্তু সবকিছুর ব্যবহার বুঝতে পারছি না। প্রদর্শনীতে গিয়ে হাতেকলমে যন্ত্রটির ব্যবহার শিখে আসব।’নাজমা হতাশা ও ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘অফিসে বাংলা লেখা নিয়ে কাজ করতে গেলেই বিপদে পড়তে হয়। সহকর্মীদের সেই লেখাগুলো পড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে হয়। কেননা আমরা কম্পিউটারে বাংলা লিখতে ও পড়তে পারি না। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মঙ্গলদীপ ও সুবচনিক নামে বাংলা সফটওয়্যার তৈরি করছে, তার জন্য আমরা তীর্থের কাকের মতো বসে আছি।’নাজমাসহ অন্য প্রতিবন্ধীরা জানালেন, তাঁদের কথা চিন্তা করে সরকারি বা বেসরকারি উদ্যোগ খুবই কম। সরকারি অনুদানে সাদা ছড়ি, হুইলচেয়ার বা টুকটাক সহায়ক উপকরণেই আটকে থাকে। এ ক্ষেত্রে শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের ব্রেইল প্রিন্টার তৈরির উদ্যোগ, প্রথম আলোর কথা সফটওয়্যারের ‘শ্রুতি’র মাধ্যমে পত্রিকাটি পড়ার সুযোগ করে দেওয়া বা ব্যক্তি উদ্যোগে সাদা ছড়িসহ বিভিন্ন উপকরণ তৈরির কারিগর জাকির হোসেনের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়।প্রদর্শনীতে টেক্সট রিডিং মেশিনের সাহায্যে কাগজে ছাপা লেখা কম্পিউটার এবং মোবাইল নিজে নিজে পড়ে শোনাবে। স্ক্রিন ম্যাগনিফিকেশন সফটওয়্যার, গতি ও ক্ষমতাসম্পন্ন ব্রেইল প্রিন্টার, এফএম শোনার যন্ত্র, তোতলানো কমানোর সহায়ক সফটওয়্যার, বাকপ্রতিবন্ধী ছোট শিশুদের ভাষা শেখার জন্য সফটওয়্যার, মানসিকভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য সহায়ক সফটওয়্যার, এক হাতে টাইপ শেখার সফটওয়্যার, স্পর্শকাতর টাচ কি-বোর্ড, অটিস্টিক শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার জন্য সহায়ক সফটওয়্যারসহ বিভিন্ন উপকরণ থাকবে। এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসচিব নজরুল ইসলাম খান। তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বারসহ উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা। কারিশমা এন্টারপ্রাইজেসের প্রধান নির্বাহী কর্মকর্তা রাম আগারওয়াল নিজেও একজন দৃষ্টিপ্রতিবন্ধী। তিনি অনুষ্ঠানে প্রতিবন্ধীদের ওপর বিশেষ ভিডিও উপস্থাপনা করবেন। মানসুরা হোসাইন