প্রতিবেশী পাল্টানো যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দক্ষিণ এশিয়া আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এই অঞ্চলের দেশগুলোর অভিন্ন প্ল্যাটফর্ম সার্কের বয়স ৩০ পেরোলেও এখনো যেন হামাগুড়ি দিয়ে চলছে। এ বছর নভেম্বরে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন শিকেয় উঠেছে। ভারত-পাকিস্তান সীমান্তে শীত নামছে, জমছে বরফ। সেই বরফ ডিঙিয়ে উর্দিধারীরা পরস্পরের দিকে বন্দুক তাক করে আছে। ইতিমধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেন। যাঁরা মারা গেছেন, ইতিহাসে তাঁদের নাম কোনো দিনই লেখা হবে না। কারণ, তাঁরা নিচু পদের সৈনিক, দাবার ঘুঁটি, পায়দল। ইতিহাসে রাজা-রানিদের কথাই লেখা থাকে। কবে বরফ গলবে, তা-ও জানি না। তবে একসময় সবকিছুই শান্ত হয়ে আসবে। মাঝেমধ্যেই এ রকম হয়। ভারত-পাকিস্তান সীমান্ত, বিশেষ করে কাশ্মীর হলো দুই দেশের সেনাবাহিনীর প্রশিক্ষণের প্র্যাকটিক্যাল গ্রাউন্ড। এ সুযোগে দুপক্ষই তাদের ভান্ডারে যুক্ত হওয়া নতুন অস্ত্রশস্ত্রের কার্যকারিতা পরীক্ষার সুযোগ পায়। মরচে পড়া থেকে বেঁচে যায় বন্দুক-কামান আর সাঁজোয়া বহর।
সার্ক গঠন এ অঞ্চলের একটা মাইলফলক হয়ে ছিল। স্বপ্ন দেখিয়েছিল শতকোটির বেশি মানুষকে। স্বপ্নভঙ্গ হয়েছে বারবার। বাংলাদেশের মানুষের এ নিয়ে আশা একটু বেশি। কারণ, সার্ক তৈরির প্রাথমিক উদ্যোক্তা ছিল বাংলাদেশ এবং এর প্রথম শীর্ষ বৈঠকটিও ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।
এটা আমাদের জানা যে পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক শীতল হয়ে পড়েছিল। মুজিবভক্ত আবদুল কাদের সিদ্দিকী তাঁর অনুগত কিছু তরুণকে নিয়ে দেশ ত্যাগ করেন এবং ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকায় বিএসএফের সহযোগিতায় ‘জাতীয় মুক্তিবাহিনী’র ব্যানারে কিছু সশস্ত্র কর্মকাণ্ড চালান। কাদের সিদ্দিকীর লোকজন বিডিআরের (বর্তমানে বিজিবি) কয়েকটা সীমান্তচৌকি দখল করে নিয়েছিলেন। এগুলো পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল। ১৯৭৭ সালে ভারতে রাজনীতির পালাবদল ঘটলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯-২০ ডিসেম্বর নয়াদিল্লি সফর করে নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সঙ্গে বৈঠক করেন। দেশাই ভারত মহাসাগরকে একটি ‘শান্তি এলাকা’ করার প্রস্তাব দিয়েছিলেন। জবাবে জিয়া পুরো দক্ষিণ এশিয়াকে একটি শান্তি এলাকা ঘোষণা করার প্রস্তাব দেন। জিয়া-দেশাই বৈঠকে সম্পর্কের বরফ গলতে শুরু করে। দেশাই সরকার কাদের সিদ্দিকীর লোকদের সমর্থন দেওয়া বন্ধ করে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠাতে শুরু করে। এর আগে গঙ্গার একতরফা পানি প্রত্যাহার থেকে ভারত সরে আসে এবং গঙ্গার পানি ভাগাভাগির জন্য পাঁচ বছরের একটা অন্তর্বর্তীকালীন চুক্তি সই হয়। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে। ১৯৮০ সালের জানুয়ারিতে ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে আবার সরকার গঠন করলে তিনি জিয়াকে আমন্ত্রণ জানান। জিয়া ওই মাসেই ভারত সফর করেন।
জিয়া এ সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নেপালের রাজা বীরেন্দ্র বিক্রম শাহ দেবকে একটা চিঠি লেখেন। এটা ১৯৮০ সালের গোড়ার দিকের কথা। একই ধরনের চিঠি তিনি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সরকারপ্রধানদের কাছেও পাঠিয়েছিলেন। সবাই ইতিবাচক সাড়া দেন। ফলে ১৯৮১ সালের এপ্রিলে এ অঞ্চলের সাতটি দেশের পররাষ্ট্রসচিবেরা প্রথমবারের মতো কলম্বোয় এক সভায় মিলিত হয়ে আঞ্চলিক সহযোগিতার লক্ষ্যে একটা কর্মপন্থা তৈরির ব্যাপারে একমত হন। এরপর নানা পর্যায়ে আরও মতবিনিময়ের পর ১৯৮৩ সালের আগস্ট মাসে নয়াদিল্লিতে সাতটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) একটা চার্টারের খসড়া তৈরি করেন। ১৯৮৫ সালের ডিসেম্বরে ঢাকায় সরকারপ্রধানদের শীর্ষ বৈঠকে এই চার্টার অনুমোদিত হয়। এই হলো সার্কের জন্ম-ইতিহাস। তিন দশক পেরিয়ে যাওয়ার পরও এই ফোরাম সোজা হয়ে দাঁড়াতে পারেনি।
এ অঞ্চল এখনো ১৯৪৭ সালের দেশভাগের ক্ষত বয়ে বেড়াচ্ছে। হিন্দু-মুসলমানের ঝগড়াটা থামছে না। মাঝেমধ্যে তা চাপা পড়লেও আবারও ছাইচাপা আগুন শান্তির নড়বড়ে জমিনটা ঝলসে দিচ্ছে। যাঁরা ভেবেছিলেন হিন্দু আর মুসলমানের জন্য আলাদা দেশ বানালে দ্বন্দ্বের মীমাংসা হবে, তাঁদের পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে। ১৯৪০-এর দশকে এ অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রায় দেড় কোটি লোক নিহত হয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কমনওয়েলথভুক্ত দেশগুলোয় নিহত মানুষের মোট সংখ্যার সঙ্গে এটা তুলনীয়। এর সঙ্গে যোগ হয়েছিল স্মরণকালের বৃহত্তম অভিবাসনপ্রক্রিয়া। লাখ লাখ মানুষ চৌদ্দপুরুষের ভিটে ছেড়ে দেশান্তরি হয়েছিলেন। আর আমরা দাবি করেছিলাম, আমরা ‘স্বাধীন’ হয়েছি।
জন্মলগ্ন থেকেই পাকিস্তান আর ভারত বৈরী রাষ্ট্র। একাত্তরের মুক্তিযুদ্ধের পর দৃশ্যপটটা একটু পাল্টেছে। বাংলাদেশ আর পাকিস্তান হয়েছে পরস্পরের বৈরী। ১৯৮০-র দশকে বাংলাদেশে জেনারেলদের শাসন চালু থাকা অবস্থায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একধরনের রমরমা ভাব দেখা গিয়েছিল। ভারত হয়েছিল বৈরী। তাতেও পাকিস্তানের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সমস্যাগুলোর সুরাহা হয়নি। ১০ বছর যাবৎ বাংলাদেশ-ভারত সম্পর্কের বৃহস্পতি তুঙ্গে। দূরত্ব বেড়েছে পাকিস্তানের সঙ্গে। তবু বাংলাদেশ-ভারতের মধ্যকার নানা সমস্যার গেরো খুলছে না। দুই সরকারপ্রধান বা দুই সরকারের মধ্যে বেশি মাখামাখি হলেই যে সব সমস্যা মিটে যায় না, এটা এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাহলে সমস্যাটা কোথায়? ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ কি আমাদের ধাতে নেই?
আমাদের ঘরের কাছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের তরক্কি দেখার মতো। সব দেশই এই জোটের সুফল পাচ্ছে। এটা শুধু বাণিজ্য বাড়ানোর জোট নয়, আসিয়ান নাগরিকেরা এক দেশ থেকে আরেক দেশে বিনা ভিসায় যাতায়াত করতে পারেন। মিয়ানমার থেকে ফিলিপাইন পর্যন্ত নাগরিকেরা অবাধে আসা-যাওয়া করেন। আমরা দেখেও শিখছি না।
সার্ক সম্মেলন শুধু এবারই হোঁচট খায়নি। মনে আছে, একবার ভারতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক যাননি। পাঠিয়েছিলেন ঠুঁটো জগন্নাথ প্রধানমন্ত্রী জুনেজোকে। প্রতিবছর শীর্ষ সম্মেলন হওয়ার কথা থাকলেও কোনো–না–কোনো ছুতোয় বারবার সম্মেলন স্থগিত হয়েছে। হয় ভারত বাগড়া দিয়েছে, নয়তো পাকিস্তান। সার্ক চার্টারে আছে, সব দেশ একমত না হলে বা অংশ না নিলে সম্মেলন হবে না। ঐকমত্যের ধারা ও অভ্যাস চালু রাখার জন্য এটা খুবই জরুরি। এই ঐকমত্য বারবার লাপাত্তা হয়েছে।
ভারতের সঙ্গে প্রায় সব দেশেরই কিছু–না–কিছু সমস্যা আছে। সমস্যা আছে নেপাল আর ভুটানের মধ্যে। ভুটান তার দক্ষিণাঞ্চলে বসবাসকারী নেপালিভাষী জনগোষ্ঠী, যারা ছিল ভুটানের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ, তাদের নাগরিকত্ব অস্বীকার করেছে, ভিটেছাড়া করেছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বিরোধ শত বছরের। আফগানরা সীমান্তের ‘ডুরান্ড লাইন’ মানে না। স্বাভাবিক কারণেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তিক্ত সম্পর্ক। ‘বাংলাদেশ’ হারিয়ে পাকিস্তানের ‘মর্যাদায়’ যে চোট লেগেছিল, সেই ক্ষত এখন দগদগে ঘা, যা কিনা অতীত পরাজয়ের গ্লানি অহরহ তাদের স্মরণ করিয়ে দেয়।
সার্ক আশা জাগিয়েছিল। কারণ, সাধারণ মানুষ অতশত রাজনীতি কিংবা কূটনীতি বোঝে না। তারা খেয়ে-পরে বাঁচতে চায়, শান্তিতে থাকতে চায়। সীমান্তে বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে গেলে মানুষের দম বন্ধ হয়ে যায়। যুদ্ধ কোনো অবস্থায়ই কাম্য হতে পারে না।
সার্ক কি আসলেই গোঁজামিল দিয়ে তৈরি হয়েছিল? এ প্রশ্ন এখন উঠছে। সার্ক চার্টারে আছে, দ্বিপক্ষীয় বিষয় এই বহুপক্ষীয় ফোরামে আলোচনা করা যাবে না। কেউ কেউ এটাকে সার্কের দুর্বলতা মনে করেন। চার্টারে দ্বিপক্ষীয় বিষয় আলোচনার সুযোগ না রাখার পক্ষে জোরালো যুক্তি আছে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সমস্যা এত বেশি যে তা আলোচনার সুযোগ থাকলে সার্ক এক ইঞ্চিও এগোতে পারত কি না, সন্দেহ। দ্বিপক্ষীয় সমস্যা যদি পর্বতপ্রমাণ হয়, তাহলে তাদের একটা বহুপক্ষীয় চুক্তিতে যাওয়ার অনেক সমস্যা। সে জন্যই সার্কভুক্ত ভারত এখন সার্ক থেকে মুখ ফিরিয়ে আসিয়ানের সহযোগী সদস্য হয়েছে। বাংলাদেশও অনেক দিন যাবৎ আসিয়ানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য আঁকুপাঁকু করছে। সেখানেও বড় একটা বাধা হলো মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের তিক্ততা।
সার্ক তৈরি হওয়ার পর সাতচল্লিশ-পরবর্তী প্রজন্ম হয়তো নতুন এক জগতের সন্ধান করেছিল। চট্টগ্রামে নাশতা খেয়ে ট্রেনে চেপে কলকাতায় লাঞ্চ খাওয়া কিংবা দুই দিন পর লাহোরে গিয়ে সিনেমা দেখা, এ রকম একটা দৃশ্যকাব্য হয়তো স্বপ্নে ধরা দিয়েছিল। কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর।
১৯৯৫ সালের জানুয়ারিতে কাঠমান্ডুতে আমি নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী মনমোহন অধিকারীর একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। এটা দৈনিক ভোরের কাগজ–এ ছাপা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘ভারত-পাকিস্তানের ঝগড়ার কারণে সার্ক এগোচ্ছে না। প্রধানমন্ত্রী হয়ে আমি তো কথা বলতে পারি না।’ দুই প্রতিবেশী পরিবার সারাক্ষণ ঝগড়া করলে তাদের একজন বাসা পাল্টাতে পারেন, বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যেতে পারেন। একটা দেশের পক্ষে তা সম্ভব নয়। এ ক্ষেত্রে প্রতিবেশী পাল্টানো যায় না। সে জন্য আমাদের দরকার প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে বাস করার সংস্কৃতি অর্জন করা। আমাদের নিজেদের গরজেই তা শিখতে হবে।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
[email protected]