বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপ্রিলের ৭-১০ তারিখ পর্যন্ত ভারত সফর করবেন। তখন বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা আছে। বিভিন্ন চুক্তির মধ্যে ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তিও আছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। গত কয়েক বছরে দেশ দুটির সম্পর্ক বেশ দৃঢ় হয়েছে, প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে তা আরও গভীর হবে। চুক্তির বিস্তারিত দিক নিয়ে এখন পর্যন্ত কিছু জানা না গেলেও গণমাধ্যমের প্রতিবেদন থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই চুক্তি ২৫ বছর মেয়াদি হবে। এই চুক্তিতে প্রতিরক্ষা সহযোগিতার নানা দিক, যেমন বাণিজ্য, প্রশিক্ষণ, যৌথ মহড়াসহ সন্ত্রাস প্রতিরোধের মতো বিষয়ে সহযোগিতার ব্যাপারগুলোও থাকছে। এর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নেতাদের মধ্যে নিয়মিত বৈঠকও হবে।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পর থেকেই দেশ দুটির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনারা মুক্তিবাহিনীর হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে। দেশ দুটির দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হওয়ায় গত কয়েক বছরে প্রতিরক্ষার সহযোগিতাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পর্যন্ত ছয়বার দুই দেশের সেনাবাহিনীর যৌথ মহড়া সম্প্রীতি অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে যে উন্নতি ঘটছে, তা উৎসাহব্যঞ্জক। এই চুক্তি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তাঁদের মূল যুক্তি হলো, এই চুক্তি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, যার কারণে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আবার এর কারণে চীন বিগড়ে যাবে, যারা বাংলাদেশের কৌশলগত অংশীদার ও সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। তাঁদের ধারণা, এই চুক্তির মাধ্যমে ভারতীয় সেনারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাবে। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। অনেক বিশ্লেষক আবার বিরাজমান সামরিক মহড়ার প্রসঙ্গ টেনে সামরিক চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ছাড়া ভারতীয় অস্ত্রের গুণমান নিয়েও সন্দেহ প্রকাশ করা হচ্ছে।
এই সন্দেহ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে বড় ভাই লক্ষ্মণ, যার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্ক ব্যাহত হচ্ছে। প্রায়ই ভারতকে এই চোখে দেখা হচ্ছে। এ ধরনের দৃষ্টিভঙ্গি সম্পর্কোন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। ১৯৭১ সালে যুদ্ধের পর ভারতীয়রা পাকিস্তানি বাহিনীর সব অস্ত্র নিয়ে চলে গিয়েছিল বলে বাংলাদেশিরা প্রায়ই এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। এই যুক্তিতে তারা চুক্তির বিরোধিতা করে থাকে।
এরপর পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে। সব ক্ষেত্রেই বাংলাদেশের ব্যাপক অগ্রগতি হয়েছে। অনেক ক্ষেত্রেই তারা নেতৃস্থানীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন মডেল, তার অর্থনৈতিক উন্নয়নও হচ্ছে দুরন্ত গতিতে। তাদের অর্থনীতি এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতাও সুবিদিত। বৈশ্বিক শান্তি রক্ষা অভিযানেও তারা নাম করেছে। সময় এসেছে, এখন বাংলাদেশের সক্ষমতা ও শক্তির স্বীকৃতি দিতে হবে।
বাংলাদেশ সার্বভৌম দেশ, তার স্বাধীন পররাষ্ট্রনীতি আছে। ভারতের সঙ্গে ভারসাম্য বজায় রাখতেই সে চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে—এ কথা যৌক্তিক নয়। ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে সার্বভৌম রাষ্ট্রের জন্য পক্ষপাতমুক্ত হয়ে নীতি প্রণয়ন করাটা জরুরি। মূলত প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এটা জরুরি। এতে গণমাধ্যমেরও দায়িত্ব আছে। এই চুক্তির বিরুদ্ধে বাংলাদেশের আপত্তির প্রধান কারণ হচ্ছে, গণমাধ্যমে কিছু খবর এসেছে, এই প্রস্তাবিত চুক্তির লক্ষ্য হচ্ছে, বাংলাদেশে চীনা প্রভাব হ্রাস; বিশেষ করে, তারা দুটি সাবমেরিন কেনার পর ভারত এই চুক্তি করতে চাইছে। বাংলাদেশি নাগরিকেরা দেশ নিয়ে খুবই গর্বিত। ফলে এ ধরনের খবরে তাঁদের মর্যাদা আহত হয়েছে, যেটা ভারতবিরোধী বাগাড়ম্বরের পালে হাওয়া দিয়েছে। চুক্তিবিরোধীরা এই আবেগ কাজে লাগিয়ে ভারতের বিরোধী মনোভাব সৃষ্টি করতে চায়।
এই চুক্তির সুবিধা কী, তা বোঝার সময় এসেছে। প্রথমত, প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলে ইতিমধ্যে সামরিক সহযোগিতার যে ধারা শুরু হয়েছে তার ধারাবাহিকতা নিশ্চিত হবে। বাংলাদেশে যেহেতু সরকার পরিবর্তনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ধরন বদলে যায়, তাই এ ধরনের বন্দোবস্ত গুরুত্বপূর্ণ। আর দেশ দুটির সম্পর্ক তো ক্ষমতাসীন দলের ওপর নির্ভর করে।
দ্বিতীয়ত, দুই দেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্যের কারণে সন্ত্রাসবাদের মতো অনেক অভিন্ন চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবিলার প্রয়োজন আছে। সে কারণেই দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে অধিকতর সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। যৌথ প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে দুই দেশের সক্ষমতার মধ্যে সামঞ্জস্য আসবে। এতে অভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলা করা সহজতর হবে।
এ ছাড়া বাংলাদেশ ভারতের অস্ত্র-বাজার থেকে প্রভূত লাভবান হবে। এখন ভারত পৃথিবীতে অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। শিগগিরই তারা বড় অস্ত্র সরবরাহকারী হতে যাচ্ছে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের কারণে অনেক বহুজাতিক প্রতিষ্ঠান ভারতে কারখানা খুলছে, সংযোজন সক্ষমতা বাড়াচ্ছে। বাংলাদেশ এই সুযোগে সেখান থেকে উন্নত প্রযুক্তি ঘরে আনতে পারে। ভাষাগত ও সাংস্কৃতিক নৈকট্যের কারণে বাংলাদেশের সামরিক কর্মকর্তারা সেখান থেকে অনেক সহজেই প্রযুক্তি ও অস্ত্রের সঙ্গে পরিচিত হতে পারেন। একই সঙ্গে কৌশলগত সার্বভৌমত্ব অর্জনের জন্য বাংলাদেশ বহুমুখী উৎস থেকে অস্ত্র সংগ্রহ করতে পারে। প্রযুক্তি স্থানান্তরের এই প্রস্তাব গ্রহণ করে বাংলাদেশ অস্ত্র তৈরির দিকে এগোতে পারে, যেটা তার ব্র্যান্ড বাংলাদেশ ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। অর্থাৎ, বাংলাদেশ উচ্চ প্রযুক্তির পণ্য বানাতে পারবে।
ভারত অভিন্ন প্রবৃদ্ধি ও সমৃদ্ধির কথা বলেছে, প্রতিরক্ষা চুক্তিকে এই পরিপ্রেক্ষিতেই দেখা উচিত। ভারতের এই প্রকল্পে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সহযোগী। এই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা জরুরি। এর মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী আরও কাছে আসবে। এতে শান্তি নিশ্চিত হবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, আউটলুকইন্ডিয়া.কম থেকে নেওয়া।
জয়িতা ভট্টাচার্য: ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ফেলো।